“আজকের নবীন, আগামীর প্রবীণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন জেলার প্রবীণ নাগরিক, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
বক্তারা বলেন, প্রবীণরা শুধু পরিবারের নয়, সমগ্র সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের অভিজ্ঞতা ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য দিশারী। প্রবীণদের মর্যাদা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব।
অনুষ্ঠানে বক্তারা আরও আহ্বান জানান, “প্রবীণদের পাশে থাকুন, তাঁদের সম্মান দিন, কারণ আজ আমরা নবীন হলেও একদিন আমরাও হব প্রবীণ।”
