• November 17, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ, দগ্ধ চালকের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শিবালয় থানা-পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলা শহরে দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাসে করে স্কুলে আনা-নেওয়া করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের পাশে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার সেতুর নিচে বাসটি পার্কিং করে রাখা হয়। পাহারার জন্য বাসের চালক পারভেজ বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক পারভেজ গুরুতর দগ্ধ হন।

খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উন্নত চিকিৎসার জন্য চালককে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়। এ ঘটনায় বাসের মালিক মো. আশরাফুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন।

বাসচালকের ছেলে সুমন খান বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পর তার বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুই দিন তার বাবার সিসিইউতে চিকিৎসা চলে। গত শনিবার দুপুর ১২টার দিকে তাঁর বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা পারভেজের মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, দগ্ধ বাসচালক মারা গেছেন বলে তিনি জেনেছেন। এর আগে এ মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • November 16, 2025
  • 0 Comments
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মানিকগঞ্জ ইউনিট কমিটি গঠিত

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মানিকগঞ্জ ইউনিট কমিটি গঠিত হয়েছে।

আজ (রবিবার)  জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংস্থাটির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

সাত সদস্যবিশিষ্ট কমিটিতে রয়েছেন-

ভাইস- চেয়ারম্যান: আব্দুস সালাম বাদল, সেক্রেটারি: মির্জা রবিউল আওয়াল, নির্বাহী সদস্য- খন্দকার মোঃ আতিক, সোলায়মান খান তুহিন, তানিভ ইকবাল রাসেল, প্রকৌশলী রিয়াজুল ইসলাম ও মোঃ আরিফুর রহমান।

এর আগে, রেডক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ ইউনিটের আহবায়ক কমিটির সদস্য খন্দকার মোঃ আতিকের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মো. ফরহাদ আলমের সঞ্চালনায় বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মহিয়ার খান শিপার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাদল, জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা বজলুর রহমানসহ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাবৃন্দ। বক্তারা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের প্রতি আহবান জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের একটি স্বনামধন্য মানবিক সংস্থা যা আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের নীতিমালা অনুসরণ করে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা এবং মানবিক সহায়তা প্রদান করা সংস্থাটির প্রধান লক্ষ্য।

১৯৭৩ সালে রাষ্ট্রপতি আদেশের ২৬ নং ধারা অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়। এটি জন কর্তৃপক্ষের একটি সহায়ক সংস্থা হিসেবে কাজ করে। এর জাতীয় সদর দপ্তর ঢাকাতে অবস্থিত এবং সারাদেশে এর শাখা ইউনিট রয়েছে। 

সংস্থাটি বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ ও সহায়তা প্রদান করে। প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণসহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। যুব রেড ক্রিসেন্ট-এর মাধ্যমে তরুণদের মধ্যে মানবাধিকার, শান্তি এবং সেবার মানসিকতা তৈরি করে এবং গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে। 

oplus_34

  • November 15, 2025
  • 0 Comments
মাদরাসার ছাত্র-ছাত্রীরাই মেধার প্রমান দিয়ে দেশের নেতৃত্ব দিচ্ছে : মাদরাসা বোর্ডের চেয়ারম্যান

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নূরুল হক বলেছেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা এখন আর অবহেলিত থাকবে না। আধুনিক যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসা শিক্ষাকে নতুন কাঠামো ও নতুন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন,মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা প্রমান করেছে তারা কারো চেয়ে কম মেধাবী নয়।তারা ঢাকা বিশ^বিদ্যালয় সহ সর্ব কেক্ষেই এর স্বাক্ষর রেখেছে।আগামীর আর্দশ ও এক নতুন বাংলাদেশ বির্নিমানে মাদ্রাসার ছাত্ররাই নেতৃত্ব দিবে ইনশাল্লাহ।

শনিবার (১৫ নভেম্বর) স্থানীয় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজন করা বর্ণাঢ্য রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে মাদ্রাসা মুল ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়।শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।

চেয়ারম্যান আরও বলেন, “আজকের শিক্ষার্থীদের শুধু ধর্মীয় জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি, মানবিকতা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটিয়ে তাদের আধুনিক শিক্ষার মূলধারায় এগিয়ে নিতে হবে। সরকার ইতোমধ্যে মাদরাসা শিক্ষাকে সমান গুরুত্ব ও মর্যাদার সঙ্গে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।”
অনুষ্ঠানে রিইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক সরকার মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর মো. ওবায়দুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্মতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবু সায়েম এবং ইবনে সিনা হাসপাতালের ডিজিএম মুহাম্মদ জাহিদুর রহমান, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন প্রমুখ।

ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর ওবায়দুল হক বলেন,মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অর্জিত দ্বীনি শিক্ষা দ্বারা দেশের কল্যান সাধন করতে হবে।মহান আল্লাহুর দ্বীনকে তার জমিনে কায়েম করতে হবে।আল্লাহ্র আইন প্রতিষ্ঠা করে এক দূর্নীতিমুক্ত ,সন্ত্রাসমুক্ত মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।তাহলেই এই দ্বীনি শিক্ষার প্রকৃত অবদান রাখা হবে।

মুহাম্মদ জাহিদুর রহমান বলেন,যাদের দীলের মধ্যে ওহির শিক্ষা আছে তাদের দায়িত্ব পুরো জতিকে সেই ওহির দাওয়াত দিতে হবে।মানুষের কল্যানে সেই ওহির নির্দেশ অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা করতে হবে।কেউ যদি যোগ্যতা থাকা সত্বেও এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে থাকি তাহলে আমাদের মনে রাখতে হবে .অবশ্যই আল্লাহর নিকট জবাবদিহিতা করতে হবে।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন,আমাদের প্রাপ্ত ইলম দ্বারা দেশ ও জাতির খেদমত করতে হবে।যাদের মধ্যে খোদাভীতি আছে তারা কখনও অপরাধ করতে পারে না এবং কোন অপরাধীকেও সহযোগীতা করতে পারে না।আমাদের অনেক দায়িত্ব আছে এবং তা পালন করতে হবে।তরুন প্রজন্মকে মিথ্যা ,ধোকাবাজি,অপরাধ হতে আমাদের রক্ষা করতে হবে।আর এ জন্যে প্রয়োজন একটি ইসলামি সমাজ।আমাদের অবশ্যই ইসলাম ও বাংলাদেশ কে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে নূর মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ আতিকুর রহমান, হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা সামসুদ্দিন এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান।

উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহানুর ইসলাম,এনপি আই এর প্রিন্সিপাল ড,মুহাম্মদ ফারুক হোসেন,এপি পার্টির মানিকগঞ্জ জেলা সভাপতি অ্যাড,মুহাম্মদ রফিকুল ইসলাম জনি প্রমুখ্
রিইউনিয়ন অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সম্মাননা প্রদান।
এসময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা নুরুল হক ও অন্যান্য অতিথি বৃন্দ প্রথম পুনর্মিলনী স্মারক উন্মোচন করেন।

  • November 12, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ভোক্তা অধিকার অভিযান : চার প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজান্তা জানা গেছে,অভিযানে জাহানারা মেডিক্যাল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই আইনের ৩৮ ও ৫১ ধারায় সাহা ব্রাদার্সকে ১০ হাজার টাকা, খন্দকার হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অপরাধে ৪৩ ধারায় ৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেলকে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩৯ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন পুলিশ লাইন্সের সদস্যবৃন্দ এবং মানিকগঞ্জ জেলা ক্যাবের দফতর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।ফারহানা ইসলাম অজান্তা বলেন,জনস্বার্থে নকল ও ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

  • November 8, 2025
  • 0 Comments
দেশীয় প্রযুক্তিতে ড্রেজার তৈরি: ৪০০ কোটি টাকা সাশ্রয়, নৌখাতে নতুন দিগন্ত উন্মোচন : নৌ উপদেষ্টা

মানিকগঞ্জের আরিচা ঘাটে উদ্বোধন হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত আধুনিক ড্রেজার “আন্ধারমানিক–১”। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,

“দেশীয়ভাবে তৈরি ২৮ ইঞ্চির দুটি ও ২৪ ইঞ্চির দুটি কাটার সাকশন ড্রেজার নির্মাণে সাড়ে চার শত কোটি টাকা খরচ হয়েছে। অথচ বিদেশ থেকে আনলে অন্তত আটশত কোটি টাকা ব্যয় হতো। অর্থাৎ দেশেই তৈরি করায় ৪০০ কোটি টাকার সাশ্রয় হয়েছে— যা নৌখাতে এক ঐতিহাসিক অর্জন।”

শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে তৈরি ড্রেজারটির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সাখাওয়াত হোসেন আরও বলেন, “নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এই ড্রেজারগুলো দেশেই তৈরি করা হয়েছে, তবে এর কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা হয়েছে। বিদেশি প্রযুক্তির সহায়তায় দেশীয় ইঞ্জিনিয়াররা আজ নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন।”

তিনি জানান, বিশ্বের অনেক উন্নত দেশ তাদের বন্দর বিদেশি ব্যবস্থাপনায় পরিচালনা করে বিপুলভাবে লাভবান হচ্ছে। “আমাদের চট্টগ্রাম বন্দর আধুনিকায়নসহ দেশের নৌপথগুলোতে বিদেশি ব্যবস্থাপনা ও বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি,” যোগ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ উপদেষ্টা বলেন,“আমরা আকাশ থেকে একটি পাখি পড়লেও তাতে রাজনীতি খুঁজি। নদীর পাড়ে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান শুরু করেছিলাম, কিন্তু স্থানীয়ভাবে বাধার মুখে পড়েছি। আমাদের কর্মকর্তাদের ওপর ঢিলও ছোড়া হয়। আপাতত অভিযান স্থগিত রয়েছে, তবে শিগগিরই আরও বড় আকারে শুরু করা হবে।”

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি নগরবাড়ী আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধন করেন।

  • November 8, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ধরা পড়া কুমির হস্তান্তর: বন অধিদপ্তরের হেফাজতে পাঠানো হলো

মানিকগঞ্জের পদ্মা নদীর শাখা থেকে ধরা পড়া রহস্যময় কুমিরটিকে অবশেষে বন অধিদপ্তরের ক্রাইম ও অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে কুমিরটি হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

এর আগে শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় স্থানীয় কয়েকজন যুবক ফাঁদ পেতে কুমিরটিকে জীবিত অবস্থায় আটক করেন। নদীপাড়ের মানুষ আতঙ্কিত থাকলেও কৌতূহলী জনতা তখন ঘটনাস্থলে ভিড় জমায়।

বন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, “গত এক মাস ধরে হরিরামপুরের ধুলসুরা, হারুকান্দি ও সদর উপজেলার হাটিপাড়া এলাকার নদীতে কুমিরটি বিচরণ করছিল। স্থানীয়দের সহযোগিতায় সেটি অবশেষে আটক করা সম্ভব হয়েছে। পরে সেটি বন অধিদপ্তরের বিশেষ ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়রা জানান, প্রায় এক মাস ধরে চরবংখুড়ি, বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি ও তন্ত্রখোলা এলাকায় কুমিরটির উপস্থিতি গ্রামবাসীর মধ্যে ভয় এবং আলোচনার জন্ম দেয়। কেউ কেউ নদীতে মাছ ধরা ও গোসল বন্ধ করে দেন।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ দপ্তরের কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস বলেন, “ধরা পড়া কুমিরটি বর্তমানে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।”

প্রকৃতি ও বন্যপ্রাণীপ্রেমীরা বলছেন, মানুষের বসবাসের কাছাকাছি এভাবে কুমিরের দেখা পাওয়া পরিবেশগত ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

  • November 8, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে সিরাতুন্নবী (স.) অলিম্পিয়াড–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা :

মানিকগঞ্জে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের উদ্যোগে সিরাতুন্নবী (স.) অলিম্পিয়াড–২০২৫ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) সকালে শহরের বিজয় মেলা মাঠে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পরিচালক এডভোকেট আনোয়ার হোসেন।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি ঢাকা মহানগর উত্তরের সহকারী পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ার আহাদ শিকদার, মানিকগঞ্জ–১ আসনের জামায়াতের প্রার্থী ডা. আবু বকর, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, হাসপাতালের পরিচালক আওলাদ হোসেন, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, সরকার মাসুদুর রহমান ও এডভোকেট ফরিদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, “সিরাতুন্নবী (স.) আমাদের জীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। তরুণ প্রজন্ম যদি নবীজির আদর্শে উদ্বুদ্ধ হয়, তবে সমাজে নৈতিকতা, সততা ও শান্তি প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “ধর্মীয় শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে নবীজির জীবনচর্চা অনুসরণের বিকল্প নেই।”

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মোট ২০ জন বিজয়ীর হাতে নগদ অর্থ ও বই তুলে দেন অতিথিবৃন্দ।প্রথম বিজয়ী ওমর ফারুক উপহার হিসেবে ২৫ হাজার টাকা দেওয়া হয়।

  • November 1, 2025
  • 0 Comments
মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন: সভাপতি খোরশেদ, সম্পাদক লিটন

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ সভায় দুই বছর মেয়াদি এই কমিটি গঠিত হয়।
উপদেষ্টা পরিষদে রয়েছেন- গোলাম সারোয়ার ছানু (চ্যানেল আই), জাহাঙ্গীর আলম বিশ্বাস ( আরটিভি), আবুল কালাম আজাদ (এটিএন নিউজ), আহমেদ সাব্বির সোহেল (এনটিভি), গাজী ওয়াজেদ আলম লাবলু (মাছরাঙা টেলিভিশন), মনিরুল ইসলাম মিহির (একাত্তর টিভি), কাবুল উদ্দিন খান (নিউজ টোয়েন্টিফোর)।
কার্যকরী পরিষদে রয়েছেন- সভাপতি- বি. এম খোরশেদ (যমুনা টেলিভেশন), সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী ( চ্যানেল২৪) ও রিপন আনসারী (গাজীটিভি), সাধারণ সম্পাদক-আশরাফুল ইসলাম লিটন (ডিবিসি), যুগ্ম সাধারণ সম্পাদক- আর. এস মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), সহসাধারণ সম্পাদক-মোঃ ইউসুফ আলী (সময় টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ আব্দুল আলীম (দেশ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী (এসএ টিভি), দফতর সম্পাদক আজিজুল হাকিম (মাইটিভি), প্রচার সম্পাদক-অহিদুর রহমান রানা (বাংলা টিভি), র্নিবাহী সদস্য- শহিদুল ইসলাম সুজন (এটিএন বাংলা), আকরাম হোসেন (বাংলা ভিশন), রাশেদুর রহমান চৌধুরী (এশিয়ান টিভি), আসাদ জামান (এখন টেলিভিশন) ও সুজন মোল্লা (গ্লোবাল টিভি)।
এর আগে, টিআরইউ এর সভাপতি মনিরুল ইসলাম মিহিরের সবাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আহমেদ সাব্বির সোহেল ও কাবুল উদ্দিন খান।
বক্তারা বলেন, পেশাগত স্বার্থ রক্ষায় এই সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মানিকগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতেই টিআরইউ’র মূল লক্ষ্য। এই কমিটি গঠনের মধ্য দিয়ে মানিকগঞ্জের টেলিভিশন সাংবাদিক সমাজে এক নতুন উদ্দীপনা ও পেশাগত মানোন্নয়নে ভূমিকা রাখবে।

  • November 1, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে মা ও মেয়ে হত্যার রহস্য উন্মোচন করলো পুলিশ

মানিকগঞ্জে পরকীয়া প্রেমের বলি হয়ে জীবন দিয়েছে মা ও মেয়ে। হত্যার আসল রহস্য উন্মোচন করলো পুলিশ। এঘটনার মূল আসামি মোঃ সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) বেলা ৩ টার দিকে হত্যা রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের বিষয়ে সংবাদ সন্মেলন করেন জেলা পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন।
প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত মো. সুজন শেখ (২৭)–কে টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেনের নেতৃত্বে গঠিত বিশেষ অভিযানে মঙ্গলবার (২৯ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুনের তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, নিহত সিথি আক্তার স্মৃতি (২৩) স্থানীয় জেলে আব্দুল রাজ্জাকের তৃতীয় স্ত্রী। তিনি তার দুই কন্যা সন্তান, বাবা-মা ও স্বামীর সঙ্গে রঘুনাথপুর (গোয়ারিয়া) এলাকায় বসবাস করতেন। গত ২৪ অক্টোবর সকালে রাজ্জাক মাছ ধরার পর বাড়ি ফেরার পথে জানতে পারেন তার তিন বছর বয়সী মেয়ে মরিয়মের মরদেহ যমুনা নদীর পাড়ে জামাল মিয়ার পেয়ারা বাগানের পাশে পড়ে আছে। শিশুটির গলায় ওড়না পেঁচানো ছিল। ঘটনার পর থেকেই স্ত্রী সিথি আক্তার নিখোঁজ ছিলেন। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজ্জাক শিবালয় থানায় মামলা করেন।
তদন্তে পুলিশ জানতে পারে, নিহত সিথি আক্তারের সঙ্গে সুজন শেখের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সুজন বিদেশ (সৌদি আরব) থেকে দেশে ফিরে অন্যত্র বিয়ে করার প্রস্তুতি নিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে সিথি তাকে একাধিকবার ফোন করে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু সুজন রাজি না হওয়ায় ঘটনার দিন রাতে কৌশলে সিথিকে শিবালয়ের বাক্কারের পেয়ারা বাগানে ডেকে নেয়। পরে পূর্বপরিকল্পিতভাবে সে প্রথমে সিথিকে শ্বাসরোধে হত্যা করে এবং পরে তার তিন বছরের মেয়ে মরিয়মকেও হত্যা করে।
এরপর সিথির মরদেহ বস্তাবন্দি করে যমুনা নদীতে ফেলে দেয় এবং মেয়ের মরদেহকেও ওড়না দিয়ে বেঁধে নদীতে নিক্ষেপ করে। পরে মরিয়মের লাশ ভেসে এসে নদীর পাড়ে উঠে আসে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সুজন হত্যার দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ। পরে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এ ঘটনায় পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বলেন, “ঘটনার পর থেকেই আমাদের টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যায়। শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারে সফল হয়েছি।”

  • November 1, 2025
  • 0 Comments
মানবতার ব্রত নিয়ে মানিকগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা

মানবতার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শনিবার (১ নভেম্বর) মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় এলাকার দুই সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীরা বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ পান।

এ সময় মেডিসিন, সার্জারি, গাইনি এন্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক কান গলা (ইএনটি), ডেন্টাল, স্ক্রিন এন্ড ভিডি (চর্ম ও যৌন), চক্ষু এবং শিশু ও অনবজাতক মোট দশটি বিভাগে দুজন করে ২০ জন কনসালটেন্স এই স্বাস্থ্যসেবা প্রদান করেন। প্রতি বিভাগে কনসালটেন্সদের সাথে দুই থেকে তিন জন করে সেবিকা সহায়তা করেন। ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন এবং মার্কেটিং টিমের অর্ধ শতাধিক সদস্য। পাশাপাশি কাজ করেছে জেলা ছাত্রদলের স্বেচ্ছাসেবক টিম।

দুপুরে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা এই স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম, মুন্নু হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, ডেন্টাল সার্জন ডা. কুদরত-ই হাসান, সার্জারি বিশেষজ্ঞ এসিস্টেন্ট প্রফেসর ডা. জেসমিন আরেফিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। 

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম বলেন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। সেবার ব্রত নিয়েই হাসপাতালটি প্রতিষ্ঠা হয়েছে। এই হাসপাতালে মানিকগঞ্জ বাসির জন্য সারা জীবন স্বল্প মূল্যে সেবা দেওয়া হবে। স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্যই এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। পর্যায়ক্রমে এ কার্যক্রমের সুফল পাবে পুরো জেলাবাসী। জেলার প্রতিটা এলাকায় চলবে এই বিনামূল্যে স্বাস্থ্য সেবা। 

মানবতার সেবাই মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার আব্দুল করিম‌ বলেন, মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা’র নির্দেশনায় আমাদের এই সেবামূলক কার্যক্রম। আমরা বিশ্বাস করি– মানুষের জন্য কাজ করাই প্রকৃত মানবতা। অসহায় মানুষের পাশে থেকে তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াই আমাদের অঙ্গীকার। 

তিনি আরো জানান, সেবা নিতে আসা রোগীরাদের পরবর্তীতে হাসপাতালের যে কোন সেবা স্বল্পমূল্যে দেওয়া হবে। পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ, অপারেশনে ৩০ শতাংশ ছাড় পাশাপাশি ছাড় পাবে বেড ভাড়ায়। এবং কি গরিব রোগীদের জন্য বিনামূল্যে হাসপাতালে সকল ধরনের সেবা প্রদান করা হবে। 

অন্যান্য