• October 21, 2025
  • 0 Comments
বিয়ের দাবিতে ফাঁসের দড়ি নিয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিক 

মানিকগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকা মিমের বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে অনশন করেছেন প্রেমিক দাবি করা এক যুবক। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলার হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রেমিক রবিউল হাসান রবি (২৮) হরিরামপুর উপজেলার উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে। প্রেমিকা তাহমিনা মিম (২১) কৌরী এলাকার প্রবাসী আব্দুল কুদ্দুসের মেয়ে। তিনি মানিকগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী। পাশাপাশি প্রেমিক একজন ঠিকাদার। 

জানা গেছে, মাস তিনেক আগে প্রেমিককা মিমের সাথে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠ। সময়ের সাথে সাথে গভীর হয়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে দুই পরিবার বিয়ের সম্মতি জানান। সম্পর্ক আগাতে থাকলে একসময় প্রেমিকা মিম বেঁকে বসেন। এরপর থেকেই প্রেমিক রবিউল পাগল প্রায়। শেষমেষ উপায়ন্তনা পেয়ে প্রেমিকা মিমের বাড়িতে ফাঁসির দড়ি হাতে অনশনে বসেছেন যুবক। 

এ ঘটনায় আশপাশের এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনা দেখতে মেয়ের বাড়িতে ভিড় করছেন আশপাশের মানুষজন। 

প্রেমিকা মিমের দাবী- তার (রবিউল) সাথে কেবলমাত্র কথাবার্তা হয়েছে, হয়েছে টুকটাক দেখা সাক্ষাৎ। এর বাইরে প্রেম কিংবা বিয়ের কোন সম্পর্ক তার সাথে নেই। হেয় প্রতিপন্ন করার জন্যই বাড়ির উপরে এসে সম্মানহানির চেষ্টা করছে। আমি এই ছেলেকে বিয়ে করব না ও (রবিউল) মানসিকভাবে ভারসাম্যহীন।

একই বক্তব্য প্রেমিকার মা পারভীন আক্তারের। তিনি বলেন, মেয়ে যেখানে সম্মত নয় সেখানে আমি আগাতে পারবো না। আমার স্বামী প্রবাস থাকে- এ ঘটনায় আমি কি করবো বুঝে উঠতে পারছি না। 

এ বিষয়ে গলা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, মেয়ে এবং মেয়ের পরিবার যদি রাজি না থাকে সেক্ষেত্রে সুন্দর সমাধানের কোন পথ নেই। ছেলেকে আগে সেভ কাস্টডিতে নিয়ে দুই পক্ষের কথা শুনে পুলিশ এই ঘটনায় ব্যবস্থা নিক। সেটাই মনে হয় ভাল হয়। আমি ইতোমধ্যে পুলিশকে বিষয়টি জানিয়েছি। 

  • October 20, 2025
  • 0 Comments
বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ

মানিকগঞ্জ সদর উপজেলায় বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ করা হয়েছে।

দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার অফিসার্স ক্লাবের সামনে উপজেলার জাগীর ও দিঘী ইউনিয়নের ৯ হাজার ৬২০ জন কৃষক-কৃষাণীর মাঝে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ-উল-সাবেরিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ ও উপজেলা কৃষি অফিসার মাসুম ভুইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা বলেন,কৃষি প্রধান দেশ হওয়ায় সরকার সব সময় কৃষি উন্নয়নে বিনামূল্যে সার বীজ দিয়ে কৃষকদের সহযোগীতায় কাজ করে থাকে। কৃষি ও কৃষকদের জন্য সরকার সব সময় আন্তরিক। উপজেলা থেকে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তারা আগেও কৃষকদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। কৃষকদের সার্বিক সহযোগীতা ও পরামর্শের জন্য কৃষি অফিসার ও প্রশাসন কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় সরকারীভাবে প্রনোদনাও প্রদান করা হয়ে থাকে।

  • October 20, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান “এই প্রতিপাদ্যে  বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়েছে

আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিজয় মেলা মাঠ হয়ে প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ কামীল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো: মিনার উদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধরণ সম্পাদক মো: শাহানুর ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পরিসংখ্যান কার্যালয়ের  কর্মকর্তা ও সরকরী বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুর বিভিন্ন শুমারী ও জরিপের মাধ্যমে মূলত দেশের প্রতিটি বাসগৃহ, ব্যক্তির তথ্য, প্রাতিষ্ঠানিক খানা, বস্তি খানা, ভাষমান / ছিন্নমূল জনগোষ্ঠী, বাসগৃহের মালিকানা, খাবার পানির প্রধান উৎস,টয়লেট সুবিধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহ করে থাকে এবং এসকল বিষয়ে আলোচনা করা হয়।

এসময় বাংলাদেশের কাঙ্খিত মান অর্জনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুর’র তথ্য-উপাত্ত উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা ব্যাক্ত করেন আলোচকরা।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান ব্যুরো আলোচনা সভার আয়োজন করে। 

  • October 20, 2025
  • 0 Comments
বান্দরবান থেকে বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবন থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) সকালে সিআইডির বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সিআইড জানায়, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে।

তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘মডেল’ বলে পরিচয় দিতেন। তারা বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন।

অনুসন্ধানে জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন।

গবেষণামূলক অনুসন্ধানভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, এই যুগল ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন। এক বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন।

প্রতিবেদনে বলা হয়, যুগলটি শুধু একটি ওয়েবসাইটেই নয়, কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মেও কনটেন্ট প্রকাশ করছেন। সেইসঙ্গে টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামেও নিজেদের কার্যক্রম প্রচার করছেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছেন। সেখানে নতুন ভিডিওর লিংক ও তাদের আয়ের স্ক্রিনশট শেয়ার করা হয়।

অনুসন্ধানে আরও জানা যায়, তরুণদের এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার প্রলোভন দেখানো হতো।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।

  • October 20, 2025
  • 0 Comments
‘প্রেমঘটিত’ কারণে খুন জবি শিক্ষার্থী জোবায়েদ, চাঞ্চল্যকর তথ্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আটক তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন প্রেমঘটিত কারণে খুন হয়েছেন জোবায়েদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বর্ষা জানিয়েছেন, তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেমঘটিত জটিলতার জেরেই খুন হন জোবায়েদ। তবে খুনের পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি করেছেন বর্ষা।

সোমবার (২০ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, বর্ষা ও মাহিরের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তারা ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে বেড়ে ওঠেন। তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায়।

ওসি আরও বলেন, বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকে জানিয়েছিলেন, তিনি জোবায়েদকে পছন্দ করেন, যদিও তাকে তা সরাসরি বলেননি। এতে রাগে ও ক্ষোভে মাহির তার বন্ধুকে নিয়ে জোবায়েদকে খুন করেন।

‘জোবায়েদ ও বর্ষার মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। জোবায়েদ গত এক বছর ধরে পুরান ঢাকার আরমানিটোলার ১৫, নুরবক্স লেনে বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন। রোববার বিকাল ৪টা ৪৫ মিনিটে ওই বাসার সিঁড়িতে তাকে খুন করা হয়। ঘটনাস্থল জুড়ে রক্তের দাগ পাওয়া যায়।’

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদের সময় বর্ষার মুখে কোনো অনুশোচনা দেখা যায়নি। তিনি পুরো সময় শান্ত ও চিন্তামুক্ত ছিলেন। তদন্ত চলছে, ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এদিকে, জোবায়েদ খুনের পরপরই ক্ষোভে ফেটে পড়েন জবি শিক্ষার্থীরা। তারা বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং তাঁতিবাজার মোড় অবরোধ করে রাখেন। পরে রাত ১১টার দিকে বর্ষাকে পুলিশ হেফাজতে নেয়।

রাত ১০টা ৫০ মিনিটে জোবায়েদের মরদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার ১৪ ঘণ্টা পার হলেও এখনও মামলা হয়নি বলে পরিবারের অভিযোগ।

ওসি রফিকুল ইসলাম জানান, মাহির রহমান ও তার সহযোগীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

নিহত জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

  • October 18, 2025
  • 0 Comments
পদ্মা-যমুনায় ইলিশ শিকারের দায়ে ২০ জেলে আটক, কারাদণ্ড

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-যমুনায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ২০ জন জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছে শিবালয় উপজেলা প্রশাসন। শনিবার রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আলোকদিয়া মণ্ডলপাড়া এলাকায় সংঘবদ্ধভাবে ইলিশ শিকারের সময় অভিযান চালানো হলে ওজেদ সরকার (৩২), সালাম মণ্ডল (৫০), রুবেল (৩২), সুলতান খাঁ (২৪), বাচ্চু (৩১), লালচাঁন (২৬), শাকিল (২৩), শিবালয় সাতুরিয়ার রাসেল (২০), ইব্রাহিম প্রধান (৩০), জাহাঙ্গীর (২৯), চরবৈষ্ঠমির আলামিন (২২), রাসেল প্রধান (২৬), জসিম সাদার (৩৫), আলোকদিয়ার শহিদুল (৪২), রমজান আলী (২২), রাজদরদী আমিনপুর পাবনার খোকন মিয়া (৩৫) ও মুকবুল শেখসহ মোট ২০ জনকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, শনিবার (১৮ অক্টোবর) বিকালে পৃথক অভিযানে আরও ৩ জনকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী থেকে অবৈধভাবে মাছ শিকার ও বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যত প্রজন্মের জন্য ইলিশের টিকে থাকা নিশ্চিত করতে আমাদের এই কঠোর পদক্ষেপ।

  • October 18, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, বিষক্রিয়ায় আরও একজনের মৃত্যু

মানিকগঞ্জে একদিনে তিনটি পৃথক ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং আরেকজন কৃষক কীটনাশকের বিষক্রিয়ায় মারা গেছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।

প্রথম দুর্ঘটনা: ঢাকা-আরিচা মহাসড়কে প্রাণ গেল অনিকের :

বিকেল সোয়া পাঁচটার দিকে সদর উপজেলার নয়াডিঙ্গী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মীর তানভীর হোসেন অনিক (২৫)। নিহত অনিক উপজেলার নালী গ্রামের মীর শাহাদাৎ হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন বলে জানা গেছে।

দ্বিতীয় দুর্ঘটনা: জাগীর ব্রীজে ট্রাকের ধাক্কা :

এর দুই ঘণ্টা পর সন্ধ্যা সোয়া সাতটার দিকে সদর উপজেলার জাগীর ব্রীজ এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী মারুফ (৩০)। তিনি সদর উপজেলার গিলন্ড গ্রামের বাসিন্দা এবং মানিকগঞ্জের বিসিক শিল্প এলাকায় অনিক ট্রিমস প্রিন্টিং প্রেসের কর্মী ছিলেন। ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এসময় তার মোটরসাইকেলে থাকা সঙ্গী রুবেল গুরুতর আহত হন।

বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু :

অন্যদিকে দুপুরে সদর উপজেলার পাচ বারইল গ্রামে কৃষিজমিতে কীটনাশক প্রয়োগের সময় অসুস্থ হয়ে পড়েন কৃষক আব্দুল বারেক (৫০)। বিষক্রিয়ার কারণে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি মারা যান। মৃত বারেক ওই গ্রামের মুল্লুক চানের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, “দুটি সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও কাভার্ডভ্যান জব্দের চেষ্টা চলছে, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
অন্যদিকে সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, “কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় এক কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

  • October 18, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে যুবকদের মাঝে ফজরের নামাজে উৎসাহ দিতে সাইকেল বিতরণ

মানিকগঞ্জ সদর উপজেলার বারাহীরচরের বিকেজি স্কুল মাঠে এক ব্যতিক্রমী উদ্যোগে অনুষ্ঠিত হলো সাইকেল বিতরণ অনুষ্ঠান। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকালে সাইজুদ্দিন এন্ড মিরজান ফাউন্ডেশন এর আয়োজনে এ বিশেষ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ফজরের নামাজ জামাতে আদায়কারী যুবকদের মাঝে সাইকেল পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে নামাজের প্রতি অনুপ্রাণিত করা এবং ইসলামি মূল্যবোধে উজ্জীবিত করে সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তারা বলেন,”যুব সমাজকে যদি মসজিদের সাথে যুক্ত করা যায়, তবে সমাজে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড কমে যাবে। এই ধরনের ইতিবাচক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।”

স্থানীয় এলাকাবাসী জানান, এই উদ্যোগে তরুণরা নামাজের প্রতি আগ্রহী হচ্ছে, পাশাপাশি খেলাধুলা ও সুস্থ জীবনধারায় মনোযোগী হচ্ছে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে একে একে সাইকেল তুলে দেন অতিথিরা এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরো বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

  • October 18, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে সিরাতুননবী (সঃ) অলিম্পিয়াড অনুষ্ঠিত

পবিত্র সিরাতুননবী (সঃ) উপলক্ষে মানিকগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকালে সরকারি দেবেন্দ্র কলেজে মানিকগঞ্জ ইসলামী ব্যাংক হাসপাতালের আয়োজনে প্রায় সারে ৩ হাজার শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগীতায় লিখিত পরীক্ষা অংশ গ্রহন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় জামায়াতে ইসলামী উত্তরের সহকারী পরিচালক ও ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন, ইসলামী হাসপাতালের কার্যকারী পর্ষদের সদস্য এডভোকেট আনোয়ার হোসেন, হাসপাতালের ইনচার্জ ফরিদ হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধরণ সম্পাদক শাহানুর ইসলাম, কামীল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান, ইসলামী ব্যাংক হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সরকার মাসুদুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক গণ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় ইসলাম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ( সঃ) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। পবিত্র সিরাতুননবী( সঃ) এখন থেকে প্রতি বছর অনুষ্ঠিত হবে। এতে করে শিক্ষার্থীরা নবী করিম (সঃ) এর জীবন সম্পর্কে জানবে ও সে অনুযায়ী জীবন যাপন করতে পারবে বলে জানান আয়োজক কমিটি।

কুইজ প্রতিযোগিতায় আগামী শনিবার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পুরষ্কার হিসেবে থাকবে ১ ম পুরষ্কার ২৫ হাজার টাকা, ২য় পুরষ্কার ২০ হাজার টাকা তৃতীয় পুরষ্কার ১৫ হাজার ও ১০ / ৮  হাজার টাকাসহ বিজয়ীদের মাঝে ইসলামী ব্যাংক হাসপাতালর চিকিৎসা কার্ড প্রদান করা হবে। 

0-4064×3074-1-0#

  • October 17, 2025
  • 0 Comments
মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে এসআই সহ ১০ জন মবের শিকার, তদন্ত কমিটি গঠন

মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে মাদকদ্রব্যের উপ-পরিদর্শক (এসআই) সহ ১০ জন স্থানীয় গ্রাম বাসীর হাতে মবের শিকার হয়েছেন। ২ ঘণ্টা পর পুলিশ এসে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দশ সদস্যের এক টিম সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অভিযান চালান। অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। পরে আটককৃতের দেওয়া তথ্যে পার্শ্ববর্তী এলাকার দুজনের বাড়ি তল্লাশি চালানো হয়। তাদের কাছে মাদকের উপস্থিতি না পেয়ে চলে আসার সময় আটককৃত ব্যক্তির স্বজনেরা দুইজনকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ আনেন। এই অভিযোগ এলাকায় চড়াও হলে স্থানীয় বাসিন্দারা জনতা বদ্ধ করে মাদকদ্রব্য টিমকে আটক করে মবের সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ খবর পেয়ে দুই ঘন্টা পর আটককৃত মাদক ব্যবসায়ী ও অভিযানের ১০ সদস্যকে পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (২০) ধানকোড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. বাবুলের ছেলে। 

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যের কর্মকর্তা আতাউর রহমান সজিব বাদী হয়ে আরিফুল ইসলামের নামে একটি মাদক মামলা করেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল বলেন, গতকাল এই অভিযানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখানে ভিন্ন কোন বিষয় থাকতে পারে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি এবং আমরা তদন্ত করছি। 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ বলেন, এ ঘটনায় ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শওকত ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন করছেন। সরেজমিন রিপোর্ট পাওয়ার পর আমরা ঘটনাটা পূর্ণাঙ্গ জানতে পারবো এবং তৎক্ষণাৎ আমাদের যা করণীয় আমরা তা করব।

অন্যান্য