• October 11, 2025
  • 0 Comments
মসজিদে ৪০ দিন টানা নামাজ আদায় করে ১৮ কিশোর পেলো বাইসাইকেল

মানিকগঞ্জে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৮ কিশোরকে বাইসাইকেল উপহার দিয়েছে মসজিদ কমিটি।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে পৌর এলাকার বাইতুল হামদ জামে মসজিদে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই উপহার তুলে দেন কর্তৃপক্ষ।

এসময় মসজিদের সভাপতি গালিবুর রহমান বলেন, কিশোরদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও ধারাবাহিকতা বাড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে একটানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করেছে, তাদের মধ্য থেকে নির্বাচিত কিশোরদের হাতে আজ পুরস্কার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান মারুফ বলেন, আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে মসজিদমুখী করা ও নামাজের অভ্যাস গড়ে তোলা। এই পুরস্কার তাদের জন্য এক অনুপ্রেরণা।

পুরস্কার পেয়ে কিশোরদের মুখে ছিল আনন্দের ঝলক। তারা জানায়, ভবিষ্যতেও নিয়মিতভাবে জামাতে নামাজ আদায়ে তারা আরও উৎসাহী হয়েছে। উদ্যোগটি স্থানীয়দের মধ্যেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, সমাজে ধর্মীয় ও নৈতিক চেতনা জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হওয়া উচিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদের সাধারণ সম্পাদক এনামুল হক, সমাজসেবক ওয়াদুদ, স্থানীয় বাসিন্দা অনিক এবং অভিভাবক কামাল হোসেন প্রমুখ।

  • October 11, 2025
  • 0 Comments
হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানিকগঞ্জে স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন

মানিকগঞ্জের হরিরামপুরে জমি দখল, বাড়িতে সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাম্মী সুলতানা।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, “আমি একজন শিক্ষক, শিক্ষকতা আমার পেশা। কিন্তু দীর্ঘদিন ধরে আমার নিকটাত্মীয় মাসুদ খন্দকার ও তার ছেলে ইমরান খন্দকার স্থানীয় প্রভাবশালীদের মদদে আমার জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। শুধু তাই নয়, তারা একাধিকবার আমার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। হামলার শিকার হওয়ার পরও উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের কাছে বারবার বিচার চাওয়ার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যেসব প্রভাবশালী ব্যক্তি হামলার নেতৃত্ব দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি নিরপেক্ষ তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
এদিন সংবাদ সম্মেলনে শাম্মী সুলতানার পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা দিনরাত ভয়ে থাকি। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। আমাদের বাঁচতে হলে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।”
সাংবাদিকদের সামনে শিক্ষক শাম্মী সুলতানা আবারও উচ্চকণ্ঠে বলেন, “শিক্ষক হয়েও যদি ন্যায়বিচার না পাই, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? আমি মাননীয় প্রধানমন্ত্রী, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের নিরাপত্তা দিন, মিথ্যা মামলা প্রত্যাহার করুন, হামলাকারীদের গ্রেপ্তার করুন।”

  • October 11, 2025
  • 0 Comments
হেজবুত তওহীদ ফিতনার বিরুদ্ধে উলামা মাশায়েখের ঐক্যের ডাক

স্টাফ রিপোর্টার :
​দ্বীনি আকিদা ও ধর্মীয় ঐক্য সুরক্ষায় কথিত ‘হেজবুত তওহীদ’ ফিতনা’র বিরুদ্ধে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকাল তিনটায় মানিকগঞ্জ একাধিক মুফতি, আলেম ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এই গুরুত্বপূর্ণ সভা সম্পন্ন হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি রিজওয়ান রফিকী।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মুহাম্মদ রমজান মাহমুদ। সভার সার্বিক পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুফতি ইমরান আরিফী ও মুফতি বেলাল হোসেন রাশাদী।
প্রধান আলোচক মুফতি রিজওয়ান রফিকী তাঁর বক্তব্যে হেজবুত তওহীদের প্রচারিত বিভিন্ন বিভ্রান্তিকর মতবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ইসলামের মূল ধারা থেকে বিচ্যুতি রোধে মুসলিম জনসমাজকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ইসলামের নামে বিভ্রান্তি ছড়ানো যেকোনো অপচেষ্টা রুখতে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
​এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা। তাদের উপস্থিতি এই দ্বীনি বিষয়ে উলামা সমাজের ঐক্যের বার্তাকে আরও সুদৃঢ় করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংগাইর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ফারুকী, ​মুসলিম কাউন্সিল বাংলাদেশ মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি মাসউদুর রহমান আইয়ুবী, ​হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংগাইর জামশা ইউনিয়নের সভাপতি মাওলানা কাজী মুহাম্মাদ ইসহাক, ​জামশা ইউনিয়ন পরিষদের সভাপতি মুফতি রুহুল আমীন, ​জামশা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হুসাইন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
​এছাড়া আরও উপস্থিত ছিলেন হাফেজ সাঈদ, হাফেজ সাইম, মাওলানা এমদাদ, মাওলানা ইসরাফিল, মাওলানা ইমরান, মাওলানা লোকমান হুসাইন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সাঈদসহ আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​বক্তারা সকলেই একমত পোষণ করে বলেন যে, ধর্মীয় ফিতনা ও বিভ্রান্তি দূর করতে উলামা সমাজের পক্ষ থেকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তারা জনসাধারণকে যেকোনো ধরনের ধর্মীয় প্রচারণার উৎস যাচাই করে দেখতে এবং স্থানীয় হক্কানী আলেমদের সঙ্গে পরামর্শ করার পরামর্শ দেন। এই সভা ধর্মীয় আকিদার সুরক্ষা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে শেষ হয়।

  • October 11, 2025
  • 0 Comments
ভাতা ও এমপিওভুক্তির দাবিতে মানিকগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি ॥ ১১ অক্টোবর
বেসরকারি শিক্ষকদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ১০০ শতাংশ উৎসব ভাতাসহ একাধিক দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা। আজ দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, মানিকগঞ্জ জেলা শাখা।
শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা, এবতেদায়ি মাদ্রাসাগুলোকে এমপিওভুক্তির আওতায় আনা এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোকে প্রাথমিক শিক্ষার স্বীকৃতি দিয়ে তাদের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মজিদ, সাধারন সম্পাদক রেজাউল করিম হেনা, আল্তাব হোসেন খান, অধ্যাপক জিয়াউর রহমান, গোলড়া দাখিল মাদরাসার অধ্যক্ষ লিয়াকত হোসেন, দেওয়ান তানজিল আহমেদসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিক্ষার মানোন্নয়নে বেসরকারি শিক্ষকদের অবদান অপরিসীম। অথচ দীর্ঘদিন ধরে তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
বক্তারা আরও জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান ভাতা দিয়ে শিক্ষকরা তাদের পরিবার নিয়ে চরম কষ্টে জীবন যাপন করছেন। তাই দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অংশগ্রহণ করেন।

  • October 11, 2025
  • 0 Comments
এনসিপি’র প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে: জাহিদুর রহমান তালুকদার

এনসিপি মানিকগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার বলেছেন, এনসিপি’র দ্রুত জনপ্রিয়তা ও বিস্তারে ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এনসিপির এই বর্ধন অনেকের কাছে ‘থ্রেট’ হিসেবে দেখা দিচ্ছে। আওয়ামী লীগের কিছু নেতা দেশের বাইরে থাকলেও বাকিরা দেশে থেকেই রাজনীতি করছে। ষড়যন্ত্র আর কুচক্র করতে তো মাঠে নামতে হয় না, একবার মনের ভেতর ঢুকিয়ে দিলেই তা কাজ করে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই যোদ্ধা রাব্বির মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাব্বি নিজেই মামলার বাদী হয়ে জড়িয়েছেন মামলা বাণিজ্যে। মামলা করার পর আদালতে এফিডেভিটের মাধ্যমে বিভিন্ন আসামির পক্ষে সাফাই গেয়ে নিজের মামলার আসামিদের নাম বাদ দিচ্ছেন। আদালতের বাইরে ওই আসামিদের কাছ থেকে তিনি আর্থিক সুবিধা নিচ্ছেন বলেও অভিযোগ করেন জাহিদুর রহমান। 

এতে আদালতও তার আচরণে অসন্তুষ্ট হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রাব্বির মামলার আসামি মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র তসলিম হৃদয়, লাভলু, রেজাউল করিম চঞ্চল, মাসুদ, দ্বীন ইসলাম ও কামরুলসহ আরও অনেকের নাম তিনি ভুলবশত অন্তর্ভুক্ত করেছেন বলে এফিডেভিটে উল্লেখ করেছেন। কিন্তু বাস্তবে টাকার বিনিময়েই এসব কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ.এইচ.এম. মাহফুজ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদুর রহমান মুরাদ, গালিবুর রহমান গালিব, কাজী হারুনুর রশিদ পিন্টু, প্রফেসর নওয়াব আলী, অ্যাডভোকেট আব্দুল জলিল খান প্রমুখ।

অন্যদিকে, জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার বাদী সাদিকুল ইসলাম রাব্বি গত বুধবার (৮ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার বরাবর এক লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মামলার ৫৯ নম্বর আসামি ও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মতিনের নাম বাদ না দেওয়ায় এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার ও যুগ্ম সমন্বয়কারী মাহফুজ তাকে হুমকি দিচ্ছেন।

রাব্বির অভিযোগ, চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করলেও সেই অর্থ তার কাছে পৌঁছেনি। মামলার কারণে তিনি ভয়ভীতিতে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি।

  • October 10, 2025
  • 0 Comments
বিএনপি নেতার মিথ্যা প্রচারে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক ও তাঁর ভাই আব্দুর রফিক-এর বিরুদ্ধে মিথ্যা তথ্য ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ডা. সিদ্দিক।

শুক্রবার সকালে শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, শিবালয়ের বরঙ্গাইলে তাঁর পৈত্রিক সম্পত্তিতে জাতীয় নির্বাচনী প্রচারণা অফিস নির্মাণ চলছিল। কিন্তু পূর্ব বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা আলীম ও তাঁর সাঙ্গপাঙ্গরা প্রচারণা অফিসটি ভাঙচুর করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ আলীমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

ডা. সিদ্দিক অভিযোগ করেন, জামিনে এসে আলীম এলাকায় নানা কুৎসা রটনা, মহড়া ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন—
“আমি চাই, সঠিক তথ্য জনগণের সামনে আসুক। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা অপপ্রচার কখনোই সফল হবে না।”

এ সময় জামায়াত প্রার্থী আলীমকে সন্ত্রাসী, চাঁদাবাজ ও জুয়ারু হিসেবে উল্লেখ করে বলেন,“বিএনপি হাইকমান্ডকে আমি অনুরোধ করছি এই ব্যক্তি আমার পরিবার, আমার দলের ভাবমূর্তি ও এলাকার শান্তি-শৃঙ্খলা ধ্বংস করছে। তাঁকে বিচারের মুখোমুখি করা হোক অথবা দল থেকে বহিষ্কার করে জনগণের আস্থা ফেরানো হোক।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা ওমর ফারুক, নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা জহিরুল ইসলাম, শিবালয় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তালেব, প্রার্থীর ভাই আব্দুর রফিকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

  • October 9, 2025
  • 0 Comments
এবার শেখ হাসিনার মুখ চেপে ধরল ভারত !

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ মাস ধরে ভারতে অবস্থান করছেন। এই সময় তিনি একাধিকবার বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন, যা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে উসকানিমূলক হিসেবে বিবেচিত হয়েছে। তবে এবার ভারতের পক্ষ থেকে তার এই স্বাধীনতায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ শ্রী রাধা দত্তের বরাত দিয়ে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ জানিয়েছেন, ভারতের এই উদ্যোগ মূলত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্বার্থে নেওয়া হয়েছে। ভারত সরকার সরাসরি জানিয়েছে, শেখ হাসিনা আর ভারতের মাটিতে বসে বাংলাদেশ নিয়ে কোনো উসকানিমূলক মন্তব্য করতে পারবেন না। যদি তিনি তা করেন, তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনোই উন্নত হবে না।

সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে সাংবাদিক মোস্তফা ফিরোজ জানিয়েছেন, ভারতে শেখ হাসিনার জামাই আদর বন্ধ হয়ে যাচ্ছে। তাকে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে কোনো বক্তব্য দিতে পারবেন না। এই নির্দেশনা ভারতের সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যাতে আগামী নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নত রাখা যায়।

২০২৫ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারতের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। আসন্ন নির্বাচনে ক্ষমতায় বিএনপি বা জামায়াত আসার সম্ভাবনা থাকায় ভারত চায়, যে-ই নির্বাচিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মোস্তফা ফিরোজের মতে, ‘ভারত সরকার নিশ্চিতভাবে জানে যে আগামী সরকার হবে বিএনপি অথবা জামায়াত। দুই সরকারের যে-ই নির্বাচিত হোক না কেন, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে ভারত।

তবে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ শেখ হাসিনার জন্য সীমাবদ্ধ নয়। তিনি এখনও ভারতে থেকে নিজের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তবে বাংলাদেশ নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য দিলে তা সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।

বিশেষজ্ঞদের মতে, ভারতের এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার চেষ্টা। আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। সেক্ষেত্রে এই ধরনের নির্দেশনা দুই দেশের মধ্যে কূটনৈতিক শৃঙ্খলা বজায় রাখার একটি কৌশল।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও বিশ্লেষকরা বলছেন, ভারতের মূল উদ্দেশ্য বাংলাদেশে ক্ষমতায় যেকোনো সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, যাতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

এভাবে, ১৪ মাস ধরে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাধীনতায় ভারতের সীমাবদ্ধতা আরোপিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে তিনি আর সরাসরি মন্তব্য করতে পারবে না।

  • October 9, 2025
  • 0 Comments
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানিকগঞ্জ সভাপতি মেজবা, সাধারন সম্পাদক স্বপন

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানিকগঞ্জ জেলা বার ইউনিটের নির্বাচনে ১১৯ ভোট পেয়ে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মেজবাউল হক-মেজবা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ পেয়েছেন ৮৮ ভোট। ১১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এম সফিউল আজম পেয়েছেন ৯৩ ভোট। ৬৩ ভোট পেয়ে সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুভাষ রাজবংশী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জিন্নত আলী পেয়েছেন ৪২ ভোট। এই পদে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী- অ্যাডভোকেট শরিফ উদ্দিন মিজান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন মোল্লা ও অ্যাডভোকেট সোলায়মান হোসেন সেন্টু পেয়েছেন যথাক্রমে ৩৪, ৩২, ২৮ ভোট।১০৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আওলাদ হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহিদ পেয়েছেন ৪১ ভোট। এ পদে অন্য দুই প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা পেয়েছেন ২৮ ভোট ও অ্যাডভোকেট বজলুর রহমান পেয়েছেন ২৫ ভোট। এর আগে সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অ্যাডভোকেট তোফাজ্জেলন হোসেন।
আজ মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের চার তলার সম্মেলন কক্ষে দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনাশেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও মানিকগঞ্জ অ্যাডভোকেট আজাদ হোসেন খান। এসময় নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আব্দুল আওয়াল খান ও অ্যাডভোকেট হুমায়ন কবীর। নির্বাচনের আগে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় ইউনিটের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান। ফোরামের জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আতাউর রহমান ভুইয়া ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন পরিচালনা করেন ফোরামের জেলা কমিটির সদস্য-সচিব অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন।

  • October 9, 2025
  • 0 Comments
গোলড়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি ॥
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলড়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ২০২৫ সালের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসার মিলনায়তনে এক প্রাণবন্ত পরিবেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ শরিফুল হক রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসার সুপার মোঃ লিয়াকত আলী। এ ছাড়াও মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য হাজী মোঃ জালাল উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, গোলড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ এ এস এম সাইফুল্লাহসহ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেন তাঁর বক্তব্যে বলেন,“শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী—তিন পক্ষের সমন্বয় ছাড়া মানসম্মত শিক্ষা সম্ভব নয়।”
আলোচনায় উঠে আসে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ততা, অভিভাবকদের মাদরাসার কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান
সমাবেশ শেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন নিয়ে অভিভাবকরা তাদের মতামত প্রদান করেন। সবাই মিলে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকার করেন।

  • October 8, 2025
  • 0 Comments
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার আটকের আগ মুহূর্তে তিনি ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তার শেষ ভিডিওবার্তা আপলোড করার আগে তাকে বহনকারী জাহাজ দ্য কনসায়েন্স-এ ইসরায়েলি আক্রমণের লাইভও করেন তিনি।
শহিদুল আলম ভিডিওবার্তায় বলেন, ‘আমি শহিদুল আলম বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে এই দেশ। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য।’
এর আগে ফ্রিডম ফ্লোটিলার বরাতে আলজাজিরা জানায়, ইসরায়েলি সেনাবাহিনী তাদের নৌকার কনভয়ে আক্রমণ করেছে। গাজার দিকে যাত্রা করার সময় এ বহরে থাকা বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে দখলদাররা।
ফ্লোটিলা জানিয়েছে, সামরিক বাহিনী দ্য কনশেনস নামের একটি নৌকায় হামলা করে। এটি শহিদুল আলমসহ ৯৩ জন সাংবাদিক, ডাক্তার এবং কর্মী বহন করছিল। এ জাহাজের সঙ্গে থাকা তিনটি ছোট নৌকাও আক্রমণ করে ইসরায়েলিরা।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-বার্তায় ফ্লোটিলায় অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, আইনি নৌ অবরোধ লঙ্ঘন করে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জাহাজ এবং যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। যাত্রীদের দ্রুত তাদের দেশে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।
শহিদুল আলমের জাহাজটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের একটি জাহাজ। আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসাকর্মীবাহী এই জাহাজ ইসরায়েলের অবৈধ অবরোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গাজা অভিমুখে রওনা হয়েছিল।

অন্যান্য