মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর নদী থেকে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সাটুরিয়া সদর ইউনিয়নের বৈলতলা গ্রামের গাজীখালী নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু মুরাদ (৬) বৈলতলা গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র এবং স্থানীয় এক মাদ্রাসার ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মুরাদ বাড়ির পাশে নদীর ধারে খেলতে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সারারাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে স্থানীয়রা গাজীখালী নদীতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রনজিৎ সাহা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।”
ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
