• September 28, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষানবিশ আইনজীবী ও ব্যবসায়ী আব্দুল মালেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকার আরিফুল ইসলাম খোকনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জের সর্বস্তরের জনগণ। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মানিকগঞ্জ শহরের স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন আগত বক্তারা জানান, চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মালেককে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। হামলাকারী খোকন একজন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী। তার নামে ইতো পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে। সে মাদকের নেশায় বুধ হয়ে সাধারণ মানুষের উপর বিভিন্ন সময় বিভিন্ন নিপীড়ন চালিয়েছে। এই ঘটনায় সুষ্ঠু ন্যায় বিচারের দাবি মানববন্ধনে আগতদের।

আহত মালেকের ভগ্নিপতি ও মামলার বাদি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে, আহত মালেকের পিতা সাইজুদ্দিন, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুর রহমান খান রামিল,

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম খান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শামসুদ্দিন আহমেদ বাবু সহ মালেকের স্বজন এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। 

  • September 27, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে সাংবাদিক আকমল হোসেনের উপর সন্ত্রাসী হামলা, থানায় জিডি

মানিকগঞ্জে স্থানীয় সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আকমল হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

 শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবালয়ের উথুলী ফুটবল খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে।

রাতেই  আহত সাংবাদিক আকমল হোসেন শিবালয় থানায় সাধারণ ডায়েরী করেন।

আকমল হোসেন জানান, শুক্রবার রাত ৮ টার দিকে তিনি উথুলী ফুটবল খেলার মাঠে বন্ধুবান্ধব নিয়ে অবস্থান করছিলেন। এ সময় বিএনপির নামধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন নামে এক যুবক কয়েকজন সঙ্গী নিয়ে আকস্মিকভাবে আক্রমণ চালায়। তারা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

সাংবাদিক আকমল হোসেন আরও বলেন, “সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে আমার উপর হামলা করেছে। আমি প্রাণনাশের হুমকিও পেয়েছি। এ ঘটনায় আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, সাংবাদিক আকমল হোসেন একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানুর ইসলামসহ কর্মরত সাংবাদিকরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। এছাড়াও স্থানীয় সম্পাদক পরিষদ এঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

  • September 23, 2025
  • 0 Comments
গ্যাস নেই, বিল আছে! অবশেষে সংযোগ বিচ্ছিন্ন করছেন মানিকগঞ্জের গ্রাহকরা

মানিকগঞ্জে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ পাচ্ছেন না গ্রাহকরা। অথচ নিয়মিত মাসিক বিল দিতে হয়েছে তাদের। দীর্ঘ ভোগান্তি আর প্রতারণার অভিযোগে ক্ষুব্ধ হয়ে প্রায় চার হাজার গ্রাহক ইতোমধ্যেই তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

মানিকগঞ্জ পৌরসভায় প্রায় ১২ হাজার আবাসিক গ্রাহক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর আওতায় ছিলেন। কিন্তু এই গ্রাহকদের বেশিরভাগই বছরের পর বছর গ্যাস না পেয়েও বিল দিতে বাধ্য হয়েছেন।
স্থানীয়দের দাবি, সকালে রান্না চুলায় আগুন জ্বলে না, সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে অতিরিক্ত খরচ গুনতে হয়, অথচ মাসের পর মাস বিল দিতে হয় ব্যবহার না করেও।

দক্ষিণ সেওতা এলাকায় সরেজমিনে দেখা গেছে, গ্রাহকদের আবেদনের ভিত্তিতে তিতাসের কর্মীরা একের পর এক সংযোগ বিচ্ছিন্ন করছেন।

ভুক্তভোগী গ্রাহক মো. রিপন আহমেদ বলেন, “এক ফোঁটা গ্যাস পাই না। তবুও মাসে মাসে বিল দিতে হয়। অনেকবার অভিযোগ করেছি, কিন্তু লাভ হয়নি। তাই বাধ্য হয়েই সংযোগ কেটে দিলাম।”

অন্য এক গ্রাহক ক্ষোভ ঝেড়ে বলেন, “এক যুগ ধরে ভোগান্তি। আন্দোলন করেছি, বিক্ষোভ করেছি। কোনো সমাধান হয়নি। অথচ কোটি কোটি টাকা উঠিয়েছে তিতাস।”

মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আকাশ বাড়ৈ জানান, “অনেক গ্রাহক নিজেরাই সংযোগ বিচ্ছিন্ন করার আবেদন করছেন। আমরা তাদের আবেদনের প্রেক্ষিতেই ব্যবস্থা নিচ্ছি।”

অন্যদিকে কার্যালয়ের ব্যবস্থাপক আজগর আলী বলেন, “এখন পর্যন্ত প্রায় চার হাজার গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করেছেন। আসলে গ্যাস সরবরাহ না থাকলেও সংযোগ কাটা ছাড়া বিল বন্ধ রাখার সুযোগ নেই। তবে ভবিষ্যতে সমস্যা সমাধান হলে পুনরায় সংযোগ দেয়া যেতে পারে।”

স্থানীয়দের মতে, “গ্যাস নাই, বিল নাই” এখন আন্দোলনের স্লোগান, এক যুগে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে কোম্পানি, তবুও সমাধান নেই, শুধু আশ্বাসেই আটকে আছে সবাই।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, “গ্যাস নেই, তবুও মাসিক বিল আড়াই কোটি টাকা: মানিকগঞ্জে গ্রাহকের তীব্র ভোগান্তি” তবে সমাধান আসেনি, বরং পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।

মানিকগঞ্জের বাসিন্দারা বছরের পর বছর গ্যাস পান না, তবুও নিয়মিত বিল পরিশোধে বাধ্য হয়েছেন। অবশেষে প্রতারণা থেকে বাঁচতে হাজার হাজার গ্রাহক নিজেরাই সংযোগ বিচ্ছিন্ন করেছেন। জনগণের প্রশ্ন-“গ্যাস ছাড়া কেন বিল?”

  • September 22, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে অনিয়মে গড়ে ওঠা বিলাসবহুল ‘ডেরা রিসোর্ট’

কৃষিজমি দখল, জমির মূল্য বাকি, নেই ফায়ার ও পরিবেশ ছাড়পত্র

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুরানগ্রাম এলাকায় গড়ে ওঠা বিলাসবহুল ‘ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা’ এখন অনিয়ম-অসঙ্গতির বড় উদাহরণ হয়ে উঠেছে। জেলা প্রশাসনের সর্বশেষ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

স্থানীয়দের অভিযোগ, চাপে ফেলে কৃষিজমি দখল করে তিন ফসলি জমি ভরাট করে রিসোর্ট নির্মাণ করা হয়েছে। অনেক জমির মালিক এখনো ন্যায্য মূল্য পাননি।
উল্টো তাদের নামে মামলা দিয়ে হয়রানির অভিযোগও উঠেছে।

ইসমাইল হোসেনের পরিবারসহ একাধিক কৃষক জানিয়েছেন— জমি নেওয়ার পরও অর্থ পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এতে ক্ষোভ আরও বেড়েছে।

রিসোর্টের ফায়ার সার্ভিস লাইসেন্স ২০২৩ সালের জুন থেকে মেয়াদোত্তীর্ণ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও গত বছর শেষ হয়ে গেছে।

ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে কক্ষ সংখ্যা বাড়ানো, এসটিপি (পয়ঃশোধন কেন্দ্র) নির্মাণ না করাসহ নানা অসঙ্গতি পাওয়া গেছে। রিসোর্টের উত্তর-পূর্ব পাশের সেতুর নিচে মাটি ফেলে পানিপ্রবাহ বন্ধ করে দেওয়ায় আশপাশের কৃষিজমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

গ্রামীণ শান্ত পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

ডেরা রিসোর্ট পরিচালনা করছে এশিউর গ্রুপ। তদন্ত প্রতিবেদনে তিনজন মালিকের নাম এসেছে, মো. শেখ সাদী (ব্যবস্থাপনা পরিচালক), জেসিয়া আফরিন (চেয়ারম্যান), মো. রবিউল ইবনে কামরুল (পরিচালক, উন্নয়ন)

স্থানীয়রা জানান, শেখ সাদী আগে নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার আত্মীয় পরিচয় দিতেন, বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক।

জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন”পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা পেয়েছি। দ্রুত রিসোর্টটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সুজন জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিনের মতে, “প্রান্তিক কৃষিজমি নষ্ট করে এভাবে রিসোর্ট করা অনৈতিক। এটি জনস্বার্থ বিরোধী এবং সঠিক স্থানে নির্মাণ করা যেত।”

মানিকগঞ্জের ডেরা রিসোর্ট শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, বরং কৃষিজমি দখল, অনুমোদনবিহীন কার্যক্রম ও পরিবেশ ধ্বংসের একটি জ্বলন্ত উদাহরণ। স্থানীয়দের দাবি— জমির মালিকদের টাকা পরিশোধ, পরিবেশ ও ফায়ার লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত রিসোর্টের কার্যক্রম বন্ধ রাখতে হবে।

  • September 20, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে পুলিশ সুপার কাপ টেনিস-২০২৫ এর বর্ণিল উদ্বোধন

এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জ ॥
মানিকগঞ্জে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত পুলিশ সুপার কাপ-২০২৫ টেনিস টুর্নামেন্ট। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের স্থানীয় টেনিস কোর্টে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন,“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শরীর ও মনের সুস্থতার বড় অবলম্বন। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের কু-প্রভাব থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তানজিলুর ফারগানি তানজু, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ফাহিম আসজাদ, সিনিয়র সহকারি জজ ফারদিন মুস্তাকিম তাসিন, , মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এছাড়া টেনিস ক্লাবের সদস্য ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় জাহিদ-আকবর জুটি দারুণ লড়াই শেষে দোলন-কামরুল জুটিকে পরাজিত করে শুভসূচনা করে। আয়োজক টেনিস ক্লাবের তথ্য অনুযায়ী, এবারের টুর্নামেন্টে মোট আটটি জুটি অংশগ্রহণ করছে।
পুরো টেনিস কোর্ট প্রাঙ্গণজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। দর্শক, খেলোয়াড় ও অতিথিদের পদচারণায় মুখর হয়ে উঠে ।

  • September 18, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে গোপন নকল সাবান কারখানায় র‍্যাবের অভিযান, কারাদণ্ড ও জরিমানা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে গোপনে পরিচালিত একটি নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৪। অভিযানকালে বিপুল পরিমাণ নকল সাবান ও কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, ‘গ্রীন ফুড অ্যান্ড বেভারেজ’ নামে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোনায়েম আহমেদ নিজ বসতবাড়ির ভেতরে টিন-ঘেরা চত্বরে ডেটল, ডাভসহ নামিদামি ব্র্যান্ডের নকল সাবান তৈরি করছিলেন।

অভিযানে মালিককে ১৫ দিনের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন,“এটি একটি নকল কারখানা। তারা বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করছিল। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।”

বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন,“আমরা জানতাম না এখানে কারখানা চালু হয়েছে। তারা পুরোপুরি গোপনে নকল সাবান উৎপাদন করছিল।”

এই অভিযানে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

  • September 16, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের “দায়িত্বশীল তারবিয়াহ মজলিস” অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৫ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) বিকেল ৩টায় সদর এলাকায় এক মহতি “দায়িত্বশীল তারবিয়াহ মজলিস” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি হাফেজ সাইফুল ইসলাম এবং পরিচালনা করেন সহসভাপতি আনওয়ার হুসাইন রিয়াদ। দারসুল কুরআন পেশ করেন সংগঠনের মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ আল মাহমুদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম এবং ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসান।

দায়িত্বশীল তারবিয়াহ প্রশিক্ষণে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক দায়িত্বশীল সদস্য অংশগ্রহণ করেন।
এই আয়োজনে দায়িত্বশীলদের মাঝে আদর্শ, নেতৃত্বগুণ, ইসলামী মূল্যবোধ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই তারবিয়াহ মজলিস মানিকগঞ্জে তরুণ নেতৃত্ব গঠনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।

  • September 13, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি।

১১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা থাকার প্রেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির ৬ জনকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এরা হলেন আহবায়ক কমিটির ২১ নং সদস্য মশিউর রহমান বুলবুল,২৯ নং সদস্য মোঃ সাগর আহমেদ,৩১ নং সদস্য এডভোকেট নাজমুল হোসেন,৩৫ নং সদস্য মিলন মৃধা ৩৮ নং সদস্য মোঃ আল আমিন হোসেন, ৪৮ নং সদস্য কাজিম উদ্দিন।

প্রেস বিজ্ঞপ্তিতে আর উল্লেখ করা হয়েছে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এবিষয়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেকেন্দার বলেন, গতকাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে দলীয় মত বিনিময় সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের বিরুদ্ধে দল এ সিদ্ধান্ত নিয়েছে।

  • September 12, 2025
  • 0 Comments
মানিকগঞ্জ সম্পাদক পরিষদের নতুন কমিটি : সুজন সভাপতি, আকরাম সম্পাদক

মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম সুজন সভাপতি ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক মো: আকরাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ দুপুরে সম্পাদক পরিষদের এক জরুরী সভায় এই কমিটি গঠিত হয়।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি-মাহবুব আলম জুয়েল (সাপ্তাহিক সময়ের সংবাদ), যুগ্ম সম্পাদক- অ্যাড. খন্দকার সুজন হোসেন ( সাপ্তাহিক তারুণ্যের কথা), কোষাধ্যক্ষ-জয়নাল আবেদীন বাবুল (সাপ্তাহিক আবাবিল), সাংগঠনিক সম্পাদক-আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু), দপ্তর সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন মিলন (দৈনিক বাংলাদেশ নিশান), প্রচার সম্পাদক-এফএম ফজলুল হক (দৈনিক পৃথিবী প্রতিদিন), কার্যকরী সদস্য- অ্যাড. আমিনুল হক আকবর (দৈনিক আল আযান), গোলাম ছারোয়ার ছানু ( সাপ্তাহিক মানিকগঞ্জ), আশরাফুল আলম লিটন (সাপ্তাহিক সবখবর), আব্দুল আলীম (দৈনিক শীর্ষ বার্তা) ও কহিনুর ইসলাম রাব্বি (সাপ্তাহিক সংবাদ জমিন)।

কমিটির সাধারণ সদস্যরা হলেন, শহীদুল ইসলাম (দৈনিক মানিকগঞ্জের কাগজ), মো: আনোয়ারুল হক (দৈনিক বাংলাদেশ মধ্যাঞ্চল), বাবুল আক্তার মঞ্জু (দৈনিক নিউজ), আমির হামজা ( সাপ্তাহিক মানিকগঞ্জের খবর), আনিসুর রহমান বুলবুল (সাপ্তাহিক সাতদিনের মানিকগঞ্জ)।

  • September 11, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ছেলের হাতে মায়ের নির্মম মৃত্যু !

মানিকগঞ্জের দৌলতপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঘটলো এক অকল্পনীয় হত্যাকাণ্ড।
নিজের জন্মদাত্রী মাকে গলা কেটে হত্যা করেছে আপন ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২)। নিহত করুনা রানী ভদ্র (৬২) দীর্ঘদিন ধরে ছেলের সঙ্গে আর্থিক দ্বন্দ্বে জড়িয়ে ছিলেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ির ভেতর কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত রবি মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান করুনা রানী ভদ্র।
অপরাধ সংঘটিত হওয়ার পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে।
এলাকাবাসীর ভাষায় “পাওনা টাকা নিয়ে মা-ছেলের দ্বন্দ্বই কেড়ে নিলো এক মায়ের জীবন।”

অন্যান্য