• October 23, 2025
  • 0 Comments
ন্যায্য মূল্যে সার-বীজের দাবিতে মানিকগঞ্জে কৃষকদের মানববন্ধন

‘এক দেশ, এক রেট—বাঁচলে কৃষক, বাঁচবে দেশ’ এই প্রাণের স্লোগানে ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহের দাবিতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে কৃষকদের বিক্ষুব্ধ মানববন্ধন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার সিংজুরী ইউনিয়ন কৃষক সমাজের উদ্যোগে সিংজুরী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় দুই শতাধিক কৃষক।

বক্তারা অভিযোগ করেন, কৃষকের ঘামে ফলানো ফসলের সঠিক দাম মিলছে না, উল্টো সার-বীজের বাজারে চলছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। ফলে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার ও কীটনাশক কিনতে বাধ্য হচ্ছেন তারা।

মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো. তোজাম্মেল হক তোজা, স্থানীয় কৃষক আলেক মিয়া, মিনহাজ উদ্দিন, আলতাব হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আব্দুল হক, তোরাব আলী ও মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তোজাম্মেল হক তোজা বলেন, “আমরা কারও বিরোধিতা করছি না, আমরা শুধু চাই কৃষক যেন হয়রানি ছাড়াই সরকারি দামে সার ও বীজ পেতে পারে। কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রতি বস্তায় সরকারি দামের চেয়ে এক হাজার টাকা পর্যন্ত বেশি নিচ্ছে—এটা সম্পূর্ণ অন্যায়।”

“কৃষকই দেশের মেরুদণ্ড। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই বাজার নিয়ন্ত্রণ ও সরকারি নজরদারি জোরদার করতে হবে।”

স্থানীয় কৃষকদের দাবি, সরকারি দামে সার-বীজ ও কীটনাশক বিক্রি নিশ্চিতে কড়া মনিটরিং ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থা গড়ে তোলা হোক।

  • October 23, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০, আহত ৩৭,নিহত পরিবার পেল সরকারি সহায়তা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাত্র ৯ মাসে জেলায় ৫০ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন বিভিন্ন সড়ক দুর্ঘটনায়।
সরকারি তথ্য অনুযায়ী, এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে প্রশাসন। নিহতদের পরিবার ও আহতদের মধ্যে ইতোমধ্যে ১ কোটি ১৭ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।

নিহতদের প্রত্যেক পরিবার পেয়েছে ৫ লাখ টাকা করে, আহতদের জন্য দেওয়া হয়েছে ১ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা অর্থ বিতরণ করা হয়েছে।

বিআরটিএ’র সহকারী পরিচালক মাহাবুব কামাল জানান,“নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা ব্যয়ের জন্য এ অর্থ বিতরণ করা হয়েছে। সড়ক নিরাপত্তায় সবাইকে সচেতন হতে হবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান খান বলেন,“মানিকগঞ্জ জেলায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি তহবিল থেকে ১ কোটি ১৭ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কর্মসূচি, যানবাহনের ফিটনেস যাচাই, চালকদের প্রশিক্ষণ ও ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।”

তিনি আরও যোগ করেন,“সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসন, পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টদের একযোগে কাজ করতে হবে। সচেতনতা বাড়লেই দুর্ঘটনা কমানো সম্ভব।”

তথ্য বলছে, মানিকগঞ্জ জেলার ঢাকা-আরিচা মহাসড়কসহ বেশ কয়েকটি ব্যস্ত রুটে প্রতিদিনই যানজট ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, চালকদের প্রশিক্ষণ ও সড়ক সংস্কার ছাড়া এ বিপর্যয় থামানো সম্ভব নয়।

স্থানীয়দের দাবি “সড়ক যেন মৃত্যুর ফাঁদ না হয়, প্রশাসনকে আরও কঠোর হতে হবে।”

  • October 23, 2025
  • 0 Comments
সাটুরিয়ায় পাষণ্ড সন্তানদের হাতে মায়ের নির্মম মৃত্যু! ছেলে-বউসহ গ্রেপ্তার তিন

মানিকগঞ্জের সাটুরিয়ায় হৃদয়বিদারক এক হত্যাকাণ্ডে স্তম্ভিত এলাকাবাসী। মাকে হত্যার অভিযোগে ছেলেসহ একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) রাতে নিহতের ছোট ছেলে ঝন্টু রাজবংশী বাদী হয়ে সাটুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করে।

গ্রেপ্তাররা হলেন, নিহত লক্ষ্মী রাজবংশীর বড় ছেলে রঞ্জিত রাজবংশী, পুত্রবধূ পার্বতী রানী রাজবংশী ও নাতি পিয়াস রাজবংশী।

গত সোমবার (২০ অক্টোবর) সকালে সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকার একটি ডোবা থেকে লক্ষ্মী রাজবংশীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে।

নিহতের ছোট ছেলে ঝন্টু রাজবংশী আবেগঘন কণ্ঠে বলেন, “রোববার রাতে মাকে ঘরে না পেয়ে সারারাত খুঁজেছি। সকালে দেখি ডোবায় ভাসছে মায়ের মরদেহ। মা প্যারালাইসিস রোগী ছিলেন, নিজে যেতে পারেন না। বড় ভাই আর তার পরিবারই মাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি মায়ের হত্যার বিচার চাই।”

স্থানীয় বাসিন্দা লিমন কাজী জানান, “মা-পুত্রের এ ভয়াবহ ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। লক্ষ্মী রাজবংশী চলাফেরা করতে পারতেন না। তাই ডোবায় মরদেহ পাওয়া সন্দেহজনক। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

নিহতের বড় মেয়ে কামনা রাজবংশী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুই বছর ধরে মা আমার কাছে ছিলেন। বড় ভাই জোর করে নিয়ে যায়। তারপরই এই মর্মান্তিক পরিণতি। আমি মায়ের হত্যার সুষ্ঠু বিচার চাই।”

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, “মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

এক মায়ের জীবন শেষ হলো নিজের সন্তানের নিষ্ঠুরতায়, এ ঘটনায় পুরো সাটুরিয়া এখন ক্ষোভে ফুঁসছে।

  • October 23, 2025
  • 0 Comments
নীতি আদর্শ মেনে না চললে দলে অন্তর্ভুক্তি হবে না: আফরোজা খানম 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, আমরা যারা রাজনীতি করি তারা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে রাজনীতি করি। আমরা চাই সুন্দর সামাজিক ও মানবিক সমাজ গড়ে উঠুক। সেখানে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে যারা জড়িত আছেন তাদের নিরাপত্তার এবং আস্থার একটা জায়গা করে দিতে হবে। তারা যেন নিজেকে কখনো অসহায় না ভাবে। মানিকগঞ্জবাসী হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমার সাথে যারা আছেন তারা নীতি আদর্শ মেনে চলার চেষ্টা করবেন যদি না করেন তাহলে তাদের দলে অন্তর্ভুক্ত করব না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে আফরোজা খানম বলেন, সর্বাধিক জেলায় বিশ্ববিদ্যালয় আছে কিন্তু আমাদের মানিকগঞ্জে কোন বিশ্ববিদ্যালয় নেই। আমার ইচ্ছা আমি যেন আমার সন্তানদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি। এলাকার মানুষের কথা চিন্তা করে আমার বাবা মুন্নু ওয়েলফেয়ার এর পক্ষ থেকে হাসপাতাল তৈরি করেছে আমাদের ইচ্ছা আছে সামনে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি করার। বিগত সময়ে অনেকবার আমরা এ চেষ্টা চালিয়েছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা তা করতে পারি নাই। আগামী নির্বাচনে আমরা যখন ধানের শীষের দল গঠন করব ইনশাল্লাহ মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি হবে। যাতে করে এলাকার ছেলেমেয়েদের দূরে গিয়ে পড়াশোনা করতে না হয়।

খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আ. ফ. ম. নুরতাজ আলম বাহারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুর রউফ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ. ফ. ম. নুরতাজ আলম বাহার, আ. ত. ম. জহিরুল আলম লোদী, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নবীনবরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিক বক্তব্য শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। প্রধান অতিথিকে পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। 

  • October 23, 2025
  • 0 Comments
বিয়ের প্রলোভনে কিশোরীকে দফায় দফায় ধর্ষণ, যুবক গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে তেওতা ইউনিয়নের সুবুলিয়া ডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরদিন বুধবার দুপুরে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গ্রেফতারকৃত ইমরান হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রায় এক মাস আগে ভুক্তভোগী কিশোরীর মায়ের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভুলবশত ইমরানের নম্বরে কল চলে যায়। এরপর থেকেই ইমরান ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
অভিযোগ অনুযায়ী, গত ২ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে ইমরান কিশোরীর নানা বাড়ি তেওতা এলাকায় প্রবেশ করেন। পরে কৌশলে ঘরে গিয়ে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না জানাতে হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে কিশোরী বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় মঙ্গলবার রাতে অভিযুক্ত ইমরানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ভুক্তভোগীর বাবা বলেন, “আমার মেয়ে এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা আইনের মাধ্যমে ন্যায়বিচার চাই।”
তিনি আরও জানান, “ইমরান প্রথমে তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখায়, কিন্তু পরে জানা যায়, সে ইতোমধ্যে বিবাহিত। তার স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে।”
শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, “অভিযুক্ত ইমরান হোসেনকে মঙ্গলবার রাতে তেওতা এলাকা থেকে আটক করা হয়। বুধবার আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।”
তিনি বলেন, “ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।”

  • October 22, 2025
  • 0 Comments
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানিকগঞ্জে চালকদের মাঝে হেলমেট বিতরণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানিকগঞ্জে সড়ক ও মহাসড়ক বিভাগ এবং বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে মোটর চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) আড়াইটার দিকে সড়ক ও জনপথ নিবার্হী প্রকৌশলী অফিস থেকে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে, সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ নূর অতএব আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হামিদ, সাংবাদিক জাহিদুল হক চন্দনসহ সিভিল সার্জনের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধি।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বাড়াতে হবে। হেলমেট ব্যবহার শুধু আইন মানা নয়, নিজের জীবনের নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • October 22, 2025
  • 0 Comments
ধানের শীষ ঐক্য ফিরিয়ে নিয়ে এসেছে : আফরোজা খানম রিতা 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, ১৭ বছর ধানের শীষ আমাদের মাঝে ছিল না ছিল বাংলার মানুষের হৃদয়ে। হৃদয়ে ধানের শীষ আমরা লুকিয়ে রেখেছিলাম। সেদিন বলেছিলাম- একদিন সময় আসবে এই ধানের শীষকে আমরা জাগিয়ে তুলবো। আমাদের ভিতর অনেক বিভেদ ছিল আমরা সেগুলো জানি.. কিন্তু ধানের শীষ আমাদের সকলের বিভেদ ভুলিয়ে ঐক্য ফিরিয়ে নিয়ে এসেছে। 

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আফরোজা খানম বলেন, ‘বিগত ১৭ বছরের লড়াই সংগ্রামে আমরা জয়ী হয়েছি। এখন আমাদের ভোট যুদ্ধে জয়ী হতে হবে। মানিকগঞ্জের তিনটি আসনে পুনরায় ধানের শীষকে জয়ী করে আনতে হবে। আপনারা সকলেই একত্রিত হয়ে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবেন- আহবায়ক হিসেবে এটা আমার নির্দেশ।’

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে আফরোজা খানম বলেন, বিদ্যালয় যেন রাজনৈতিক খপ্পরে না পড়ে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীরা যেন নিশ্চিন্তে বিদ্যালয়ে আসতে পারে এবং ঘরে ফিরতে পারে এ বিষয়টা সকলে মিলে নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হবে এর জন্য সর্বাত্মক সহযোগিতা আমার থাকবে।

ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, বাল্লা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এরপর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

  • October 22, 2025
  • 0 Comments
ট্রাইব্যুনাল থেকে ১৫ সেনা কর্মকর্তাকে পাঠানো হলো সেনানিবাসের সাবজেলে

মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেয়া হয়েছে। বুধবার কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানিয়েছেন।

এর আগে এদিন সকাল ১০টার দিকে এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সবুজ রঙের প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে।

ট্রাইব্যুনালে শুনানি শেষে আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, ‘সেনানিবাসে যে সাবজেল ঘোষণা করা হয়েছে, সেখানে তাদের নেয়া হবে বলে জেনেছি।’

এদিন ৩টি মামলার মধ্যে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে অপহরণ, গুম ও নির্যাতনে ১৭ জনের বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ১০ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-কর্নেল এ কে এম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল, কর্নেল মো. সরওয়ার বিন কাসেম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম ও কর্নেল আনোয়ার লতিফ খান।

এছাড়া জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। এসব আসামিদের মধ্যে গ্রেপ্তার ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন-মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়া জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিক, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিক।রাজনৈতিক বই

এদিকে, গত বছর জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে ১৮ ও ১৯ জুলাই রাজধানীর রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা আরেক মামলায় ৪ জন আসামির মধ্যে গ্রেপ্তার ২ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় মোট ৬টি অভিযোগ আনা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন-লেফটেন্যান্ট কর্নেল মো. রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম মুন।

  • October 22, 2025
  • 0 Comments
দুই থানা মিলে হচ্ছে সাভার সিটি করপোরেশন

সাভার উপজেলার দুই থানা মিলে হচ্ছে সাভার সিটি করপোরেশন। সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা। গত ১২ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানা গেছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। বিভাগীয় কমিশনার কর্তৃক চলতি বছরের সেপ্টেম্বর প্রথমপক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে এ প্রস্তাব বাস্তবায়ন শুরু করে সরকার।

প্রধান উপদেষ্টার কাছে উত্থাপিত ওই প্রস্তাবে বলা হয়, অপরিকল্পিতভাবে শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র এবং জনসংখ্যার চাপ মিলিয়ে সাভার এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে। সাভার পৌরসভা থাকলেও তা নাগরিক চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। পৌরসভার সীমিত সম্পদ ও জনবল দিয়ে ক্রমবর্ধমান জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। সাভারের আশুলিয়া অঞ্চলে বিপুলসংখ্যক গার্মেন্টস শিল্প, শ্রমিক বসতি এবং আবাসিক এলাকা গড়ে উঠেছে। আশুলিয়া এলাকায় ইউনিয়ন পরিষদের অধীনে পরিকল্পিত নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা, নিরাপদ পানি সরবরাহ কিংবা পরিবেশ সংরক্ষণের মতো নাগরিক সেবা নিশ্চিত করার সক্ষমতাও ইউনিয়ন পরিষদের নেই। ফলে সাভার আশুলিয়া এলাকার জনগণকে যানজট, অপর্যাপ্ত স্যানিটেশন ও অবকাঠামোগত সমস্যার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

অন্যদিকে ঢাকা শহরের প্রসার ও জনসংখ্যার চাপে কেরানীগঞ্জ উপজেলা অপরিকল্পিতভাবে দ্রুত নগরায়ণের মুখোমুখি হচ্ছে। পৌরসভা বা সিটি করপোরেশনের মতো প্রতিষ্ঠান না থাকায় সড়ক, ড্রেনেজ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা স্বাস্থ্যসেবার মতো মৌলিক নাগরিক সেবা প্রদান করা যাচ্ছে না। কেরানীগঞ্জে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হলে রাজধানীর পাশে একটি আধুনিক ও প্রাণবন্ত উপশহর হিসেবে গড়ে উঠতে পারে।

এমতাবস্থায় সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন গঠন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার প্রস্তাব পেশ করা হয়। পরে প্রস্তাবটি প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদনের পর প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়।

যোগাযোগ করা হলে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী মঙ্গলবার যুগান্তরকে বলেন, সরকারের এ সিদ্ধান্ত যুগান্তকারী। এর ফলে উন্নয়ন বঞ্চিত এবং অবহেলিত এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা কিছুটা হলেও দূর হবে এবং প্রাপ্য নাগরিক সুবিধা ও মর্যাদা নিশ্চিত করা যাবে।

  • October 21, 2025
  • 0 Comments
বাবার অজান্তে মেয়ের অন্ধকার জগতে পতন : আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রে গ্রেপ্তার মানিকগঞ্জের বৃষ্টি

দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রে এক বাংলাদেশি নারীর জড়িত থাকার খবর।
রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বান্দরবান থেকে এই চক্রের সঙ্গে যুক্ত এক যুগলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
প্তারকৃতরা হলেন, চট্টগ্রামের মুহাম্মদ আজিম (২৮) এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম চর গ্রামের বৃষ্টি (২৮)।
সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এই যুগল আন্তর্জাতিক পর্যায়ে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি ও বিদেশে ছড়িয়ে দেওয়ার কাজে সক্রিয় ছিল। তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব কনটেন্ট বিক্রয় ও প্রচার করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টি ছিলেন স্বাধীনচেতা ও একরোখা স্বভাবের মেয়ে। প্রায় পাঁচ-ছয় বছর আগে খালপাড় এলাকার এক যুবক কাউসারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্য কলহের জেরে সেই সম্পর্ক ভেঙে যায়।
এরপর থেকেই বৃষ্টির পারিবারিক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃষ্টির বাবা সাংবাদিকদের বলেন, “আপনার মুখ থেকেই প্রথম জানলাম আমার মেয়ে বৃষ্টি গ্রেপ্তার হয়েছে। ওর সঙ্গে বহু বছর আগেই সম্পর্ক ছিন্ন করেছি। ও কাউকে মানত না, নিজের মতো চলত। আমি ওকে বহু বছর আগেই ত্যাজ্য করেছি।”
পরিবারের সদস্যরা জানান, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বৃষ্টি ছিলেন সবচেয়ে বড়। বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি কোথায় ছিলেন, কী করতেন সে বিষয়ে কারও কোনো ধারণাই ছিল না।
মানিকগঞ্জের শান্ত গ্রামের মেয়ে বৃষ্টি একসময় স্বপ্ন দেখতেন নিজের মতো করে বাঁচার। কিন্তু সেই স্বাধীনতার খোঁজে অন্ধকার জগতে হারিয়ে যান তিনি।
এখন তিনি আন্তর্জাতিক পর্নোচক্রে যুক্ত থাকার অভিযোগে কারাগারে—আর তার বাবা জানেন না, প্রিয় মেয়ে আজ কারাগারের অন্তরালে!

অন্যান্য