• October 7, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

“আজকের নবীন, আগামীর প্রবীণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন জেলার প্রবীণ নাগরিক, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

বক্তারা বলেন, প্রবীণরা শুধু পরিবারের নয়, সমগ্র সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের অভিজ্ঞতা ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য দিশারী। প্রবীণদের মর্যাদা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব।

অনুষ্ঠানে বক্তারা আরও আহ্বান জানান, “প্রবীণদের পাশে থাকুন, তাঁদের সম্মান দিন, কারণ আজ আমরা নবীন হলেও একদিন আমরাও হব প্রবীণ।”

  • October 6, 2025
  • 0 Comments
ভাড়াটে লোক দিয়ে নিজ দোকানে ডাকাতি, স্বর্ণের দোকানের মালিকসহ গ্রেপ্তার ৫

মানিকগঞ্জে স্বর্ণ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য তথ্য পেয়েছে পুলিশ। গচ্ছিত স্বর্ণ কব্জায় নিতে ডাকাতির নাটক সাজায় কারিগর ও দোকান মালিক শুভ দাস (৩৫)। ডাকাতির সংগঠিত হওয়ার ২৪ ঘন্টায় পুলিশ ডাকাতি হওয়া ৩৯ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর থানায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন।

এ ঘটনায় পুলিশ শুভসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হলেন – শুভ দাস (৩৫), আমানত হোসেন রানা (২৭), সোহেল মিয়া (২১), শরিফ খান (২২), সবুজ মিয়া (২৭)। উভয়েই মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌলি এলাকার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দোকান মালিক শুভ মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানার সাথে মাসখানেক ধরেই তার নিজ দোকানে ডাকাতির পরিকল্পনা করে আসছিল। পরিকল্পনার অংশ হিসেবে শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে বারোটায় মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির অভি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। নাটকীয় এই ঘটনা সত্যতার রূপ দিতে ডাকাত সদস্যদের হাতে দেশীয় অস্ত্রের ছুরিকাঘাতে আহত হন স্বর্ণ কারিগর ও দোকান মালিক শুভ দাস।

আরো জানায়, স্বর্ণ ডাকাতির এই ঘটনার জন্য পাঁচ লাখ টাকার মৌখিক চুক্তি হয় আমানত হোসেনের সাথে। ডাকাতি সম্পন্ন হওয়ার আগেই তাদের ৪৫ হাজার টাকা প্রদান করে শুভ দাস। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতের নাটকীয়তা স্বীকার করেন তারা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের নামে নিয়মিত মামলা করবে। পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণালংকার ও আসামিদের আদালতে প্রেরণ করবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

  • October 6, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে গ্রাহকদের প্রতিবাদ সমাবেশ : শহীদ মীর কাসেম আলীর স্বপ্নের ইসলামি ব্যাংকে ধ্বংস হতে দেয়া হবে না

মানিকগঞ্জে এস  আলম কর্তৃক  অবৈধ নিয়োগ প্রাপ্ত  অযোগ্য কর্মকর্তাদের  অবিলম্বে বহিষ্কারের দাবিতে  ব্যাংকের গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার সম্মুখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্য মুক্ত চাকুরী প্রত্যাশীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মানিকগঞ্জ জেলার গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ জাহাঙ্গীর, এড্যাভোকেট শফিকুল ইসলাম জসিম, ছাত্র প্রতিনিধি মাহবুবুর রহমান বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম এবং বিশিষ্ট আইনজীবী এডভোকেট আনোয়ারুল হক।

বক্তারা বলেন,বাংলাদেশ কে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে,ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে,দেশবাসীকে সুদ-প্রতারনা হতে মুক্তি দিতেই শহীদ মীর কাসেম আলী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেন।

তার স্বপ্নের এই ব্যাংককে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগে সরকার ও তার অন্যতম দোসর এস আলম ও তার বাহিনী ধংস্ব করে দিয়েছে। তাদের দখলকৃত সময়ে অযোগ্য, অদক্ষ, দূর্নীতিবাজদের বিনা পরিক্ষায় নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগকৃত অপদার্থরা এখনও ব্যাংকে রয়ে গেছে,যদিও তাদের প্রভূরা পালিয়ে গেছে।তবে সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে তাদের পলাতক অর্থপাচানকারী প্রভূদের নির্দেশে তারা এখনও ব্যাংকটিকে ধংস্বের যড়যন্ত্র করে যাচ্ছে। 

বক্তারা বলেন,আমাদের কথা পরিস্কার এই যে,আমাদের টাকায় ব্যাংক পরিচালিত হচ্ছে। আমরা কোন যড়যন্ত্রকারীকে ব্যাংকে দেখতে চাই না।আমরা দ্রুত তাদের ব্যাংক হতে বহিষ্কারের জোর দাবী জানাচ্ছি। 

যদি তাদের বিদায় দেয়া না হয় তবে গ্রাহকরা তাদের কোন ভাবেই ব্যাংকে মেনে নিবে না।

আমরা চাই,ব্যাংক কর্তৃপক্ষ ও সরকার দ্রুত আমাদের দাবী বাস্তবায়ন করবে।

  • October 6, 2025
  • 0 Comments
হরিরামপুরে কুমিরের আতঙ্ক! পদ্মার শাখা নদীতে দেখা মিললো কুমির!

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নের পদ্মার শাখা নদীতে দেখা মিলেছে বড় আকৃতির একাধিক কুমিরের।
স্থানীয়দের দাবি, এখন পর্যন্ত অন্তত তিনটি কুমির খালে ঘোরাফেরা করছে। দৈর্ঘ্যে সাত থেকে আট হাত লম্বা এই কুমিরগুলো দেখে গ্রামজুড়ে নেমে এসেছে চরম আতঙ্ক।

প্রথমে দশ দিন আগে একটি কুমির নজরে এলেও এখন প্রায় প্রতিদিনই নদীতে দেখা যাচ্ছে কুমির। ধারণা করা হচ্ছে—বর্ষার পানির স্রোতের সঙ্গে মূল পদ্মা থেকেই সরু শাখা নদীতে প্রবেশ করেছে তারা।

গ্রামের বাস্তব চিত্র দেখা গেছে, খালে গোসল, কাপড় ধোয়া ও পানি সংগ্রহ বন্ধ করে দিয়েছে শতশত পরিবার। এমনকি জেলেরা মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন, ফলে জীবিকা সংকটে পড়েছেন।

হাঁস-মুরগি পর্যন্ত কুমিরের শিকার হচ্ছে, এতে ভয়ে মানুষজন খালের ধারেও যেতে চাইছেন না।

স্থানীয় জেলে আলমাসের ক্ষোভ, “কুমিরের ভয়ে মাছ ধরা বন্ধ হইছে। এমনিতেই মাছ নাই, যা আছে তাও কুমিরের কারণে ধইরতে পারতেছি না।”
চর বংখুরির মাজেদা আক্তার বলেন, “আজ সকালে পানি তুলতে গেছিলাম, দেখি কুমির ঘাটের দিকে আসতেছে। আমি ভয়ে দৌড় দেই। পরে দেখি একটা হাঁস কুমিরে ধরে নিয়ে গেলো।”
বড়ইচারা গ্রামের নিতাই সরকার বলেন, “প্রায় দশদিন যাবৎ কুমির দেখা যাচ্ছে। জেলেরা ভয়ে মাছ ধরতে নামতে পারছে না। দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহুরুল হক জানান, বিষয়টি বনবিভাগের দায়িত্ব, প্রয়োজনে সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত বলেন, “জেলা প্রশাসককে জানানো হয়েছে। বনবিভাগের মাধ্যমে উদ্ধার প্রক্রিয়া চলছে।”

  • October 6, 2025
  • 0 Comments
পরিকল্পিত নাটক! স্বর্ণ লুটের মূলহোতা দোকান মালিক শুভ দাস নিজেই!

মানিকগঞ্জ শহরের স্বর্ণাকারপট্টিতে ঘটে যাওয়া আলোচিত স্বর্ণালংকার লুটের ঘটনায় উঠে এসেছে অবিশ্বাস্য তথ্য। তদন্তে বেরিয়ে এসেছে ‘অভি অলংকার’ জুয়েলারি দোকানের মালিক শুভ দাস নিজেই এই লুটের নাটক সাজিয়েছিলেন!

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুভ দাস মাত্র ৫ লাখ টাকার বিনিময়ে তিন ভাড়াটে ছিনতাইকারী ভাড়া করেন। পরিকল্পনা অনুযায়ী, মালিক নিজেই মোবাইলে বার্তা পাঠালে ভাড়াটেরা দোকানে প্রবেশ করে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে এবং লকার ভেঙে নিয়ে যায় প্রায় ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৩৬ লাখ টাকা)।

এ সময় নাটককে বিশ্বাসযোগ্য করতে শুভ দাসকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

রোববার (৫ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ নাটক ফাঁস করে এবং শাইলীপাড়া থেকে গ্রেফতার করে সোহান, আমানত ও শরীফকে।
তদন্তে প্রমাণ মিলেছে এটি ছিল একেবারেই পূর্বপরিকল্পিত নাটক।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, “মালিক শুভ দাসই ছিলেন মূলহোতা। তবে এর পেছনে আরও কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বহুদিন ধরে স্বর্ণাকারপট্টিতে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছি। কিন্তু কার্যকর হয়নি। এই ঘটনায় এখন ব্যবসায়ী মহলে তীব্র আতঙ্ক বিরাজ করছে।”

  • October 5, 2025
  • 0 Comments
জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা অফিস ভাঙচুর, বিএনপি নেতা আটক

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের নির্বাচনী প্রচারণা অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে এ ঘটনার অভিযোগে শিবালয় থানায় মামলা করলে পুলিশ ঘটনার সন্দেহভাজন বিএনপি নেতা আব্দুল আলিম (৪৮)কে আটক করে। আটক আলিম শিবালয় উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরংগাইল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর ভোগদখলকৃত বসতভিটার ৭ শতাংশ জমি নিয়ে বিবাদীদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার বিকেলে বিবাদী আলিম ও তার ভাই আব্দুল হকসহ ৩—৪ জন একই জমি নিজেদের দাবি করে বাদিকে তা ছেড়ে যেতে বলে। বাদি তার পক্ষের কাগজপত্র দেখালে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাদীর ভাইয়ের উপস্থিতিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের নির্বাচনী প্রচারণা অফিস ভাঙচুর করে চলে যায়।

ঘটনার পর ডা. আবু বকর সিদ্দিকের ভাই মো. আব্দুর রফিক শনিবার রাতে থানায় মামলা করলে পুলিশ বিবাদী আব্দুল আলিমকে আটক করে।

শিবালয় থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এজাহারের ভিত্তিতে আব্দুল আলিমকে গ্রেফতারের পর আজ রবিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক বলেন, “ভাংচুরে জড়িতরা এলাকায় চিন্হিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তারা আমাদের সম্পত্তি থেকে বিতাড়িত করতে এমন ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনার নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

  • October 4, 2025
  • 0 Comments
অকেজো অবস্থায় পড়ে আছে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রাবাস “আলিমুল হক হল”

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজ যা জেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই কলেজের একমাত্র সরকারি আবাসিক হল “আলিমুল হক হল” দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে।

হাজারো ছাত্রছাত্রী প্রতিদিন এ কলেজে শিক্ষা গ্রহণ করলেও ছেলে শিক্ষার্থীদের জন্য কোনো কার্যকরী ছাত্রাবাস নেই। ফলে দূর-দূরান্ত থেকে আসা মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আবাসন সমস্যায় চরম ভোগান্তির শিকার হচ্ছে। অনেককে অতিরিক্ত খরচ করে মেস, বাসা বা অনিরাপদ জায়গায় থাকতে হচ্ছে। এতে শুধু আর্থিক চাপই নয়, শিক্ষার্থীদের একাডেমিক মনোযোগও ব্যাহত হচ্ছে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন,”জেলার শীর্ষ বিদ্যাপীঠে ছাত্রাবাস না থাকা এক ধরনের শিক্ষা বৈষম্য।” তারা অবিলম্বে **আলিমুল হক হল সংস্কার ও নতুন ছাত্রাবাস নির্মাণের দাবি জানাচ্ছেন।

সচেতন মহলের দাবী এখন সময় এসেছে মানিকগঞ্জের তরুণ প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে জরুরিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার। সরকারের উচ্চ পর্যায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সরকারি দেবেন্দ্র কলেজে নতুন ছাত্রাবাস নির্মাণ অতীব জরুরি।

  • October 4, 2025
  • 0 Comments
সাংবাদিকের উপর বহিস্কৃত যুবদল নেতার হামলা, সম্পাদক পরিষদের প্রতিবাদ সভা

মানিকগঞ্জ প্রতিনিধি: ৪ অক্টোবর 

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সাংবাদিক আকমল হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। শনিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত সম্পাদক পরিষদের কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক, মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক আকমল হোসেনের উপর গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শিবালয়ের উথুলী এলাকায় পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়। বহিষ্কৃত যুবদল নেতা জাহিদুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা হলেও সাত দিন পেরিয়ে গেলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা। সভায় বক্তারা বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হলে সম্পাদক পরিষদ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এসময় পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপারের বরাবর একটি স্বারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সহসভাপতি মাহবুল আলম জুয়েল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ।

  • October 2, 2025
  • 0 Comments
পূজামণ্ডপের চাল নিয়ে বিএনপি নেতাদের চালবাজি,সিন্ডিকেটে কালোবাজারি!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ সদরের ১১৭টি পূজামণ্ডপে সরকারিভাবে ৫০০ কেজি করে মোট সাড়ে ৫৮ টন চাল বরাদ্দ দিয়েছিল সরকার। নির্দেশনা ছিল ভক্ত ও দর্শনার্থীদের আপ্যায়নে ব্যবহার করা হবে এই চাল। কিন্তু হায়! সেই চাল পৌঁছে গেছে প্রভাবশালী বিএনপি নেতাদের সিন্ডিকেটের কালোবাজারিতে।

অভিযোগ উঠেছে, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, যুবদল নেতার ভাই খায়রুজ্জামান লিটন, এবং আরেক নেতার ভাই দাশড়ার বাবু জোট বেঁধে মন্দিরের বরাদ্দ চাল কম দামে কিনে নিচ্ছেন।

প্রতি ৫০০ কেজি চালের বাজারদর যেখানে ২৪,৫০০ টাকা, সেখানে সিন্ডিকেট কিনছে মাত্র ১৭–১৮ হাজার টাকায়! মানে সরকারি চাল বিক্রি হচ্ছে ৩৬ টাকা কেজি দরে।

রাজনগর মধ্যপাড়া সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি জানান, প্রথমে ৫ হাজার টাকা অনুদান দেয়ার পর বিএনপি সভাপতি ফজলুল হক সরাসরি চাল কিনে নিয়ে যান।

শ্যামনগর পূজা মণ্ডপের সভাপতি বলেন, “চাল বিক্রি করছি লিটনের কাছে ১৮ হাজার টাকায়।”

আলীনগর রাজবংশীপাড়া পূজা কমিটির নেতা বলেন, “সরকারি নির্দেশনায় চাল রাখছি বটে, কিন্তু পূজা শেষে বিক্রি করে দিব।”

অপরদিকে, অভিযুক্ত খায়রুজ্জামান লিটন নিজেই স্বীকার করেছেন, “আমরা ব্যবসা করছি। আওয়ামী লীগের সময়ে তো পারিনি। এখন মন্দির কর্তৃপক্ষ নিজেরাই আমাদের কাছে বিক্রি করছে। এতে আইনগত বাধা নাই।”

তবে সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “আমার নামে অপপ্রচার চলছে। আমি জড়িত নই।”

সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন জানান, “আমরা ট্যাগ অফিসার দিয়ে মনিটরিং করছি। তারপরও কারো বিরুদ্ধে প্রমাণ মিললে ব্যবস্থা নেয়া হবে। সরকারি স্বার্থে এ সিন্ডিকেট ভাঙতেই হবে।”

মানিকগঞ্জের ৭ উপজেলায় ৫৫৫টি পূজামণ্ডপেই চাল বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের মতে—এ কাজে জড়িত রাজনৈতিক নেতা, খাদ্য বিভাগের কর্মকর্তাসহ মন্দির কমিটির কিছু অসাধু সদস্য। ফলে প্রশ্ন উঠছে—সরকারি সহায়তা বিতরণে কোথায় স্বচ্ছতা?

  • October 2, 2025
  • 0 Comments
দুর্নীতির বরপুত্র রমজান আলী, মানিকগঞ্জ পৌরসভাকে বানিয়েছিলেন ব্যক্তিগত লুটপাটের ঘাঁটি!

মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির নথি বেরিয়ে আসছে। মেয়র পদে বসার পর থেকেই তিনি পৌরসভাকে বানিয়েছিলেন নিজের আয় ও বিলাসী জীবনের হাতিয়ার।

স্ত্রীর গাড়িকে পৌরসভার গাড়ি বানানো :

দলিল বলছে রমজান আলীর স্ত্রী আফরোজা আক্তারের নামে নিবন্ধিত প্রাডো পাজেরো জিপ (ঢাকা মেট্রো-গ-১৮-২৬২৪) পৌরসভার পরিবহণ তালিকায় ছিল না।
তারপরও ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়মিত এই গাড়িকে “পৌরসভার নিজস্ব গাড়ি” দেখিয়ে তেলের বিল তোলা হয়েছে।

মাসে ৩০-৪০ হাজার টাকা করে তিন বছরে ১৫ লাখ টাকার বেশি পৌর তহবিল থেকে আত্মসাৎ।

শুধু ২০২১ সালের আগস্ট-ডিসেম্বর ও ২০২২ সালের জানুয়ারিতেই বিল দেওয়া হয়েছে ২.৫৯ লাখ টাকা, ২০২৩ সালের অক্টোবর-নভেম্বর—৫৯ হাজার টাকা,
২০২৪ সালের মার্চ-মে—১.০৬ লাখ টাকা। এখনো বকেয়া আছে ৭৫ হাজার টাকার বেশি।

সাবেক প্রশাসক সানজিদা জেসমিন বলেন : “এটি সম্পূর্ণ নিয়মবহির্ভূত কাজ। পৌরসভার পরিবহণ তালিকায় এ গাড়ি নেই, অথচ নিয়মিত তেলের বিল দেখানো হয়েছে। এটি বড় ধরনের দুর্নীতি।”

টেন্ডার জালিয়াতি ও পরিবারের বাণিজ্য :

পৌরসভার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ আরও ভয়াবহ। ২০২০-২১ অর্থবছর: ২.৭৭ কোটি টাকার ৭টি প্রকল্পের দরপত্র আহ্বানের ৫৫ দিন আগে কাজ শুরু করার আদেশ দেন রমজান আলী।
সেই কাজ সরাসরি দেন তার আপন ভাই দেলোয়ার হোসেন ও ঘনিষ্ঠ ঠিকাদারদের। তদন্ত কমিটি প্রমাণ পেলেও তার রাজনৈতিক প্রভাবের কারণে প্রতিবেদন চাপা পড়ে যায়।

৪২ কোটি টাকার ভুয়া টেন্ডার :

রমজান আলীর সঙ্গে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ ঠিকাদার লাভলু মিয়া জড়িয়ে পড়েন ৪২ কোটি টাকার টেন্ডার জালিয়াতিতে।
লাভলুর ছেলের নামে ভুয়া প্রতিষ্ঠান জনি ট্রেডার্সকে কোটি কোটি টাকা বিল দেওয়া হয়।

২০১৭-১৮ অর্থবছর: সড়ক নির্মাণ দেখিয়ে ২ কোটির বেশি বিল।
বাসস্ট্যান্ড ও ট্রাক টার্মিনালের নামে ১১ কোটি টাকা, ২০১৯-২০ অর্থবছর: ৮.৫১ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছর: প্রায় ১২ কোটি টাকা।
২০২১-২২ অর্থবছর: ৩.৩৫ কোটি টাকা।

তথ্য অধিকার আইনে আবেদনে পৌর প্রশাসক জানান, “জনি ট্রেডার্স নামে পৌরসভায় কোনো কাজই করা হয়নি।”

ভুয়া প্রতিষ্ঠান বানিয়ে টাকা আত্মসাৎ :

রমজান আলী কেবল টেন্ডারেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি নিজেই তৈরি করেন ভুয়া সংগঠন-“মেয়র রমজান আলী শিক্ষা ও গবেষণা পরিষদ”।

এই প্রতিষ্ঠানের নামে পৌরসভা থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা অনুদান হাতিয়ে নিতেন। বিল-ভাউচার ঘেঁটে দেখা যায়, কবি কাইয়ূম শাহজীর নামে নিয়মিত টাকা তোলা হতো।

সচিব কাইয়ূম শাহজী নিজেই স্বীকার করেন—“সংগঠন কী কাজ করত, তা সাবেক মেয়রই বলতে পারবেন।” এছাড়া বন্ধুর মায়ের নামে কলেজ বানিয়ে মাসিক অনুদান নিতেন, যা একেবারেই নিয়মবহির্ভূত।

মামলা ও বর্তমান অবস্থা :

এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৩টি মামলা করেছিল। কিন্তু শিক্ষা নেননি। মেয়র পদে ফিরে এসে আরও বেপরোয়া হয়ে ওঠেন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমানে তিনি আত্মগোপনে আছেন। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক মামলা চলছে। নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর একে একে বেরিয়ে আসছে দুর্নীতির স্তূপ।

পৌরবাসীর দাবি—এবার দুদককে যেন সত্যিই মাঠে নামতে হয়। মানিকগঞ্জ পৌরসভার প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে প্রকাশ করতে হবে।

অন্যান্য