• September 15, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, জনতার হাতে ধরা পাঁচ বখাটে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পাঁচ বখাটেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা আবুলের বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দশম শ্রেণির এক স্কুলছাত্রী বান্ধবীর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে ইমরান, আশিক, শিপন, ইয়াছিন ও ফরিদ নামের পাঁচ যুবক তার গতিরোধ করে। একপর্যায়ে তারা ওড়না টান দিয়ে ছাত্রীটিকে মাটিতে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করে।

ভুক্তভোগী ছাত্রী ও তার বান্ধবী চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পাঁচ বখাটেকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের শিবালয় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকরা হলেন-তেওতা ইউনিয়নের সাতুরিয়া গ্রামের পান্নু শেখের ছেলে ইমরান শেখ (২৩), একই এলাকার আলী চাঁনের ছেলে আশিক খাঁ (২৪), চরধুবলীয়া গ্রামের মৃত বিষা খাঁর ছেলে শিপন খাঁ (২৪),
পয়লা গ্রামের তোতা শেখের ছেলে ইয়াছিন শেখ (২২), ভাঙ্গাবাড়ি এলাকার মৃত আজাহার আলীর ছেলে ফরিদ শেখ (২০)।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শিবালয় থানায় একটি মামলা দায়ের করেছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ইভটিজিংয়ের দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।”

  • September 15, 2025
  • 0 Comments
সাংবাদিকের বেতন ন্যূনতম ৩৫ হাজার করার প্রস্তাব‘ :নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি বাস্তবায়নের দাবি

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করা এবং সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সব ধরনের গণমাধ্যমের জন্য অবিলম্বে ওয়েজ বোর্ড কার্যকর করার ওপরও জোর দেন বক্তারা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ ও পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব দাবি উঠে আসে। ডিআরইউ এবং জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেক ইতিবাচক সুপারিশ রয়েছে। তবে যেগুলোতে অসংগতি আছে, সেগুলোর সমালোচনা করা জরুরি।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের শাস্তি বাতিল করার সুপারিশের বিরোধিতা করে তিনি বলেন, সমাজে সহিংসতা রোধে এই বিধান থাকা আবশ্যক।

শফিকুল আলম আরও বলেন, ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এটি দ্রুত বাস্তবায়ন করা উচিত।

তিনি সম্পাদক ও প্রকাশকদের ইউনিয়ন থেকে পদত্যাগ করার পরামর্শ দিয়ে বলেন, এটি নীতিগতভাবে ঠিক নয়। অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের জন্য সার্টিফিকেশন ব্যবস্থা চালু করারও প্রস্তাব দেন তিনি।

প্রেস সচিব মনে করেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা হওয়া উচিত। কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার শিকার হলে মালিক পক্ষকে তার দায়ভার নেওয়ার কথাওতিনি বলেন। প্রয়োজনে মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের বিধান রাখার কথাও উল্লেখ করেন শফিকুল আলম।

তিনি আরও প্রস্তাব দেন, মিডিয়া লাইসেন্স পেতে হলে অনলাইন গণমাধ্যমকে ১০-১৫ কোটি, পত্রিকার জন্য ২০ কোটি এবং টিভির জন্য ২৫ কোটি টাকা পর্যন্ত সিকিউরিটি মানি সরকারের কাছে জমা রাখতে হবে। এতে সংকটের সময় সাংবাদিকদের বেতন-ভাতা নিশ্চিত করা যাবে।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন বলেন, নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। সাংবাদিকরা এখনো ‘মবের’ শিকার হচ্ছেন এবং মিডিয়া কাঠামোতে বড় কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেন, ইউনিয়ন ছাড়াও ডিআরইউ, প্রেস ক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠনগুলোকে সরকারি স্বীকৃতি দেওয়া উচিত।

তিনি প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনারও প্রস্তাব দেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, গণমাধ্যম কমিশনের রিপোর্টে স্বচ্ছতা ও সত্যতার ঘাটতি রয়েছে। তাই এই রিপোর্ট রিভিউ করা প্রয়োজন।

ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং রফিকুল ইসলাম আজাদ যথাক্রমে ইউনিটির প্রতিনিধিকে কমিশনে যুক্ত করা এবং সাংবাদিকদের জন্য একটি আলাদা হাসপাতাল নির্মাণের দাবি জানান।

অন্যান্য বক্তাদের মধ্যে ডিবিসি নিউজের সম্পাদক একরামুল হক ভূঁইয়া (লোটন একরাম) টিভি ও অনলাইনকে ওয়েজ বোর্ডের আওতায় আনার কথা বলেন।

ঢাকা মেইল ডটকমের নির্বাহী সম্পাদক হারুন জামিল সাংবাদিকদের জন্য সপ্তাহে দুই দিন ছুটির গুরুত্ব তুলে ধরেন।

ডিআরইউর সহ-সভাপতি গাযী আনোয়ার সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের বিচারের জন্য আলাদা কমিশন গঠনের দাবি জানান।

আলোচনায় আরও বক্তব্য রাখেন মাইনুল হাসান সোহেল, মোতাহার হোসেন মাসুম, মসিউর রহমান খান, মাহমুদুর হাসান, দিদারুল আলম ও হাফিজুল ইসলাম।

  • September 14, 2025
  • 0 Comments
‘ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন’

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি মহোৎসবের নির্বাচন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৪ সেপ্টেম্বর) জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি।

এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, জাতির সত্যিকারের নবজন্ম হবে নির্বাচনের মধ্য দিয়ে। এতো ত্যাগ সার্থক তখনই হবে যদি সে নবজন্ম আমরা লাভ করতে পারি।

গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সবশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়- এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ। যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য।

  • September 14, 2025
  • 0 Comments
ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য মনোনীত হলেন যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পাঁচ নেতাকে বিশ্ববিদ্যালয়ের সিনেটে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা হলেন সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ও সদস্য সাবিকুন নাহার তামান্না।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ডাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা নেতা নই, প্রতিনিধি। শিক্ষার্থীরা যাতে যেকোনো সমস্যা আমাদের সঙ্গে নির্দ্বিধায় ভাগ করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। জয়-পরাজয়ের হিসাব ভুলে আমরা সবাই মিলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।’

জিএস এস এম ফরহাদ বলেন, ‘আমরা সবাই ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থেকে এলেও শিক্ষার্থীদের স্বার্থই এখন হবে আমাদের একমাত্র অঙ্গীকার। শিগগিরই বিভাগভিত্তিক স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হবে।’

ফরহাদ আরও জানান, আবাসিক শিক্ষার্থীদের জন্য হলে আলাদা ফোরাম থাকলেও অনাবাসিক শিক্ষার্থীরা প্রায়ই সমস্যায় পড়েন। তাই সিনেটে পরিবহন সম্পাদককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় জানানো হয়, চলতি মাসেই ডাকসুর পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। পাশাপাশি সিনেট সদস্যদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।

  • September 14, 2025
  • 0 Comments
জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

জাতিসংঘের সাধারণ পরিষদ শুক্রবার বিপুল ভোটে একটি ঘোষণাপত্র অনুমোদন করেছে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে ‘বাস্তবসম্মত, সময় সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপ’ নেওয়ার কথা বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনের ফল হচ্ছে সাত পৃষ্ঠার এই ঘোষণাপত্র। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অংশগ্রহণ করেনি।

সাধারণ পরিষদে ঘোষণাপত্রকে সমর্থন জানিয়ে আনা প্রস্তাবটির পক্ষে ১৪২টি ভোট পড়ে, বিপক্ষে ১০টি দেশ এবং ১২টি দেশ ভোটদানে বিরত ছিল।

এই ভোট হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর নির্ধারিত বিশ্বনেতাদের বৈঠকের আগে, যা জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের ফাঁকে বসবে। এ বৈঠকে ব্রিটেনসহ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে আশা করা যাচ্ছে।

১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদ সমর্থিত এই ঘোষণাপত্রে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে, যা থেকে গাজা যুদ্ধের সূত্রপাত।

এ ঘোষণায় একই সঙ্গে ইসরায়েলের গাজায় বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর হামলা, অবরোধ ও অনাহারের নিন্দা জানানো হয়েছে, যা ‘বিধ্বংসী মানবিক বিপর্যয় ও সুরক্ষা সংকটের জন্ম দিয়েছে।’

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, এই প্রস্তাব হামাসকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করেছে।

তিনি বলেন, ‘আজ প্রথমবারের মতো জাতিসংঘ এমন এক নথি গ্রহণ করেছে, যা হামাসের অপরাধের নিন্দা করেছে এবং তাদের আত্মসমর্পণ ও নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে।’

এই প্রস্তাব সব উপসাগরীয় আরব দেশের সমর্থন পেয়েছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয়। তাদের সঙ্গে ছিল আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে ও টোঙ্গা।

প্রস্তাবে অনুমোদিত ঘোষণাপত্রে বলা হয়েছে, গাজার যুদ্ধ ‘অবিলম্বে শেষ হওয়া উচিত’ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদিত একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের পক্ষে এতে সমর্থন জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র এই ভোটকে ‘আরও একটি ভুল এবং ভুল সময়ে করা লোক দেখানো কাজ’ বলে অভিহিত করেছে, যা সংঘাতের অবসানের জন্য চলমান গুরুতর কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

মার্কিন কূটনীতিক মরগান অর্টাগাস সাধারণ পরিষদকে বলেন, ‘কোনো ভুল ধারণা রাখবেন না, এই প্রস্তাব হামাসের জন্য একটি উপহার। শান্তি প্রতিষ্ঠা করা দূরের কথা, এই সম্মেলন এরই মধ্যে যুদ্ধকে দীর্ঘায়িত করেছে, হামাসকে উৎসাহিত করেছে এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।’

দীর্ঘদিন ধরে জাতিসংঘের সমালোচনা করে আসা ইসরায়েল ৭ অক্টোবরের হামলার জন্য হামাসকে সরাসরি দায়ী করছে না। ঘোষণাপত্রটিকে ‘একপেশে’ আখ্যা দিয়ে ভোটকে ‘নাটকীয় প্রদর্শনী’ হিসেবে বর্ণনা করেছে তারা।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ‘এর একমাত্র সুবিধাভোগী হলো হামাস। যখন সন্ত্রাসীরা উল্লাস করে, তখন আপনি শান্তি প্রতিষ্ঠা করছেন না; আপনি সন্ত্রাসকে উৎসাহিত করছেন।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে আক্রমণে ১ হাজার ২০০ মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এ ছাড়া প্রায় ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল বলে ইসরায়েলের হিসাবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গাজায় চলমান যুদ্ধে ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

  • September 14, 2025
  • 0 Comments
ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটে অভিযুক্ত বিএনপির পদ স্থগিত হওয়া নেতা গ্রেপ্তার

সিলেটের আলোচিত ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের অন্যতম মূল হোতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। রোববার র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন (৫৪) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের মৃত আব্দুল বারীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

র‍্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সাদাপাথর লুটপাটে জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সোয়া ১১টায় র‍্যাব-৯-এর একটি দল সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।

উল্লেখ্য, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ আগস্ট সাহাব উদ্দিনের দলীয় পদ স্থগিত করে বিএনপি। তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোট সাতটি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

  • September 14, 2025
  • 0 Comments
ধানের শীষই দেশের মানুষের মুক্তির পথ : আফরোজা খান রিতা

দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। দেশের মানুষের গণতন্ত্রের প্রকৃত স্বাদ পেতে নির্বাচনের বিকল্প নেই। ধানের শীষই দেশের মানুষের মুক্তির পথ।
আজ রোববার বিকেলে মানিকগঞ্জ সদরের জাগীর উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, ‘বিএনপি সরকার গঠন করতে পারলে নারীরা ক্ষমতায়ন পাবেন। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে। কৃষকেরা তাঁদের ন্যায্যতা পাবেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় দেশের সর্বস্তরের মানুষের স্বার্থের কথা বলা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে।’
নেতা-কর্মীদের উদ্দেশে আফরোজা খানম বলেন, ‘আপনারা এমন কোনো কাজ করবেন না যার জন্য দলের ক্ষতি হয়। আমাদের নিজেদের ঠিক রাখতে হবে কারণ দীর্ঘ সময় আপনারা কষ্ট করেছেন। সেই কষ্টের সময় ভুলে গেলে চলবে না। সেই দুঃশাসনের কথা মনে রেখে আগামীতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। যাতে জনগণ ধানের শীষে আস্থা খুঁজে পায়।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফ হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জাগীর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আফরোজা খানম।

  • September 14, 2025
  • 0 Comments
ইসরাইলি হামলার দুদিন পরেই ট্রাম্পের নৈশভোজে কাতারি প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন। ট্রাম্প ও আল-থানির সঙ্গে এ নৈশভোজে যোগ দেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও বিশেষ দূত স্টিভ উইটকফ। খবর রয়টার্সের।

শুক্রবারের (১২ সেপ্টেম্বর) এ নৈশভোজের মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরাইল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়।

গত ৯ সেপ্টেম্বর গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল।

ওই হামলায় ছয়জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।

ইসরাইলের ওই হামলার পর গাজা যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ওই হামলা গাজায় যুদ্ধবিরতি ও প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনাকে বিপর্যস্ত করার ঝুঁকি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ এ হামলার তীব্র নিন্দা জানায়। এ হামলার পর ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বিরক্তি প্রকাশ করেন এবং কাতারকে আশ্বস্ত করেন যে এমন হামলা আর হবে না।

এমন পরিস্থিতিতেই নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাতারের উপমিশন প্রধান হামাহ আল-মুফতাহ লেখেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে দুর্দান্ত নৈশভোজ। এখনই শেষ হলো। ‘

হোয়াইট হাউস নৈশভোজের বিষয়টি নিশ্চিত করেছে, তবে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

নৈশভোজের আগে শুক্রবার হোয়াইট হাউসে আল-থানি প্রায় এক ঘণ্টা ধরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরাইলের দোহায় হামলার পরিপ্রেক্ষিতে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভবিষ্যৎ ভূমিকা এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে ট্রাম্প জানান, তিনি ইসরাইলের এ হামলায় সন্তষ্ট নন। এছাড়াও তিনি এটিকে ‘একতরফা পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন।

ওয়াশিংটন কাতারকে উপসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী মিত্র হিসেবে গণ্য করে। ইসরাইল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি, ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ-পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনায় কাতার প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

গত মঙ্গলবার আল-থানি ইসরাইলকে শান্তির সম্ভাবনা নষ্টের চেষ্টা করার জন্য দায়ী করেন। তবে তিনি বলেন, কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা থেকে কোনোভাবেই সরানো যাবে না।

  • September 14, 2025
  • 0 Comments
ঘিওরে কালীগঙ্গায় ড্রেজিংয়ে ভয়াবহ ভাঙন আতঙ্ক, ঝুঁকিতে তরা সেতু!

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালীগঙ্গা নদীতে চলছে বেপরোয়া ড্রেজিং। সরকারি অনুমোদিত সীমানা না মেনে সেতুর মাত্র ১০০-১৫০ গজ দূরে ৮টি ড্রেজার বসিয়ে চলছে দিন-রাত বালু উত্তোলন।
ফলে ভয়াবহ নদীভাঙনের মুখে পড়েছে, ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ তরা সেতু, রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, একটি মসজিদ ও একটি মন্দির, শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা।
এ পর্যন্ত পাঁচটি বসতভিটা কালীগঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে।
ভুক্তভোগীরা বলছেন,“আমাদের ঘরগুলো একের পর এক নদীতে চলে যাচ্ছে, ড্রেজিং বন্ধ করতে না পারলে আমাদের থাকার জায়গাটুকুও থাকবে না।”
হামেলা বেগম, স্বামীহারা দিনমজুর, দুই সন্তান নিয়ে আজ ঘরহারা হওয়ার দ্বারপ্রান্তে। ২২ শতাংশ জমির মধ্যে ১৮ শতাংশ হারিয়ে নুরুল ইসলাম দিশেহারা।
বিদ্যালয়ের শিক্ষক নিত্যানন্দ বসাক বলছেন, “ড্রেজিংয়ের শব্দে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রদের মনোযোগ নষ্ট হচ্ছে। সেতু ও স্থাপনাগুলোও হুমকির মুখে!”
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা কামাল হোসেনের নামে ইজারা হলেও প্রকৃত নিয়ন্ত্রক মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ। জানা গেছে, ১০০টি শেয়ার বিক্রি করে এই বিপজ্জনক ড্রেজিং কার্যক্রম চালানো হচ্ছে।

এব্যাপারে জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, “নির্ধারিত সীমানার বাইরে বালু তুললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে ইজারা বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হবে।”

কিন্তু এলাকাবাসীর প্রশ্ন, তরা সেতু কি পরিণত হবে পরবর্তী নদীগর্ভে হারানো ইতিহাসের অংশ? প্রশাসনের ব্যবস্থা আসবে, না ততদিনে বিলীন হয়ে যাবে ঘরবাড়ি, স্কুল আর মসজিদ?।

  • September 13, 2025
  • 0 Comments
কালিগঙ্গা নদী‌ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মানিকগঞ্জের কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক মাঝ বয়সী পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে লাশের পরিচয় সনাক্তের কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বেঙ্গরই গ্রামে উজানের স্রোতে ভেসে আসা লাশটিকে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশের খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার এবং শনাক্তের চেষ্টা চালান।

এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন। 

তিনি বলেন, লাশ শনাক্তের জন্য পিবিআই, সিআইডি এবং র‍্যাবের যৌথ টিম ঘটনাস্থলে আসছেন। তারা এসে লাশের পরিচয় সনাক্তের জন্য কাজ করবেন এরপর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। লাস উদ্ধারের পর পরিচয় সনাক্তের মাধ্যমে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

অন্যান্য