• September 22, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ভোটযুদ্ধে সরব জামায়াতের তিন প্রার্থী, জনসংযোগে ব্যস্ত মাঠপর্যায়ে

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জের তিনটি আসনে মনোনীত জামায়াত ইসলামের প্রার্থীরা এখন পুরোপুরি মাঠে নেমে পড়েছেন। প্রতিদিন সকাল থেকে রাত অবধি তারা গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও স্থানীয় আড্ডায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে জনগণের কাছে নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।

মানিকগঞ্জ-১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা) :-

এ আসনে জামায়াত মনোনয়ন দিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর উত্তরের সদস্য ডা. আবু বকর সিদ্দিককে। তিনি ইতিমধ্যেই জনসংযোগে সরব হয়ে উঠেছেন। প্রতিদিনই তিনি ভোটারদের সাথে মতবিনিময় করছেন। ইতিমধ্যে তার নির্বাচনী এলাকার ২ টি ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে বেশ সাড়া জাগিয়েছেন।

তিনি বলেন,”জনগণ পরিবর্তনের জন্য উন্মুখ। তারা আগের সরকারের ব্যর্থতা দেখেছে। এবার জামায়াতকে সুযোগ দিতে চায়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি— মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক আসন গড়ে তুলবো।”

তার প্রচারণায় বেশি গুরুত্ব পাচ্ছে যুব সমাজ ও স্বাস্থ্য খাত উন্নয়ন পরিকল্পনা। এলাকায় চিকিৎসা সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ হাসপাতাল ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা চালুর অঙ্গীকারও করেছেন তিনি।

মানিকগঞ্জ-২ আসন (সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার একাংশ) : –

এ আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইবনে সিনা ট্রাস্টের ডিজিএম মুহাম্মদ জাহিদুর রহমান।

তিনি বিশ্বাস করেন পরিবর্তনের সময় এসেছে। তিনি বলেন,”মানুষ ইতিপূর্বে নানা সরকার দেখেছে, এবার তারা জামায়াতকে দেখতে চাইছে। আমরা মাঠে আশানুরূপ সাড়া পাচ্ছি।”

তার নির্বাচনী এলাকায় প্রধান পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে, গ্রান্ড ট্যাংক রোড (মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়তপুর মহাসড়ক) চার লেনে উন্নীত করা, নদীভাঙনকবলিত হরিরামপুরকে স্থায়ীভাবে সুরক্ষা দেওয়া, স্থানীয় কৃষকদের জন্য আধুনিক বাজারব্যবস্থা ও কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা করা।

তার প্রচারণায় বিশেষভাবে তরুণ ভোটার ও প্রথমবার ভোটদানকারীরা আগ্রহ নিয়ে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

মানিকগঞ্জ-৩ আসন (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা) : –

এ আসনে জামায়াত মনোনয়ন দিয়েছে সাবেক জেলা আমির ও ঢাকা উত্তর অঞ্চলের টীম সদস্য মাওলানা মোঃ দেলোয়ার হোসাইনকে। তিনি নির্বাচনী মাঠে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। তার প্রচারণায় ধর্মভিত্তিক প্রোগ্রাম, গ্রামীণ সমাবেশ ও স্থানীয় বাজারে মতবিনিময় সভা গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন,”মানুষ আজ ন্যায়বিচার, স্বচ্ছতা ও উন্নয়ন চায়। আমি সেই প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হবে শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান খাতকে এগিয়ে নেওয়া।”

রাজনৈতিক মহল বলছেন, মানিকগঞ্জে জামায়াতের তিন প্রার্থী এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সক্রিয়। জনসংযোগের মাধ্যমে তারা ধীরে ধীরে ভোটারদের আস্থা অর্জন করছেন।
সাধারণ মানুষ বলছেন, তারা নতুন নেতৃত্ব চান, যিনি উন্নয়ন, কর্মসংস্থান এবং ন্যায়বিচার নিশ্চিত করবেন।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রচলিত বড় দলের বাইরে জামায়াতের সক্রিয় মাঠপর্যায়ের প্রচারণা এবার নির্বাচনে ভিন্নমাত্রা যোগ করতে পারে।

মানিকগঞ্জের তিন আসনে জামায়াতের তিন প্রার্থীর সরব জনসংযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন মাদকমুক্ত সমাজ, উন্নত অবকাঠামো, নদীভাঙন প্রতিরোধ ও স্বচ্ছ নেতৃত্ব। জেলা রাজনৈতিক অঙ্গনে তাই আলোচনায় ঘুরপাক খাচ্ছে জামায়াত কি এবার ভোটযুদ্ধে চমক দেখাতে পারবে?।

  • September 21, 2025
  • 0 Comments
বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে বলে প্রকাশিত খবরটি ভুয়া।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানায়।

প্রেস উইং জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ১৭ সেপ্টেম্বর একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ‘ইউএইভিসা অনলাইন’-এ প্রকাশিত একটি নিবন্ধের উদ্ধৃতি দিয়েছে। ওই নিবন্ধে দাবি করা হয় যে, অভিবাসন সংক্রান্ত এক সার্কুলারে বাংলাদেশসহ ৯টি দেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে এই দাবিটি সত্য নয় বলে নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি বলেন, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

রাষ্ট্রদূত আরও জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর সরকারি ছুটির কারণে দূতাবাস ২২ সেপ্টেম্বর আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করবে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হবে।

রাষ্ট্রদূত বলেন, এমন খবর প্রকাশের ঘটনা ওই ভিসা সেন্টারটির কোনো দুরভিসন্ধিমূলক চেষ্টা বলে মনে হচ্ছে।

প্রেস উইং জানায়, যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদন প্রকাশ করায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে।

  • September 21, 2025
  • 0 Comments
বিবিসি বাংলার প্রতিবেদন : রাজনৈতিক নেতাদের নিয়ে কেন জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা?

তিনটি রাজনৈতিক দলের চারজন নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সরকারি এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দুই অক্টোবর দেশে ফেরার আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাক্ষাৎকার দিতে পারেন আন্তর্জাতিক গণমাধ্যমেও।

কিন্তু এই সফরে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী, সেখানে কী ভূমিকা রাখবেন তারা, আর কেনই বা নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিকেই নিয়ে যাওয়া হচ্ছে–– এমন নানা প্রশ্ন সামনে আসছে।

রাজনৈতিক দলের নেতারা বলছেন, গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে–– আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার। আর এ কারণেই এই সফরে যুক্ত হচ্ছেন তারা।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতেই থাকবে, এ কারণেই দেশের গুরুত্বপূর্ণ নানা আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে।

নির্দিষ্ট তিনটি দল থেকে প্রতিনিধি নির্ধারণের এই সিদ্ধান্ত, নির্বাচনের আগে অন্য রাজনৈতিক দলগুলোর কাছে ভুল বার্তা দিচ্ছে কি না, উঠেছে এমন প্রশ্নও।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ অবশ্য বলছেন, আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা, অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব এবং দলীয় সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই প্রতিনিধি ঠিক করা হয়েছে।

তিনি বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ প্রশ্নে একটি ঐক্য তৈরি হয়েছে।

তবে, এমন সব আলোচনার বাইরে সরকারের দিক থেকে রাজনৈতিক দায় বণ্টনের একটি চেষ্টাও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ।

রাজনৈতিক নেতারা কেন সফরসঙ্গী?

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরের প্রতিনিধি দলে অংশ নিচ্ছেন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিনিধি দলে অংশ নেবেন–– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

জানা গেছে, এই সফরের বেশ কিছু সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি অংশ নেবেন এই রাজনৈতিক নেতারাও। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গেও একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।

গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে আছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ রয়েছে–– আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতেই প্রধান উপদেষ্টার এই সফরে তাদেরকে যুক্ত করা হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি কিছু সেশন আছে যেখানে আমাদের পার্টিসিপেশন আছে। এছাড়া বাংলাদেশ কমিউনিটির সাথেও একটা মিটিং আছে।

রাজনৈতিক নেতাদের এই সফরে যুক্ত করার কারণ নিয়ে সংবাদ সম্মেলনে কিছু ধারণাও দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ।

তিনি বলেছিলেন, যেহেতু আমরা একটি রূপান্তর পর্যায়ের দিকে এগোচ্ছি এবং দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে হস্তান্তর করা হবে, তাই তাদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হওয়ায়, শেষ কয়েক মাসের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব কাজের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোকে যুক্ত রাখতে চায় অন্তর্বর্তী সরকার, যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এসব কাজের ধারাবাহিকতার বিষয়ে অবগত থাকে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, জাতিসংঘের এই অধিবেশনে এমন অনেক কিছুই আলোচনা হবে যার একটা কন্টিনিউয়েশনের দরকার আছে। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে সেমিনার হয়েছিল সেখানেও বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হয়েছিল, বলেন তিনি।

ফয়েজ আহম্মদ বলছেন, অন্তর্বর্তী সরকার যেহেতু রাজনৈতিক দলের কাছেই ভবিষ্যতে ক্ষমতা হস্তান্তর করবে, তাই রাজনৈতিক দলগুলোকে জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সব বিষয়ে যুক্ত রাখতে চায় সরকার।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ অবশ্য মনে করেন, রাজনৈতিক ঐক্য সবার সামনে তুলে ধরার পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশে মার্কিন প্রভাবের যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেখানেও রাজনৈতিক দলগুলোকে সঙ্গে রাখতে চাইছেন প্রধান উপদেষ্টা।

সম্ভবত তিনি একাই এই ঝুঁকিটা নিতে চাচ্ছেন না। রাজনৈতিক দলকেও তিনি এই ঝুঁকির মধ্যে অন্তর্ভুক্ত করতে চান, যাতে রাজনৈতিক দলের দিক থেকে এ বিষয়ে কোনো বিরোধিতা না আসে। সেটাও একটা লক্ষ্য থাকতে পারে, বলেন তিনি।

এছাড়া তিনটি রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সমাধানের পথ খুলতে পারে বলেও মনে করেন সাব্বির আহমেদ।

তিনি বলেন, জাতিসংঘের মূল বৈঠকের সাইডলাইনে আরও অনেক কিছুই হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

এই তিন দলের প্রতিনিধিই কেন

দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ইস্যুতে ঐকমত্য প্রতিষ্ঠায় গত ছয় মাসে দফায় দফায় বৈঠক করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে অন্তত ৩০টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সংস্কার কমিশনগুলোর দেওয়া প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার প্রশ্নে অনেক বিষয়ে একমত হলেও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো একমত হতে পারেনি দলগুলো।

এমনকি, এসব আলোচনার মধ্যেই সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর এর দাবিতে মাঠের কর্মসূচিও শুরু করেছে জামায়াতে ইসলামী সহ সাতটি রাজনৈতিক দল, যার বিপরীত অবস্থান নিয়ে নানা মন্তব্য করেছি বিএনপি।

এমন প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কেন কেবল এই তিনটি দলকেই বেছে নিল সরকার?

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, রাজনৈতিক মতে বা আদর্শে ভিন্নতা থাকলেও বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশ্নে সব দলের মধ্যে এক ধরনের ঐক্য আছে। আমরা মনে করি যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের মধ্য দিয়ে সকল রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যাচ্ছে।

এই সফরে কেবল তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিকেই নেওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, দেশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা।

সাব্বির আহমেদ বলেন, প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি ও জামায়াত, আর জুলাইয়ের সামনের সারিতে থাকা ছাত্র প্রতিনিধিদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এভাবেই হয়তো প্রতিনিধি বাছাই করা হয়েছে।

তিনি বলছেন, উনি (প্রধান উপদেষ্টা) তো হিসেব করেই চলেন। মূল শক্তি যে বিএনপি, জামায়াত বা এনসিপি এর বাইরে উনি যাবেন কেনো? যদি এদের (তিনটি রাজনৈতিক দলের) চিন্তাধারাকে ঠিক করা যায় তাহলে হয়তো উনি ভাবছেন, বাকিদেরটা এমনিই হয়ে যাবে।

  • September 21, 2025
  • 0 Comments
রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রকে ‘ঝুঁকির মুখে’ ঠেলবেন না: সালাহউদ্দিন

রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রকে ‘ঝুঁকির মুখে’ ঠেলে না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আসুন, আমরা কোনো সংকট সৃষ্টি না করি এবং সবাই ঐক্যবদ্ধ থাকি।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ-মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এক আলোচনা সভায় সালাহউদ্দিন এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে ‘অপর্ণ আলোক সংঘ’।

জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, কোনো বিষয়ে যদি ঐকমত্য না হয়, তবে প্রচলিত বিধিবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি। যে পরিবর্তনগুলো আনা হচ্ছে, সেগুলো রাতারাতি সম্ভব হবে না, এর জন্য সময় এবং পর্যায়ক্রমিক প্রক্রিয়া প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্তির বিষয়ে সালাহউদ্দিন বলেন, ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা আমার মনে হয় সঠিক বিবেচনায় সিদ্ধান্ত হয়নি। ছাত্ররা বরং একটি ‘প্রেসার গ্রুপ’ হিসেবে কাজ করতে পারতো, যা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করতো। বর্তমানে যারা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে আছেন, তাদের প্রতিদিন দায়ী হতে হচ্ছে।

জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদের একটি মন্তব্য টেনে সালাহউদ্দিন বলেন, রওশন এরশাদ বলেছিলেন, ‘মাননীয় স্পিকার আপনি বলে দেন, আমি সরকারি দল না বিরোধী দল’। ভবিষ্যতে যেন এ ধরনের চর্চা না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের বর্তমান যুগপৎ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার টেবিলে আলোচনা চলমান থাকা অবস্থায় মাঠে আন্দোলন করাটা স্ববিরোধী।

গণমাধ্যমের সংবাদের সূত্র ধরে সালাহউদ্দিন বলেন, পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। এ সিদ্ধান্ত কি জনগণ নাকি গণমাধ্যম নিয়েছে? যারা এত বেশি আত্মবিশ্বাসী যে তারা সরকার গঠন করবে, তারা কেন নির্বাচনে অংশ নিতে ভয় পায়? এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, কিছু মহল এই সরকারকে ‘অর্ধ-সাংবিধানিক’ বলে প্রশ্ন তুলছে। এই ধরনের প্রশ্ন তুলে সাংবিধানিক সংকট সৃষ্টি করা হলে এর সুবিধাভোগী হবে কোনো অসাংবিধানিক শক্তি বা পতিত স্বৈরাচার। তাই রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রকে ঝুঁকির মুখে ঠেলে না দেওয়ার আহ্বান জানাচ্ছি।

  • September 21, 2025
  • 0 Comments
হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন: অর্থ উপদেষ্টা

হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততা চর্চা করতে হবে। ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থ উপদেষ্টা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ‘ঐতিহ্য ও সম্প্রীতির ভূমি’ হিসেবে পরিচিত। আজকের অনুষ্ঠান সেই মর্যাদাই পুনরায় দৃঢ় করলো। শিক্ষায় বিনিয়োগ মানে শুধু শিক্ষার্থীকে সহায়তা করা নয়, বরং জাতির ভবিষ্যৎ গঠন করা। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঐক্য ও জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার চেষ্টা চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এখন চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চান না। অদূর কেরানীগঞ্জ থেকেও রাজধানীতে আসার জন্য তদবির আসে।

ড. সালেহউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনো অনুন্নত জেলা। এর উন্নয়নে জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। এসময় জেলা সমিতিগুলোকে ব্যক্তিকেন্দ্রিক না হয়ে কালেকটিভ স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। নিজেদের মধ্যে মারামারি বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সভাপতি এম এ খালেক বলেন, ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন ধরে দেশকে রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাবিদ ও শিল্পী উপহার দিয়ে আসছে। আজ আমরা প্রতিজ্ঞা করছি- ব্রাহ্মণবাড়িয়াকে তার মেধা ও অবদানের জন্যই চিনবে সবাই, কোনো নেতিবাচক ধারণার জন্য নয়। এই বৃত্তি এবং নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী হিসেবে নাগরিক গৌরবের বীজ রোপণ করছি, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

স্বাগত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আজকের এ সমাবেশ কেবল উদযাপন নয়, বরং একটি নতুন আন্দোলনের সূচনা। আমরা একটি আন্দোলনের সূচনা করছি। বাংলাদেশ ও বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার আন্দোলন। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে আমাদের সাফল্য সবাইকে জানাবো। এই অনুষ্ঠান স্মরণীয় করে তোলার জন্য দাতা, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমের বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে উচ্চশিক্ষায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩১২টি বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে অনার্স স্তরে ২৫টি, এইচএসসি স্তরে ১৮২টি এবং এসএসসি স্তরে ১০৫টি বৃত্তি দেওয়া হয়। এসব বৃত্তি ব্রাহ্মণবাড়িয়ার তরুণ প্রজন্মকে শিক্ষায় উৎকর্ষ অর্জনে অনুপ্রেরণা দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

  • September 21, 2025
  • 0 Comments
আর্থিক খাতের স্বচ্ছতা আনতে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ৮ পরামর্শ

মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে, বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তর আটটি পরামর্শ দেয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগের সরকারের তৈরি বাজেট কাঠামোই মূলত অনুসরণ করছে। অন্তর্বর্তী সরকার আগের সরকারের বাজেট কাঠামো বদলায়নি। তবে সরকার অর্থনৈতিক স্বচ্ছতা বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে।

আর্থিক খাতের স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে সব পরামর্শ দিয়েছে—

১. বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করা।

২. বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা।

৩. নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদাভাবে দেখানো।

৪. বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা।

৫. আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা। বাজেটের পূর্ণাঙ্গ তথ্য যেন তারা পায়, সেই ব্যবস্থা করা।

৬. নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা, যেখানে প্রস্তাবনা ও বিস্তারিত তথ্য থাকবে।

৭. প্রাকৃতিক সম্পদ আহরণ–সংক্রান্ত চুক্তির মূল তথ্য প্রকাশ করা।

৮. সরকারি ক্রয়ের তথ্য প্রকাশ করা।

মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তরের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের সরকার নির্বাহী বাজেট প্রস্তাব ও প্রণীত বাজেট অনলাইনে সাধারণ জনগণের জন্য প্রকাশ করেছে। তবে বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করেনি। তারা মনে করছে, বাজেটের তথ্য সাধারণভাবে নির্ভরযোগ্য হলেও আন্তর্জাতিক মান অনুসারে হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ঋণ বা দেনার পরিমাণ কত, তা বাজেটে প্রকাশ করা হতো। বাজেট নথিতে সরকারের পরিকল্পিত ব্যয়, রাজস্ব আয়সহ প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত আয় দেখানো হলেও একাধিক দিক থেকে তথ্য অসম্পূর্ণ ছিল। বিশেষ করে নির্বাহী বিভাগের ব্যয় আলাদা করে দেখানো হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আর্থিক বরাদ্দ ও আয় প্রকাশ করা হলেও রাজস্ব ও ব্যয়ের সম্পূর্ণ হিসাব পাওয়া যায়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, সরকারি নিরীক্ষক সংস্থা অন্তর্বর্তী সরকারের অধীনে পুরো হিসাব যাচাই করতে পারেনি। কিছু সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর মনে করছে, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান অনুযায়ী স্বতন্ত্র নয়।

প্রাকৃতিক সম্পদ খাতের চুক্তি ও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আইনগত মানদণ্ড অনুসরণ করা হলেও সরকারি ক্রয়ের ক্ষেত্রে সীমিত তথ্য দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রাকৃতিক সম্পদ আহরণের সব প্রক্রিয়া উন্মুক্ত ও স্বচ্ছভাবে করেছে। সেই সঙ্গে আগের সরকারের নেওয়া চলমান ও আগের সব সরাসরি ক্রয়পদ্ধতি স্থগিত করেছে।

  • September 21, 2025
  • 0 Comments
চোর সন্দেহে যুবককে আটকে বিদেশি কুকুর দিয়ে নির্যা’তন, গ্রেপ্তার ৩

কুমিল্লায় কারখানায় চুরির অভিযোগে এক যুবককে আটক করে নির্মমভাবে দুটি বিদেশি কুকুর লেলিয়ে দিয়ে লোহমর্ষক নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার দুপুরে জয় চন্দ্র সরকার ওই স্টিল মিলের সামনে গেলে গ্রেফতারকৃত জয়চন্দ্রকে আটক করে বেদম মারধর করে ও দুটি কুকুর লেলিয়ে তাকে নির্যাতন করা হয়।

র‌্যাব জানায়, নির্যাতিত ওই যুবক একজন ভাঙ্গারী ব্যবসায়ী।

এই ঘটনায় কুকুর তাকে একাধিকবার আক্রমণ করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর তা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এ ঘটনায় জড়িতে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জয় চন্দ্র সরকার।

এদিকে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০ ও ১৫ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হলে রাতেই তাদের গ্রেপ্তার করার বিষয়টি আজ শনিবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন র‍্যাব ১১ এর কোম্পানি কমান্ড সাদমান ইবনে আলম।

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন সচেতন মহল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলা টঙ্গীবাড়ি এলাকার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম, মুন্সিগঞ্জ সদরের সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু, বুড়িচং উপজেলার কাটাজঙ্গল এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার।

তারা সকলেই ওই কারখানার নিরাপত্তা কর্মী।

এদিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে। তার মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের তামার তার চুরির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে তারা স্টিল মিলে দুটি জার্মান শেফার্ড কুকুর আনে। পুনরায় চুরি করতে আসলে তাদের ধরতে উৎ পেতে থাকে তারা।

  • September 21, 2025
  • 0 Comments
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের

বাংলাদেশসহ মোট নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা।

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।

দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার।

তবে বর্তমানে এর মধ্যে কিছু দেশ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রের ভিসার জন্য আবেদন করতে পারে। ২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই আবেদনের সুযোগ আর থাকবে না ওই দেশগুলোর নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

  • September 21, 2025
  • 0 Comments
রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করা হয়।

‘১২ মাস, ২৪ সংস্কার’ শীর্ষক এই ইশতেহারে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই নির্বাচনে জয়ী হলে নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রস্তাবনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। এ সময় প্যানেলের পক্ষে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী সালমান সাব্বিরসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের নেতৃত্বে গঠিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ২৪ দফার মধ্যে রয়েছে- রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়ন করা, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের দোসরমুক্ত করা, ফ্যাসিবাদের চিহ্ন ও ফ্যাসিবাদী কাঠামো, ব্যবস্থা, সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন রোধ করা ও গেস্টরুম, গণরুম কালচার ফিরে আসার সব পথ রুদ্ধ করার করার প্রস্তাবনা।

এছাড়াও প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা, আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসাবে বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়ে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসাবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন-ক্যাফেটেরিয়াতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবারের মেন্যু প্রণয়ন এবং তিন মাস পর পর খাদ্য মান পরীক্ষা করা, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ‘মিল ভাউচার’ চালু করা এবং নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা।

নির্বাচিত হলে এগুলো বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করা হবে বলে শিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অঙ্গীকার ব্যক্ত করা হয়।

  • September 21, 2025
  • 0 Comments
প্রধান উপদেষ্টা নিউইয়র্ক যাচ্ছেন আজ, সঙ্গে ৪ রাজনৈতিক নেতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সফরসূচি অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন চারজন রাজনৈতিক নেতা— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন।

এ ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায়ও অংশ নেবেন।

অন্যান্য