• September 20, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে পুলিশ সুপার কাপ টেনিস-২০২৫ এর বর্ণিল উদ্বোধন

এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জ ॥
মানিকগঞ্জে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত পুলিশ সুপার কাপ-২০২৫ টেনিস টুর্নামেন্ট। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের স্থানীয় টেনিস কোর্টে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন,“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শরীর ও মনের সুস্থতার বড় অবলম্বন। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের কু-প্রভাব থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তানজিলুর ফারগানি তানজু, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ফাহিম আসজাদ, সিনিয়র সহকারি জজ ফারদিন মুস্তাকিম তাসিন, , মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এছাড়া টেনিস ক্লাবের সদস্য ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় জাহিদ-আকবর জুটি দারুণ লড়াই শেষে দোলন-কামরুল জুটিকে পরাজিত করে শুভসূচনা করে। আয়োজক টেনিস ক্লাবের তথ্য অনুযায়ী, এবারের টুর্নামেন্টে মোট আটটি জুটি অংশগ্রহণ করছে।
পুরো টেনিস কোর্ট প্রাঙ্গণজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। দর্শক, খেলোয়াড় ও অতিথিদের পদচারণায় মুখর হয়ে উঠে ।

  • September 20, 2025
  • 0 Comments
মা‌নিকগ‌ঞ্জে সেতুর মুখ বন্ধ করে মাটি ভরাটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ এলাকায় ব্যক্তিগত স্বার্থে সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতুর মুখ মাটি দিয়ে ভরাট করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয়রা।

এতে দীর্ঘদিনের পানি নিষ্কাশনের পথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় শঙ্কিত কৃষকরা জানান—বর্ষা মৌসুমে শত একর আবাদি জমি জলাবদ্ধ হয়ে পড়বে। এতে ধ্বংস হবে ফসল, ব্যাহত হবে চাষাবাদ।

এই পরিস্থিতির প্রতিবাদে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে হরগজ বাজারে ভুক্তভোগী কৃষক ও স্থানীয় জনগণের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী কাজী মো: শহীদুল্লাহ, কৃষক দেলোয়ার হোসেন, সাইদুর রহমান ও বেলাল আহম্মেদ। বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে সেতুর মুখে মাটি ফেলে পানি চলাচলের পথ আটকে দেওয়া হয়েছে। অথচ এই সেতুটি মূলত কৃষিজমি থেকে পানি নিষ্কাশনের জন্য নির্মিত হয়েছিল। এখন মুখ বন্ধ করে দেওয়ায় পুরো এলাকার শত শত কৃষক ক্ষতির মুখে পড়বে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন জানান—“এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • September 18, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে প্রশ্নফাঁস কেলেঙ্কারি, শিক্ষক ও কম্পিউটার অপারেটর বরখাস্ত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিট্কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে এক খন্ডকালীন শিক্ষক ও কম্পিউটার অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটে ৭ সেপ্টেম্বর, এবং পরে ১৩ সেপ্টেম্বর এডহক কমিটির সভাপতি এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

বরখাস্ত হওয়া দুইজন হলেন,খন্ডকালীন শিক্ষক মেহেদী হাসান, খন্ডকালীন কম্পিউটার অপারেটর জহিরুল ইসলাম।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দশম শ্রেণির ইংরেজি ১ম পত্র পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

ফাঁস হওয়া প্রশ্নের সাথে বিদ্যালয়ের তৈরি প্রশ্নের বেশ কিছু অংশ হুবহু মিলে যাওয়ায় তা বাতিল করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।
এ ঘটনায় যে প্রতিষ্ঠান বিদ্যালয়ের প্রশ্ন ছাপাত, তাদের সঙ্গেও চুক্তি বাতিল করা হয়েছে।

এর আগে এসএসসি পরীক্ষার দায়িত্বে থাকা অবস্থায় মেহেদী হাসানের কক্ষে নকল পাওয়া গিয়েছিল, তখনও তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

মেহেদী হাসান বলেন,“আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এসবের সাথে সম্পৃক্ত নই এবং আমার কাছে প্রমাণ রয়েছে।”

জহিরুল ইসলাম বলেন, “২০১৬ সাল থেকে বিদ্যালয়ে কর্মরত আছি। এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে আমি জড়িত নই।”

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজা সাইফুল ইসলাম বলেন,“অভিযোগ ওঠার পর তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সভাপতি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির বলেন, “তদন্ত না হওয়া পর্যন্ত তাদের বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী বলেন, “ঘটনা জানার পর আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি এবং ফাঁস হওয়া প্রশ্ন বাতিল করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছি।”

এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়জুড়ে চাঞ্চল্য এবং অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

  • September 18, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে গোপন নকল সাবান কারখানায় র‍্যাবের অভিযান, কারাদণ্ড ও জরিমানা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে গোপনে পরিচালিত একটি নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৪। অভিযানকালে বিপুল পরিমাণ নকল সাবান ও কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, ‘গ্রীন ফুড অ্যান্ড বেভারেজ’ নামে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোনায়েম আহমেদ নিজ বসতবাড়ির ভেতরে টিন-ঘেরা চত্বরে ডেটল, ডাভসহ নামিদামি ব্র্যান্ডের নকল সাবান তৈরি করছিলেন।

অভিযানে মালিককে ১৫ দিনের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন,“এটি একটি নকল কারখানা। তারা বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করছিল। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।”

বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন,“আমরা জানতাম না এখানে কারখানা চালু হয়েছে। তারা পুরোপুরি গোপনে নকল সাবান উৎপাদন করছিল।”

এই অভিযানে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

  • September 17, 2025
  • 0 Comments
ডেরা রিসোর্টের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত : তদন্ত কমিটির সুপারিশ, “লাইসেন্স নয়, আইনগত ব্যবস্থা নিন”

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বহুল আলোচিত ডেরা রিসোর্ট এন্ড স্পা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে গঠিত জেলা প্রশাসনের সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, রিসোর্টটির বিরুদ্ধে আনা কৃষিজমি দখল, কবরস্থান ভরাট, পরিবেশ দূষণ এবং অসামাজিক কার্যক্রমের মতো গুরুতর অভিযোগের সত্যতা মিলেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাজেদউজ্জামান স্বাক্ষরিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হয়।

তদন্ত প্রতিবেদনের মূল অনুসন্ধান-কৃষিজমি দখল ও মালিকদের ক্ষতিপূরণ না দেওয়া, প্রায় ১০০-১৫০ কবর দখল করে হরিণ পালনের ঘর নির্মাণ, জোরপূর্বক জমি দখল ও ইউক্যালিপটাস গাছ কাটাসহ সম্পদ নষ্ট, উচ্চস্বরে গান-বাজনা, নাচ, জুয়া ও মদ্যপানের আসর বসানো, খোলা ডাস্টবিন ও বালু ভরাটের কারণে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা, স্থানীয়দের ভয়ভীতি ও হয়রানিমূলক মামলা।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ডেরা কর্তৃপক্ষ প্রভাব খাটিয়ে কৃষিজমি দখল করেছে, কবরস্থান মুছে ফেলেছে এবং প্রতিশ্রুত ক্ষতিপূরণও দেয়নি। এমনকি রিসোর্টের ভেতরে প্রকাশ্যে অনৈতিক কার্যক্রম চলে—যা দেখে এলাকার তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, রিসোর্টটি ভূমি ব্যবহার আইনসহ একাধিক সরকারি বিধিবিধান লঙ্ঘন করে কৃষিজমি ও পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১৫-২০ বিঘা জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করা হয়েছে। সার্বিক দিক বিবেচনায় প্রতিষ্ঠানটিকে কোনো অবস্থাতেই লাইসেন্স প্রদান সমীচীন নয় বলে মত দেয় কমিটি।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করা হবে।”

এদিকে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিকগঞ্জের সচেতন মহল, নাগরিক সমাজ এবং পরিবেশবাদীরা এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।

  • September 17, 2025
  • 0 Comments
শিক্ষার্থী নিহতের ঘটনায় সেলফি পরিবহনের বেপরোয়া গতির প্রতিবাদে রাস্তায় নেমেছে জনতা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে ছুটে চলা সেলফি পরিবহনের বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে তেওতা একাডেমীর একাদশ শ্রেণির শিক্ষার্থী রিয়াদ রেজা (১৭)।

দুর্ঘটনাটি ঘটে ১৫ সেপ্টেম্বর পাটুরিয়া আরসিএল মোড় এলাকায়। এর প্রতিবাদে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উথলী সংযোগ মোড়ে কয়েক শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

প্রতিবাদকারীদের দাবি, সেলফি পরিবহন সার্ভিস অবিলম্বে বন্ধ বা বয়কট, বেপরোয়া গতি ও অতিরিক্ত যাত্রী তোলা বন্ধ, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের সুষ্ঠু তদন্ত ও শাস্তি

দুর্ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

উপস্থিত বক্তারা অভিযোগ করেন, সেলফি পরিবহন শুরুর পর থেকেই যাত্রীদের জীবন যেন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানোর প্রতিযোগিতায় চালক-হেলপাররা বেপরোয়া গতিতে বাস চালান। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে, যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

নিহত রিয়াদের পিতা রেজাউল করিম, চাচা জহিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, উপজেলা বিএনপির সদস্য আব্বাস আলী, শাহিন মোল্লা, সোনাই মতব্বর, মানিক মাতব্বর, মিন্টু কাজী, সবুজ মিয়া, অনিক রায় এবং তেওতা একাডেমীর শিক্ষক নজরুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

প্রায় দুই ঘণ্টা চলা বিক্ষোভে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন এবং হাইওয়ে থানা কর্মকর্তারা এসে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি কামাল হোসেন জানান, “দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বেপরোয়া গতি ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।”

  • September 17, 2025
  • 0 Comments
সিংগাইরে ভিক্ষুকদের পুনর্বাসন উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের
আওতায় বিভিন্ন উপকার ভোগী এর নিকট দোকান ও অটোরিকশা প্রদান কার্যক্রমের শুভ
উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

বুধবার(১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়,সমাজসেবা অধিদপ্তরের
অর্থায়ণে উপজেলার প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ধল্লা ইউনিয়নের
ভূমদক্ষিন বাজারে উপকার ভোগী ছালেহা খাতুনের দোকান উদ্বোধন করেন।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলামের পরিচালনায় প্রধান
অতিথি,ঢাকা বিভাগী কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বক্তব্যে বলেন,পেশা হিসেবে
ভিক্ষাবৃত্তি একটি অসন্মানজনক পেশা এটা সমাজে কেউ ভালো চোঁখে দেখে না। রাস্ট্র
হিসেবে এটা ভালো বার্তা দেয় না। তারপর মানুষ নানা কারনে এ পেশা বেছে নেয়। এ থেকে
তাদেরকে বের করে নিয়ে আসা খুব কঠিন কাজ নয়। তিনি আরো বলেন, এই উদ্যোগ ও
কার্যক্রমের মাধ্যমে এ পেশা ছেড়ে সন্মানজনক পেশায় এসে আত্মনির্ভরশীল হতে পারে।
পর্যায়ক্রমে ভিক্ষুকদের পুনর্বাসিত করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মনোয়ার হোসেন মোল্লা,অতিরিক্ত জেলা
প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক
মো.আব্দুল বাতেন,উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ,সহকারি
কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন,কৃষি অফিসার মো.হাবিবুল বাসার চৌধুরী,মাধ্যমিক
শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান,প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী
হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা, উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিকস
মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • September 16, 2025
  • 0 Comments
হেফাজত আমিরের বক্তব্য অসত্য মনগড়া ও ভিত্তিহীন: জামায়াত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আজ সোমবার গণমাধ্যমে এ–সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দৈনিক ইনকিলাবের ১৫ সেপ্টেম্বর সংখ্যার প্রথম পাতায় ‘জামায়াত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না’ শিরোনামে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী যে বক্তব্য দিয়েছেন, তা অসত্য ও মনগড়া। তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না। আমি তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জুবায়ের আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামি ধারার রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামী দেশে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে। জামায়াতের বহু নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষী কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন। জামায়াতে ইসলামীর কোনো নেতা বা কর্মী কোনো দিন কওমি, দেওবন্দি কিংবা সুন্নিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন—এমন প্রমাণ নেই।

বিবৃতিতে তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর দুজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন। তারা কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন, এমন প্রমাণ কেউ দিতে পারবেন না। বরং তারা ওই ধরনের মাদ্রাসাকে মুক্তহস্তে সাহায্য-সহযোগিতা করেছেন। এ থেকেই প্রমাণিত হয়, মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আশঙ্কা অসত্য ও অমূলক। অতএব এ ধরনের প্রোপাগান্ডা (অপপ্রচার) চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

সংশ্লিষ্ট সবাইকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অসত্য ও মনগড়া মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

  • September 16, 2025
  • 0 Comments
কাতারে হামলা না করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর, ট্রাম্প

গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে ভবিষ্যতে আর হামলা চালাবে না ইসরায়েল—এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের ঘনিষ্ঠ মিত্র। তিনি ভবিষ্যতে কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন।”

এর আগে, ৮ সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। লক্ষ্য ছিল কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতারা। মাত্র ১৫ মিনিটের এই অভিযানে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ৫ জনসহ মোট ৬ জন নিহত হন। তবে প্রাণে বেঁচে যান হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া ও অন্যান্য হাইকমান্ড সদস্যরা।

এই হামলার ঘটনায় বিশ্বের অনেক দেশ ইসরায়েলকে নিন্দা জানায়। হামলার পরদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেন, কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে দোহাকে সতর্কবার্তা পাঠানো হয়, যা মার্কিন সেনাঘাঁটি থেকেও পুনরায় জানানো হয়।

তবে ট্রাম্প পরে বলেন, “না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনি যেভাবে হামলার খবর পেয়েছেন, আমিও সেভাবেই জেনেছি।”

সূত্র: আনাদোলু এজেন্সি

  • September 16, 2025
  • 0 Comments
টাকা ফেরতের দাবিতে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স অফিসে গ্রাহকদের ঘেরাও

মানিকগঞ্জের শিবালয়ে উত্তেজনা, ৪ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন কর্মকর্তারা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তারাইল এলাকায় পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের একটি শাখা অফিসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বীমা ও ডিপিএসের জমাকৃত অর্থ ফেরতের দাবিতে ক্ষুব্ধ গ্রাহকরা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই শাখার অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধরা অফিসে উপস্থিত শাখা ম্যানেজার মাসুদ পারভেজ এবং ক্যাশিয়ার মজনুর রশিদকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

গ্রাহকদের অভিযোগ, এই শাখার মাধ্যমে প্রায় চার শতাধিক গ্রাহক বীমা ও ডিপিএস চালু করেছিলেন। তাদের মেয়াদ পূর্ণ হওয়ার পরও দীর্ঘ পাঁচ বছর ধরে প্রায় ৫ কোটি টাকার অর্থ ফেরত দেওয়া হয়নি। বারবার অফিসে যোগাযোগ করেও তারা কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাচ্ছেন না।

তাদের দাবি, শাখা অফিস থেকে মানিকগঞ্জ ও ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে। এতে ক্ষোভ আরও চরমে পৌঁছে যায় এবং আজ তারা সরাসরি অফিস ঘেরাও করে জবাবদিহিতা দাবি করেন।

গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত তাদের পাওনা অর্থ পরিশোধ না করা হয়, তাহলে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দিয়ে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

অন্যান্য