• November 12, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ভোক্তা অধিকার অভিযান : চার প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজান্তা জানা গেছে,অভিযানে জাহানারা মেডিক্যাল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই আইনের ৩৮ ও ৫১ ধারায় সাহা ব্রাদার্সকে ১০ হাজার টাকা, খন্দকার হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অপরাধে ৪৩ ধারায় ৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেলকে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩৯ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন পুলিশ লাইন্সের সদস্যবৃন্দ এবং মানিকগঞ্জ জেলা ক্যাবের দফতর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।ফারহানা ইসলাম অজান্তা বলেন,জনস্বার্থে নকল ও ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

  • November 8, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে সিরাতুন্নবী (স.) অলিম্পিয়াড–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা :

মানিকগঞ্জে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের উদ্যোগে সিরাতুন্নবী (স.) অলিম্পিয়াড–২০২৫ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) সকালে শহরের বিজয় মেলা মাঠে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পরিচালক এডভোকেট আনোয়ার হোসেন।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি ঢাকা মহানগর উত্তরের সহকারী পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ার আহাদ শিকদার, মানিকগঞ্জ–১ আসনের জামায়াতের প্রার্থী ডা. আবু বকর, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, হাসপাতালের পরিচালক আওলাদ হোসেন, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, সরকার মাসুদুর রহমান ও এডভোকেট ফরিদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, “সিরাতুন্নবী (স.) আমাদের জীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। তরুণ প্রজন্ম যদি নবীজির আদর্শে উদ্বুদ্ধ হয়, তবে সমাজে নৈতিকতা, সততা ও শান্তি প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “ধর্মীয় শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে নবীজির জীবনচর্চা অনুসরণের বিকল্প নেই।”

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মোট ২০ জন বিজয়ীর হাতে নগদ অর্থ ও বই তুলে দেন অতিথিবৃন্দ।প্রথম বিজয়ী ওমর ফারুক উপহার হিসেবে ২৫ হাজার টাকা দেওয়া হয়।

  • October 26, 2025
  • 0 Comments
মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে ভুয়া আইনজীবী আটক

মানিকগঞ্জে আবারও আলোচনায় প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা! হত্যা মামলার আসামিকে জামিন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে স্থানীয় আইনজীবীরা।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে মানিকগঞ্জ আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য ও ভুক্তভোগীর স্বজনরা মিলে ওই ভুয়া আইনজীবীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃত ব্যক্তির নাম স্বপন মিয়া (পিতা: নাজিমুদ্দিন), তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মীর হাটাইল গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরনে জানা গেছে, হত্যা মামলায় গ্রেফতার হওয়া এক আসামির জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে স্বপন মিয়া নেন এক লাখ সাত হাজার টাকা। পরে হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরি করে দাবি করেন আসামির জামিন হয়ে গেছে, এবং আবারও দাবি করেন আরও ২৫ হাজার টাকা। সন্দেহজনক আচরণের কারণে বিষয়টি প্রকাশ পেলে আইনজীবী সমিতির সহায়তায় তাকে আটক করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, “ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় আদালত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং অনেকে দাবি করেন—আইন পেশার মর্যাদা রক্ষায় এমন ভুয়া আইনজীবীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

  • October 23, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০, আহত ৩৭,নিহত পরিবার পেল সরকারি সহায়তা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাত্র ৯ মাসে জেলায় ৫০ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন বিভিন্ন সড়ক দুর্ঘটনায়।
সরকারি তথ্য অনুযায়ী, এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে প্রশাসন। নিহতদের পরিবার ও আহতদের মধ্যে ইতোমধ্যে ১ কোটি ১৭ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।

নিহতদের প্রত্যেক পরিবার পেয়েছে ৫ লাখ টাকা করে, আহতদের জন্য দেওয়া হয়েছে ১ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা অর্থ বিতরণ করা হয়েছে।

বিআরটিএ’র সহকারী পরিচালক মাহাবুব কামাল জানান,“নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা ব্যয়ের জন্য এ অর্থ বিতরণ করা হয়েছে। সড়ক নিরাপত্তায় সবাইকে সচেতন হতে হবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান খান বলেন,“মানিকগঞ্জ জেলায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি তহবিল থেকে ১ কোটি ১৭ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কর্মসূচি, যানবাহনের ফিটনেস যাচাই, চালকদের প্রশিক্ষণ ও ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।”

তিনি আরও যোগ করেন,“সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসন, পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টদের একযোগে কাজ করতে হবে। সচেতনতা বাড়লেই দুর্ঘটনা কমানো সম্ভব।”

তথ্য বলছে, মানিকগঞ্জ জেলার ঢাকা-আরিচা মহাসড়কসহ বেশ কয়েকটি ব্যস্ত রুটে প্রতিদিনই যানজট ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, চালকদের প্রশিক্ষণ ও সড়ক সংস্কার ছাড়া এ বিপর্যয় থামানো সম্ভব নয়।

স্থানীয়দের দাবি “সড়ক যেন মৃত্যুর ফাঁদ না হয়, প্রশাসনকে আরও কঠোর হতে হবে।”

  • October 20, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান “এই প্রতিপাদ্যে  বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়েছে

আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিজয় মেলা মাঠ হয়ে প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ কামীল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো: মিনার উদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধরণ সম্পাদক মো: শাহানুর ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পরিসংখ্যান কার্যালয়ের  কর্মকর্তা ও সরকরী বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুর বিভিন্ন শুমারী ও জরিপের মাধ্যমে মূলত দেশের প্রতিটি বাসগৃহ, ব্যক্তির তথ্য, প্রাতিষ্ঠানিক খানা, বস্তি খানা, ভাষমান / ছিন্নমূল জনগোষ্ঠী, বাসগৃহের মালিকানা, খাবার পানির প্রধান উৎস,টয়লেট সুবিধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহ করে থাকে এবং এসকল বিষয়ে আলোচনা করা হয়।

এসময় বাংলাদেশের কাঙ্খিত মান অর্জনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুর’র তথ্য-উপাত্ত উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা ব্যাক্ত করেন আলোচকরা।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান ব্যুরো আলোচনা সভার আয়োজন করে। 

  • October 11, 2025
  • 0 Comments
এনসিপি’র প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে: জাহিদুর রহমান তালুকদার

এনসিপি মানিকগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার বলেছেন, এনসিপি’র দ্রুত জনপ্রিয়তা ও বিস্তারে ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এনসিপির এই বর্ধন অনেকের কাছে ‘থ্রেট’ হিসেবে দেখা দিচ্ছে। আওয়ামী লীগের কিছু নেতা দেশের বাইরে থাকলেও বাকিরা দেশে থেকেই রাজনীতি করছে। ষড়যন্ত্র আর কুচক্র করতে তো মাঠে নামতে হয় না, একবার মনের ভেতর ঢুকিয়ে দিলেই তা কাজ করে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই যোদ্ধা রাব্বির মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাব্বি নিজেই মামলার বাদী হয়ে জড়িয়েছেন মামলা বাণিজ্যে। মামলা করার পর আদালতে এফিডেভিটের মাধ্যমে বিভিন্ন আসামির পক্ষে সাফাই গেয়ে নিজের মামলার আসামিদের নাম বাদ দিচ্ছেন। আদালতের বাইরে ওই আসামিদের কাছ থেকে তিনি আর্থিক সুবিধা নিচ্ছেন বলেও অভিযোগ করেন জাহিদুর রহমান। 

এতে আদালতও তার আচরণে অসন্তুষ্ট হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রাব্বির মামলার আসামি মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র তসলিম হৃদয়, লাভলু, রেজাউল করিম চঞ্চল, মাসুদ, দ্বীন ইসলাম ও কামরুলসহ আরও অনেকের নাম তিনি ভুলবশত অন্তর্ভুক্ত করেছেন বলে এফিডেভিটে উল্লেখ করেছেন। কিন্তু বাস্তবে টাকার বিনিময়েই এসব কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ.এইচ.এম. মাহফুজ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদুর রহমান মুরাদ, গালিবুর রহমান গালিব, কাজী হারুনুর রশিদ পিন্টু, প্রফেসর নওয়াব আলী, অ্যাডভোকেট আব্দুল জলিল খান প্রমুখ।

অন্যদিকে, জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার বাদী সাদিকুল ইসলাম রাব্বি গত বুধবার (৮ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার বরাবর এক লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মামলার ৫৯ নম্বর আসামি ও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মতিনের নাম বাদ না দেওয়ায় এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার ও যুগ্ম সমন্বয়কারী মাহফুজ তাকে হুমকি দিচ্ছেন।

রাব্বির অভিযোগ, চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করলেও সেই অর্থ তার কাছে পৌঁছেনি। মামলার কারণে তিনি ভয়ভীতিতে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি।

  • October 9, 2025
  • 0 Comments
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানিকগঞ্জ সভাপতি মেজবা, সাধারন সম্পাদক স্বপন

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানিকগঞ্জ জেলা বার ইউনিটের নির্বাচনে ১১৯ ভোট পেয়ে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মেজবাউল হক-মেজবা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ পেয়েছেন ৮৮ ভোট। ১১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এম সফিউল আজম পেয়েছেন ৯৩ ভোট। ৬৩ ভোট পেয়ে সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুভাষ রাজবংশী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জিন্নত আলী পেয়েছেন ৪২ ভোট। এই পদে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী- অ্যাডভোকেট শরিফ উদ্দিন মিজান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন মোল্লা ও অ্যাডভোকেট সোলায়মান হোসেন সেন্টু পেয়েছেন যথাক্রমে ৩৪, ৩২, ২৮ ভোট।১০৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আওলাদ হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহিদ পেয়েছেন ৪১ ভোট। এ পদে অন্য দুই প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা পেয়েছেন ২৮ ভোট ও অ্যাডভোকেট বজলুর রহমান পেয়েছেন ২৫ ভোট। এর আগে সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অ্যাডভোকেট তোফাজ্জেলন হোসেন।
আজ মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের চার তলার সম্মেলন কক্ষে দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনাশেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও মানিকগঞ্জ অ্যাডভোকেট আজাদ হোসেন খান। এসময় নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আব্দুল আওয়াল খান ও অ্যাডভোকেট হুমায়ন কবীর। নির্বাচনের আগে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় ইউনিটের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান। ফোরামের জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আতাউর রহমান ভুইয়া ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন পরিচালনা করেন ফোরামের জেলা কমিটির সদস্য-সচিব অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন।

  • October 9, 2025
  • 0 Comments
গোলড়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি ॥
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলড়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ২০২৫ সালের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসার মিলনায়তনে এক প্রাণবন্ত পরিবেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ শরিফুল হক রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসার সুপার মোঃ লিয়াকত আলী। এ ছাড়াও মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য হাজী মোঃ জালাল উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, গোলড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ এ এস এম সাইফুল্লাহসহ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেন তাঁর বক্তব্যে বলেন,“শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী—তিন পক্ষের সমন্বয় ছাড়া মানসম্মত শিক্ষা সম্ভব নয়।”
আলোচনায় উঠে আসে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ততা, অভিভাবকদের মাদরাসার কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান
সমাবেশ শেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন নিয়ে অভিভাবকরা তাদের মতামত প্রদান করেন। সবাই মিলে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকার করেন।

  • October 7, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

“আজকের নবীন, আগামীর প্রবীণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন জেলার প্রবীণ নাগরিক, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

বক্তারা বলেন, প্রবীণরা শুধু পরিবারের নয়, সমগ্র সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের অভিজ্ঞতা ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য দিশারী। প্রবীণদের মর্যাদা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব।

অনুষ্ঠানে বক্তারা আরও আহ্বান জানান, “প্রবীণদের পাশে থাকুন, তাঁদের সম্মান দিন, কারণ আজ আমরা নবীন হলেও একদিন আমরাও হব প্রবীণ।”

  • September 28, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ডেরা রিসোর্ট বন্ধে মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ

 মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে অবস্থিত অবৈধ ডেরা রিসোর্টের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়ন এবং উক্ত জায়গায় মিল ফ্যাক্টরী তৈরীর দাবীতে মানব বন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করেছে বালিয়াখোড়া এলাকার সর্বস্তরের জনগন।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ডেরা রিসোর্ট গেইট সংলগ্ন পুরান গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তোজাম্মেল হোসেন তোজা, মানিকগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মুফতী মুজিবুর রহমান,  মাওলানা রাকিবুল ইসলাম, ঘিওর মহিলা মাদ্রসার পরিচালক মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি আঃ মান্নান, মাওলানা আব্দুল মতিন, হিজুলিয়া মাদ্রাসার পরিচালক মুফতি আমিনুল ইসলামসহ ভূক্তভোগী এলাকাবাসীরা।
এসময় বক্তারা বলেন, এলাকার জনগনকে ডেইরী ফার্ম নির্মানের কথা বলে ধোঁকা দিয়ে অবৈধভাবে এই ডেরা রিসোর্ট নির্মান করে এখানে অবৈধ ব্যবসা, পতিতাবৃত্তিসহ নানা অপকর্ম করা হচ্ছে। ফলে এলাকার ধর্মপ্রাণ মানুষ এর বিরুদ্ধে ফুসে উঠেছে।বক্তারা অভিযোগ করেন, ডেরা রিসোর্ট একটি রহস্যময় প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, রাতে এখানে মাদক ব্যবসা, দেহ ব্যবসা ও পতিতালয়ের মতো অসামাজিক কার্যক্রম পরিচালিত হয়। বক্তারা বলেন,গ্রামীণ পরিবেশ নষ্ট করে যুব সমাজকে বিপথগামী করার এমন কার্যকলাপ চলতে দেওয়া যায় না। এটি শুধু ঘিওর নয়, পুরো মানিকগঞ্জের জন্য লজ্জার বিষয়।

তারা আরও বলেন, এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় নানা অপরাধ বাড়ছে। পরিবার ও সমাজের সুস্থ পরিবেশ ধ্বংস হচ্ছে। তাই দ্রুত রিসোর্ট বন্ধ করে মিল ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান তারা।  
বক্তারা অবিলম্বে ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ করে কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, দখলকৃত কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করা, ভরাটকৃত সরকারি খাল পুনঃখনন করে ফসলি জমির জলাবদ্ধতা নিরসন করা, ক্ষতিগ্রস্তদের জমিজমা ফেরত দেওয়া, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশ দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান।
এসময় মানববন্ধন থেকে ১৫ দিনে আল্টিমেল্টাম দেয়া হয়। এর মধ্যে যদি প্রশাসন কোন ব্যবস্থা না নেয় তবে সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে ডেরা রিসোর্ট ভেঙ্গে গুড়িয়ে দিবে বলে হুশিয়ারি দেন তারা। 

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা’র কাছে স্মারকলিপি প্রদান করেন।

অন্যান্য