• November 2, 2025
  • 0 Comments
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভ ও সড়ক অবরোধ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক আল রোমানকে শ্রেণিকক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে রাস্তায় নামে শিক্ষার্থীরা!

রবিবার (২ নভেম্বর) দুপুরে শতাধিক শিক্ষার্থী মানিকগঞ্জ–হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবি, বিদ্যালয় কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় সাদ্দাম হোসেনসহ বহিরাগত কয়েকজন শিক্ষক আল রোমানকে শ্রেণিকক্ষে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে তারা রাস্তায় নামে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম বলেন, “বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

  • November 2, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাগীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে আজ সন্ধ্যায় জাগীর মেঘশিমুল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
জাকির হোসেন সদর উপজেলার গাড়াকুল এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছিলেন তার ছেলে রাশেদ রায়হানের উকিল বাবা।
তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় (মানিকগঞ্জ থানার মামলা নং- ০৫(১২)২৪) এজাহারভুক্ত ৩৭ নং আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।

  • November 1, 2025
  • 0 Comments
মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন: সভাপতি খোরশেদ, সম্পাদক লিটন

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ সভায় দুই বছর মেয়াদি এই কমিটি গঠিত হয়।
উপদেষ্টা পরিষদে রয়েছেন- গোলাম সারোয়ার ছানু (চ্যানেল আই), জাহাঙ্গীর আলম বিশ্বাস ( আরটিভি), আবুল কালাম আজাদ (এটিএন নিউজ), আহমেদ সাব্বির সোহেল (এনটিভি), গাজী ওয়াজেদ আলম লাবলু (মাছরাঙা টেলিভিশন), মনিরুল ইসলাম মিহির (একাত্তর টিভি), কাবুল উদ্দিন খান (নিউজ টোয়েন্টিফোর)।
কার্যকরী পরিষদে রয়েছেন- সভাপতি- বি. এম খোরশেদ (যমুনা টেলিভেশন), সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী ( চ্যানেল২৪) ও রিপন আনসারী (গাজীটিভি), সাধারণ সম্পাদক-আশরাফুল ইসলাম লিটন (ডিবিসি), যুগ্ম সাধারণ সম্পাদক- আর. এস মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), সহসাধারণ সম্পাদক-মোঃ ইউসুফ আলী (সময় টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ আব্দুল আলীম (দেশ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী (এসএ টিভি), দফতর সম্পাদক আজিজুল হাকিম (মাইটিভি), প্রচার সম্পাদক-অহিদুর রহমান রানা (বাংলা টিভি), র্নিবাহী সদস্য- শহিদুল ইসলাম সুজন (এটিএন বাংলা), আকরাম হোসেন (বাংলা ভিশন), রাশেদুর রহমান চৌধুরী (এশিয়ান টিভি), আসাদ জামান (এখন টেলিভিশন) ও সুজন মোল্লা (গ্লোবাল টিভি)।
এর আগে, টিআরইউ এর সভাপতি মনিরুল ইসলাম মিহিরের সবাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আহমেদ সাব্বির সোহেল ও কাবুল উদ্দিন খান।
বক্তারা বলেন, পেশাগত স্বার্থ রক্ষায় এই সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মানিকগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতেই টিআরইউ’র মূল লক্ষ্য। এই কমিটি গঠনের মধ্য দিয়ে মানিকগঞ্জের টেলিভিশন সাংবাদিক সমাজে এক নতুন উদ্দীপনা ও পেশাগত মানোন্নয়নে ভূমিকা রাখবে।

  • November 1, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে মা ও মেয়ে হত্যার রহস্য উন্মোচন করলো পুলিশ

মানিকগঞ্জে পরকীয়া প্রেমের বলি হয়ে জীবন দিয়েছে মা ও মেয়ে। হত্যার আসল রহস্য উন্মোচন করলো পুলিশ। এঘটনার মূল আসামি মোঃ সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) বেলা ৩ টার দিকে হত্যা রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের বিষয়ে সংবাদ সন্মেলন করেন জেলা পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন।
প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত মো. সুজন শেখ (২৭)–কে টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেনের নেতৃত্বে গঠিত বিশেষ অভিযানে মঙ্গলবার (২৯ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুনের তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, নিহত সিথি আক্তার স্মৃতি (২৩) স্থানীয় জেলে আব্দুল রাজ্জাকের তৃতীয় স্ত্রী। তিনি তার দুই কন্যা সন্তান, বাবা-মা ও স্বামীর সঙ্গে রঘুনাথপুর (গোয়ারিয়া) এলাকায় বসবাস করতেন। গত ২৪ অক্টোবর সকালে রাজ্জাক মাছ ধরার পর বাড়ি ফেরার পথে জানতে পারেন তার তিন বছর বয়সী মেয়ে মরিয়মের মরদেহ যমুনা নদীর পাড়ে জামাল মিয়ার পেয়ারা বাগানের পাশে পড়ে আছে। শিশুটির গলায় ওড়না পেঁচানো ছিল। ঘটনার পর থেকেই স্ত্রী সিথি আক্তার নিখোঁজ ছিলেন। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজ্জাক শিবালয় থানায় মামলা করেন।
তদন্তে পুলিশ জানতে পারে, নিহত সিথি আক্তারের সঙ্গে সুজন শেখের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সুজন বিদেশ (সৌদি আরব) থেকে দেশে ফিরে অন্যত্র বিয়ে করার প্রস্তুতি নিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে সিথি তাকে একাধিকবার ফোন করে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু সুজন রাজি না হওয়ায় ঘটনার দিন রাতে কৌশলে সিথিকে শিবালয়ের বাক্কারের পেয়ারা বাগানে ডেকে নেয়। পরে পূর্বপরিকল্পিতভাবে সে প্রথমে সিথিকে শ্বাসরোধে হত্যা করে এবং পরে তার তিন বছরের মেয়ে মরিয়মকেও হত্যা করে।
এরপর সিথির মরদেহ বস্তাবন্দি করে যমুনা নদীতে ফেলে দেয় এবং মেয়ের মরদেহকেও ওড়না দিয়ে বেঁধে নদীতে নিক্ষেপ করে। পরে মরিয়মের লাশ ভেসে এসে নদীর পাড়ে উঠে আসে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সুজন হত্যার দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ। পরে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এ ঘটনায় পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বলেন, “ঘটনার পর থেকেই আমাদের টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যায়। শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারে সফল হয়েছি।”

  • November 1, 2025
  • 0 Comments
মানবতার ব্রত নিয়ে মানিকগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা

মানবতার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শনিবার (১ নভেম্বর) মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় এলাকার দুই সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীরা বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ পান।

এ সময় মেডিসিন, সার্জারি, গাইনি এন্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক কান গলা (ইএনটি), ডেন্টাল, স্ক্রিন এন্ড ভিডি (চর্ম ও যৌন), চক্ষু এবং শিশু ও অনবজাতক মোট দশটি বিভাগে দুজন করে ২০ জন কনসালটেন্স এই স্বাস্থ্যসেবা প্রদান করেন। প্রতি বিভাগে কনসালটেন্সদের সাথে দুই থেকে তিন জন করে সেবিকা সহায়তা করেন। ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন এবং মার্কেটিং টিমের অর্ধ শতাধিক সদস্য। পাশাপাশি কাজ করেছে জেলা ছাত্রদলের স্বেচ্ছাসেবক টিম।

দুপুরে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা এই স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম, মুন্নু হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, ডেন্টাল সার্জন ডা. কুদরত-ই হাসান, সার্জারি বিশেষজ্ঞ এসিস্টেন্ট প্রফেসর ডা. জেসমিন আরেফিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। 

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম বলেন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। সেবার ব্রত নিয়েই হাসপাতালটি প্রতিষ্ঠা হয়েছে। এই হাসপাতালে মানিকগঞ্জ বাসির জন্য সারা জীবন স্বল্প মূল্যে সেবা দেওয়া হবে। স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্যই এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। পর্যায়ক্রমে এ কার্যক্রমের সুফল পাবে পুরো জেলাবাসী। জেলার প্রতিটা এলাকায় চলবে এই বিনামূল্যে স্বাস্থ্য সেবা। 

মানবতার সেবাই মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার আব্দুল করিম‌ বলেন, মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা’র নির্দেশনায় আমাদের এই সেবামূলক কার্যক্রম। আমরা বিশ্বাস করি– মানুষের জন্য কাজ করাই প্রকৃত মানবতা। অসহায় মানুষের পাশে থেকে তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াই আমাদের অঙ্গীকার। 

তিনি আরো জানান, সেবা নিতে আসা রোগীরাদের পরবর্তীতে হাসপাতালের যে কোন সেবা স্বল্পমূল্যে দেওয়া হবে। পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ, অপারেশনে ৩০ শতাংশ ছাড় পাশাপাশি ছাড় পাবে বেড ভাড়ায়। এবং কি গরিব রোগীদের জন্য বিনামূল্যে হাসপাতালে সকল ধরনের সেবা প্রদান করা হবে। 

  • October 30, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা :

মানিকগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজান্তা।
জানা যায়, সদর হাসপাতাল গেট সংলগ্ন মডার্ণ ফার্মেসী-তে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের প্রমাণ মেলে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শহীদ রফিক সড়ক এলাকায় অবস্থিত স্বপ্ন ইলেকট্রিক অ্যান্ড ভ্যারাইটিজ নামের প্রতিষ্ঠানে সুপারস্টার ব্র্যান্ডের নকল ইলেকট্রিক পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আইন অনুযায়ী (ধারা ৭৬(৪)), অভিযোগকারীকে আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১২,৫০০ টাকা প্রণোদনা হিসেবে প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মানিকগঞ্জ পুলিশ লাইনসের সদস্যবৃন্দ এবং মানিকগঞ্জ জেলা ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলাম।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নকল ও ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

  • October 30, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা :

মানিকগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলা শহরের কালেক্টর মসজিদের দোতলায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ক্বারী ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ নাসির উদ্দিন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুফতি শাহ সাঈদ নূর, ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি ইমরান নুরুদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন এনপিআই’র প্রিন্সিপাল প্রকৌশলী ড.ফারুক হোসেন,কোর্ট মসজিদের খতিব মাওলানা মুফতি রফিকুল ইসলাম, সরকারি দেবেন্দ্র কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, পশ্চিম সেওতা জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের হোসেন ফরাজী,সহ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা থেকে মোট ১৫৯ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। তন্মধ্যে ৩০ জনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয় এবং অনুষ্ঠানের শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করার আগ্রহ বৃদ্ধি ও কোরআনের চর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

  • October 30, 2025
  • 0 Comments
“সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে”: বিচারপতি এ কে এম আবদুল হাকিম

মানিকগঞ্জ প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপসাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সাবেক বিচারপতি এ কে এম আবদুল হাকিম।

তিনি বলেন,“বর্তমান এই ফেইক ও এআই-এর যুগে ফেইকটাকে অরিজিনাল মনে হয়, আর অরিজিনালকে ফেইক মনে হয়!
তাই সাংবাদিকদেরই হতে হবে সত্য ও বাস্তবের রক্ষাকবচ।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ও জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা,পুলিশ সুপার মোছাঃ ইয়াছসমিন খাতুন,
বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব মো. আব্দুস সবুর, জেলা তথ্য অফিসার নূর হোসেন ।

কর্মশালায় মানিকগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬৫ জন সাংবাদিক অংশ নেন।
দিনব্যাপী সেশন শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করা হয়।
বিচারপতি হাকিম বলেন,“গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না। এই আয়না যদি মলিন হয়, তাহলে পুরো সমাজই অন্ধকারে ঢেকে যাবে।”

  • October 30, 2025
  • 0 Comments
দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : ড. আসিফ নজরুল

গণভোট কবে হবে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি এককভাবে তাদের অবস্থান নেয়ার জন্য সরকারকে জোর করে, তার মানে হচ্ছে তাদের মধ্যে ঐকমত্য নাই। তারা চাচ্ছে, সরকার যেন তাদের দলীয় অবস্থান নেয়।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
গণভোট কবে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব। আমরা সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।

জুলাই সনদের বাস্তবায়নের সুপারিশ নিয়ে দলগুলোর এই পাল্টাপাল্টি অবস্থান নিয় কথা বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ২৭০ দিন আলাপআলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে, তা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে।
আসিফ নজরুল বলেন, দলগুলোকে এতো আলোচনার সময় দেয়া হয়েছে। এরপরও তারা যেই অনৈক্য দেখাচ্ছে তাতে জুলাইয়ের স্পিরিটকে (চেতনা) তারা কোথায় নিয়ে গেছে, এটা তাদের বিবেচনা করা উচিত। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি এককভাবে তাদের অবস্থান নেয়ার জন্য সরকারকে জোর করে, তার মানে হচ্ছে তাদের মধ্যে ঐকমত্য নাই। তারা চাচ্ছে, সরকার যেন তাদের দলীয় অবস্থান নেয়।

জুলাই সনদ নিয়ে অনৈক্যের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারি প্রথমার্থে জাতীয় নির্বাচন করব। ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর।

এ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, নির্বাচিত সংসদের সংস্কার করার কোনো দায়দায়িত্ব থাকবে না, সব অন্তর্বর্তী সরকারকে করে যেতে হবে এতো কোনো বেদবাক্য নয়। সরকার যতটুকু পারে করবে। সম্ভব হলে সবই করবে। তবে তাতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য লাগবে।

  • October 29, 2025
  • 0 Comments
ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আগামী ডিসেম্বর ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

এর আগে আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। তবে এবারের নির্বাচনে গত ৩ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের রাখা হবে না।\

অন্যান্য