মানিকগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। সভায় ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষন করা, একমূখী প্রকৌশলী শিক্ষাব্যবস্থা চালু, উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলীর পদোন্নতি সহ ৭ দফা দাবী জানানো হয়।
এসময় সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার রুকনোজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুল হক, সদস্য সচিব অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার মো: দবিরুল , ইঞ্জিনিয়ার মো: শাহারিয়ার, ইঞ্জিনিয়ার মো: আছাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সুব্রত বিশ্বাস, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক, শাহানুর ইসলাম, সহসভাপতি আবুল বাশার আব্বাসী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, কোষাধ্যক্ষ শাহিনুল ইসলাম তারেক, দফতর সম্পাদক হাজিজুল হাকিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন,ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার কর্তৃক সংরক্ষিত-উপসহকারী প্রকৌশলী পদটি কোনভাবেই কোটার মধ্যে পরে না। সরকারি চাকরিবিধি অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীগণ উপ-সহকারী প্রকৌশলী পদে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন। অথচ, ডিগ্রী ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে উপ-সহকারী প্রকৌশলী পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোটা হিসেবে সংরক্ষীত বলে মিথ্যাচার করছে। ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কোর্স কারিকুলাম অনুযায়ী ডেস্ক ইঞ্জিনিয়ার হিসেবে ডিগ্রি প্রকৌশলীগণ গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন,প্লানিং ও ডিজাইন করবেন। অন্যদিকে ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কারিকুলাম অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীগণ মাঠ পর্যায়ের সকল প্রকার উন্নয়ন কাজ বাস্তবায়ন, মান নিয়ন্ত্রণ,মেরামত ও রক্ষণাবেক্ষণ করবেন। এই দু’স্তরের প্রকৌশলীগণদের সামঞ্জস্যপূর্ণ কর্মকান্ডের ফলে প্রিয় মাতৃভূমি আসীন হবে উন্নত দেশে। কোন বৈষম্য তৈরি হলে তা প্রতিহত করার ঘোষণাও দেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


