• September 16, 2025
  • 0 Comments
অর্থনীতিতে সুবাতাস, বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। রবিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) এর পদ্ধতি মোতাবেক বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

এর আগে গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। এই বিল পরিশোধের পর রিজার্ভ নেমে আসে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। ওই দিন বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৫ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার।

  • September 16, 2025
  • 0 Comments
নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় জেন জি

আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় নেমেছে জেন জি। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বালুওয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জেন জি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

তাদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে তারা দাবি করেন।

সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানেই বসিয়েছি, সেখান থেকে উপড়ে ফেলবো।

তিনি আরও অভিযোগ করেন, আইনজীবী ওম প্রকাশ আর্যাল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন।

এসময় গুরুং সঙ্গে নিয়ে আসেন গত সপ্তাহের বিক্ষোভে নিহত ও আহতদের স্বজনদেরও।

রোববার প্রধানমন্ত্রী কার্কি আইনজীবী ওম প্রকাশ আর্যালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

আর্যাল সুপ্রিম কোর্টে লোকমান সিং কার্কিকে দুর্নীতি দমন কমিশনের প্রধান করার বিরুদ্ধে রিট দায়ের করে আলোচনায় আসেন। তিনি দীর্ঘদিন ধরে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় লড়াই করছেন এবং কাঠমান্ডু মহানগর করপোরেশনের আইনি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অর্থমন্ত্রী রমেশ্বর খনাল সাবেক অর্থসচিব। তিনি কেপি শর্মা ওলি সরকারের কাছে সম্প্রতি অর্থনৈতিক সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে ৪৪৭ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছিলেন।

অন্যদিকে কুলমান ঘিসিং বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে লোডশেডিং কমিয়ে জনআস্থা অর্জন করেছিলেন। তবে ওলি সরকার তাকে সরিয়ে হিতেন্দ্র দেব শাক্যকে বসায়, যা জনরোষ সৃষ্টি করেছিল।

সূত্র জানিয়েছে, কার্কি প্রথমে ফোনে তিনজনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেন, পরে অফিসে ডেকে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এর আগে তিনি সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভান্ডারীকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

রোববার সকালে কার্কি মন্ত্রিসভা গঠনের আলোচনা শুরু করেন। সর্বোচ্চ ১১-১৫ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানা গেছে। ফলে মন্ত্রীদের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে নেপালের তরুণ সমাজ। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ারগ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ।

তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে পরদিনও বিক্ষোভ চালিয়ে যান। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। নেপালের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ অবস্থায় গত ১২ সেপ্টেম্বর নেপালের ইতিহাসে প্রথম নারী সরকারপ্রধান হিসেবে শপথ নেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। জেন জি আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর কার্কিকে অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব দেওয়া হয়।

সূত্র: সেতোপাতি

  • September 16, 2025
  • 0 Comments
একজন শিল্পীর দাফনের আগেই কয় নম্বর দোজখে যাবে তা নির্ধারণ করে মানুষ

গত শনিবার রাতে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন সংগীতশিল্পী ফরিদা পারভীন। শিল্পীকে শেষবারের মতো বিদায় জানাতে রাতেই হাসপাতালে ছুটে আসেন আধুনিক গানের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সেখানে সংবাদকর্মীদের মুখোমুখি হন তিনি। সেখানে ফরিদা পারভীনকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পরেন এই শিল্পী।

তিনি জানান, ‘সত্যি সত্যি আমরা অনেককেই হারিয়ে ফেলছি। সংগীতাঙ্গনে আমাদের মাথার উপর যারা বটবৃক্ষের মতো ছিলেন তাদের প্রায় সবাইকে আমরা হারিয়ে ফেলছি। আমরা খুব অসহায় হয়ে যাচ্ছি। আমি যে ভরাট একটি সংগীতাঙ্গন দেখে বড় হয়েছি, ঋদ্ধ হয়েছি, তারমধ্যে অনেকগুলো মানুষকে হারিয়ে ফেলেছি। আজকে ফরিদা আপাও চলে গেলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল’- যোগ করেন তিনি।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় তার ভেতরে ক্রোধেরও বহিঃপ্রকাশ ঘটান। শিল্পীদের নিয়ে ফেসবুকে নেটিজেনদের নানা মন্তব্য তাকে আহত করে বলে জানান তিনি। তার মতে, একজন শিল্পী মারা যাওয়ার সাথে সাথে নেটিজনরাই তাদের দোজখ নির্ধারণ করে থাকেন।

তিনি বলেন, ‘একজন শিল্পী মারা যাওয়ার পর তার লাশ দাফন করার আগেই তিনি দোজখের কয় নাম্বারে যাবেন, সেগুলো নিয়ে কথা বলা শুরু করে মানুষ। সারাজীবন কিন্তু তারাই আমাদের গান শোনেন, লালনের গান শুনতে ফরিদা পারভীনকেই শুনতে হতো। সাধারণ মানুষ যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের শিল্পীদের এতো পাপী ভাববেন না। পাপ শুধু শিল্পীদের না, পাপ আমাদের দেশে আরও অনেক জায়গাতেই আছে, অনেক ক্ষেত্রেই আছে। শিল্পীরা আমরা শুধু গানই করে যাই, আমরা গানের শিল্পীরাই একমাত্র জাতি যাদের কোন ঘুষ খাওয়ার জায়গা নাই, দুর্নীতি করার জায়গা নাই, মিথ্যাচার করার জায়গা নাই, অন্যায় করার জায়গা নাই। অথচ আমরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই কয় নম্বর দোজখে যাবো মানুষ তা নির্ধারণ করে ফেলে। একদম বেহেশতের টিকিট যেন সবার হাতে! মাওলানা দিয়ে ভর্তি যেন ফেসবুক।

ক্রোধ না সামলাতে পেরে সংবাদকর্মীদের উদ্দেশ্যে কনকচাঁপা বলেন, ‘দয়া করে আমার কথাগুলো কাটবেন না, সবাইকে প্রচার করার জন্য অনুরোধ করছি একটা কথা। তা হলো- সাধারণ জনগণ নিজেদের সময়ে আনন্দময় করতে, সুললিত করতে সারাক্ষণ গান শোনেন, সিনেমা-নাটকে শিল্পীদের অভিনয় দেখেন। কিন্তু একজন শিল্পী যখন চলে যায় তখন তারা পাপ-পূণ্য, বেহেশত-দোজখ এগুলো নিয়ে এতো কথা বলে সেই কমেন্টগুলো দেখলে আসলে আমরা খুব ভীত হয়ে যাই। আমরা খুব ভেঙে পড়ি, আমাদের খুব খারাপ লাগে।’

সবশেষে এই জনপ্রিয় শিল্পী বলেন, ‘সত্যি সত্যি আমি আবেগপ্রবণ হয়ে অনেক অপ্রিয় সত্যি কথা বলে ফেললাম। আপনার সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শিল্পীদের প্রতি সহানুভূতিশীল হবেন।’

এর আগে ফরিদা পারভীন সম্পর্কে তিনি বলেন, ‘উনার কণ্ঠে যে মায়া, শুধু লালনসংগীত কেন বলব? তিনি দেশের গান কিছু গেয়েছেন ‘এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে’সহ আরও কিছু, কিছু আধুনিক গান গেয়েছেন তা অতুলনীয়। আমি যদি উদাহরণস্বরূপ ‘তোমরা ভুলেই গেছ মল্লিকা দি’র নাম’ গানটির কথা বলি, ওই গান অনবদ্য। উনার কণ্ঠ অনবদ্য, উনার সুর একদম তীরের মতো সোজা অন্তরে এসে লাগে। এইসব স্মৃতিচারণ করতে গেলে আমি আসলে এখন আবেগাপ্লুত হয়ে পড়ছি।’

  • September 16, 2025
  • 0 Comments
বিশ্বকাপ টিকিটে ২৪ ঘণ্টায় আবেদন ১৫ লাখের বেশি

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির প্রাথমিক ধাপ শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ২১০টি দেশের ফুটবলপ্রেমীদের কাছ থেকে ১৫ লাখেরও বেশি আবেদন পেয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এই টিকিট চাহিদা এবারের আসরের প্রতি বিশ্বজুড়ে সমর্থকদের ব্যাপক আগ্রহেরই প্রতিফলন।

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল, যেখানে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬টি শহরে। প্রসারিত এ টুর্নামেন্ট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যে প্রবল উদ্দীপনা তৈরি হয়েছে, তা স্পষ্ট ফুটে উঠেছে টিকিট বিক্রির এই প্রাথমিক পর্বেই।

ফিফার দেওয়া তথ্যমতে, টিকিট চাহিদার শীর্ষে রয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এ ছাড়া আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল এবং জার্মানি থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়েছে।

প্রিসেল ড্র খোলা থাকবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় সময় সকাল ১১টা ইস্টার্ন সময় (যুক্তরাষ্ট্র ও কানাডার পূর্বাঞ্চলের সময় বাংলাদেশ সময়ের চেয়ে ১০ ঘণ্টা পেছনে) বা বিকেল ৫টা সেন্ট্রাল ইউরোপিয়ান সময় (বাংলাদেশ সময়ের চেয়ে ৪ ঘণ্টা পেছনে)। ফিফা স্পষ্টভাবে জানিয়েছে, আবেদন করার সময় টিকিট পাওয়ার সম্ভাবনার ওপর কোনো প্রভাব ফেলবে না। ড্রয়ের ভিত্তিতে যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের ২৯ সেপ্টেম্বর থেকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী তাঁরা ১ অক্টোবর থেকে টিকিট কিনতে পারবেন।

চলতি ধাপের টিকিটের মূল্য শুরু হচ্ছে ৬০ ডলার থেকে। তবে টিকিটের দাম নির্ধারণে ‘ডায়নামিক প্রাইসিং’ বা চাহিদাভিত্তিক মূল্যের নীতি অনুসরণ করা হবে, অর্থাৎ চাহিদা অনুযায়ী টিকিটের দাম ভিন্ন হতে পারে। অক্টোবর থেকে শুরু হবে পরবর্তী ধাপের টিকিট বিক্রির কার্যক্রম।

বিশ্বকাপকে ঘিরে এমন আগ্রহ ও সাড়া শুধু প্রতিযোগিতাটির আকর্ষণ নয়, ফুটবলের প্রতি বিশ্বজুড়ে মানুষের আবেগ, উন্মাদনা ও ভালোবাসারই প্রতিফলন। ২০২৬ সালের আসরটি যে নতুন রূপে, নতুন মাত্রায় ফুটবল বিশ্বকে মোহিত করবে, সে ইঙ্গিত মিলছে আয়োজনের শুরুতেই।

ধাপ ১: টিকিটের জন্য আবেদন

ফিফার ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ম্যাচের টিকিটের জন্য আবেদন করতে পারে।এটি চলবে ১৯ সেপ্টেম্বর (২০২৫) পর্যন্ত।

ধাপ ২: লটারি

যেহেতু আবেদন অনেক বেশি, তাই ফিফা লটারি বা ড্র-এর মাধ্যমে ঠিক করবে কে টিকিট পাবে।যারা টিকিট পাবে, তাদের ২৯ সেপ্টেম্বর থেকে ইমেইলে জানিয়ে দেওয়া হবে।

ধাপ ৩: টিকিট কেনা

যাদের নাম ড্র-তে আসবে, তারা ১ অক্টোবর থেকে ফিফার নির্ধারিত সময়ে টিকিট কিনতে পারবে।

  • September 16, 2025
  • 0 Comments
আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধে কঠোর সরকার

নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনগুলোর নেতাকর্মীদের ঝটিকা মিছিলের উৎপাত বন্ধে কঠোর হচ্ছে সরকার। সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলাগুলোর চার্জশিট দ্রুত দেওয়া হবে। ক্রমান্বয়ে এ পর্যন্ত গ্রেপ্তার আসামিদের আইন অনুযায়ী দ্রুত বিচারকাজ শেষ করার ব্যাপারে প্রসিকিউশিন বিভাগকে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে বলা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর সংঘবদ্ধ অবস্থান নেওয়ার বিষয়েও পরামর্শ এসেছে। উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিল হচ্ছে। দিন দিন মিছিলের সংখ্যা বাড়ছে। তবে মিছিলে উপস্থিতি উল্লেখযোগ্য নয়। সম্প্রতি রাজধানীর বাইরেও একই প্রক্রিয়ায় চার থেকে পাঁচ মিনিটের মিছিল করা শুরু করেছে দলটির নেতাকর্মীরা। গত শনিবার কুমিল্লার চান্দিনা মহাসড়কে ভোরে ১৫ থেকে ২০ জন মিছিল বের করে। সর্বশেষ গতকাল রোববার ঢাকার পার্শ্ববর্তী কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ঝটিকা মিছিল করে স্বল্পসংখ্যক নেতাকর্মী।

এর আগে গত শুক্রবার রাজধানীর বাংলামোটর ও গুলশান এলাকায় ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটি। পর দিন ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটায় মুজিববাদী ক্যাডাররা। এর আগে আগস্টে একই এলাকায় শতাধিক আওয়ামী কর্মী মিছিল করে। আগস্টে গুলিস্তানে মিছিল করে নারায়ণগঞ্জ থেকে আসা অতিথি কর্মীরা। মিছিলগুলোতে উপস্থিতি সাধারণত ১৫ থেকে ২০ থেকে ৫০ থেকে ৬০ জনের বেশি হয় না।

গত ৫ সেপ্টেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কয়েকশ লোক নিয়ে মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ও তার গোটা সংসদ পালিয়ে যাওয়ার পর এই প্রথম কিছুটা বেশি নেতাকর্মীর উপস্থিতিতে মিছিল বের হয়। একই দিন বিজয় সরণি এলাকায়ও মিছিল হয়।

এদিকে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, জুলাই অভ্যুত্থানের পক্ষের একটি দলের স্থানীয় একজন প্রভাবশালী নেতার ইন্ধনে মূলত তুলনামূলক বড় ধরনের মিছিল বের করেছে আওয়ামী লীগ। ৫ আগস্টের পর ওই নেতার নানামুখী নেতিবাচক কর্মকাণ্ডের কারণে দলীয় পদ থেকে অব্যাহতিও দেওয়া হয়। ওই মিছিলের পর নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সংস্থার পক্ষ থেকে কঠোর অবস্থান নিতে পরামর্শ দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণায় এবং সরকারের উচ্চপর্যায় থেকে। জুলাই অভ্যুত্থানের পক্ষের দুটি বড় দলের মধ্যকার বিরোধের কারণে আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে মুজিববাদী কর্মীরা।

নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের উৎপাত ও ভীতি ছড়ানোর অপচেষ্টার প্রেক্ষাপটে করণীয় বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. ওমর ফারুক বলেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর অনৈক্য এ জন্য অনেকাংশে দায়ী। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়ার পাশাপাশি দলগুলোকে আওয়ামী লীগ, চৌদ্দ দলসহ ফ্যাসিবাদের সহযোগীদের বিষয়ে সংঘবদ্ধ অবস্থান নিতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী আমার দেশকে বলেন, ঝটিকা মিছিলের বিষয়ে কোনো ছাড় নয়। নিয়মিত অভিযান চালানো হচ্ছে অপরাধীদের গ্রেপ্তারে। ডিএমপিতে প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে মিছিলকারীদের। আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

নিরাপত্তা সংস্থা সংশ্লিষ্ট একাধিক সূত্র আমার দেশকে বলেছে, পুলিশ যেহেতু নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনী, তাই তাদের আরো কঠোর হতে হবে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের দুটি বড় শক্তিকে এলাকাভিত্তিক আওয়ামী কর্মীদের বিষয়ে নমনীয়তা না দেখাতে দল দুটিকে পরামর্শ দিতে সরকারের সংশ্লিষ্ট মহলে বার্তা দেওয়া হয়েছে। দল দুটির বিভেদকে কাজে লাগিয়ে এবং ক্ষেত্রবিশেষে কোনো কোনো নেতার প্রশ্রয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা যাতে মাঠে না নামতে পারে, সে জন্য প্রয়োজনে প্রতিটি মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপাররা বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সেখানে দলগুলোর সহযোগিতা চাওয়া যেতে পারে। যেমনটি গত ৬ আগস্ট করেছিলেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

পুলিশের এই কর্মকর্তারা বলছেন, ডিএমপির ডিবি পুলিশ সাম্প্রতিককালে খুব ভালো করছে। ঝটিকা মিছিলকারীদের খুব দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে রাজধানীর বাইরের এলাকাগুলোতেও একই ধরনের তৎপরতা দেখানোর জন্য নির্দেশনা দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম শানতু বলেন, সন্ত্রাসবিরোধীসহ সংশ্লিষ্ট সব আইনের বিধান কার্যকরের মাধ্যমে জনশৃঙ্খলা ও জনশান্তি রক্ষায় কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর।

  • September 16, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের “দায়িত্বশীল তারবিয়াহ মজলিস” অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৫ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) বিকেল ৩টায় সদর এলাকায় এক মহতি “দায়িত্বশীল তারবিয়াহ মজলিস” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি হাফেজ সাইফুল ইসলাম এবং পরিচালনা করেন সহসভাপতি আনওয়ার হুসাইন রিয়াদ। দারসুল কুরআন পেশ করেন সংগঠনের মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ আল মাহমুদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম এবং ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসান।

দায়িত্বশীল তারবিয়াহ প্রশিক্ষণে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক দায়িত্বশীল সদস্য অংশগ্রহণ করেন।
এই আয়োজনে দায়িত্বশীলদের মাঝে আদর্শ, নেতৃত্বগুণ, ইসলামী মূল্যবোধ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই তারবিয়াহ মজলিস মানিকগঞ্জে তরুণ নেতৃত্ব গঠনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।

  • September 15, 2025
  • 0 Comments
পদ্মায় জেলের জালে ১১ কেজির বিশাল কাতল, বিক্রি ১৪ হাজারে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ।
সোমবার ভোরে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় ঘাট এলাকায় জেলে রাজ্জাকের জালে ধরা পড়ে এই দৃষ্টিনন্দন কাতলটি।

পরে মাছটি স্থানীয় আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে উঠানো হলে হাকডাকে ১২ হাজার ৬০০ টাকায় কিনে নেন ব্যবসায়ী ইয়েমেল।
পরে তিনি মাছটি বলড়া বাজারে নিয়ে গেলে বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাসান আলী ১৪ হাজার ৬০০ টাকায় কিনে নেন।

আন্ধারমানিক আড়তের আড়তদার হৃদয় রাজবংশী বলেন, “মাছটি যখন তোলা হয়, সবাই ভিড় করে দেখতে আসে। পদ্মার বিশাল কাতল দেখা এখন বেশ বিরল হয়ে গেছে।”

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম জানান, “পদ্মা নদীতে মাঝে মাঝে বড় সাইজের পাঙাশ, আইড়, চিতল, বোয়াল ও কাতল ধরা পড়ে। আজ সকালে একটি ১১ কেজির কাতল ধরা পড়েছে বলে শুনেছি।”

  • September 15, 2025
  • 0 Comments
ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা: সহপাঠীর সামনেই ঝরে গেল রিয়াদের প্রাণ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে রিয়াদ হোসেন (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে পাটুরিয়া আরসিএল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে রোমান (১৬) নামে আরও এক শিক্ষার্থী।

নিহত রিয়াদ শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের রেজাউল করিমের ছেলে এবং স্থানীয় অক্সফোর্ড একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত রোমান তেওতা একাডেমির একই শ্রেণির ছাত্র।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রিয়াদসহ চারজন মোটরসাইকেলে পাটুরিয়া থেকে উথলীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সেলফি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে রিয়াদ ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত রোমানকে স্থানীয় মুনু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও সেলফি পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

  • September 15, 2025
  • 0 Comments
“পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচন নিয়ে কোন হানাহানি মারামারি থাকবে না” : প্রকৌশলী আশরাফুল আলম

এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জ :
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচন নিয়ে কোন হানাহানি মারামারি থাকবে না। আজকে দেশের জনগন ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং আমরা পরিস্কার ভাষায় দাবী করতেছি যে নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।
তিনি আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডে মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশ একথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভপাত মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মোঃ ফরিদুল ইসলাম, মানিকগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী, মানিকগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মওলানা সামসুদ্দিনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
এসময় বক্তারা রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবী জানান।

  • September 15, 2025
  • 0 Comments
জমি বিরোধের জেরে সাংবাদিকের মা ভাইকে পিটিয়ে আহত

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মা-ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ব্রি-কালিয়াকৈর এলাকায় প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে। 

এঘটনায় ভুক্তভোগীর পরিবারের সদস্য ও সাংবাদিক আজিজুল হাকিম সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জেরে আজিজুল হাকিমের পরিবারের সাথে চাচাত ভাইয়ের বউ মধুমালা বিরোধ করছিলো। এরই জেরে সোমবার সকালে মধুমালা বেগম, তার মেয়ে সুমাইয়া আক্তার, বোন রংমালা আক্তার, বোন জামাই মবজেল ও মধুমালার বাবা তোতা মিয়াসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন বাঁশের লাঠি নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এরপর অভিযুক্তরা ঘরে ঢুকে গালিগালাজ করতে থাকে। এ সময় ভুক্তভোগীর ভাই নান্ন মিয়া প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। হামলার সময় তাদের মা সম্পি বেগম বাধা দিতে গেলে তাকেও কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে জখম করা হয়। পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

আহত নান্ন মিয়া ও সম্পি বেগমকে স্থানীয়দের সহযোগিতায় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যান্য