জমির উদ্দিন খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল বাশার খান (৭৫) বার্ধক্যজনিত নানা জটিলতায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি জাতীয়তাবাদী মানিকগঞ্জ ওলামা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আশিকুর রহমান রাজুর পিতা।
তার অসুস্থতার খবর পেয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা সদর হাসপাতালে ছুটে যান। এসময় তিনি আবুল বাশার খানের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে খোঁজখবর নেন।
আফরোজা খানম রিতা আবুল বাশার খানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং মানিকগঞ্জ জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তাঁর উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, আবুল বাশার খান দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর অসুস্থতায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ পাচ্ছে।
