• September 23, 2025
  • 0 Comments
ঘিওরে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু,অর্থ-স্বর্ণালঙ্কার লুটপাট

মানিকগঞ্জের ঘিওরে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ডাকাতি ও হত্যাকাণ্ড। পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে সোমবার গভীর রাতে একদল ডাকাত বাড়িতে হামলা চালায়। তারা ৫৫ বছর বয়সী গৃহবধূ রাশিদা বেগমকে নির্মমভাবে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, রাতে ডাকাত দল আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয়। গৃহবধূ রাশিদা বেগমকে খুন করে ঘরে থাকা অর্থ-স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ জানান, “ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় রাশিদা বেগমকে হত্যা করে।”

প্রবাস জীবন শেষে দেশে ফেরা রাশিদা বেগম ছিলেন একমাত্র মেয়ে তাসলিমার মা। বর্তমানে তার মেয়ে জর্ডানে অবস্থান করছেন। পশ্চিম বাইলজুড়ীতে তিনি একাই বসবাস করছিলেন। ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি পাশের ঘরে অবস্থান করলেও তারা অক্ষত থাকেন।

এ হত্যাকাণ্ডের পর গ্রামে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনূর ইসলাম জানিয়েছেন, “খুনের ঘটনা নিশ্চিত, তবে এটি ডাকাতি কি না তদন্ত শেষে বলা যাবে।”

একাকী বসবাসকারী নারীকে এভাবে প্রাণ দিতে হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

  • September 23, 2025
  • 0 Comments
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত ও ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। তিনি জানান, নির্বাচন ঘিরে দেশ প্রস্তুত রয়েছে। মার্কিন বিশেষ দূত সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের এই প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট, সার্কের পুনরুজ্জীবন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য এবং ঢাকাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচার-সহ বিস্তৃত দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের কাছে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান। জবাবে মার্কিন প্রতিনিধিরা রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

অধ্যাপক ইউনূস বলেন, দীর্ঘদিন পর সার্ককে পুনরুজ্জীবিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি তিনি জানান, বাংলাদেশ আসিয়ানে যোগদানে আগ্রহী। দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে যুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন আরও দ্রুত হবে বলে মনে করেন তিনি।

এছাড়া, নেপাল, ভুটান এবং ভারতের সাত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। আঞ্চলিক সহযোগিতা বাড়াতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকের শেষে অধ্যাপক ইউনূস সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

  • September 23, 2025
  • 0 Comments
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ১৪৫ দেশ, দেয়নি ৪৫টি

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের উত্তাপে মধ্যেই বিশ্ববাজারের কয়েকটি দেশের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর পর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স, বেলজিয়াম ও অন্যান্য দেশও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে।

১৯৮৮ সালে নির্বাসিত অবস্থায় ফিলিস্তিনি নেতারা একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করেন। এর পর থেকে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ এই রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে এসেছে। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রায় ১৪৫টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল অন্যতম।

আরব, আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার বেশিরভাগ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েও ইউরোপের মধ্যে বিভক্তি দেখা যায়। পশ্চিম ইউরোপের দেশগুলো মাঝে মাঝে দ্বিমত পোষণ করে। ২০১৪ সালে সুইডেন প্রথম পশ্চিম ইউরোপীয় দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এরপর নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালও একই পথে হাঁটেছে। তবে ইতালি ও জার্মানি এখনও স্বীকৃতির পরিকল্পনা নেই বলে জানিয়েছে।

স্বীকৃতি প্রসঙ্গে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি রাজনৈতিক ও আইনি ক্ষেত্রে একটি জটিল বিষয়। স্বীকৃতি দেওয়া মানে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয় না, এবং না দেওয়াও অস্তিত্বের অব্যাহতিসূচক নয়। তবে এর প্রতীকী ও রাজনৈতিক গুরুত্ব অপরিসীম।

  • September 23, 2025
  • 0 Comments
নিউ ইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে যুবলীগের এই নেতাকে জ্যাকসন হাইটস এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

যুবলীগের ওই নেতার নাম মিজানুর রহমান। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসোল জেনারেলে হামলা ও ভাঙচুর মামলায় এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান বলে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের পলাতক নেত্রীর নির্দেশে পূর্ব ঘোষণা দিয়ে এ জঘন্যতম মব সৃষ্টি করেছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে আটক করার দাবি জানিয়েছিলাম।’

এর আগে স্থানীয় সময় সোমবার বেলা সাড়ে ৩টার দিকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে পৌঁছালে এ ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে যান আখতার।

এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকেও হেনস্ত করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পাশে ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আখতার হোসেন। তার পাশেই ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। একটু সামনেই ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তখন আখতারের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

  • September 22, 2025
  • 0 Comments
ড. ইউনূসের সফর ঘিরে যুক্তরাষ্ট্রে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এ সফর ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচিতে মুখোমুখি অবস্থানে বিএনপি এবং আওয়ামী লীগ। নিউইয়র্ক সময় রোববার (২১ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এমিরেটসের একটি ফ্লাইট ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। সোমবার নিউইয়র্ক সময় দুপুর আড়াইটায় তাকে বহনকারী বিমানটি পৌঁছাবে বলে জানা গেছে।

জানা গেছে, ড. ইউনূসের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সফরের প্রতিবাদে নিউইয়র্কের জিএফকে বিমানবন্দরে অবস্থান নেবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে ড. ইউনূসের সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে স্বাগত জানাতে অবস্থান নেবেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে স্বাগত জানাতে অবস্থান নেবেন দলটির নেতাকর্মীরা। তাদের এই পাল্টাপাল্টি অবস্থানে বিমানবন্দরজুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‘আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স’ এর চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, আমরা আজ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেএফকে বিমানবন্দরে অবস্থান করে ড. ইউনূস এবং আমাদের নেতাদের স্বাগত জানাবো, পাশাপাশি শান্তি সমাবেশ করবো। এছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে অবস্থান নেবো। গতকাল রাতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল, সেজন্য আমরা তাদের বাধা দিয়েছি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আমাদের লোকজন আসছে। সুতরাং যারা শৃঙ্খলা নষ্টের চেষ্টা করবে আমরা তাদের প্রতিহত করবো।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান জাগো নিউজকে বলেন, বাংলাদেশের স্বার্থ নয়, নিজের ব্যবসার প্রসার ঘটাতেই প্রধান উপদেষ্টার এ সফর। ২২ তারিখ থেকে ড. ইউনূস যতদিন নিউইয়র্কের মাটিতে থাকবেন আমাদের রূপ হবে ভয়ংকর। তাদের সঙ্গে যারা আসছেন তাদের নিউইয়র্কের মাটিতে যেখানেই পাবো সেখানেই এ দেশের আইনের আওতায় প্রতিহত করবো।

প্রধান উপদেষ্টার সরকারি সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাঁচ রাজনৈতিক নেতা—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধিদলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান।

২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

  • September 22, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে অনিয়মে গড়ে ওঠা বিলাসবহুল ‘ডেরা রিসোর্ট’

কৃষিজমি দখল, জমির মূল্য বাকি, নেই ফায়ার ও পরিবেশ ছাড়পত্র

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুরানগ্রাম এলাকায় গড়ে ওঠা বিলাসবহুল ‘ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা’ এখন অনিয়ম-অসঙ্গতির বড় উদাহরণ হয়ে উঠেছে। জেলা প্রশাসনের সর্বশেষ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

স্থানীয়দের অভিযোগ, চাপে ফেলে কৃষিজমি দখল করে তিন ফসলি জমি ভরাট করে রিসোর্ট নির্মাণ করা হয়েছে। অনেক জমির মালিক এখনো ন্যায্য মূল্য পাননি।
উল্টো তাদের নামে মামলা দিয়ে হয়রানির অভিযোগও উঠেছে।

ইসমাইল হোসেনের পরিবারসহ একাধিক কৃষক জানিয়েছেন— জমি নেওয়ার পরও অর্থ পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এতে ক্ষোভ আরও বেড়েছে।

রিসোর্টের ফায়ার সার্ভিস লাইসেন্স ২০২৩ সালের জুন থেকে মেয়াদোত্তীর্ণ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও গত বছর শেষ হয়ে গেছে।

ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে কক্ষ সংখ্যা বাড়ানো, এসটিপি (পয়ঃশোধন কেন্দ্র) নির্মাণ না করাসহ নানা অসঙ্গতি পাওয়া গেছে। রিসোর্টের উত্তর-পূর্ব পাশের সেতুর নিচে মাটি ফেলে পানিপ্রবাহ বন্ধ করে দেওয়ায় আশপাশের কৃষিজমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

গ্রামীণ শান্ত পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

ডেরা রিসোর্ট পরিচালনা করছে এশিউর গ্রুপ। তদন্ত প্রতিবেদনে তিনজন মালিকের নাম এসেছে, মো. শেখ সাদী (ব্যবস্থাপনা পরিচালক), জেসিয়া আফরিন (চেয়ারম্যান), মো. রবিউল ইবনে কামরুল (পরিচালক, উন্নয়ন)

স্থানীয়রা জানান, শেখ সাদী আগে নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার আত্মীয় পরিচয় দিতেন, বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক।

জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন”পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা পেয়েছি। দ্রুত রিসোর্টটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সুজন জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিনের মতে, “প্রান্তিক কৃষিজমি নষ্ট করে এভাবে রিসোর্ট করা অনৈতিক। এটি জনস্বার্থ বিরোধী এবং সঠিক স্থানে নির্মাণ করা যেত।”

মানিকগঞ্জের ডেরা রিসোর্ট শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, বরং কৃষিজমি দখল, অনুমোদনবিহীন কার্যক্রম ও পরিবেশ ধ্বংসের একটি জ্বলন্ত উদাহরণ। স্থানীয়দের দাবি— জমির মালিকদের টাকা পরিশোধ, পরিবেশ ও ফায়ার লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত রিসোর্টের কার্যক্রম বন্ধ রাখতে হবে।

  • September 22, 2025
  • 0 Comments
দৌলতপুরে ব্রিজের মূল কাজ শেষ,মাটি ভরাটে জটিলতা, দুর্ভোগে সাধারণ মানুষ

মানিকগঞ্জের দৌলতপুরে একটি গুরুত্বপূর্ণ ব্রিজের মূল কাঠামো নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়কে মাটি ভরাটসহ বিভিন্ন জটিলতার কারণে ব্যবহার শুরু হয়নি এখনো। ফলে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, বহু প্রতীক্ষার পর ব্রিজের কাজ শেষ হলেও এখনো দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক ঠিকঠাক করা হয়নি। তাই ব্রিজ থাকলেও তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না।
চরম ভোগান্তির শিকার হচ্ছে প্রতিদিনের যাত্রী, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা।
এলাকাবাসীর অভিযোগ, ব্রিজের কাজ দ্রুত শেষ হলেও সংযোগ সড়ক সম্পূর্ণ না হওয়ায় তারা সরকারের উন্নয়নের সুফল পাচ্ছেন না।

একাধিক ভুক্তভোগী বলেন,”ব্রিজটা তৈরি হলেও আসল সুবিধা পাচ্ছি না। রোগী, শিক্ষার্থী, কৃষক, সবাই কষ্টে আছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত মাটি ভরাট শেষ করা।”

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বাজেট ও কারিগরি জটিলতার কারণে কাজ আটকে আছে। তবে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

দৌলতপুরে ব্রিজ থাকলেও ব্যবহার করা যাচ্ছে না, মাটি ভরাট ও সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগে সাধারণ মানুষ। এলাকাবাসীর একটাই দাবি: “দ্রুত কাজ শেষ হোক, যেন আমরা স্বস্তিতে চলাফেরা করতে পারি।”

  • September 22, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে সারের দোকানে কৃষকদের তালা, কালোবাজারি, ডিলারকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও কালোবাজারির অভিযোগে এক ডিলারের দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ কৃষকেরা। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘটনাটি ঘটেছে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জান্না বাজারে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের দোকানে। দোকানের মালিক সানোয়ার হোসেন, যিনি নিজের নামে এবং অপ্রাপ্তবয়স্ক ছেলের নামে দুটি লাইসেন্স ব্যবহার করে ব্যবসা চালাচ্ছিলেন।

কৃষকরা জানান, সানোয়ার দীর্ঘদিন ধরে সার বেশি দামে বিক্রি করছেন।

কৃষক আব্দুর রাজ্জাক বলেন, “আমি ১৪শ টাকা দিয়ে এক বস্তা ডিএপি সার কিনেছি, অথচ পাশের বাজারে দাম ১০৫০ টাকা।”

কৃষক বুদ্দু মিয়া বলেন, “এর আগেও দাম নিয়ে ঝামেলা হয়েছে। আজ সবাই মিলে তার দোকানে তালা দিয়েছি। লাইসেন্স বাতিল করতে হবে।”

জান্না বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম হোসেন জানান, সানোয়ার প্রতারণা করে অপ্রাপ্তবয়স্ক ছেলের নামে লাইসেন্স নিয়েছে। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, আগেও সানোয়ারের গুদামে সারের হিসাব মিলেনি। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কৃষকদের রোষে পড়ে অবশেষে আইনের জালে ধরা পড়লেন সারের ডিলার সানোয়ার হোসেন। কৃষকদের দাবি— শুধু জরিমানা নয়, তার লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করতে হবে।

  • September 22, 2025
  • 0 Comments
ঢাবিতে তৈরি হবে চীন-বাংলাদেশ মৈত্রী হল, থাকতে পারবে ৫ হাজার ছাত্রী

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সাথে মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারন সম্পাদক এবং সম্পাদকবৃন্দ।

রাষ্ট্রদূতের আমন্ত্রণে বাংলাদেশ অবস্থিত চীনা দূতাবাসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর নব মনোনীত কোষাধ্যক্ষ এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এইচ. এম. মোশারফ হোসেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধিসহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত প্রদান করেন সম্পাদকবৃন্দ।

প্রস্তাবিত ৫০০০ ছাত্রীদের আবাসন সুবিধা সম্বলিত চায়না-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে আলোচনা হয়।

ডাকসুর নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরো দুটো হল নির্মানের প্রস্তাব দেন এবং সম্মানিত রাষ্ট্রদূত সেটি বাস্তবায়নে ২য় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন। এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।

ডাকসুর নব নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয় এবং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরও শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন চীনের রাষ্ট্রদূত।

  • September 22, 2025
  • 0 Comments
হঠাৎ গান ছাড়ার ঘোষণা, কারণ জানালেন তাহসান

দীর্ঘ দুই যুগের সংগীত জীবনের ক্যারিয়ারে ইতি টানলেন তাহসান খান। জনপ্রিয় এ সংগীতশিল্পী ও অভিনেতা জানিয়েছেন, এরপর আর কোনো কনসার্টে দেখা যাবে না তাকে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জনপ্রিয় এ তারকার অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি, ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি। কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে, তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। বন্ধ রয়েছে দুটি অ্যাকাউন্টই। এ নিয়ে তিনি ভক্তদের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি।

এর মাঝেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্ত–শ্রোতারা পেলেন সেই অপ্রত্যাশিত খবর। রোববার গান গাইতে গাইতেই হঠাৎ মাইক্রোফোনে ঘোষণা দিলেন, ‘অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। আসলে শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সংগীতজীবনের হয়তো ইতি টানব। এটা ন্যাচারাল। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—“দূরে তুমি দাঁড়িয়ে”—দেখতে কেমন লাগে।’

এই ঘোষণা শুনে উপস্থিত দর্শকেরা হতভম্ব হয়ে পড়েন। হলজুড়ে শোনা যায় একসঙ্গে না–না ধ্বনি। অনেকেই তখনই চোখের পানি মুছতে থাকেন। কিন্তু তাহসান নিজের সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান।

এর কারণ হিসেবে সোমবার দুপুরে তাহসান একটি গণমাধ্যমকে এক বাক্যে বলেন, ‘একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি।’

তাহসান তার পেশাদার সংগীতে ২৫ বছর পার করছেন। এই রজতজয়ন্তী উপলক্ষে তিনি বর্তমানে অস্ট্রেলিয়া ট্যুরে রয়েছেন। ব্রিসবেন, অ্যাডিলেড ও সিডনির কনসার্টগুলোতে হাজারো দর্শককে মুগ্ধ করেছেন তিনি। দর্শক–শ্রোতাদের সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন তার গাওয়া জনপ্রিয় সব গান। প্রতিটি শহরে দর্শকদের ভিড় প্রমাণ করেছে, তাহসানের জনপ্রিয়তা এখনো অটুট।

কিন্তু মেলবোর্নের কনসার্টে আনন্দের পাশাপাশি এই বিদায়ী ঘোষণা ভক্তদের মন ভারি করে দিয়েছে। যদিও এরপর পার্থে তার শেষ কনসার্ট রয়েছে। তবে তার পরই তিনি ধীরে ধীরে সরে দাঁড়াবেন বলেই ইঙ্গিত দিয়েছেন।

তাহসান বহুবার বলেছেন, ‘তার কাছে মিউজিক সব সময় আবেগের জায়গা। তবে বয়স, সময় ও জীবনের অগ্রাধিকার তাকে নতুন করে ভাবিয়েছে। মেয়ের বড় হয়ে ওঠা তার জীবনের বড় প্রভাব ফেলেছে। মঞ্চে লাফিয়ে গান গাওয়া আর তার কাছে আগের মতো স্বাভাবিক মনে হয় না। শিল্পী হিসেবে নয়, একজন বাবা হিসেবে তার দায়িত্বও বেড়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে দাঁড়ানো এবং জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—দুটিই যেন ইঙ্গিত করছে, তাহসান এখন নিজের ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিতে চান।

একটা সময় বাংলা রক গানে জোয়ার এনেছিল ব্যান্ড ‘ব্ল্যাক’। ১৯৯৮ সালে তিন বন্ধু জন কবির, জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু হয় এ ব্যান্ডের। পরে এই ব্যান্ডে যোগ দেন তাহসান ও মিরাজ। ২০০২ সালে বাজারে আসে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’। অ্যালবামের গানগুলো ব্যাপক সাড়া ফেলে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে।

তাহসানের এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকে লিখেছেন, ‘আমরা প্রস্তুত নই তাকে বিদায় জানানোর জন্য।’

কেউ কেউ আবার আশা প্রকাশ করেছেন, কিছুদিন বিরতি নিয়ে তিনি আবার ফিরে আসবেন। কিন্তু তাহসান জানিয়েছেন, গানে ফেরার সম্ভাবনা নেই।

অন্যান্য