• October 1, 2025
  • 0 Comments
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই : জাহিদুর রহমান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন,“আমাদের বাংলাদেশের ইতিহাস হলো শত বছরের সম্প্রীতির ইতিহাস। এই সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমরা বিভিন্ন মন্দিরে গিয়ে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছি। পাহাড়ী হিন্দু-বৌদ্ধ-মুসলমান সবাই মিলে আমরা বাংলাদেশী, সবাই মিলে দুর্নীতিমুক্ত, সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।”

বুধবার (১ অক্টোবর) বিকেলে হরিরামপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “মানিকগঞ্জের প্রতিটি পূজা মন্ডপ শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি সব রাজনৈতিক দলের কর্মীরাই কাজ করছে।”

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামের মানিকগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, ওলামা বিভাগের সম্পাদক মাওলানা জাকিরুল ইসলাম খান, সদর থানার সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, লেছড়াগঞ্জ সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি ডা. সুশান্ত সাহা প্রমুখ।

পরে তিনি হরিরামপুর উপজেলার লাউতা বাজার মন্দির, বলড়া মন্দির ও লেছড়াগঞ্জের রতন সাহার বাড়ি পূজামন্ডপসহ একাধিক মন্ডপ পরিদর্শন করেন।

  • October 1, 2025
  • 0 Comments
আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই হয়নি: প্রেস সচিব

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই প্রধান উপদেষ্টা বলেননি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, যিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন, সেখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। প্রধান উপদেষ্টা কখনই বলেননি যে আওয়ামী লীগের কার্যক্রমে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তিনি কেবল আওয়ামী লীগের স্ট্যাটাস সম্পর্কে তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা কোনোভাবেই উল্লেখ করেননি যে, নির্বাচনের আগে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অনুবাদে যদি কোনো বক্তব্য আংশিকভাবে বা প্রেক্ষাপট ছাড়াই নেওয়া হয়, তাহলে তা ভুল অর্থ প্রকাশ করতে পারে। সামগ্রিকভাবে দেখা গেলে বোঝা যায়, প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বা কার্যক্রমে কোনো ছাড়ের কথা বলেননি এবং এ বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে প্রেস সচিব বলেন, এটি একটি অনুবাদজনিত সমস্যা। পিআইবির বাংলা ফ্যাক্ট চেক বিষয়টি যথাযথভাবে ব্যাখ্যা করেছে। প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট- আওয়ামী লীগের ওপর বর্তমান থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথা তিনি বলেননি। নিষেধাজ্ঞা যেখানে আছে, সেখানে থাকবে। সরকারের কোনো পরিকল্পনাই নেই আওয়ামী লীগের কার্যক্রমে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার।

তিনি বলেন, নির্বাচন কমিশনও সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ওপর একটি নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে তারা নির্বাচন করতে পারবে না। এটি স্পষ্ট এবং পরিষ্কার।

শফিকুল আলম বলেন, অনুবাদকারীরা প্রায়ই কোনো বাক্যের আগের প্রসঙ্গ দেখেন না। একটি বাক্যকে প্রেক্ষাপট ছাড়া (আউট অব কনটেক্সট) নেওয়া হলে ভুল অর্থ ফুটে উঠতে পারে। এই ক্ষেত্রে যে মেসেজটি তৈরি হয়েছে, তা সঠিক নয় এবং বিভ্রান্তিকর বলে মনে করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনে কোনো অনিশ্চয়তা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কোনো অনিশ্চয়তা নেই। আমরা আশা করি, জুলাইয়ের সংশ্লিষ্ট সনদ দ্রুত স্বাক্ষরিত হবে। আমাদের রাজনৈতিক দলগুলো তখন নির্বাচনে সম্পূর্ণ মনোনিবেশ করবে। গ্রামগঞ্জে গেলে দেখবেন, নির্বাচনের উৎসাহ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। প্রতিটি জায়গায় বড় বড় ব্যানার টাঙানো হয়েছে, সম্ভাব্য প্রার্থীরা বারবার নিজের কথা জানাচ্ছেন। এটি স্পষ্টভাবে দেখাচ্ছে যে নির্বাচনের উত্তেজনায় আছেন সবাই। আমরা আশা করছি, এই উত্তেজনা আরও বাড়বে।

এর আগে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অনেক মানুষ তো বলছে ৫ বছর ক্ষমতায় থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। মানুষ নানা ধরনের কথাই বলে। তারা বলে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?

মেহেদি হাসান একজন সম্প্রচার সাংবাদিক, লেখক ও মিডিয়া কোম্পানি জেটিওর প্রতিষ্ঠাতা। তিনি আলজাজিরা টেলিভিশনের টক শো ‘হেড টু হেড’-এর উপস্থাপক। ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার ফাঁকে মেহেদি হাসানকে সাক্ষাৎকার দিয়েছেন। জেটিওতে মূল সাক্ষাৎকারের তিন মিনিটের একটি ক্লিপ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে প্রচার করা হয়।

মেহেদি হাসান: আপনার অন্তর্বর্তী সরকার এক বছর ধরে ক্ষমতায়। আপনি বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এটা আরও পরে হওয়ার কথা ছিল। আপনি ফেব্রুয়ারিতে এগিয়ে এনেছেন…

প্রধান উপদেষ্টা: ফেব্রুয়ারির প্রথমার্ধে, তাও রমজানের কারণে।

মেহেদি হাসান: আপনি সাক্ষাৎকারের শুরুতে বলেছিলেন, বাংলাদেশের অনেক মানুষ এখন কাজ দেখতে চায়। সমালোচকরা বলছেন, অনেক দেরি হয়ে গেছে। নির্বাচনের জন্য আরও ছয় মাস অপেক্ষা করা খুব দীর্ঘ। মানুষ ক্রমেই অস্থির হয়ে উঠছে। কেন আমরা এর আগে নির্বাচন করতে পারছি না? নেপালের অন্তর্বর্তী নেতা ছয় মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন। কেন বাংলাদেশে ১৮ মাস লাগছে?

প্রধান উপদেষ্টা: নিশ্চিয়ই! আপনি জানিয়েছেন, মানুষ বলছে কেন এত সময় লাগছে। আবার এমন মানুষও আছে যারা বলেন, পাঁচ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। সুতরাং, মানুষ সব ধরনের কথাই বলছে। তারা বলছে, আপনি থাকুন। নির্বাচনের দরকার কী? নির্বাচন কার দরকার?

মেহেদি হাসান: এমন কথা যারা বলছেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা বলেন, কেন আমরা তাড়াতাড়ি নির্বাচন করতে পারছি না? এই বিলম্ব কীসের জন্য?

প্রধান উপদেষ্টা: যখন তারা এই কথা বলে, তখন তা গণতন্ত্র নিয়ে নয়, সুশাসন নিয়ে কথা বলে। আমরা দুর্নীতিমুক্ত শাসন দেখতে চাই। সে জন্যই তারা বলে, আপনি থাকুন! কারণ নির্বাচনের পর আমরা বিশৃঙ্খলার মধ্যে পড়তে চাই না। আপনি এক ধরনের মতামত তুলে ধরেছেন, আমিও আরেক ধরনের মতামত তুলে ধরলাম। কোনটি বেশি শক্তিশালী? 

মেহেদি হাসান: কিন্তু আপনি কি আজ বলবেন, নির্বাচন পর্যন্ত পৌঁছাতে এত সময় লাগার কারণ কী?

প্রধান উপদেষ্টা: আমরা অন্তর্বর্তী সরকার। আমরা কতদিন থাকব তা কেউ নির্ধারণ করে দেয়নি। আমরা কতদিন থাকব সে সিদ্ধান্ত আমাদের। তবে আমাদের তিনটি কাজ করতে হবে। একটি হলো সংস্কার, একটি বিচার এবং শেষটি নির্বাচন। আমরা সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছি। এটি একটি বিরাট এজেন্ডা। আপনি যদি শুধু নির্বাচন করেন, তবে সেই পুরোনো বিষয় আবার ঘটবে। কারণ আইন, নিয়ম, পদ্ধতি একই রয়ে গেছে। তাই ছাত্রদের নেতৃত্বে জনগণের একটি দাবি হলো সংস্কার করা। সুতরাং, আগে নিশ্চিত করতে হবে যে, ফ্যাসিবাদের সব শিকড় উপড়ে ফেলা হয়েছে, যাতে ভিন্ন ধরনের কাঠামো তৈরি হয়; যাতে আগের মতো সরকার আবার ফিরে আসতে না পারে। সেটাই আমাদের এজেন্ডা। 

মেহেদি হাসান: কিন্তু আপনি কি এই যুক্তিটি বোঝেন, যেহেতু আপনারা অন্তর্বর্তী সরকার, তাই আপনাদের ন্যূনতম মৌলিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এবং বড় সিদ্ধান্তগুলো একটি নির্বাচিত সরকারের মাধ্যমে নেওয়া উচিত?

প্রধান উপদেষ্টা: এ নিয়ে আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। আমরা শুধু বলেছি, তিনটি কাজ আমাদের দেওয়া হয়েছে। আমরা সেটা করব।

  • October 1, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, রাত নামতেই সড়কে ঝরলো প্রাণ!

নিকগঞ্জের সিংগাইরে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের কিটিং চর ব্রিজের কাছে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গতকাল রাত ৯টার দিকে ঢাকাগামী ট্রাক ও মানিকগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি যাত্রী মাহিম (২২)

নিহত মাহিম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আহতরা হলেন মাহিমের বোন রত্না (২৩) এবং সিএনজি চালক রুপচান (৩০)

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাক ও চালক পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম। তিনি জানান, নিহত ও আহতদের পরিবারের পাশে থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • September 30, 2025
  • 0 Comments
ভরা মৌসুমেও ইলিশ নেই, দাদনের টাকায় দিশেহারা মানিকগঞ্জের জেলেরা!

পদ্মা-যমুনার বুক ফুঁড়ে একসময় রুপালি ইলিশ ভেসে উঠত ঝাঁকে ঝাঁকে। অথচ এখন ভরা মৌসুমেও নদী ফাঁকা!
দিনরাত জাল ফেলে ফিরছে অধিকাংশ জেলে শূন্য হাতে। কেউবা সামান্য কিছু দেশি মাছ নিয়ে।

আগে এক নৌকায় ১২ ঘণ্টা পরিশ্রমে মিলত ১০-১২ হাজার টাকার ইলিশ, আর এখন মিলছে কয়েক হাজার টাকার মাছ—খরচ বাদ দিলে থাকে শূন্য!
দাদনের টাকায় নদীতে নামা অসংখ্য জেলে আজ ঋণের বোঝা বয়ে দিশেহারা।

জেলে হরেন হালদারের আক্ষেপ, “নদীতে মাছ নাই, ইনকাম নাই। এহন মেলা জেলে কাম ছাইড়া খেতখামারে বা দিনমজুরী করতাছে। এইভাবে চললে আমাগো পরিবার রাস্তায় বইসা যাইবো।”

অন্যদিকে বাজারে ইলিশের চাহিদা আকাশছোঁয়া,আগে যে মাছের কেজি ১,০০০ টাকায় মিলত, এখন সেটি ছুঁয়েছে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা! ফলে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে ইলিশ।

মৎস্য বিভাগের দাবি-নাব্যতা সংকট, কারেন্ট জাল, পানি দূষণ ও খাদ্যের অভাবই ইলিশ উৎপাদন কমার মূল কারণ।
আশার কথা, মা ইলিশ সংরক্ষণ মৌসুমে কিছুটা উন্নতি হতে পারে, তবে জনবল সংকটে অভিযান চালানো কঠিন হয়ে পড়ছে।

  • September 29, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত : আব্দুল হাফিজ

মানিকগঞ্জে সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে বিরাজ করছে নজীরবিহীন সাম্প্রদায়িক সম্প্রীতি এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ।

তিনি বলেন,“মানিকগঞ্জে সব ধর্ম ও গোষ্ঠীর মানুষ একে অপরকে নিজের মতো করে ভালোবাসেন। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সত্যিই অন্য জেলার জন্য অনুকরণীয়।”

সোমবার (২৯ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তার চেক বিতরণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোসাম্মাৎ ইয়াসমিন খাতুন, সেনাবাহিনী, র‌্যাব, আনসার, বিডিয়ার কর্মকর্তাসহ জেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মতবিনিময় শেষে লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এবং পুজা উদযাপনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

  • September 29, 2025
  • 0 Comments
ডেরা রিসোর্টকে ১ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের ঘিওরের পুরানগ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা।

রবিবার ( ২৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের যুগ্ন সচিব পরিচালক ( মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) সৈয়দ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত হচ্ছিলো। এছাড়া ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে এসটিপি ছাড়া পরিচালিত হয়। এসব কারনে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা চলতি মাসের ৮ সেপ্টেম্বর উপস্থিত হতে ডেরা রিসোর্টকে শুনানির নোটিশ প্রদান করে। তবে ডেরা রিসোর্ট কর্তৃপক্ষ ওইদিন শুনানিতে উপস্থিত হননি। পরে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়। ডেরা রিসোর্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশ আইন ভঙ্গ করায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী এক মাসের মধ্যে এসটিপি নির্মান ও ছাড়পত্র নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে এশিউর গ্রুপের ট্যুরিজম ইনচার্জ ইমাম উদ্দিন আহম্মেদ বলেন, মানিকগঞ্জের ডেরা রিসোর্টের বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে কোন বাধা বিপত্তি নেই। দ্রুত এসটিপি নির্মান করা হবেও বলেও জানান তিনি। তবে কেন জরিমানা করা হয়েছে এমন বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

  • September 28, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ডেরা রিসোর্ট বন্ধে মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ

 মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে অবস্থিত অবৈধ ডেরা রিসোর্টের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়ন এবং উক্ত জায়গায় মিল ফ্যাক্টরী তৈরীর দাবীতে মানব বন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করেছে বালিয়াখোড়া এলাকার সর্বস্তরের জনগন।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ডেরা রিসোর্ট গেইট সংলগ্ন পুরান গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তোজাম্মেল হোসেন তোজা, মানিকগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মুফতী মুজিবুর রহমান,  মাওলানা রাকিবুল ইসলাম, ঘিওর মহিলা মাদ্রসার পরিচালক মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি আঃ মান্নান, মাওলানা আব্দুল মতিন, হিজুলিয়া মাদ্রাসার পরিচালক মুফতি আমিনুল ইসলামসহ ভূক্তভোগী এলাকাবাসীরা।
এসময় বক্তারা বলেন, এলাকার জনগনকে ডেইরী ফার্ম নির্মানের কথা বলে ধোঁকা দিয়ে অবৈধভাবে এই ডেরা রিসোর্ট নির্মান করে এখানে অবৈধ ব্যবসা, পতিতাবৃত্তিসহ নানা অপকর্ম করা হচ্ছে। ফলে এলাকার ধর্মপ্রাণ মানুষ এর বিরুদ্ধে ফুসে উঠেছে।বক্তারা অভিযোগ করেন, ডেরা রিসোর্ট একটি রহস্যময় প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, রাতে এখানে মাদক ব্যবসা, দেহ ব্যবসা ও পতিতালয়ের মতো অসামাজিক কার্যক্রম পরিচালিত হয়। বক্তারা বলেন,গ্রামীণ পরিবেশ নষ্ট করে যুব সমাজকে বিপথগামী করার এমন কার্যকলাপ চলতে দেওয়া যায় না। এটি শুধু ঘিওর নয়, পুরো মানিকগঞ্জের জন্য লজ্জার বিষয়।

তারা আরও বলেন, এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় নানা অপরাধ বাড়ছে। পরিবার ও সমাজের সুস্থ পরিবেশ ধ্বংস হচ্ছে। তাই দ্রুত রিসোর্ট বন্ধ করে মিল ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান তারা।  
বক্তারা অবিলম্বে ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ করে কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, দখলকৃত কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করা, ভরাটকৃত সরকারি খাল পুনঃখনন করে ফসলি জমির জলাবদ্ধতা নিরসন করা, ক্ষতিগ্রস্তদের জমিজমা ফেরত দেওয়া, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান।
এসময় মানববন্ধন থেকে ১৫ দিনে আল্টিমেল্টাম দেয়া হয়। এর মধ্যে যদি প্রশাসন কোন ব্যবস্থা না নেয় তবে সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে ডেরা রিসোর্ট ভেঙ্গে গুড়িয়ে দিবে বলে হুশিয়ারি দেন তারা। 

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা’র কাছে স্মারকলিপি প্রদান করেন।

  • September 28, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষানবিশ আইনজীবী ও ব্যবসায়ী আব্দুল মালেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকার আরিফুল ইসলাম খোকনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জের সর্বস্তরের জনগণ। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মানিকগঞ্জ শহরের স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন আগত বক্তারা জানান, চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মালেককে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। হামলাকারী খোকন একজন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী। তার নামে ইতো পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে। সে মাদকের নেশায় বুধ হয়ে সাধারণ মানুষের উপর বিভিন্ন সময় বিভিন্ন নিপীড়ন চালিয়েছে। এই ঘটনায় সুষ্ঠু ন্যায় বিচারের দাবি মানববন্ধনে আগতদের।

আহত মালেকের ভগ্নিপতি ও মামলার বাদি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে, আহত মালেকের পিতা সাইজুদ্দিন, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুর রহমান খান রামিল,

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম খান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শামসুদ্দিন আহমেদ বাবু সহ মালেকের স্বজন এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। 

  • September 27, 2025
  • 0 Comments
ঘিওরে অবৈধ বালু উত্তোলনকারীদের এলাকাবাসীর ধাওয়া

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীর কুস্তা এলাকায় দীর্ঘদিন ধরে বাবর বাহিনীর নিয়ন্ত্রণে কাটিং মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছিল। প্রশাসনকে এড়িয়ে রাত-দিন চলতে থাকা এই অবৈধ কর্মকাণ্ডে ইতোমধ্যেই ফসলি জমি ও বহু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে।

বারবার প্রতিবাদ ও মানববন্ধন করেও যখন সুফল মিলছিল না, তখন শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে গ্রামবাসী। ধাওয়া খেয়ে বাবরের লোকজন খননযন্ত্র সরিয়ে নিতে বাধ্য হয়। তবে আতঙ্ক এখনো কাটেনি—বাড়িঘর হারানোর ভয় আর হুমকির আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন তারা।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ,“বছরের পর বছর আমাদের ফসলি জমি নদীতে বিলীন হলেও ক্ষতিপূরণ তো দূরের কথা, উল্টো ভয়ভীতি দেখানো হয়েছে।”

এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম জানিয়েছেন,“এবারের ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে, ভবিষ্যতে অবৈধ ড্রেজার বসালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, বাবর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশারের হাত ধরে বালু ব্যবসায় নামলেও সরকার পতনের পর একক নিয়ন্ত্রণ নেয় এবং রাজধানীসহ আশপাশে বালু সরবরাহের জন্য একটি সংগঠিত চক্র গড়ে তোলে।

এখন দেখার বিষয় গ্রামবাসীর প্রতিবাদ কি স্থায়ী সমাধান বয়ে আনবে, নাকি আতঙ্কের ছায়া আরও ঘনিয়ে আসবে

  • September 27, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে সাংবাদিক আকমল হোসেনের উপর সন্ত্রাসী হামলা, থানায় জিডি

মানিকগঞ্জে স্থানীয় সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আকমল হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

 শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবালয়ের উথুলী ফুটবল খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে।

রাতেই  আহত সাংবাদিক আকমল হোসেন শিবালয় থানায় সাধারণ ডায়েরী করেন।

আকমল হোসেন জানান, শুক্রবার রাত ৮ টার দিকে তিনি উথুলী ফুটবল খেলার মাঠে বন্ধুবান্ধব নিয়ে অবস্থান করছিলেন। এ সময় বিএনপির নামধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন নামে এক যুবক কয়েকজন সঙ্গী নিয়ে আকস্মিকভাবে আক্রমণ চালায়। তারা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

সাংবাদিক আকমল হোসেন আরও বলেন, “সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে আমার উপর হামলা করেছে। আমি প্রাণনাশের হুমকিও পেয়েছি। এ ঘটনায় আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, সাংবাদিক আকমল হোসেন একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানুর ইসলামসহ কর্মরত সাংবাদিকরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। এছাড়াও স্থানীয় সম্পাদক পরিষদ এঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

অন্যান্য