বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে নতুন যে ব্যাংক গঠন করা হচ্ছে সে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। নতুন ব্যাংকটি আগামী সপ্তাহেই যাত্রা শুরু করতে পারে।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন গভর্নর।
অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শিরোনামে এ সম্মেলনের আয়োজন করেছে দৈনিক বণিক বার্তা।
উদ্বোধনী অধিবেশনে আরও অতিথি ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) সভাপতি ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন।
সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে একটি নতুন ও শক্তিশালী ব্যাংক গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ব্যবহার করে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আশা করা যায় আগামী সপ্তাহেই নতুন ব্যাংকটি যাত্রা শুরু করবে।
অনুষ্ঠানে আহসান এইচ মনসুর বলেন, নতুন ব্যাংকটিতে থাকবে ৩৫ হাজার কোটি টাকার পেইড-আপ ক্যাপিটাল। এটি বাংলাদেশের ব্যাংক খাতে এ পর্যন্ত সর্বোচ্চ। বর্তমানে ব্যাংকগুলোর সর্বোচ্চ মূলধন মাত্র ১ হাজার ৫০০ কোটি টাকার মতো। সরকার নতুন এই ব্যাংকে ২০ হাজার কোটি টাকা দিচ্ছে।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদিনগর বটতলা এলাকায় আবারও ঘটল বন্যপ্রাণীর করুণ অন্তিম পরিণতি। খাবারের সন্ধানেই গ্রামাঞ্চলে প্রবেশ করেছিল বিপন্ন প্রজাতির একটি মেছোবাঘ। কিন্তু স্থানীয়দের হাতে আটক হওয়ার পর খুব দ্রুতই মৃত্যু হয় প্রাণীটির।
শনিবার (২৯ নভেম্বর) সকালে গ্রামবাসী প্রথমে প্রাণীটিকে আটকে রেখে খবর দেয় উপজেলা বন বিভাগকে। পরে বন বিভাগের দল গিয়ে মৃত মেছোবাঘটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, সকালে বাড়ির পাশ দিয়ে হাঁটতে দেখা যায় মেছোবাঘটিকে। এরপর পলো দিয়ে ধরার কয়েক মিনিটের মধ্যেই প্রাণ হারায় এটি। সরফদিনগর গ্রামের জাকির হোসেন বলেন, “বাড়ির পাশে হাঁটতে দেখেই আমরা ধরেছি। কিছুক্ষণ পরই মারা যায়। এলাকায় আরও এমন বন্য প্রাণী আছে।”
উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, “মেছোবাঘটি মারা যাওয়ার খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে লোক পাঠাই। মৃত্যুর কারণ শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হবে এবং এরপর নিয়মমতো মাটিতে পুঁতে ফেলা হবে।”
প্রকৃতি ও মানুষের সহাবস্থানের প্রশ্ন আবারও আলোচনায় বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা এখন সময়ের দাবি।
বাংলাদেশে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে এই ভূমিকম্পগুলো দেশে আঘাত হেনেছে। যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু-মাঝারি, তবুও সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাত ৩টার পর থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে প্রায় ১৩ ঘণ্টার মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটি মৃদু ভূমিকম্প হওয়ায় অনেকেই ঘটনাটি টের পাননি।
এর মধ্যে প্রথম ভূমিকম্প অনুভূত হয় গতকাল মধ্যরাতে। রাত প্রায় ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট এ ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর।
ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি। ওয়েবসাইটটি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে না পারলেও ইএমএসসি বলেছে, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।
এরপর রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটি মৃদু ভূমিকম্প হওয়ায় অনেকেই ঘটনাটি টের পাননি।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, দিবাগত রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে ৩ দশমিক ৪ মাত্রার এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরে। এরপর আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তৃতীয় কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল ৩.৬।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, গত ২১ নভেম্বর সকালে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে সারাদেশ। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
উল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় তার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভমিছিলের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর (পল্টন জোন)।
আগামী ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বক্তারা কুরআন-সুন্নাহ অবমাননার বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরবেন এবং আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবেন।
হেফাজতে ইসলাম জানায়, ঈমান-আক্বীদার বিরুদ্ধে যেকোনো ধৃষ্টতার মোকাবেলায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো সময়ের দাবি। তাই ধর্মপ্রাণ মুসল্লিদের শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। মামলাগুলোতে শেখ হাসিনা, জয় ও পুতুলসহ আসামি রয়েছেন ২৩ জন।
শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়া অপর ২০ আসামি হলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো: আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শফি উল হক, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী, রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) নায়েব আলী শরীফ, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো: নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো: কামরুল ইসলাম, উপপরিচালক মো: হাফিজুর রহমান, উপপরিচালক হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মাদ সালাউদ্দিন। আসামিদের মধ্যে একমাত্র মোহাম্মদ খুরশীদ আলম গ্রেপ্তার আছেন।
গত ২৩ নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। যুক্তিতর্কে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষ। তবে পলাতক থাকায় শেখ হাসিনাসহ পরিবারের পক্ষে নেই কোনো আইনজীবী।
মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অবমাননাকর কটুক্তিমূলক বক্তব্য প্রদান ও তৌহিদী জনতার উপর উদ্দ্যেশ্যপ্রণদিত হয়রানির চেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জ জেলায় মহা-সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম, বাংলাদেশ। আগামী ২৯ নভেম্বর শনিবার মানিকগঞ্জ জেলা শহরের মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে (বিজয় মেলা মাঠ) সকাল ১০টায় এ মহা-সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হেফাজত নেতৃবৃন্দ।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মানিকগঞ্জ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান ও প্রচার সম্পাদক মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
নেতৃবৃন্দ জানান, মহা-সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাজিদুর রহমান, আল্লামা মামুনুল হক, জুনায়েদ আল হাবীব, আল্লামা আইয়ুবীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ এস এম সাইফুল্লাহ : মানিকগঞ্জ-যে জেলাটি দীর্ঘদিন ধরেই শান্ত ও স্থিতিশীল হিসেবে পরিচিত, সেই জেলাকে নাড়িয়ে দিয়েছে বাউল শিল্পী আবুল সরকারের বিতর্কিত মন্তব্য। ঘটনা ৪ নভেম্বর, ঘিওরের জাবরা খালা পাগলির মেলামঞ্চ। গান পরিবেশন করতে গিয়ে আল্লাহ ও ইসলামের বিরুদ্ধে চরম ধৃষ্টতাপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেন তিনি। মুহূর্তেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দেশজুড়ে ক্ষোভের আগুন। মুসল্লিদের দাবী—“এই অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”
আইনের দ্বারস্থ ধর্মপ্রাণ জনগণ :
ঘটনার পর ২০ নভেম্বর ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে মামলা করেন। সেদিনই মাদারীপুর থেকে ডিবি পুলিশ আবুল সরকারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
কিন্তু প্রশ্ন রয়ে গেল-এত উত্তেজনার আগেই কেন তাকে গ্রেপ্তার করা হলো না? প্রশাসন কি দায়িত্ব পালনে শৈথিল্য দেখিয়েছে?
আইনবিদদের চোখে অপরাধ স্পষ্ট :
ভয়েস অব লয়ার্স এর প্রধান সমন্বয়ক, সুপ্রিম কোর্ট আইনজীবী আশরাফ-উজ-জামান বলেন, “এটি স্পষ্ট ধর্ম অবমাননা। দণ্ডবিধি ২৯৫(এ)-তে এটি শাস্তিযোগ্য অপরাধ। তাকে যেকোনো সময় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারত।”
সংবাদ সম্মেলনে আলেম-ওলামারা জানান, গত ২৩ নভেম্বর সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে থেকে আমাদের শান্তিপূর্ণ মিছিলটি পুলিশের উপস্থিতিতে নির্ধারিত রুট অনুসরণ করে বিজয় মেলার মাঠের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে সমাবেশের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল। এমন সময় শিল্পী আবুল সরকারের অনুসারীরা বিজয় মেলার মাঠে জটলা পাকিয়ে অবস্থান করছিলো। প্রশাসন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিলেও তারা খানিক দূরে গিয়ে অবস্থান নেয়। তাদের অবস্থানে এক ধরনের উসকানি ছিলো। এক পর্যায়ে দূর থেকে তাদের মারমুখী অবস্থা লক্ষ করা গেলে সমাবেশের পেছন দিকের বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফুসে ওঠে। নেতৃস্থানীয় কয়েকজন পুলিশদের সাথে নিয়ে বিক্ষুব্ধ জনতাকে সমাবেশস্থলে জড়ো করতে থাকেন। এ সময় বাউলদের পক্ষ হতেও আক্রমণ করা হয় আবার তৌহিদী জনতার সমাবেশ হতে বিক্ষুব্ধ জনতা সংঘর্ষে জড়ায়।
এসময় উভয় পক্ষের কয়েক জন সংঘর্ষে আহত হয়। আমরা আহত সবাইকে দেখতে ও খোঁজ-খবর নিতে হাসপাতালে যাই। আমরা সবার সুস্থতা কামনা করে দোয়া করি।
বক্তারা বলেন, পুলিশ প্রশাসন বাউলদের সাড়ে ১১টার দিকে শহরের প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করার অনুমতি প্রদান করেছে বলে আমরা জানতে পারি। কিন্তু তাদের সময়ের ঘণ্টা খানের আগেই কেন তারা আমাদের নির্ধারিত সমাবেশ স্থলের নিকটে অবস্থান করতে থাকলো? পুলিশ তাদের দূরে সরে যেতে বললেও তার তা অমান্য করে কয়েক গজ দূরে গিয়ে অবস্থান কেন নিলেন? মূলত তারা ইচ্ছাকৃতভাবে একটি বিশৃঙ্খলা লাগানোর জন্যেই এমনটা করেছে।
শিবালয় উপজেলার শাহিলী গ্রামের জালাল সরকার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছে। তিনি আবুল সরকারের আত্মীয়। বাউলদের পক্ষে মাঠে নামা লোকদের বেশির ভাগই বিগত আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতা-কর্মী। এই আবুল সরকার প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চেয়েছেন এবং সাবেক এমপি মমতাজকে মা বলে সন্বোধন করেছেন।
তারা বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা তৈরি ও এই বিষয়টিকে নিয়ে দেশে একটা বড় রকমের যড়ষন্ত্র করার চেষ্টা করছে।’
ইসলামি পণ্ডিতরা বলেন, আবুল সরকারের চারটি মন্তব্যই ছিল চরম কুফরি, যা তার ধর্মীয় অজ্ঞতা ও উদ্দেশ্যপ্রণোদিত বিদ্বেষের বহিঃপ্রকাশ।
মাওলানা ইসলামাবাদী জানান, “রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সঙ্গে সঙ্গেই আইনের আওতায় আনা। বরং প্রশাসন উদাসীন ছিল এবং পরে আবার বাউলদের পক্ষেই দাঁড়িয়েছে।”
শান্ত জেলায় অশান্তির আগুন :
মানিকগঞ্জের স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মতে, “শান্ত মানিকগঞ্জকে উত্তাল বানিয়েছে আবুল সরকারের মুখের সেই চারটি বাক্য।” মুফতি আবদুল হান্নান বলেন, “দেশজুড়ে উত্তেজনা থাকলেও মানিকগঞ্জ ছিল শান্ত। আবুল সরকার সেই শান্তিকে ভেঙে দিয়েছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।”
পুলিশের মন্তব্য :
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, “আল্লাহকে নিয়ে মন্তব্য থেকে উত্তেজনা ছড়িয়েছে। সংঘর্ষের পর আবুল সরকারের বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে বিশেষ আইন-এর অধ্যাদেশ জারি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ চার জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল (মঙ্গলবার – ২৫ নভেম্বর) বিকেলে ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন। লিগ্যাল নোটিশ পাঠানো অন্যান্যরা হলেন, আইন সচিব, ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং ধর্ম বিষয়ক সচিব। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের ৯০ শতাংশ মুসলিম দেশ বেশিরভাগ মানুষ ইসলামকে ধারণ করে এবং মেনে চলে। মসজিদেও একসাথে সমবেত হয়ে নামাজ আদায় করেন এবং এক আল্লাহর ইবাদত করে ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপর দরূদ পাঠ করেন। ঠিক এমন পর্যায় এসে ৯০ শতাংশ মুসলিম দেশে বাউল আবুল সরকার স্বয়ং আল্লাহকে নিয়ে কূটুক্তি করেছে তার বিচার কেন মৃত্যুদণ্ড হবে না? কঠিন বিচারের মাধ্যমে ইসলামকে নিয়ে কটুক্তি করার সাহস ও চিন্তা চেতনা যেন কারো না হয় এমন শক্ত আইন হিসাবে স্পেশাল আইন এর অধ্যাদেশ জারি করা আবশ্যক। অন্যথায় দিনের পর দিন ধর্ম অবমাননা বেড়েই চলবে। আরও বলা হয়, যেহেতু ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার কথা। তাই দেশকে সুরক্ষা দিতে ও দেশের মানুষকে ধর্ম অবমাননার মতো জঘন্য কাজে লিপ্ত না হতে ধর্মীয় বিষয় অবমাননা বিষয়ে বিশেষ আইন অধ্যাদেশ জারি করা একান্ত আবশ্যক। এক ধর্মের লোক যেন অন্য ধর্মের অবমাননা না করতে পারে এবং নিজ ধর্মের মানুষও নিজ ধর্মকে কটাক্ষ করতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রাস্তার পাশ থেকে জাকির হোসেন (৪৩) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ ভোরে উপজেলার বকচর রাস্তার নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে জাকিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জাকির হোসেন উপজেলার চান্দহর ইউনিয়নের চারচামটা গ্রামের মৃত বুদ্দু মিয়ার ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন।
নিহতের স্ত্রী সানোয়ারা বেগম জানান, গতকাল সোমবার রাত ৮টার দিকে প্রতিদিনের মতো বাড়ির পাশের আনন্দবাজারে চা খেতে যান আমার স্বামী। এর পরে আর ঘরে ফেরেনি। আমরা রাতে তার খোঁজ করলেও পায়নি। পরে রাত আনুমানিক ৪টার দিকে এক সবজি চাষি সানোয়ার খবর দেয় যে আমার স্বামীর লাশ রাস্তার পাশে পড়ে আছে।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে পাঁচ ঘণ্টা পর রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর এদিন বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে,আগুনে কেউ হতাহত হয়েছে কি-না, সেটি এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। আগুন সূত্রপাত সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।