মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ এলাকায় ব্যক্তিগত স্বার্থে সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতুর মুখ মাটি দিয়ে ভরাট করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয়রা।

এতে দীর্ঘদিনের পানি নিষ্কাশনের পথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় শঙ্কিত কৃষকরা জানান—বর্ষা মৌসুমে শত একর আবাদি জমি জলাবদ্ধ হয়ে পড়বে। এতে ধ্বংস হবে ফসল, ব্যাহত হবে চাষাবাদ।

এই পরিস্থিতির প্রতিবাদে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে হরগজ বাজারে ভুক্তভোগী কৃষক ও স্থানীয় জনগণের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী কাজী মো: শহীদুল্লাহ, কৃষক দেলোয়ার হোসেন, সাইদুর রহমান ও বেলাল আহম্মেদ। বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে সেতুর মুখে মাটি ফেলে পানি চলাচলের পথ আটকে দেওয়া হয়েছে। অথচ এই সেতুটি মূলত কৃষিজমি থেকে পানি নিষ্কাশনের জন্য নির্মিত হয়েছিল। এখন মুখ বন্ধ করে দেওয়ায় পুরো এলাকার শত শত কৃষক ক্ষতির মুখে পড়বে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন জানান—“এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”