দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই, কারাবরণ আর আন্দোলন-সংগ্রামে সদা সক্রিয় থাকার স্বীকৃতি হিসেবে মানিকগঞ্জ-–১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের সাবেক জেলা সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এস.এ জিন্নাহ কবির।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।
ঘিওর, দৌলতপুর ও শিবালয় এই তিনটি উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসনটি রাজনীতিতে ঐতিহ্যবাহী একটি কেন্দ্র। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে এখান থেকেই প্রার্থী হয়েছিলেন জিন্নাহ কবির। একই আসনে এর আগে পাঁচবার নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন।
মনোনয়ন পাওয়ার পর এস.এ জিন্নাহ কবির কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান।
তিনি বলেন, “এই মনোনয়ন শুধু আমার নয় দীর্ঘ ১৫ বছরের আন্দোলনে থাকা কর্মী,সমর্থকদের সম্মিলিত প্রাপ্তি। মানুষের আস্থা রক্ষাই হবে আমার প্রথম দায়িত্ব।”
