• December 11, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে শহীদ রফিক সড়কে ককটেল বিস্ফোরণ,আতঙ্ক

মানিকগঞ্জ শহরের ব্যস্ততম শহীদ রফিক সড়কে দুই নং আইনজীবী ভবনের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা দ্রুত এসে বিস্ফোরণ ঘটিয়ে মুহূর্তের মধ্যে এলাকা ত্যাগ করে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা ছুটোছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নিলে মুহূর্তেই চারপাশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, “হঠাৎ বড় একটি শব্দে সবাই থমকে যায়। পরে দেখা যায় রাস্তার মাঝে একটি ককটেল বিস্ফোরিত অবস্থায় পড়ে আছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চারপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিশ্লেষণ চলছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

  • December 11, 2025
  • 0 Comments
তফসিল ঘোষণা : জাতীয় নির্বাচন ১২ই ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ১২ই ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন। একই দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে বলে ভাষণে উল্লেখ করে প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তিনশ আসনে ভোটগ্রহণ হবে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ই আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। এ সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ২০২৫ সালের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয়। ১৩ই নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে। ওই ঘোষণার সময়সীমার মধ্যে এ নির্বাচন হতে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন।

ভাষণে সিইসি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার ৩০০ আসনে জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯শে ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩০শে ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার হতে ৪ঠা জানুয়ারি ২০২৬ রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ই জানুয়ারি ২০২৬ রোজ রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ ১২ই জানুয়ারি ২০২৬ রোজ সোমবার থেকে ১৮ই জানুয়ারি ২০২৬ রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১শে জানুয়ারি ২০২৬ তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে ২২শে জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ৭:৩০টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি।

  • December 10, 2025
  • 0 Comments
ঘড়ির কাঁটা ভোটের তফসিলের অপেক্ষায়

সিইসি দেখা করলেন প্রধান বিচারপতির সাথে


রাষ্ট্রপতির সাথে আজ দুপুরে ইসির সাক্ষাৎ


চূড়ান্ত ব্যালটে স্থগিত বা নিষিদ্ধ দলের প্রতীক থাকবে না


ভোটের প্রস্তুতি প্রায় শেষ। ঘড়ির কাঁটা তফসিলের অপেক্ষায়। আজ বুধবার সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে আজ দুপুরে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে সিইসির নেতৃত্বে পুরো কমিশন দেখা করবেন। তার পরই জাতির উদ্দেশে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা ভাষণের মাধ্যমে সিইসি তফসিল ঘোষণা করবেন। এই তফসিলের ব্যাপারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গতকালই জানিয়েছেন বুধবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, কাল রাষ্ট্রপতির সাথে দুপুরে সাক্ষাতে যাবেন সিইসির নেতৃত্বে পুরো কমিশন। সেই সাক্ষাৎ শেষে তফসিল। বিশেষজ্ঞরা বলছেন, এই কমিশনের দায়িত্ব পাওয়ার পর কোনো ধরনের নির্বাচন আয়োজন করার অভিজ্ঞতা নেই। ফলে চ্যালেঞ্জ নিয়েই তারা এই ভোটের আয়োজনে যাচ্ছেন।

  • December 9, 2025
  • 0 Comments
রেস্টুরেন্টে নগদ টাকা গুনছেন পৌর প্রকৌশলী? ভাইরাল ছবিকে ঘিরে মানিকগঞ্জে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জ পৌরসভায় নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেনকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভাইরাল ছবিতে তাকে শহরের একটি রেস্টুরেন্টে বসে টাকা গুনতে দেখা যাচ্ছে এমন দাবি করছে নেটিজেনদের একটি অংশ। মুহূর্তেই এই ছবিগুলো ঘিরে শহরজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা, সমালোচনা ও রাজনৈতিক তর্ক-বিতর্ক।

অন্যদিকে, পৌরসভার একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। তাদের দাবি নির্বাহী প্রকৌশলী ঘুষ ছাড়া কোনো কাজের ফাইল অগ্রসর করেন না। নিয়ম মেনে কাজ শেষ হলেও নানান অজুহাতে হয়রানি করা হয় বলেও অভিযোগকারীরা উল্লেখ করেছেন। দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে আবেদনপত্রে।

অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রকৌশলী শাহাদাৎ হোসেন। তিনি বলেন, “ভাইরাল হওয়া ছবিগুলো বিভ্রান্তিকর। এগুলো এআই দিয়ে তৈরি হতে পারে কিংবা ব্যক্তিগত লেনদেনের কোনো মুহূর্ত। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো যাচাই-বাছাইয়ে ইতোমধ্যে খারিজ হয়েছে।”

মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানিয়েছেন,“বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই শুরু হয়েছে। তদন্তের ফল উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় রাজনৈতিক অঙ্গন, ঠিকাদার ও সাধারণ নাগরিকদের আলোচনায় এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় এই ভাইরাল ছবি ও তার প্রভাব।

  • December 9, 2025
  • 0 Comments
যান্ত্রিক ত্রুটিতে স্কয়ার গ্রুপের হেলিকপ্টারের মানিকগঞ্জে ফসলের মাঠে জরুরি অবতরণ

পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা স্কয়ার গ্রুপের নিজস্ব হেলিকপ্টারটি (এস২–এজিপি) যান্ত্রিক ত্রুটির কারণে মানিকগঞ্জে জরুরি অবতরণ করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলা চকে ফসলের মাঠে এ অবতরণ ঘটে।
জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর)বিকেল চারটার দিকে পাবনা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি অনুকূল না থাকায় পাইলট ঝুঁকি এড়াতে দ্রুত মাঠে নিরাপদ অবতরণ করান। এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ৬ জন আরোহী ছিলেন, যারা স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরীর ঘনিষ্ঠজন বলে জানা গেছে।
ঘটনার পরপরই স্কয়ার গ্রুপের আরেকটি হেলিকপ্টার ঘটনাস্থলে এসে আরোহীদের ঢাকায় নিয়ে যায়। যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও সমাধানের জন্য সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন। তিনি জানান, হেলিকপ্টারের সাপোর্টিং লেড–অ্যাসিড এভিয়েশন ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আগামীকাল প্রধান টেকনিক্যাল টিম এসে চূড়ান্তভাবে ত্রুটি মেরামতের কাজ শুরু করবে।
এদিকে সন্ধ্যা নামলেও আশপাশের গ্রামবাসী হেলিকপ্টারটি দেখতে ভিড় করতে থাকেন। হেলিকপ্টারের নিরাপত্তায় স্কয়ার গ্রুপের ৩০ জন কর্মী পুরো রাত পাহারায় থাকবেন বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

  • December 9, 2025
  • 0 Comments
মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে জামায়াতের তিন এমপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জে প্রশাসনের সাথে রাজনৈতিক দলগুলোর যোগাযোগ জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর মনোনীত তিন আসনের এমপি প্রার্থীরা নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও নবাগত পুলিশ সুপারের (এসপি) সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে প্রথমে মানিকগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের কার্যালয়ে যান তারা। পরে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সাথে সাক্ষাৎ করতে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন জামায়াতের তিন প্রার্থী।

সাক্ষাৎকারী প্রার্থীরা হলেন, ডা. মো. আবু বকর সিদ্দিক, এমপি প্রার্থী মানিকগঞ্জ-১ আসন, মোহাম্মদ জাহিদুর রহমান, এমপি প্রার্থী মানিকগঞ্জ-২ আসন, মাওলানা মো. দেলোয়ার হোসাইন, এমপি প্রার্থী মানিকগঞ্জ-৩ আসন।
সাক্ষাৎকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সাবেক সেক্রেটারী এ্যাডভোকেট আনোয়ার হোসাইন, পৌর আমীর হুমায়ুন কবির, সদর উপজেলা আমীর ফজলুর রহমান। এছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রশাসনের সাথে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা, নির্বিচার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়েই সকল প্রার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

জামায়াতের প্রার্থীরাও প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম যেন বাধাহীনভাবে পরিচালনা করতে পারেন—সে বিষয়েও সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সহায়ক পরিবেশ বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

  • December 6, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে কালীগঙ্গার বুকে নিভে গেল দুই ছোট্ট প্রাণ

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীর পানিতে ডুবে মাত্র আড়াই বছরের দুই শিশুর হৃদয়বিদারক মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার গিলন্ড গ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহত দুই শিশু আকবর আলীর ছেলে জামিল হোসেন ও আজগর আলীর ছেলে জুনায়েদ হোসেন। আপন চাচাতো ভাই দুইজনের একসঙ্গে এমন চলে যাওয়া গোটা গ্রামকে স্তব্ধ করে দিয়েছে।

সকালে দাদীর সঙ্গে নদীর পাড়ে খেলতে নেমেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্থানীয়দের বর্ণনায় সকাল সাড়ে আটটার দিকে কোনো এক মুহূর্তে দৃষ্টি এড়িয়েই তারা নদীতে পড়ে যায়।
সকাল নয়টার দিকে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান এলাকাবাসী। দ্রুত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, তারা আর বেঁচে নেই।

সদর থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই পরিবারের আবেদন অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরিণত দুই শিশুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গিলন্ড গ্রামে। সবার মুখে একই প্রশ্ন—এক পলকের অসতর্কতায় নিভে গেল দুইটি সোনামণির জীবন!

  • December 6, 2025
  • 0 Comments
বাউল ইস্যুকে ঘিরে উত্তাল মানিকগঞ্জ : ‘শানে তাওহীদ’ মহাসম্মেলনে আলেমসমাজের হুঁশিয়ারি ও ৫ দফা দাবি

বাউল শিল্পীদের বিতর্কিত মন্তব্যে ধর্মীয় অনুভূতির অবমাননার প্রতিবাদে মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো হেফাজতে ইসলামের আয়োজিত এক বিশাল “শানে তাওহীদ” মহাসম্মেলন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই গণসমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন।

সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জের সভাপতি মুফতি শাহ্ মুহাম্মদ সাঈদ নূর। সমাবেশে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, যাঁরা ধর্মীয় অনুভূতি রক্ষায় কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ তাঁর বক্তব্যে লালন তিরোধান দিবস জাতীয় দিবস হিসেবে বাতিলের জোর দাবি জানান। পাশাপাশি তিনি আলেম-ওলামার প্রতি হয়রানিমূলক আচরণের বিরুদ্ধে সতর্ক করে বলেন—ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হলে তারা শান্তিপূর্ণভাবেই তার প্রতিবাদ জানাবে এবং ন্যায়বিচারের প্রত্যাশা করবে।

ইসলামী গবেষক মুফতি রিজওয়ান রফিকী বাউল সম্প্রদায়ের কিছু মতবাদ নিয়ে জনমনে যে বিভ্রান্তি তৈরি হয়েছেতা দূর করতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

সমাবেশে হেফাজতে ইসলাম মানিকগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান পাঁচ দফা দাবি উপস্থাপন করেন,

সম্মেলনের ৫ দফা দাবি:

১) ধর্মীয় অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন
২) ধর্মীয় অনুভূতি আঘাতকারী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ
৩) ওরশ-মাজার-মেলাসহ যেকোনো ধর্মীয় সমাবেশে অসামাজিক কর্মকাণ্ড ও মাদক নিয়ন্ত্রণ
৪) লালন তিরোধান দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার সিদ্ধান্ত পর্যালোচনা
৫) তৌহিদী জনতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার তদন্ত ও প্রয়োজনীয় পুনর্মূল্যায়ন

সমাবেশ শেষে বক্তারা জানান, বাংলাদেশের মুসলমানরা ধর্মীয় মূল্যবোধকে সর্বোচ্চ মর্যাদায় দেখতে চায় এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান তুলে ধরতে থাকবে।

  • December 5, 2025
  • 0 Comments
শিশু সাহিত্য, সংগঠক ও আবৃত্তিশিল্পের নীরব নক্ষত্র “জাহান বশীর”

১৯৯৫ সালের ১৯ জুলাই চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে হলভর্তি দর্শকের উপস্থিতিতে ‘‘ মানুষের মানচিত্র’’ শিরোনামে একক আবৃত্তি সন্ধ্যা করেন এক যুবক। তারপর থেকে বিভিন্ন মঞ্চে আবৃত্তি পরিবেশনের জন্য তিনি ছিলেন একজন দর্শক কাঙ্খিত আবৃত্তিশিল্পী। গত ২০ নভেম্বর ২০২৫-এ ছিল তাঁর ৫৫তম জন্মবার্ষিকী। তিনি আর কেউ নন- বর্তমানের সব্যসাচী আবৃত্তিশিল্পী জাহান বশীর। কেউ বলেন আবৃত্তির রাজপুত্র, কেউ বলেন বরপুত্র। জানালেন তাঁর কণ্ঠের চর্চা ছিল ১৯৮৮ সাল থেকেই। ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার মিরপুরে মৈতালি শিল্পাঙ্গন, বিশ্বভরা প্রাণ, জ্ঞানসঙ্গী প্রকাশনসহ কয়েকটি সংগঠন তাঁকে নিয়ে আয়োজন করেছে বিশেষ আবৃত্তির অনুষ্ঠান ‘অনন্ত অমৃতময়’। সে সুযোগে বিডি রিপোর্ট এর পক্ষ থেকে কথা হলো তাঁর সঙ্গে-

জাহান বশীর এর আবৃত্তি নির্মাণ প্রক্রিয়ায় যেমন রয়েছে ভাব বৈচিত্র্যময়তা, তেমনি তাঁর অন্যান্য সৃজনকর্মও বিষয় বৈচিত্র্যতায় ভরপুর। তিনি একাধারে শিশুতোষ লেখক এবং শিশু সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন কয়েক যুগ। নব্বইয়ের দশকে শিশুদের নিয়ে তিনি লিখেছেন শিশুতোষ নাট্য সিরিজ ‘‘গাবলুর যাদুগিরি’’। প্রত্যেক খণ্ডে রয়েছে আলাদা কাহিনী, আলাদা গল্প ও শিরোনাম। তিনি এ সিরিজকে চাইল্ড এডুটেইনমেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তন্মধ্যে; গুবলেট, মন ভালো ঘর, চু-কিত কিত, বন্ধুর চিঠি, হারিয়ে যাবার নেই মানা, চাঁদ মামা সূয্যি মামা, দেখোরে নয়ন মেলে উল্লেখযোগ্য। ছোটদের জন্য সহজ করে আবৃত্তি শেখার কলাকৌশল নিয়ে লিখেছেন ‘আবৃত্তি শেখো মজা করে’। শৈলী প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থটি ২০০০ সালের দিকে ব্যাপক জনপ্রিয়তা পায়। ছোটদের জন্য অনেক গান লিখেছেন তিনি। তাঁর লেখা গান নিয়ে ১৯৯৮ সালের দিকে ‘সারাদিন স্বপ্ন আঁকি’ শিরোনামে একটি এ্যালবামও প্রকাশ হয় শিশুশিল্পীদের কণ্ঠে। বেতার ও টেলিভিশনে শিশুদের নিয়ে অনেক অনুষ্ঠান গ্রন্থনা ও পরিচালনা করেছেন তিনি।

আবৃত্তির আধুনিকোত্তর ধারা সৃষ্টি করার লক্ষ্যে তিনি লিখেছেন ‘আবৃত্তি নির্মাণ ও প্রয়োগ’ বিষয়ক আবৃত্তির গবেষণা গ্রন্থ। এছাড়াও জ্ঞানসঙ্গী প্রকাশন থেকে প্রকাশিত তাঁর একমাত্র কাব্যগ্রন্থ ‘অনার্যনামা’, দুই বাংলার লোক সাধারণের কবিতা সংকলন’, আবৃত্তির সমকালীন কবিতা সংকলন, কাব্যোপন্যাস ‘রোদবিন্দু’ জনপ্রিয়তা পেয়েছে ইতোমধ্যে।
লেখালেখি ছাড়াও তিনি একজন সুদক্ষ সংগঠক হিসেবে ইতোমধ্যে অনেকের কাছে ব্যাপক পরিচিত। বর্তমানে তিনি আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ ‘বিশ্বভরা প্রাণ’ এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।
বর্তমানে সৃজনশীল প্রকাশকদের মধ্যে জাহান বশীর একটি বিশেষ জায়গা করে করে নিয়েছেন। তাঁর জ্ঞানসঙ্গী প্রকাশন থেকে ইতোমধ্যে শতাধিক গ্রন্থ প্রকাশ হয়েছে। সম্পাদনা করছেন লিটলম্যাগ ‘বিশ্বভরা প্রাণ”।
পেশাগতভাবে তিনি ১৯৯৭ সালে সাংবাদিকতাকে বেছে নিয়েছেন। পরবর্তীতে ২০০২ সালের দিকে বাংলাদেশ টেলিভিশনে ‘মা ও শিশুর উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ এর বিভাগীয় সমন্বয়ক ছিলেন। বর্তমানে মুক্তভাবে নির্মাণ করছেন উন্নয়নমূলক তথ্যচিত্র। এ যাবৎ তিনি প্রায় ২০০টির উপরে তথ্যচিত্র নির্মাণ করেছেন।

স্টার টোয়েন্টিফোর টিভির পক্ষ থেকে কথা বলছিলাম তাঁর বর্ণাঢ্য সৃজনময় সাংস্কৃতিক যাপিত জীবন নিয়ে-

স্টার টোয়েন্টিফোর টিভি : সংস্কৃতির বিভিন্ন শাখায় আপনার বিচরণ, কোনটিকে প্রাধান্য দেন?

  • মন যখন যেটিতে সায় দেয়, তাই-ই করি। এক সময় শিশুদের নিয়ে খুব লিখতাম, ভাবতাম। তারাই ছিলো আমার ধ্যান জ্ঞান। বিশেষ করে নব্বইয়ের দশকে। ধীরে ধীরে বড়দের সংগঠনে যুক্ত হয়ে পড়ি। বিশেষত আমার আবৃত্তি চর্চার কারণে।

স্টার টোয়েন্টিফোর টিভি : লেখালেখির শুরু কিভাবে এবং কখন থেকে?

-লেখালেখির চেয়ে পড়তে আমার বেশি ভালো লাগে। তবে প্রয়োজনবোধেই সম্ভবত লেখালেখির শুরু। আর সেটি ছোটদের নিয়ে। হয়তোবা লেখার বোধটা কখন যেন আমার ভেতরে প্রোথিত হয়ে গেছে টেরই পাইনি। মূলত ১৯৮৮ থেকে শিশুদের সাথে থিয়েটারের কাজ করতে গিয়ে তাদের উপযোগী নাটক লেখার ইচ্ছে জেগেছিল। তখন কিছু নাটক লিখেছিলাম। পরবর্তীতে সে নাটকগুলোর জন্য ছড়া এবং ছড়াগানের প্রয়োজনবোধে প্রতিটি নাটকে ছড়া এবং ছড়াগান যুক্ত করেছিলাম।

স্টার টোয়েন্টিফোর টিভি : শিশুদের নিয়ে আপনার লেখা এবং কাজ সম্পর্কে কিছু বলুন।

-শিশুদের নিয়ে প্রায় পঞ্চাশটির মতো নাটক ও গল্পের বই লিখেছি। ছোটদের গানের এ্যালবাম ‘সারাদিন স্বপ্ন আঁকি’ শিরোনামে বেরিয়েছিল ১৯৯৮ সালে। আমার গ্রন্থনা ও পরিচালনায় বিভিন্ন টিভিতে ছোটদের মিউজিক্যাল ড্রামা সম্প্রচার হয়েছে শতাধিক। শিশুদের নিয়ে আবৃত্তি প্রযোজনাও করেছি কয়েকটি।

স্টার টোয়েন্টিফোর টিভি : আমরা জানি, আবৃত্তিশিল্পের একটি নতুন ধারা আপনি সৃষ্টি করতে চাইছেন। সেই ধারাটা কেমন?
-কবিতার ভাষা থেকে আবৃত্তির ভাষা আলাদা করা। কবির কবিতার বোধ আবৃত্তিশিল্পীর কাছে ধরা দেবে নতুন ভাব মেজাজে। ভরত নাট্যমে উল্লিখিত নয়টি রসের যথার্থ প্রয়োগের মাধ্যমে এবং কণ্ঠে প্রক্ষেপণের মাধ্যমে কবিতার নতুন প্রাণ জেগে উঠবে আবৃত্তির মাধ্যমে।

স্টার টোয়েন্টিফোর টিভি : আপনার আবৃত্তির শ্রোতা কারা?
-সাধারণ কবিতাপ্রেমি মানুষ।

স্টার টোয়েন্টিফোর টিভি : বাংলাদেশে আবৃত্তিশিল্পের কেমন প্রসার ঘটছে বলে মনে করেন?
-আবৃত্তিশিল্পের চর্চা মূলত সাংগঠনিক পর্যায়ে বেশি হয়। কিন্তু সেখান থেকে গত কয়েক দশকে মাত্র হাতে গোনা কয়েকজন আবৃত্তিশিল্পী বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। বর্তমানে কিছু তরুণ সোশ্যাল মিডিয়ার কারণে পরিচিতি অর্জন করছে। তবে সামগ্রিকভাবে গড়পড়তায় সবাই নিজেকে আবৃত্তিশিল্পী দাবি করছে, এটা শুধু আবৃত্তি নয়, যে কোন সৃজন শিল্পের জন্য এটি অশনি সংকেত।

স্টার টোয়েন্টিফোর টিভি : তাহলে বাংলাদেশে আবৃত্তির প্রসার হচ্ছে না বলে মনে করছেন?
-এখন যা চলছে, এটিকে আবৃত্তিশিল্পের প্রসার বলবো না। আবৃত্তির জোয়ার বলতে পারেন। শিল্পের প্রসার তেমন নেই। আর যে কোন জোয়ারে খড়কুটোতো থাকতেই পারে। দু চারজন ছাড়া মূল শিল্প ধরে কেউ এগোচ্ছেন বলে মনে হচ্ছে না।

স্টার টোয়েন্টিফোর টিভি : এমন মনে হওয়ার কারণ কি?
-কিছুটা সাংগঠনিক সংকীর্ণতা, কিছুটা আবৃত্তি অনুশীলনকারীদের উচ্চাকাঙ্খী মনোভাবের কারণে।

স্টার টোয়েন্টিফোর টিভি : বিষয়টা একটু ব্যাখ্যা করুন।
-সাংগঠনিক সংকীর্ণতা বলতে এটাই বলতে চাইছি। অগ্রজরা নবীণদেরকে স্থান করে দিতে বড্ড কার্পণ্য করেন। দেখবেন, প্রত্যেক সংগঠনের প্রধানরাই বিভিন্ন মঞ্চ দখল করে থাকেন। জুনিয়রদেরকে তেমন সুযোগ দিতে অনীহা প্রকাশ করেন। বৃন্দ বা সমবেত আবৃত্তির মাঝেই সীমাবদ্ধ রাখেন জুনিয়রদেরকে। অনেক নেতৃবৃন্দ সরকারি পৃষ্ঠপোষকতা ভোগ করার জন্য ব্যস্ত থাকেন। বিগত সময়ে তাই দেখে আসছি। কর্মীরা এসবের ধারে কাছেও নেই। এতে করে একক শিল্পী তৈরি হচ্ছে না।

স্টার টোয়েন্টিফোর টিভি : সাংগঠনিকভাবে আবৃত্তিকে এগিয়ে নেয়ার প্রসেসটা কি?
-প্রসেস অনেক রকম থাকতে পারে। তবে সংগঠন বা আবৃত্তির মোর্চাগুলোর নেতৃবৃন্দকে রাজনৈতিক তোষামোদ থেকে সরিয়ে নিতে হবে। আবৃত্তিশিল্পের ধ্যানে মগ্ন থাকতে হবে। তরুণদেরকে জায়গা করে দিতে হবে। তাদের মাধ্যমে আমরা নতুনত্ব পেতে পারি। সত্যিকারের প্রসার আশা করতে পারি।

স্টার টোয়েন্টিফোর টিভি : আবৃত্তি কি রাজনীতির বাইরে?
-কোন শিল্পই রাজনীতির বাইরে নয়। আবৃত্তিও নয়। রাজনীতি যেখানে আছে, সেখানে কবিতা বা সাহিত্য থাকবে। কবিতা বা সাহিত্য যেখানে আছে, সেখানে আবৃত্তি থাকবে। কবিতা সব সময় নিপীড়নের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, অসামঞ্জস্যের বিরুদ্ধে অবস্থান করবে। আবৃত্তিও তেমনভাবেই সকল অপশক্তির বিপক্ষে থাকবে।

স্টার টোয়েন্টিফোর টিভি : আবৃত্তির ধ্যান এর কথা বললেন, সেটা কিভাবে সম্ভব?
-কবিতার ভাষা থেকে আবৃত্তির ভাষাকে আলাদা করে আবৃত্তির নিজস্ব ভিত তৈরি করা। ভাববাদের জায়গা থেকে সরে এসে বাস্তববাদের সাথে আবৃত্তিকে যুক্ত করা। আবৃত্তির প্রাচীন ও আধুনিক ধারাকে ভেঙে উত্তর আধুনিক ধারায় আবৃত্তিকে রূপান্তর করা।

স্টার টোয়েন্টিফোর টিভি : আবৃত্তিশিল্পী হতে গেলে কী কী গুণ প্রয়োজন?
-প্রথমত একজন সৃজন মানসিকতার মানুষ হতে হবে। হিংসা, লোভ, অহংবোধসহ জাগতিক অপমোহ ত্যাগ করতে হবে। তবে সংসার বিবর্জিত নয়। কবিতার প্রতি, মানুষের প্রতি, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। তারপর বৈয়াকরণিক কিছু নিয়ম-কানুন রয়েছে সেগুলো চর্চা করতে হবে নিয়মিত। কণ্ঠের ভিত তৈরি করতে হবে কঠোর চর্চার মাধ্যমে। বাংলাভাষার প্রতি গভীর অনুরাগ থাকতে হবে। তবেই আবৃত্তিকে শিল্প হিসেবে আমরা দাঁড় করাতে পারবো এবং নিজেকে আবৃত্তিশিল্পী বলতে পারবো।

স্টার টোয়েন্টিফোর টিভি : আপনি নিজেই সংগঠক। আপনার সাংগঠনিক মতাদর্শ কি?

  • আমি একজন সচেতন নাগরিক। বাংলাভাষার শুদ্ধ চর্চা এবং বাংলার সংস্কৃতিকে ধারণ করাই আমার সাংগঠনিক মতাদর্শ। আমার সংগঠন বিশ্বভরা প্রাণ। বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষ আছে, তারাই আমার আরাধ্য ব্যক্তি। সবার সৃজন মানসিকতা আলাদা। কিন্তু চাহিদা এক। দেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে সমুন্নত রাখার চেষ্টা করছি। এটাই আমার ব্রত।

স্টার টোয়েন্টিফোর টিভি : আপনার সাহিত্য- সংস্কৃতি চর্চা আপনার পেশাগত কাজকে কি কখনো প্রভাবিত করে?
-সাহিত্য-সংস্কৃতি চর্চার দুটো দিক আছে। একটি হলো শখের, আরেকটি হলো পেশাগত। শখের যারা রয়েছেন, তারা সব কাজের ফাঁকে সুযোগ পেলে চর্চা করেন। আর পেশাগত সাহিত্য-সংস্কৃতির মানুষরা এটা দিয়েই জীবিকা নির্বাহ করেন। আমি শখ থেকে এটিকে পেশাগতভাবে নিয়েছি। তাই ভীষণভাবেই সাহিত্য-সংস্কৃতি আমাকে প্রভাবিত করে। আমার প্রকাশনা ও প্রযোজনা সংস্থা রয়েছে- জ্ঞানসঙ্গী প্রকাশন। এর মাধ্যমে আমি আবৃত্তিকে মার্চ করে দিয়েছি। লেখালেখির চর্চাকেও মার্চ করেছি। আমি তথ্যচিত্র নির্মাণ করি সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে। সেটাও জ্ঞানসঙ্গীর আওতায়। তাই আমি সার্বক্ষণিক সাহিত্য-সংস্কৃতির মানুষ। মৃত্যুর আগ পর্যন্ত এটা নিয়েই আমাকে থাকতে হবে।

  • December 4, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে স্কুল ভবন নির্মাণে ফাটল শেষ হবার আগেই ভেঙে পড়ছে আস্থার বুনিয়াদ!

নিম্নমানের সামগ্রী–অনিয়মের অভিযোগে ক্ষোভে ফুসছে শিক্ষক-অভিভাবকরা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটি এখন উদ্বেগের প্রতীক। নির্মাণ শেষ হওয়ার আগেই দেয়ালে দেখা দিয়েছে একাধিক ফাটল—যা শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।

অভিযোগ উঠেছে, নিম্নমানের নির্মাণসামগ্রী, শিডিউল বহির্ভূত কাজ এবং পর্যাপ্ত নজরদারির অভাবেই ভবনটি শুরুতেই ঝুঁকিতে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন,নিচতলা ও দ্বিতীয় তলার কাঠের দরজা খুলতেই নড়বড়ে, জালনার প্লেন সিট ও স্কয়ার বার শিডিউল অনুযায়ী নয়, আর বারান্দার রেলিং ভবন হস্তান্তরের আগেই দুলতে শুরু করেছে। অতিরিক্ত ক্লাসরুম ও আসবাবপত্রের কাজ বিলম্বিত হওয়ায় শিক্ষার্থীরা প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন।

২০২৪-২৫ অর্থবছরে এলজিইডি ভবন নির্মাণের দায়িত্ব পেলেও নির্ধারিত সময়েই কাজ শেষ হয়নি। ১ কোটি ২৪ লাখ ৬ হাজার ৩৮৫ টাকার প্রকল্পটির কাজ শুরু হয়েছিল ২০২৪ সালের ১৩ মে; শেষ হওয়ার কথা ছিল এ বছরের ৬ ফেব্রুয়ারি। সময় বাড়ানো হলো আরও ৯ মাস তারপরও কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলে অভিযোগ শিক্ষক–অভিভাবকদের।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, “কাজ চলাকালেই দেয়ালে ফাটল, দরজায় দুর্বল কাঠ, জালনায় নিম্নমানের বার সবই দেখা গেছে। প্রকৌশলীকে জানালেও গুরুত্ব দেওয়া হয়নি।”

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহেল রানা বলেন, “অভিযোগে কাজ বন্ধ ছিল কিছুদিন। কিন্তু উপ-সহকারী প্রকৌশলী ফাটলকে ‘স্বাভাবিক’ দাবি করায় আবার কাজ শুরু হয়। স্থানীয়রা মনে করেন, প্রকৌশলীদের প্রভাবিত করে ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের কাজ চালিয়ে গেছে।”

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. বুলবুল হোসেনও স্বীকার করেন, “তিনটি কক্ষে ফাটল ছিল, পুটিন দিয়ে মেরামতও করেছি। আবার ফাটল ধরেছে।”

উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান জানান, “অভিযোগের বিষয়ে আমরা চিঠি দিয়েছি ঠিকাদারকে। তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

অভিভাবক ও এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য নির্মিত ভবনে কাজ চলাকালেই ফাটল দেখা দিলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা রোধ করবে কে?”

তাদের একটাই দাবি, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, গুণগত মান ঠিক রেখে ভবন দ্রুত হস্তান্তর, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

অন্যান্য