মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের নির্বাচনী প্রচারণা অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে এ ঘটনার অভিযোগে শিবালয় থানায় মামলা করলে পুলিশ ঘটনার সন্দেহভাজন বিএনপি নেতা আব্দুল আলিম (৪৮)কে আটক করে। আটক আলিম শিবালয় উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরংগাইল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর ভোগদখলকৃত বসতভিটার ৭ শতাংশ জমি নিয়ে বিবাদীদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার বিকেলে বিবাদী আলিম ও তার ভাই আব্দুল হকসহ ৩—৪ জন একই জমি নিজেদের দাবি করে বাদিকে তা ছেড়ে যেতে বলে। বাদি তার পক্ষের কাগজপত্র দেখালে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাদীর ভাইয়ের উপস্থিতিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের নির্বাচনী প্রচারণা অফিস ভাঙচুর করে চলে যায়।
ঘটনার পর ডা. আবু বকর সিদ্দিকের ভাই মো. আব্দুর রফিক শনিবার রাতে থানায় মামলা করলে পুলিশ বিবাদী আব্দুল আলিমকে আটক করে।
শিবালয় থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এজাহারের ভিত্তিতে আব্দুল আলিমকে গ্রেফতারের পর আজ রবিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক বলেন, “ভাংচুরে জড়িতরা এলাকায় চিন্হিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তারা আমাদের সম্পত্তি থেকে বিতাড়িত করতে এমন ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনার নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
