প্রতিনিধি, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার দিঘলীয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল হামিদ মোল্লা (৬৫) একই গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর পরিবারের প্রতিবেশী হিসেবে বসবাস করে আসছেন। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী ছাত্রীর দাদী অভিযোগ করে বলেন, পানি খাওয়ার কথা বলে শিশুটিকে অভিযুক্তের কাছে পাঠানো হলে সে কৌশলে দরজা বন্ধ করে হাত ধরে টান দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসী এই নৃশংস ঘটনার দ্রুত বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।