• January 6, 2026
  • 0 Comments
মানিকগঞ্জ-৩ আসনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ

মানিকগঞ্জ প্রতিনিধি : ০৬ জানুয়ারী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-৩ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থীর আতাউর রহমান আতার ওপর সংঘটিত ঘটনার বিষয়টি জেলা প্রশাসকের সামনে উপস্থাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
জামায়াত নেতৃবৃন্দ জানান, তারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সদর থানা আমির মো. ফজলুল হক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন এবং সহ-সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সকল রাজনৈতিক দলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

  • January 5, 2026
  • 0 Comments
মানিকগঞ্জে গ্যাস সিন্ডিকেট : অতিরিক্ত দামে বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জে সাধারণ ভোক্তাদের পকেট কাটার উৎসবে এবার লাগল লাগাম। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিক্রয় মেমো না দেওয়ার অপরাধে দুইটি ডিলার পয়েন্টকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বেউথা ও জরিনা কলেজ মোড় এলাকায় পরিচালিত অভিযানে হাতেনাতে ধরা পড়ে অনিয়মের প্রমাণ।

অভিযানে দেখা যায়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ক্রেতাদের কাছে বিক্রয় মেমো প্রদান না করা ।

অভিযোগের সত্যতা পাওয়ায়, মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে জরিমানা ১ লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে জরিমানা ৫০ হাজার টাকা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান,“ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি চলছে। কেউ আইন অমান্য করলে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এমন অভিযান চলবে এবং ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।

ভোক্তার অধিকার রক্ষায় এই অভিযান নিঃসন্দেহে এক সাহসী বার্তা— অতিরিক্ত দাম নয়, চাই ন্যায্য বাজার।

  • January 3, 2026
  • 0 Comments
বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন

মানিকগঞ্জ :
মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে তিল্লী উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে, হাসপাতাল রোড এলাকায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩ হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়। মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগসহ মোট ১০টি বিভাগের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও শতাধিক জনবল সেবা প্রদানে অংশ নেন।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, “অসহায় ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন, “বিনামূল্যে চিকিৎসাসেবার এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং জেলার বিভিন্ন এলাকায় সম্প্রসারিত করা হবে।”
কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পে আগত কোনো রোগীর অপারেশনের প্রয়োজন হলে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০ শতাংশ, প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ এবং সাধারণ বেড চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় প্রদান করা হবে।
ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের ফলে স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ ও উৎসাহ দেখা যায়। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • January 3, 2026
  • 0 Comments
মানিকগঞ্জে অরঙ্গবাদে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি :
ইসলামী সংস্কৃতি চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে মানিকগঞ্জের সদর উপজেলার অরঙ্গবাদে “ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অরঙ্গবাদ কওমী কাফেলার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোঃ আবু সাঈদ।
কওমী কাফেলার প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহাম্মদ সাঈদ নূরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কওমী কাফেলার উপদেষ্টা মাওলানা আতাউল্লাহ, মাওলানা ইসমাইল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহীনুল ইসলাম তারেক,বেতিলা-মিতরা ইউনিয়নের সদস্য সাগর আহমেদ সাবু, বিশিষ্ট সমাজ সেবক মুস্তাক মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানটি সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে। এতে হামদ, নাত, ক্বিরাত, ইসলামী সংগীতসহ বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজন সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অরঙ্গবাদ কওমী কাফেলার সভাপতি মুফতি আব্দুল আউয়াল অরগবাদী, মুফতি আবুল হাসান, মুফতি মাহমুদুল হাসান আকবর।
পরে জাতীয় ও সাংস্কৃতিক সংগঠন কলবর সাস্কৃতিক শিল্পীগোষ্ঠী নাশিদ পরিবেশন করেন।

  • January 3, 2026
  • 0 Comments
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা :

জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“প্রযুক্তি ও সমতায় কল্যাণ ও সমতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাসমুল আরা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন।

এ সময় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস , ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর মোঃ ফারুক হোসেন,গনকল্যাণ ট্রাস্টের প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার ও সামাজিক সমতার মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া সমাজ সেবায় বিশেষ অবদান রাখা কয়েকটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমাজ সেবা অধিদপ্তর মানিকগঞ্জ।

  • January 1, 2026
  • 0 Comments
মানিকগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে হেরোইনসহ এক পিতা ও তার ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ঘিওর থানার উত্তর তরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর তরা গ্রামের মো. পারভেজ মিয়া (৩৩) ও তার পিতা আবুল বাশার (৫৯)। দু’জনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

অভিযান চালানোর সময় পারভেজ মিয়ার কাছ থেকে ১২ গ্রাম এবং তার পিতা আবুল বাশারের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, তাদের বিরুদ্ধে ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • December 29, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে মনোনয়ন জমা দিয়ে আলোচনায় বিএনপি-জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা

শেষ দিনে জমজমাট ছিল জেলা প্রশাসকের কার্যালয় এলাকা। সকাল থেকেই প্রার্থীদের ব্যস্ততা, সমর্থকদের উপস্থিতি—সব মিলিয়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে তিনটি সংসদীয় আসনে।

আজ ২৯ ডিসেম্বর সোমবার, সকাল ১০টা থেকেই জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়ার সময় থাকায় ঠিক কতজন প্রার্থী শেষ পর্যন্ত দাখিল করেছেন, তা আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও নগরজুড়ে বেড়েছে নির্বাচনপ্রীতির সাড়া।

জেলা প্রশাসক জানান, “পুরো মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় মোতায়েন ছিল অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে মানিকগঞ্জ এখন অপেক্ষায়—কারা উঠবেন চূড়ান্ত লড়াইয়ে?

  • December 27, 2025
  • 0 Comments
১৫ ঘণ্টা পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০ টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে এ নৌপথের সকল ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মাঝ-নদীতে আটকা পড়ে শাহ মখদুম, এনায়েতপুরী ও ভাষা শহীদ বরকত নামের তিনটি ফেরি। কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ি জেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ সাড়ি তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

  • December 15, 2025
  • 0 Comments
পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় পুরস্কার পেলেন সাংবাদিক, কলামিস্ট পারভেজ বাবুল

পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় সাউথ এশিয়া হিউমান রাইটস ফাউন্ডেশন পদক পেলেন সাংবাদিক, কলামিস্ট, গবেষক পারভেজ বাবুল।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষ্যে এশিয়া হিউম্যান রাইস ফাউন্ডেশন ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে বরণ্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করে ৎ। মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ অন্যান্য গুণীজনের সঙ্গে পারভেজ বাবুলকে পরিবেশ ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণায় আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কার প্রদান করে।

উল্লেখ্য, পারভেজ বাবুল ইতিপূর্বে বিভিন্ন সংগঠন থেকেও পরিবেশ, নারী উন্নয়ন, কাব্য সাহিত্য এবং সংবাদিকতায় পুরস্কার পেয়েছেন।

জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত সাংবাদিক, কলামিস্ট, লেখক, কবি, পরিবেশ এবং নারী উন্নয়ন কর্মী পারভেজ বাবুল। তাঁর কলম কথা বলে পরিবেশ সুরক্ষা, নারীর সমতা, ন্যায্যতা, নিরাপত্তা এবং ক্ষমতায়নের। তিনি ASIA Foundation, India এবং Foundation, India এর সম্মানিত Feminist Foreign Policy Fellow বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে বন্যা, খরা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, প্রাকৃতিক এবং মনুষ্য-সৃষ্ট দুর্যোগ, পরিবেশ অবক্ষয়, জলবায়ু পরিবর্তন Climate Change, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে তিনি প্রচুর লিখেছেন এবং এখনো লিখছেন। তিনি ইংরেজিতেThe Daily Star, Daily Observer, Times of Bangladsh, Finacial Express সহ মূলধারার পত্রিকায় তিন শতাধিক প্রবন্ধ লিখেছেন। আমেরিকার কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে পারভেজ বাবুলের একটি লেখা পাঠ্য হয়েছে; শিরোনাম: Women Climate Change and Food Security in Bangladesh.

পারভেজ বাবুল একজন পরিবেশ-বান্ধব এবং নারী-বান্ধব লেখক। ইংরেজি ও বাংলা প্রবন্ধ, উপন্যাস, কাব্যগ্রন্থসহ তাঁর লেখা প্রকাশিত গ্রন্থ সংখ্যা এগারোটি। তিনি জাতিসংঘের আমন্ত্রণে ২০১৬ সালে মরক্কোয় অনুষ্ঠিত জাতিসংঘের UNFCCC আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনConference of the Parties (COP) 22 এ অংশ নিয়ে বাংলদেশের প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক মিডিয়া ফেলোশিপ পেয়ে বিভিন্ন বিষয় পত্রিকায় তুলে ধরতে তিনি কয়েকটি দেশ সফর করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে তিনি কাজ করেছেন বিশ বছরের অধিককাল। তিনি অধুমপায়ী; ধুমপান, মাদক এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার।

  • December 14, 2025
  • 0 Comments
ঘিওরে সারবোঝাই ট্রাক নদীতে, ৬ লাখ টাকার ক্ষতির দাবি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক ইছামতি নদীতে পড়ে ওয়াজেদ আলী নামে এক ব্যবসায়ী আহত হন। এতে প্রায় ছয় লাখ টাকার সার নষ্ট হয়েছে বলে দাবি করেছেন তিনি।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ঘিওর বাজারসংলগ্ন কুস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী ওয়াজেদ আলী জানান, নারায়ণগঞ্জ থেকে সার নিয়ে একটি ট্রাক ঘিওর বাজারের দিকে আসছিল। তবে নির্ধারিত মূল সড়কে না গিয়ে একটি সরু ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে বাজারে ঢোকার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে উল্টে পড়ে। এতে প্রায় সাড়ে পাঁচ শতাধিক বস্তা সার পানিতে ডুবে যায়।

তিনি অভিযোগ করে বলেন, চালকের অসতর্কতা ও খামখেয়ালিতে এ দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনিসহ স্থানীয় সার ব্যবসায়ীরা।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তরা নদী থেকে সার উদ্ধারের চেষ্টা করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

অন্যান্য