• December 27, 2025
  • 0 Comments
নিপাহ সতর্কতা কোথায়? মানিকগঞ্জে কাঁচা রস পানে যেন উৎসবের হুল্লোড়!

নিপাহ ভাইরাসের ভয়াবহ ঝুঁকি ঘনিয়ে থাকলেও থেমে নেই কাঁচা খেজুরের রসপান উৎসব। মানিকগঞ্জের হরিরামপুরে যেন চলছে শীতের আগমন উৎসব, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় ভাইরাল হওয়ার পর প্রতিদিন হাজারো মানুষ দলে দলে ছুটে যাচ্ছে খেজুরের রসের খোঁজে। কারও হাতে ক্যামেরা, কারও হাতে লিটারভর্তি রস; মুহূর্তেই ভিডিও-ছবি আপলোড, লাইক-কমেন্টে ব্যস্ত সব বয়সের আগন্তুকরা।

স্থানীয় সূত্র বলছে, বাল্লা ইউনিয়নের ঝিটকা গাছিপাড়া ও ভাদিয়াখোলা এখন রসপ্রেমীদের জমজমাট আড্ডাস্থল। প্রতি লিটার কাঁচা রস ২৫০-৩০০ টাকা, তবুও ক্রেতার ভিড়ে দাম যেন গৌণ, স্বাদই মুখ্য। শুধু মানিকগঞ্জ নয়-ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, দোহার থেকে প্রতিদিনই আসে শত শত মানুষ।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, বাগানে ৫০০-৬০০ মানুষের ভিড়। হাসি-আড্ডা, সেলফি, রিল—সব মিলিয়ে জায়গাটি যেন পর্যটন স্পটে রূপ নিয়েছে।

ঢাকা থেকে আসা আল আমিনের ভাষায়, “শীত মানেই কাঁচা রসের স্বাদ আলাদা। ঝুঁকির কথা জানি, কিন্তু এত আয়োজন দেখে রস না খেয়ে থাকা যায়?”

একই মত রাকিব ইসলামেরও, “বন্ধুরা সবাই এলো, পরিবেশও দারুন ২৫০ টাকা দিয়েছি, কিন্তু মজাটাই আসল।”

স্থানীয় আবির মোল্লা জানালেন, “গত বছর নিপাহে আমাদের জেলায় দু’জন মারা গিয়েছিল। তারপরও সচেতনতার তেমন প্রচার নেই!”

বাগানের মালিক ফারুক হোসেন দাবি করেন, “আমাদের রস নেট দিয়ে ঢেকে সংগ্রহ করি যাতে বাদুড় না বসে। এরপরই বিক্রি করা হয়।”

কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অর্পিতা দাস বলেন, “নিপাহ ভাইরাস মারাত্মক প্রাণঘাতী। কাঁচা রসের মাধ্যমেই সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। রস খেতে চাইলে অবশ্যই জ্বাল দিয়ে ফুটিয়ে নেওয়া জরুরি।”

তবুও প্রশ্ন-স্বাস্থ্যঝুঁকির মুখে কাঁচা রসের এই উন্মাদনা থামাবে কে?
সচেতনতা না বাড়লে আনন্দময় উৎসব যে মুহূর্তেই আতঙ্কে রূপ নিতে পারে এ সতর্কবার্তা কিন্তু খুব স্পষ্ট।

  • December 8, 2025
  • 0 Comments
বাউল আবুল সরকারের জামিন হয়নি : ফাঁসির দাবীতে আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :
মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার হওয়া বাউলশিল্পী আবুল সরকার–এর জামিন আবেদন মানিকগঞ্জ আদালত নামঞ্জুর করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা আদালত এ রায় ঘোষণা করে।
জামিন নামঞ্জুরের ঘোষণার পরপরই আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অর্ধশতাধিক আইনজীবী আদালত প্রাঙ্গণে মিছিল করে কঠোর শাস্তির দাবিতে অবস্থান নেন। ধর্ম অবমাননার ঘটনায় এত সংখ্যক আইনজীবীর এ ধরনের একযোগে প্রতিবাদ মানিকগঞ্জ আদালত চত্বরে নজিরবিহীন বলে জানিয়েছেন উপস্থিতরা।
আইনজীবীরা বলেন, “আবুল সরকারের মন্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলিমদের গভীরভাবে আঘাত করেছে। ধর্মীয় অনুভূতি রক্ষায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আইনজীবী আ.ফ.ম নুরতাজ আলম বাহার বলেন, “বাউল হিসেবে পরিচয় নিয়ে আল্লাহ ও কোরআন সম্পর্কে অজ্ঞতাপ্রসূত মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করা ঠিক না। আদালত আমাদের উপস্থাপিত নথির তথ্য সঠিক পাওয়ায় জামিন নামঞ্জুর করেছেন।”
উল্লেখ্য, কিছুদিন আগে মহান আল্লাহ তায়ালকে নিয়ে আবুল সরকারের বিতর্কিত বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওতে আল্লাহ, ফেরেশতা ও ধর্মীয় বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের অভিযোগ ওঠে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।
এই ঘটনার পর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় এবং পুলিশ তাকে গ্রেফতার করে।
জামিন না দেওয়া আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তৌহিদি জনতা, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষ আইনগত প্রক্রিয়ায় কঠোরতম শাস্তির দাবি জানায়।

  • November 29, 2025
  • 0 Comments
ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :

ভূমিকম্পের পূর্বে নাগরিকদের ভবন ও স্থাপনা নির্মাণ পরামর্শ এবং ভূমিকম্প পরবর্তী স্থাপনার সুরক্ষা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি বিষয়ক কারিগরী পরামর্শ এবং সহায়তা প্রদানের লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট ভূমিকম্প রেসপন্স টিম গঠন করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। 

কমিটিতে আহবায়ক করা হয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সিভিল ইঞ্জিনিয়ার্স গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জাকির হোসেন, পি ইঞ্জ এবং সদস্য হিসেবে রয়েছেন প্রকৌশলী মোঃ আব্দুর রাশেদ মল্লিক, প্রকৌশলী রুহুল আলম, প্রকৌশলী কাদের জিলানী, প্রকৌশলী শাহরিয়ার পারভেজ, প্রকৌশলী আইনুল কবির, প্রকৌশলী শফিকুল ইসলাম খোকা, ড. প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, প্রকৌশলী আল মামুন গাজী, পি ইঞ্জ, প্রকৌশলী গাজী রাশেদুল ইসলাম নয়ন, প্রকৌশলী মোল্লা আশিকুর রহমান, প্রকৌশলী সালাহউদ্দিন রায়হান, প্রকৌশলী কাকান রানা, প্রকৌশলী খলিলুর রহমান সোহেল ও প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। 

গতকাল সংঠনটির আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এই কমিটির অনুমোদন দেন।

ভূমিকম্পের ওপর বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ রক্ষা করে আসন্ন ভূমিকম্পের ওপর গোলটেবিল আলোচনা আয়োজনের বিষয়ে সহায়তা প্রদানের জন্য এই কমিটির সদস্যদের অনুরোধ জানানো হয়।

প্রকৌশলী জাকির হোসেন এ্যাব কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও মানিকগঞ্জ ডেভেলপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

  • November 29, 2025
  • 0 Comments
সম্মিলিত ইসলামী ব্যাংক আগামী সপ্তাহে যাত্রা করতে পারে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে নতুন যে ব্যাংক গঠন করা হচ্ছে সে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। নতুন ব্যাংকটি আগামী সপ্তাহেই যাত্রা শুরু করতে পারে।

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন গভর্নর।

অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শিরোনামে এ সম্মেলনের আয়োজন করেছে দৈনিক বণিক বার্তা।

উদ্বোধনী অধিবেশনে আরও অতিথি ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) সভাপতি ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন।

সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে একটি নতুন ও শক্তিশালী ব্যাংক গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ব্যবহার করে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আশা করা যায় আগামী সপ্তাহেই নতুন ব্যাংকটি যাত্রা শুরু করবে।

অনুষ্ঠানে আহসান এইচ মনসুর বলেন, নতুন ব্যাংকটিতে থাকবে ৩৫ হাজার কোটি টাকার পেইড-আপ ক্যাপিটাল। এটি বাংলাদেশের ব্যাংক খাতে এ পর্যন্ত সর্বোচ্চ। বর্তমানে ব্যাংকগুলোর সর্বোচ্চ মূলধন মাত্র ১ হাজার ৫০০ কোটি টাকার মতো। সরকার নতুন এই ব্যাংকে ২০ হাজার কোটি টাকা দিচ্ছে।

  • November 27, 2025
  • 0 Comments
মানিকগঞ্জের হরিরামপুরে শিয়াল আতঙ্ক : সাত দিনে ৪ শিশু-সহ ডজন খানেক মানুষ আহত

মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে হঠাৎ করেই ক্ষুধার্ত শিয়ালের আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই লোকালয়ে ঢুকে হাঁস-মুরগি শিকার করা থেকে শুরু করে শিশু ও পথচারীদের ওপর হামলা চালাচ্ছে বন্যপ্রাণীটি। গত সাত দিনে লেছড়াগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে চার শিশুসহ বহু মানুষকে কামড়ে আহত করেছে এক বা একাধিক শিয়াল। আতঙ্কে সন্ধ্যা নামলেই গ্রামবাসী ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না।

লেছড়াগঞ্জ চরে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাঠানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ বেশ কয়েকজনকে শিয়ালের কামড়ের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর ও ঢাকায় পাঠান।

আহতরা হলো- গঙ্গাধরদীর আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ (৭), ইদ্রিসের মেয়ে ইভা আক্তার (৬), রাজু বিশ্বাসের ছেলে রাকিব (৫), শেখ জহিরুলের ছেলে বিপ্লব (৯) ।

ইভা আক্তারের বাবা ইদ্রিস জানান “বিকেলে বারান্দায় পড়ছিল মেয়ে, হঠাৎ শিয়াল এসে কামড়ে দেয়! এরপর আরও ১০–১২ জনকে কামড়ায়। মেয়েকে নিয়ে ফরিদপুরে ভ্যাকসিন দিচ্ছি। একজনের অবস্থা খারাপ হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।”

রাকিবের মা বলেন,“শেয়ালে আমার ছেলেকে অনেক জায়গায় কামড়িয়েছে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে ঢাকায় নিতে হয়েছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিব খান বলেন, “একদিনেই আমাদের স্কুলের চার শিক্ষার্থীকে কামড়িয়েছে। শিক্ষক–শিক্ষার্থী সকলেই ভয় নিয়ে সময় পার করছে।”

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল জানান, কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, একজন শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন,“মানুষের বসতি বাড়ায় শিয়ালের খাদ্যসংকট দেখা দিয়েছে। তাই শিয়াল লোকালয়ে ঢুকে পড়ছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও স্থানীয়দের সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।”

  • November 26, 2025
  • 0 Comments
শান্ত মানিকগঞ্জকে অশান্ত করল বাউল আবুল সরকার, কেন এমন উত্তাল হলো চারদিক?

এ এস এম সাইফুল্লাহ :
মানিকগঞ্জ-যে জেলাটি দীর্ঘদিন ধরেই শান্ত ও স্থিতিশীল হিসেবে পরিচিত, সেই জেলাকে নাড়িয়ে দিয়েছে বাউল শিল্পী আবুল সরকারের বিতর্কিত মন্তব্য।
ঘটনা ৪ নভেম্বর, ঘিওরের জাবরা খালা পাগলির মেলামঞ্চ। গান পরিবেশন করতে গিয়ে আল্লাহ ও ইসলামের বিরুদ্ধে চরম ধৃষ্টতাপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেন তিনি। মুহূর্তেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দেশজুড়ে ক্ষোভের আগুন। মুসল্লিদের দাবী—“এই অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”

আইনের দ্বারস্থ ধর্মপ্রাণ জনগণ :

ঘটনার পর ২০ নভেম্বর ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে মামলা করেন। সেদিনই মাদারীপুর থেকে ডিবি পুলিশ আবুল সরকারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

কিন্তু প্রশ্ন রয়ে গেল-এত উত্তেজনার আগেই কেন তাকে গ্রেপ্তার করা হলো না? প্রশাসন কি দায়িত্ব পালনে শৈথিল্য দেখিয়েছে?

আইনবিদদের চোখে অপরাধ স্পষ্ট :

ভয়েস অব লয়ার্স এর প্রধান সমন্বয়ক, সুপ্রিম কোর্ট আইনজীবী আশরাফ-উজ-জামান বলেন, “এটি স্পষ্ট ধর্ম অবমাননা। দণ্ডবিধি ২৯৫(এ)-তে এটি শাস্তিযোগ্য অপরাধ। তাকে যেকোনো সময় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারত।”

মানিকগঞ্জের সর্বস্তরের আলেম ওলামাদের সংবাদ সম্মেলন :

সংবাদ সম্মেলনে আলেম-ওলামারা জানান, গত ২৩ নভেম্বর সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে থেকে আমাদের শান্তিপূর্ণ মিছিলটি পুলিশের উপস্থিতিতে নির্ধারিত রুট অনুসরণ করে বিজয় মেলার মাঠের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে সমাবেশের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল। এমন সময় শিল্পী আবুল সরকারের অনুসারীরা বিজয় মেলার মাঠে জটলা পাকিয়ে অবস্থান করছিলো। প্রশাসন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিলেও তারা খানিক দূরে গিয়ে অবস্থান নেয়। তাদের অবস্থানে এক ধরনের উসকানি ছিলো। এক পর্যায়ে দূর থেকে তাদের মারমুখী অবস্থা লক্ষ করা গেলে সমাবেশের পেছন দিকের বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফুসে ওঠে। নেতৃস্থানীয় কয়েকজন পুলিশদের সাথে নিয়ে বিক্ষুব্ধ জনতাকে সমাবেশস্থলে জড়ো করতে থাকেন। এ সময় বাউলদের পক্ষ হতেও আক্রমণ করা হয় আবার তৌহিদী জনতার সমাবেশ হতে বিক্ষুব্ধ জনতা সংঘর্ষে জড়ায়।

এসময় উভয় পক্ষের কয়েক জন সংঘর্ষে আহত হয়। আমরা আহত সবাইকে দেখতে ও খোঁজ-খবর নিতে হাসপাতালে যাই। আমরা সবার সুস্থতা কামনা করে দোয়া করি।

বক্তারা বলেন, পুলিশ প্রশাসন বাউলদের সাড়ে ১১টার দিকে শহরের প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করার অনুমতি প্রদান করেছে বলে আমরা জানতে পারি। কিন্তু তাদের সময়ের ঘণ্টা খানের আগেই কেন তারা আমাদের নির্ধারিত সমাবেশ স্থলের নিকটে অবস্থান করতে থাকলো? পুলিশ তাদের দূরে সরে যেতে বললেও তার তা অমান্য করে কয়েক গজ দূরে গিয়ে অবস্থান কেন নিলেন? মূলত তারা ইচ্ছাকৃতভাবে একটি বিশৃঙ্খলা লাগানোর জন্যেই এমনটা করেছে।

শিবালয় উপজেলার শাহিলী গ্রামের জালাল সরকার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছে। তিনি আবুল সরকারের আত্মীয়। বাউলদের পক্ষে মাঠে নামা লোকদের বেশির ভাগই বিগত আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতা-কর্মী। এই আবুল সরকার প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চেয়েছেন এবং সাবেক এমপি মমতাজকে মা বলে সন্বোধন করেছেন।

তারা বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা তৈরি ও এই বিষয়টিকে নিয়ে দেশে একটা বড় রকমের যড়ষন্ত্র করার চেষ্টা করছে।’

ইসলামি পণ্ডিতরা বলেন, আবুল সরকারের চারটি মন্তব্যই ছিল চরম কুফরি, যা তার ধর্মীয় অজ্ঞতা ও উদ্দেশ্যপ্রণোদিত বিদ্বেষের বহিঃপ্রকাশ।

মাওলানা ইসলামাবাদী জানান, “রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সঙ্গে সঙ্গেই আইনের আওতায় আনা। বরং প্রশাসন উদাসীন ছিল এবং পরে আবার বাউলদের পক্ষেই দাঁড়িয়েছে।”

শান্ত জেলায় অশান্তির আগুন :

মানিকগঞ্জের স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মতে, “শান্ত মানিকগঞ্জকে উত্তাল বানিয়েছে আবুল সরকারের মুখের সেই চারটি বাক্য।”
মুফতি আবদুল হান্নান বলেন, “দেশজুড়ে উত্তেজনা থাকলেও মানিকগঞ্জ ছিল শান্ত। আবুল সরকার সেই শান্তিকে ভেঙে দিয়েছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।”

পুলিশের মন্তব্য :

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, “আল্লাহকে নিয়ে মন্তব্য থেকে উত্তেজনা ছড়িয়েছে। সংঘর্ষের পর আবুল সরকারের বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • November 24, 2025
  • 0 Comments
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন 

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা :

 কিডনি রোগীদের জন্য আধুনিক ও সুলভ চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ সোমবার (২৪ নভেম্বর) ‘মুন্নু ডায়ালাইসিস সেন্টার’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। এসময় উপস্থিত ছিলেন- মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জুলফিকার আহমেদ আমিন (অবঃ), নেফ্রোলজি বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ কামরুল হাসান ও ডাঃ মামুন চৌধুরী রাজু সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।

প্রথম পর্যায়ে সেন্টারটিতে ২টি ডায়ালাইসিস বেড চালু করা হয়েছে। চাহিদার বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে ১০ বেডে সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান আফরোজা খানম রিতা। 

তিনি বলেন, মানিকগঞ্জের মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছি। বিশেষ করে কিডনি রোগীদের সবচেয়ে বড় ভোগান্তি ছিল নিয়মিত ডায়ালাইসিসের জন্য রাজধানীতে বারবার যেতে হওয়া, অতিরিক্ত খরচ ও সময় নষ্ট হওয়া। এসব বিষয় বিবেচনায় আমরা আজ ‘মুন্নু ডায়ালাইসিস সেন্টার’ উদ্বোধনের মাধ্যমে সেই দীর্ঘদিনের দুর্ভোগ কমানোর উদ্যোগ নিয়েছি।

প্রথম পর্যায়ে ২টি ডায়ালাইসিস বেড চালু করেছি। তবে আমাদের লক্ষ্য এখানেই সীমাবদ্ধ নয় অতি দ্রুত সেন্টারটিকে ১০ বেডে উন্নীত করার প্রক্রিয়া চলছে। আমরা আধুনিক যন্ত্রপাতি, বিশেষায়িত নার্সিং ও টেকনিক্যাল স্টাফ এবং নেফ্রোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে কাজ করছি।

মানিকগঞ্জের মানুষ এখন থেকে নিজ এলাকায় সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা পাবেন‌। এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা বিশ্বাস করি, আধুনিক চিকিৎসা সেবার পরিধি যত বিস্তৃত হবে, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান ততই উন্নত হবে। স্বাস্থ্যখাতে স্বচ্ছতা, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে আমরা ভবিষ্যতেও আরও নতুন সেবা চালু করতে কাজ করে যাব।

  • November 21, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে মাঠজুড়ে রূপালী হাসি কৃষকের : ভালো ফলনে প্রাণ ফিরে পেয়েছে গ্রামীণ অর্থনীতি

মানিকগঞ্জে এবার রোপা আমন ধানের এমন বাম্পার ফলন হয়েছে যে, দূর থেকে তাকালেই মনে হয় মাঠজুড়ে যেন সোনার চাদর বিছানো!
ধান কাটার মৌসুম শুরু হতেই সাটুরিয়া, শিবালয়, ঘিওর ও সদর উপজেলার কৃষকদের মুখে ফুটেছে পরিপূর্ণ তৃপ্তির হাসি।

সময়মতো বৃষ্টি, অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের আধুনিক চাষাবাদ পরামর্শ, সবকিছু মিলেই কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে সফল মৌসুমে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কারও হাতে কাঁচি, কেউবা মেশিনে দ্রুত ধান কাটছেন, গোলায় গোলায় উঠছে নতুন ধান, পার্শ্ববর্তী জেলা থেকেও হুমড়ি খেয়ে আসছেন শ্রমিক
মাঠ থেকে রাস্তা সবখানে একটাই সুর: “এবার ফলন খুবই ভালো!”

স্থানীয় কৃষকের ভাষায়, “এই বছর জমি প্রতি ফলন অনেক বেড়েছে। বাজারে দামের পরিস্থিতিও ভালো। পরিশ্রমের মূল্য পাওয়া যাচ্ছে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর জেলায় ১৩,২০৮ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের ইঙ্গিত দিচ্ছে।
জেলা কৃষি কর্মকর্তার মন্তব্য “আধুনিক প্রযুক্তি আর আবহাওয়ার অনুকূলে এ বছর আমনের ফলন দারুণ হয়েছে। পুরো মৌসুমেই কৃষকদের সহযোগিতা করেছি।”

নতুন ধান বাজারে আসতে শুরু করায় চালের বাজার স্থিতিশীল থাকবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।

  • November 21, 2025
  • 0 Comments
শিবালয়ের যমুনায় আবারও বালু লুট! অভিযান, আটক ৫

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের মধ্যে আবারও বড় ধাক্কা দিল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আকস্মিক অভিযানে বালু লুটচক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করে শুক্রবার তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, রুবেল খান (৪৫), ইউনুস খানের ছেলে, আমিনপুর, পাবনা, আরাফাত হোসেন (২৪), আব্দুল জলিলের ছেলে, চিরিরবন্দর, দিনাজপুর

আরশেদ আলী (৪৩), মহির উদ্দিনের ছেলে, বালিয়াকান্দি, রাজবাড়ী, রাব্বি শেখ (২৩), জিয়ারুলের ছেলে, মিরপুর, কুষ্টিয়া

সজিব শেখ (২৫), জামাল শেখের ছেলে, কুষ্টিয়া।

শিবালয় থানার ওসি এসএম আমানউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, যমুনার আলোকদিয়া ৮নং বৈদ্যুতিক টাওয়ারের পাশে দীর্ঘদিন ধরে একদল চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

অভিযানে বালুভর্তি একটি ভলগেট জাহাজ ও দেশীয় তৈরি লোহার কাটার ড্রেজিং মেশিন জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় নদী পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

  • November 17, 2025
  • 0 Comments
সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি

মানিকগঞ্জের সিংগাইরে ইসলামী ব্যাংকের শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে সিংগাইর শহীদ রফিক সড়কের দেওয়ান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ইসলামী ব্যাংক শাখায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ব্যাংক কর্মকর্তারা জানান, রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখতে পেয়ে পাশের লোকজন দ্রুত ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ব্যাংকের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্য জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

অন্যান্য