• October 29, 2025
  • 0 Comments
শিবালয়ে পরকীয়ার জেরে নৃশংস হত্যা: মূলহোতা গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। পরকীয়ার টানাপোড়েনে এক নারী ও তার তিন বছরের শিশু কন্যাকে নির্মমভাবে হত্যা করেছে প্রেমিক সুজন (২৭)। র‍্যাবের বিশেষ অভিযানে অবশেষে ধরা পড়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের মূলহোতা।

র‍্যাব জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে টাঙ্গাইলের নাগরপুর এলাকায় অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়।

নিহতরা হলেন, শিবালয়ের জাফরগঞ্জ ভাঙ্গাবাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল রাজ্জাক শেখের স্ত্রী স্মৃতি বেগম (৩০) এবং তাদের একমাত্র কন্যা মরিয়ম (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতুরিয়া গ্রামের সাঈদ শেখের ছেলে বিদেশ ফেরত সুজনের সঙ্গে স্মৃতির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি সুজন দেশে ফেরার পর সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় স্মৃতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সুজন।

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে স্মৃতিকে ফোনে ডেকে নেয় সে। স্থানীয় এক পেয়ারা বাগানে নিয়ে গলা টিপে হত্যা করে স্মৃতিকে। এ সময় ঘটনাটি দেখে ফেলায় মাত্র তিন বছরের কন্যা মরিয়মকেও হত্যা করে সে। শিশুটির মরদেহ দড়ি বেঁধে যমুনা নদীতে ফেলে দেয়, আর স্মৃতির লাশ বস্তায় ভরে নদীতে নিক্ষেপ করে পালিয়ে যায়।

পরদিন সকালে নদীর তীরে ভেসে ওঠে ছোট্ট মরিয়মের মরদেহ। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তার মা স্মৃতি।

স্মৃতির স্বামী আব্দুল রাজ্জাক শেখ বলেন,“সেদিন রাতে আমি মাছ ধরতে নদীতে ছিলাম। সকালে শুনি, আমার মেয়ের লাশ নদীতে ভেসে উঠেছে। এরপর থেকেই স্ত্রী নিখোঁজ। আমি ঘাতক সুজনের ফাঁসি চাই।”

শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন জানান,“২৪ অক্টোবর সকালে নদীতে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে দেখা যায়, স্মৃতির মোবাইলের কললিস্টেই লুকিয়ে আছে রহস্যের চাবিকাঠি। সেই সূত্র ধরে র‍্যাব সুজনকে আটক করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী স্মৃতির লাশ উদ্ধারের চেষ্টা চলছে।”

এই মর্মান্তিক ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

  • October 29, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে আলোচিত রাব্বি হত্যা মামলার আসামি আটক

মানিকগঞ্জের আলোচিত রাব্বি হত্যা মামলার মূল আসামি রাতুলকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৪, সিপিসি-৩ (মানিকগঞ্জ) ও র‌্যাব-১১, সিপিসি-২ (কুমিল্লা) এর যৌথ অভিযানে মঙ্গলবার চাঁদপুর সদর থানার মনিহার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাতুল মানিকগঞ্জ সদর উপজেলার মধ্য পুটাইল এলাকার বাসিন্দা। সে লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহত রাব্বি একই এলাকার কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

র‌্যাব জানায়, ব্যক্তিগত বিরোধের জেরে ১১ অক্টোবর কালীগঙ্গা নদীর পশ্চিম পাড়ে লক্ষ্মী পূজার মেলায় রাব্বির ওপর ছুরিকাঘাত করে রাতুল ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাব্বিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় রাব্বির মা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। আটক রাতুলকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

  • October 29, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের স্মারকলিপি : প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা,২৯ অক্টোবর 

খুরচা সার ব্যবসা টিকিয়ে রাখা ও কৃষি উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে বিদ্যমান সার বিক্রয় নীতিমালা পুনর্বিবেচনার দাবিতে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন দেশের অন্যান্য জেলার মতো মানিকগঞ্জেও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।

এর স্মারকলিপিতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নিবেদন জানিয়ে বলেন খুচরা সার বিক্রেতা ও তাদের পরিবার সহ পাঁচ কোটি কৃষক সরাসরি সুবিধাভোগী ও সেবাগ্ৰহীতা আর্থিকভাবে, লাইসেন্স বাতিল প্রক্রিয়ার ক্ষতিগ্রস্ত হবে। যার নেতিবাচক প্রক্রিয়া দেশের তৃণমূলে আঘাত হানবে। তাই খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বলবৎ ও চলমান রেখে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অফ বাংলাদেশ এর টি.ও নিবন্ধন পেতে প্রয়োজনীয় ব্যবস্থাপনার দাবি জানান তারা।

নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান নীতিমালায় সার বিক্রেতাদের ন্যায্য সুযোগ না থাকায় কৃষক পর্যায়ে সারের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত বিদ্যমান নীতিমালা পুনর্বিবেচনা করে খুচরা বিক্রেতাদের টিকে থাকার সুযোগ সৃষ্টি করা হোক, যাতে কৃষি উৎপাদন অব্যাহত থাকে।

এ সময় উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক শেখ শরিফ আহমেদ, সিংগাইর উপজেলার সভাপতি মোঃ আজিজুল হক, সাটুরিয়া উপজেলার সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে সার ব্যবসা ও কৃষি উৎপাদন উভয়ই টিকে থাকে।

  • October 28, 2025
  • 0 Comments
সাটুরিয়ায় নিখোঁজের এক দিন পর নদী থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর নদী থেকে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সাটুরিয়া সদর ইউনিয়নের বৈলতলা গ্রামের গাজীখালী নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু মুরাদ (৬) বৈলতলা গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র এবং স্থানীয় এক মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মুরাদ বাড়ির পাশে নদীর ধারে খেলতে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সারারাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে স্থানীয়রা গাজীখালী নদীতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রনজিৎ সাহা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।”

ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • October 28, 2025
  • 0 Comments
নির্বাচনে ভাইটাল রোল প্লে করবে আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবচেয়ে বেশি নিয়োজিত থাকবে এবং তারা ভাইটাল রোল প্লে করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে ট্রাস্টের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৩১টি যানবাহনের হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আনসারদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। এবারে প্রথম প্রিজাইডিং অফিসারের সঙ্গে হাতিয়ারসহ একজন আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনে মোট নয়দিন আনসার সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচনের সময় ভাইটাল রোল প্লে করবে আনসার সদস্যরা।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থ পরোয়া না করে নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে জাতির সেবায় নিয়োজিত থাকে। দেশের সর্ববৃহৎ এ বাহিনীর সদস্যদের বিভিন্ন প্রয়োজনে যাতায়াতজনিত সমস্যার সম্মুখীন হতে হয়।

তাদের এ ভোগান্তি লাঘব ও সুবিধ বৃদ্ধির লক্ষ্যে আজকের ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে।

বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার পরিবহন খাতে ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট ৩১টি যানবাহন কেনা হয়েছে। এটি নিঃসন্দেহে ট্রাস্টি বোর্ডের দুরদর্শিতা পরিকল্পনা। যা বাহিনীর সদস্যদের নতুন মাত্রা যুক্ত করবে, যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে উদ্ধার তত বৃদ্ধি পাবে।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • October 28, 2025
  • 0 Comments
আসন ছাড় নিয়ে বিএনপিতে ‘অস্থিরতা’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ঘিরে বিএনপির রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। মিত্র দলগুলোর কিছু নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবীরা ‘সম্ভাব্য প্রার্থী’ হিসেবে আলোচনায় আসায় আসনভিত্তিক নেতৃত্ব নিয়ে দলের ভেতরেই তৈরি হয়েছে ক্ষোভ ও অসন্তোষ।

দীর্ঘদিন মাঠে থেকে সংগঠন ধরে রাখা স্থানীয় নেতাদের অভিযোগ, এলাকার বাইরের প্রার্থী ও মিত্র দলের প্রতিনিধিদের অগ্রাধিকার দিয়ে তৃণমূল নেতাদের উপেক্ষা করা হচ্ছে। এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, এর পেছনে কাজ করছে দলে প্রভাব বিস্তার ও গ্রুপভিত্তিক তদবিরের রাজনীতি।

নাম প্রকাশ না করার শর্তে থানা বিএনপির একজন নেতা জাগো নিউজকে বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা এখানে সংগঠন টিকিয়ে রেখেছি। এখন বাইরে থেকে কেউ এসে নেতৃত্ব নেবে—এটা মেনে নেওয়া কঠিন।’

আরেকজন নেতা বলেন, ‘মাঠের বাস্তবতা না বুঝে প্রার্থী নির্ধারণ করা হলে তৃণমূলের প্রতিক্রিয়া সামলানো কঠিন হবে।’

‘বিএনপির পক্ষ থেকে ববি হাজ্জাজের জন্য কাজ করার কোনো নির্দেশনা এখনো পাইনি। সার্বিক বিষয় বিবেচনা করে দল যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।’— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম

তবে কেন্দ্রীয় নেতারা জানান, এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘দলীয় স্বার্থই আমাদের মুখ্য বিষয়। মিত্রদের সঙ্গে আলোচনা চলছে, তবে তৃণমূলকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

বিভিন্ন আসনে অস্বস্তি
দলীয় সূত্রে জানা যায়, ঢাকার অন্তত দশটি আসনসহ দেশের বিভিন্ন এলাকায় মিত্র দল বা সুশীল সমাজের প্রতিনিধিদের সম্ভাব্য প্রার্থী করা নিয়ে আলোচনা চলছে।

ঢাকা–১৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম দীর্ঘদিন ধরে সংগঠন টিকিয়ে রেখেছেন। তবে সম্প্রতি মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক সম্ভাব্য প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে পরিচয় করানোর পর স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য আলমগীর হোসেন লাবু বলেন, ‘১৩ বছর ধরে আমরা আবদুস সালামের নেতৃত্বে কাজ করছি। এখন বাইরে থেকে কাউকে আনা হলে তা কর্মীদের জন্য অন্যায্য হবে।’

৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়সাল ভুঁইয়া সোহেল বলেন, ‘দলের বাইরে কাউকে প্রার্থী করা হলে তৃণমূল হতাশ হবে, ভোটাররাও মুখ ফিরিয়ে নিতে পারে।’

দল যদি রাশেদকে মনোনয়ন দেয়, এ আসন হারাবে। রাশেদ এখানে সক্রিয় নন। তার তেমন কোনো স্থানীয় সমর্থকও নেই।- ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম জাগো নিউজকে বলেন, ‘দলের পক্ষ থেকে ববি হাজ্জাজের জন্য কাজ করার কোনো নির্দেশনা এখনো পাইনি। সার্বিক বিষয় বিবেচনা করে দল যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।’

ঢাকার বিভিন্ন আসনে বিএনপি-মিত্রদের সম্ভাব্যপ্রার্থী তালিকা
ঢাকা–৬: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন ও মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পাশাপাশি গণফোরামের সুব্রত চৌধুরীর নাম আলোচনায়।

ঢাকা–৭: বিএনপির মীর নেওয়াজ আলী, হামিদুর রহমান হামিদ ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার মনোনয়নপ্রত্যাশী। মিত্র দলের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হকের নাম শোনা যাচ্ছে।

ঢাকা–৮: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিপরীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আছেন আলোচনায়।

ঢাকা–১০: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবির সঙ্গে আলোচনায় আছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা–১১: বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমের পাশাপাশি আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা–১২: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল ও নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম নীরব। অন্যদিকে, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও তাসলিমা আখতার।

ঢাকা–১৪: বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুর বিপরীতে মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

ঢাকা–১৭: বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামাল জামান মোল্লার বিপরীতে মিত্র দল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

ঢাকা–১৮: বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এম জাহাঙ্গীর, জেএসডির তানিয়া রব ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও রয়েছেন আলোচনায়।

ঢাকার বাইরের আসনেও অস্বস্তি
ঝিনাইদহ-২ সংসদীয় আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপির জেলা সভাপতি আব্দুল মজিদ ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

জানতে চাইলে আসন্ন নির্বাচন প্রসঙ্গে আব্দুল মজিদ বলেন, ‘দল যদি রাশেদকে মনোনয়ন দেয়, এ আসন হারাবে। রাশেদ এখানে সক্রিয় নন। তার তেমন কোনো স্থানীয় সমর্থকও নেই।’

তিনি বলেন, ‘স্থানীয় নেতাদের মতে, রাশেদ খাঁন কেন্দ্রীয় রাজনীতিতে পরিচিত হলেও ঝিনাইদহে বিএনপির সাংগঠনিক বাস্তবতা সম্পর্কে তেমন ধারণা নেই। স্থানীয়রা চান— এ আসনে ‘বাইরের প্রার্থী’ নয়, স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত নেতাকেই মনোনয়ন দেওয়া হোক।’

পটুয়াখালী–৩ সংসদীয় আসন নিয়ে প্রচারণায় ব্যস্ত বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নির্বাচন নিয়ে জানতে চাইলে হাসান মামুন বলেন, ‘নুরকে ছেড়ে দিলে বিএনপি এ আসন হারাবে। স্থানীয়রা বিএনপির প্রার্থী চায়, কোনো মিত্র দলের কাউকে নয়।’

তৃণমূলের নেতারা জানান, বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক ঘাঁটি এ আসনে নতুন মুখ এলে কর্মীদের মনোবল দুর্বল হবে। ফলে স্থানীয় প্রার্থী ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে দলীয় ঐক্যে ভাঙন ধরতে পারে।

সূত্র জানায়, বিএনপি অন্তত ৫০ থেকে ৭০টি আসনে মিত্রদের ছাড় দিতে পারে। তবে এসব আসনে দীর্ঘদিন কাজ করা স্থানীয় নেতারা এখন মনোনয়ন হারানোর আশঙ্কায় রয়েছেন।

ঢাকা-১২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম বলেন, ‘দল সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে, আর দলের সিদ্ধান্তই চূড়ান্ত।’

ঢাকা–১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী এস এম জাহাঙ্গীর বলেন, ‘দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেবো। তবে তৃণমূলের পছন্দের প্রার্থী মনোনয়ন না পেলে তাদের মন খারাপ হবে।’

অতীতের অভিজ্ঞতা থেকে সতর্কতা

বিএনপির অনেক নেতা মনে করছেন, অতীতে মিত্র দলের প্রার্থী মনোনয়ন দেওয়ায় দল বিব্রত হয়েছিল। যেমন— মিরপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ধানের শীষে ৬১ হাজার ভোট পান। গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খান ধানের শীষে জয়ী হলেও পরে দল থেকে সরে যান।

তাদের মতে, ঢাকা শহরের আসনগুলো বিএনপির রাজনীতির প্রাণকেন্দ্র। এখানে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত নয় এমন বা বিতর্কিত প্রার্থী আনা হলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগও জনপ্রিয়তার চেয়ে তারকা, আমলা বা বাইরের লোক দিয়ে এমপি বানিয়ে ভুগেছে। বিএনপির সেই ভুল না করা উচিত।

তৃণমূলের মতে, মিত্রদের সমন্বয় অবশ্যই জরুরি, তবে স্থানীয় বাস্তবতা উপেক্ষা করলে ঐক্যের এ কৌশলই উল্টো অস্বস্তির ফাঁদে পরিণত হতে পারে।

নভেম্বরেই সিদ্ধান্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নভেম্বর মাসের মধ্যেই ২০০ আসনে এককপ্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। শরিকদের সঙ্গে আলোচনা চলছে। যারা মনোনয়ন পাবেন না, তাদেরও যথাযথভাবে মূল্যায়ন করা হবে।

  • October 28, 2025
  • 0 Comments
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করা হবে : জামায়াত আমির

সন্তানের হক আদায় করার জন্য নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবো উল্লেখ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, কর্মক্ষেত্রে আমারও আট ঘণ্টা তারও (নারীর) আট ঘণ্টা, এটা কি তার ওপর অবিচার নয়? আমরা ক্ষমতায় গেলে ইনশআল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেবো। তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইনসাফ। এটা কোনো দয়া নয়।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আমরা যদি আট ঘণ্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘণ্টা করি তাহলে মায়েরা এতই সিনসিয়ার এতই কমিটেড যে, তারা চিন্তা করবে সরকার আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত আট ঘণ্টার কাজ পাঁচ ঘণ্টায় করে দেওয়া।

গত রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ব্যাপারে বদনাম দেওয়া হয় যদি আমরা ক্ষমতায় যাই, মহিলাদেরকে তালা দিয়ে ঘরের ভিতরে রেখে দেবো। অতো তালা কিনার পয়সা কোথায় পাবো? আমাদের কি মা-বোন নেই? আমাদের সবার মা-বোন আছে। তারা কি শিক্ষাদীক্ষা নেয়নি? তারা কি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে না? আলহামদুলিল্লাহ সবাই রাখছে।

গত রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ব্যাপারে বদনাম দেওয়া হয় যদি আমরা ক্ষমতায় যাই, মহিলাদেরকে তালা দিয়ে ঘরের ভিতরে রেখে দেবো। অতো তালা কিনার পয়সা কোথায় পাবো? আমাদের কি মা-বোন নেই? আমাদের সবার মা-বোন আছে। তারা কি শিক্ষাদীক্ষা নেয়নি? তারা কি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে না? আলহামদুলিল্লাহ সবাই রাখছে।

আমির প্রশ্ন রেখে বলেন, আমরা কি তাদেরকে বলেছি যে তোমরা বোরকা পড়ো, হেজাব পড়ো, নেকাব দাও। কাউকে বলিনি। তারা তাদের ইজ্জতের প্রটেকশনের জন্য এটা নিয়েছে। এখনকার সমাজে আমাদের মা-বোনরা নিগ্রহের শিকার হন, বঞ্চনার শিকার হন, কর্মস্থলে গিয়ে তাদের ইজ্জত ও জীবন অনেক ক্ষেত্রেই বিপন্ন হয়।

রাসূলে সাল্লাল্লাহু আঃ সাল্লাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নিয়ে গেছেন। আল্লাহর রাসূল কোনো যুদ্ধে এমন যাননি, যেখানে তার একজন বিবি তার সঙ্গী হননি। যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আমাদের মা-বোনেরা অংশগ্রহণ করতে পারেন, তাহলে সমাজের কোনো জায়গাটা আছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না। তাই সমাজ বাধ্য হবে দুটি জিনিস তাদেরকে নিশ্চিত করতে। একটি তাদের নিরাপত্তা আরেকটি হলো তাদের ইজ্জত। এই দুইটা দিতেই হবে, যোগ করেন জামায়াত আমির।

তিনি বলেন, আমাদের বলা হয়, তোমরা গেলে অমুসলিমদের কি হবে। আমি বলি, আল্লাহ কি শুধু মুসলমান পয়দা করছেন? তাদেরকেকে পয়দা করেন নাই? তাদের রিজিক কি আপনি আমি দেই? তাদের রিজিক দেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা এই দেশের নাগরিক, তাদের অধিকার আছে। তাদেরকে আল্লাহ মেধার নিয়ামত দিয়েছেন। যদি তাদের মাঝে মেধা থাকে, সততা থাকে, দেশপ্রেম থাকে, তাহলে সে তার উপযুক্ত জায়গায় যাবে এটাই তার প্রতি ইনসাফ। যদি কোনো জায়গায় তাকে বের করে দেওয়া হয়, এটা হল বে-ইনসাফ।

  • October 28, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ: জমি নিয়ে উত্তপ্ত উত্তর মকিমপুর

মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর মকিমপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে মকিমপুর ও বারাহিরচর গ্রামের শতাধিক গ্রামবাসী।
সোমবার সকালে প্রায় ঘণ্টাব্যাপী এই রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২২ জন

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে দুই গ্রামের মধ্যে একটি জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। সোমবার সকালে জমিতে কাজ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বিতণ্ডা থেকে শুরু হয় ইটপাটকেল ও লাঠিসোঁটার যুদ্ধ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

আহতদের মধ্যে দুজন নারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে, বাকি আহতরা বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, “বছরের পর বছর ধরে চলা এই বিরোধের স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় সংঘর্ষের আশঙ্কা রয়েছে।”

  • October 26, 2025
  • 0 Comments
মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে ভুয়া আইনজীবী আটক

মানিকগঞ্জে আবারও আলোচনায় প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা! হত্যা মামলার আসামিকে জামিন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে স্থানীয় আইনজীবীরা।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে মানিকগঞ্জ আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য ও ভুক্তভোগীর স্বজনরা মিলে ওই ভুয়া আইনজীবীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃত ব্যক্তির নাম স্বপন মিয়া (পিতা: নাজিমুদ্দিন), তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মীর হাটাইল গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরনে জানা গেছে, হত্যা মামলায় গ্রেফতার হওয়া এক আসামির জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে স্বপন মিয়া নেন এক লাখ সাত হাজার টাকা। পরে হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরি করে দাবি করেন আসামির জামিন হয়ে গেছে, এবং আবারও দাবি করেন আরও ২৫ হাজার টাকা। সন্দেহজনক আচরণের কারণে বিষয়টি প্রকাশ পেলে আইনজীবী সমিতির সহায়তায় তাকে আটক করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, “ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় আদালত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং অনেকে দাবি করেন—আইন পেশার মর্যাদা রক্ষায় এমন ভুয়া আইনজীবীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

  • October 26, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে যাত্রা শুরু করলো কনফিডেন্স ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন মানরা এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই নতুন শিক্ষাপ্রতিষ্ঠানটির। উদ্বোধন করেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফিডেন্স গ্রুপ অব এডুকেশন-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমান, মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা পরিষদ, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

২০১১ সালে পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে সূচনা করা কনফিডেন্স গ্রুপ অব এডুকেশন, এবার নতুন দিগন্তে পা রাখল—সাধারণ শিক্ষা, ইংরেজি মাধ্যম ও হিফজুল কুরআন শিক্ষার সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ হিসেবে। প্রথম ধাপে প্লে থেকে ক্লাস ওয়ান পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক সব শ্রেণিতে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এই উদ্যোগের মাধ্যমে মানিকগঞ্জে আধুনিক প্রযুক্তিনির্ভর ইসলামিক শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হলো।

অন্যান্য