• August 31, 2025
  • 0 Comments
অনির্দিষ্টকালের জন‍্য কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। 

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় উদ্ভূত পরিস্থিতিতে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে বিশ্ববিদ্যালয়ে চলমান কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠে। এতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

রোববার (৩১ আগস্ট) বেলা ১১টায় কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, পূর্বের মতোই বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের দীর্ঘদিনের আন্দোলনের মূল দাবি থেকে সরে আসা বলে উল্লেখ করেন। ফলে তারা উপাচার্যসহ প্রায় ২৫০ জন শিক্ষককে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, উপাচার্যের বাসভবনের দিক থেকে হঠাৎ অর্ধশতাধিক বহিরাগত এসে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে নারী শিক্ষার্থীসহ অনেকেই ভীতসন্ত্রস্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন বলেন, অবরুদ্ধ শিক্ষকদের বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে গিয়েছিলাম। পরে হঠাৎ করে শুনতে পেলাম কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিচ্ছে। শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। তাৎক্ষণিকভাবে আমাদের প্রস্তুতি ছিল না। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে জব্বারের মোড়ে অবস্থান নিতে শুরু করে। তারা এ হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং হামলাকারীদের বিচারের দাবিতে তুলেছেন। 

  • August 31, 2025
  • 0 Comments
নির্বাচনের বিকল্প কিছু ভাবলে সেটা হবে বিপজ্জনক: প্রধান উপদেষ্টা

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের বিকল্প কেউ কিছু ভাবলে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।
রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প ভাবেন, তা জাতির জন্য হবে গভীর বিপজ্জনক। 
বৈঠকে আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে কেউ সৃষ্টি না করতে পারে, সেজন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন ড. ইউনূস।
প্রেস সচিব বলেন, আজকের মিটিংগুলোর মাঝামাঝি সময়েই প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দারও দেখা করেছেন। আলী রীয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কি কি অগ্রগতি হচ্ছে, সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবগত করেছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কি মতামত দিয়েছে, সেটা নিয়েও আলোচিত আলোচনা হয়েছে। 
এ ছাড়া বৈঠকে জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, বিষয়টি নিয়ে একেকজন একেক রকম মতামত দিয়েছেন। প্রধান উপদেষ্টা সেটি বিস্তারিত শুনেছেন। 
বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

  • August 31, 2025
  • 0 Comments
জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।

মো. তাহের বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যেভাবে হামলা হয়েছে, তা শুধু ন্যক্কারজনক বা দুঃখজনক বললেই শেষ হয় না। এ হামলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে- এ কথা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টির ক্ষেত্রেও সেরকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে- এ কথাও আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।

জুলাই সনদ নিয়ে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের বলেন, জুলাই সনদের ক্ষেত্রে ১৯টা বিষয় নিয়ে আমরা সকল রাজনৈতিক দল ঐকমত্য হয়েছি। এগুলো আমরা মনে ঐকমত্য পোষনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অল্পসংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের ১৯ বিষয় বাস্তবায়ন ও আইনি ভিত্তি দিতে কিছুটা বাধা দিচ্ছে। তারা বলছে, আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন হবে।

তিনি বলেন, আগামী সরকার এসে যদি এটা বাস্তবায়ন করে তাহলে আমরা ঐকমত্য কমিশনে এই সময় নষ্ট করলাম কেন? তাহলে এই সংস্কারটা তো পরবর্তী সরকারই উদ্যোগ নিতে পারত। জুলাইয়ের যে চেনতা আমরা সেটাতে ঐক্যবদ্ধ হয়ে এটা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। আমি বলি আমাদের ইমানের ৩টি অংশ। তার একটি হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, হৃদয়ে ধারণ করা এবং কার্যে পরিণত করা। এই ৩টা হলেই ঈমান পরিপূর্ণ। আমাদের চার্টার যেগুলো হয়েছে তারও ৩টি অংশ। একটি অংশ ঐকমত্যে পৌঁছা। দুই নম্বর হচ্ছে আইনি ভিত্তি দেওয়া এবং তিন নম্বর হচ্ছে এটা বাস্তবায়ন করা।

তাহের আরও বলেন, এখন পর্যন্ত আমরা যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি, সেগুলোর আইনি ভিত্তি দিতে দুএকটি দল বাধা দিচ্ছে। তারা একমত হচ্ছে না। আমরা স্পষ্ট বলে আসছি, জুলাই বিপ্লবের পর আমরা আরও অনেক পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু সেটা হয় নাই। কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটি, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা সেটা যেন অবশ্যই আইনি ভিত্তির মাধ্যমে এখনি কার্যকর করা হয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিকেল সোয়া ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে থাকা চার সদস্যের এ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।

  • August 31, 2025
  • 0 Comments
‘পরিচয় মিলেছে’ নুরের লোকদের পেটানো সেই ভাইরাল যুবকের

পুলিশ ও যৌথবাহিনীর হাতে বেদম পিটুনি খেয়েছেন গণঅধিকার পরিষদের নুরুল ইসলাম নুরসহ দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিশেষভাবে নজর কাড়ে মেরুন টি-শার্ট পরিহিত এক যুবক। তিনি লাঠি হাতে সমানে পেটান নুরের লোকদের।

কিন্তু কে এই যুবক? ডিবি পুলিশের কেউ? যেহেতু তিনি বিনা ইউনিফর্মে ছিলেন, তাই তার পরিচয় নিয়ে নানা প্রশ্ন ওঠে জনমনে। কেন তিনি পুলিশের দলে মিশে ওভাবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পেটালেন, তা নিয়ে বিতর্কও ওঠে তুঙ্গে।

অবশেষে পরিচয় মিলেছে মেরুন টি-শার্ট পরিহিত সেই যুবকের। খোঁজ নিয়ে জানতে পেরেছে, ওই যুবকের নাম মিজানুর রহমান মিজান। তিনি পুলিশের ট্রান্সপোর্ট শাখায় কর্মরত।

এই শাখা নিয়ে পুলিশের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছে । তবে তারা তাদের নাম প্রকাশ না করার অনুরোধ করেন।

পুলিশের সূত্রে জানা যায়, ট্রান্সপোর্ট শাখাটিতে মূলত পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত গাড়িচালকদের। এরা সাধারণত পুলিশের বিভিন্ন শাখার সদস্যদের আনা-নেওয়া ও থানার কর্মকর্তাদের ড্রাইভার হিসেবে কাজ করে থাকেন।

‎মেরুন টি-শার্ট পরিহিত ভাইরাল যুবক ব্যক্তি মিজানুর রহমান মিজান সেই ট্রান্সপোর্ট শাখায় কনস্টেবল (ড্রাইভার) হিসেবে কর্মরত। তার বিপি নম্বর- ৯৭১৭১৯৭২৪৩। এছাড়া তার ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে তাকে বেশ কয়েকবার কল দেওয়া হয়। কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়।

তবে মিজানুরের ব্যবহৃত নম্বরটিতে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে। সেটির প্রোফাইলে তার নেবি ব্লু একটি শার্ট পড়া ছবি দেওয়া। হাতে মোবাইল, কোমরে পিস্তল। মোবাইল হাতে তিনি দাঁড়িয়ে আছেন আয়নার সামনে।

কয়েকটি সূত্র আবার জানিয়েছে, মিজানুর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাসিরুল আমিনের গাড়ি চালান। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

‎‎মিজানুর এখন কোথায়, তা জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিনের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

এর আগে মিজানুরের পেটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেন, ওই যুবক ডিবি পুলিশের কেউ নন।

  • August 31, 2025
  • 0 Comments
জাপা নিষিদ্ধসহ তিন দাবি, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করাসহ তিন দাবি পুর‌ণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দি‌য়ে‌ছে গণঅধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই সময়সীমা বে‌ধে দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানি‌য়ে রা‌শেদ খান ব‌লেন, “৪৮ ঘণ্টার ম‌ধ্যে জাপা‌কে নি‌ষিদ্ধ কর‌তে হ‌বে। ফ‌্যাসি‌স্টের দোসর জিএম কা‌দেরসহ নেতা‌দের গ্রেপ্তার কর‌তে হ‌বে।হামলার দায় নি‌য়ে স্বরাষ্ট্র উপ‌দেষ্টাকে পদত‌্যাগ কর‌তে হ‌বে। অন‌্যথায় দা‌বি পূর‌ণের আগ পর্যন্ত আমরা রাজপথে ছাড়‌বে না।”

সমাবেশে ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জাতীয় পার্টির ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ওয়ান টু থ্রি ফোর, জাতীয় পার্টি নো মোর’, ‘জাতীয় পার্টির আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ সময় রাস্তায় টায়ার পোড়ানো হয়। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন, কাকরাইল মোড়, বিজয়নগর মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান, জনতার অধিকার পার্টির সভাপতি তরিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন, পরিষদের সভাপতি নুরুল হকের ছোট ভাই আমিনুল ইসলাম প্রমুখ।

  • August 31, 2025
  • 0 Comments
মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল কে এই শরিফুল?

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান। তাকে ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। অনেকেই এ অর্জনকে জাতীয় গৌরব হিসেবে দেখছেন।

মঙ্গলবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শরিফুল খানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ‘ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান আমেরিকার উৎকর্ষের প্রতীক এবং বাংলাদেশি-আমেরিকানদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে এই পদে পৌঁছানো প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে তার নিবেদন ও নেতৃত্ব মাতৃভূমির গৌরব বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির অনুমোদন দেন, শরিফুল খান ছিলেন তাদের মধ্যে অন্যতম। পরবর্তীতে ১৩ জুন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির মাধ্যমে তার পদোন্নতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

এরপর ২০ আগস্ট ওয়াশিংটনের পেন্টাগনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শরিফুল খানসহ অন্য কর্মকর্তাদের অভিষেক সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক। তিনি এক্স-এ দেওয়া পোস্টে আনন্দ প্রকাশ করে জানান, মার্কিন বিমানবাহিনীর ভাইস চিফ জেনারেল শন ব্র্যাটোন স্বয়ং শরিফুল খানকে শপথবাক্য পাঠ করান।

বাংলাদেশে জন্ম নেওয়া শরিফুল খান এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীতে এই পদে উন্নীত হওয়া একমাত্র বাংলাদেশি-আমেরিকান। বর্তমানে তিনি ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’ প্রকল্পের স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বে তিনি বহুস্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কৌশল, নীতি, পরিকল্পনা ও সমন্বয় তত্ত্বাবধান করছেন। পাশাপাশি শিল্প খাত, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলছেন, যাতে দ্রুত ও কার্যকরভাবে নতুন প্রজন্মের প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করা যায়।

১৯৯৭ সালে শরিফুল খান ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত হন এবং রাজনৈতিক বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। এরপর মহাকাশ ব্যবস্থা, নিয়ন্ত্রণ ও উৎক্ষেপণ প্রকল্পে কাজ করে তিনি একজন দক্ষ স্যাটেলাইট অপারেটর হিসেবে খ্যাতি অর্জন করেন। কর্মজীবনে তিনি কৌশলগত বুদ্ধিমত্তা, সামরিক কৌশল ও জাতীয় নিরাপত্তা বিষয়ে একাধিক মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

২০০১ সালে কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে এবং ২০০৭ সালে ‘অপারেশন সাইলেন্ট সেন্ট্রি’তে ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ডিফেন্স মেরিটোরিয়াস সার্ভিস মেডেল, মেরিটোরিয়াস সার্ভিস মেডেলসহ বহু সামরিক পদক ও সম্মাননা অর্জন করেছেন এই বাংলাদেশি-আমেরিকান সেনা কর্মকর্তা।

  • August 31, 2025
  • 0 Comments
পাগলা মসজিদের ১৩ দানবাক্সে ৩২ বস্তা টাকা, চলছে গণনা

চার মাস ১৭দিন পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স। মসজিদের ১৩টি সিন্দুক বা দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৩২ বস্তা টাকা।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এসময় মসজিদের সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিল সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা। এসময় মসজিদটি ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়।

দানবাক্সের টাকাগুলো বস্তায় ভরে কড়া নিরাপত্তায় মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানেই টাকাগুলো গণনার কাজ শুরু হয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল খোলা হয়েছিল মসজিদের দানবাক্স। তখন পাওয়া যায় রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭টাকা। সিন্দুক থেকে বস্তায় ভরা হচ্ছে টাকা।

মসজিদের দোতলায় গিয়ে দেখা যায়, মেঝেতে বসা মাদরাসার শিক্ষার্থীদের সামনে বস্তা থেকে টাকা ঢেলে দেওয়া হচ্ছে। আর এগুলো ভাঁজ করে গুনছে তারা। গণনার কাজে সহযোগিতা করছেন মসজিদের কর্মকর্তা-কর্মচারি ও ব্যাংকের লোকজন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জেসমিন আক্তারের নেতৃত্বে বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট টাকা গণনার কাজ তদারকি করছেন। গণনার কাজে দুটি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ৪৫০ জন টাকা গণনার কাজে নিয়োজিত রয়েছেন।

গত ৪ জুলাই দূর-দূরান্তের দানকারীদের কথা চিন্তা করে পাগলা মসজিদে চালু করা হয় অনলাইন ডোনেশান পদ্ধতি। এরপর থেকে আজকে পর্যন্ত সেখানে ৫ লাখ ৩০ হাজার টাকা পাওয়া গিয়েছে।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণত তিন মাস পর পর দানবাক্স খোলা হয়। এবার চার মাস ১৭দিন পর দানবাক্স খোলা হয়েছে। এ কারণে টাকার পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। দেশি টাকা ছাড়াও বিদেশি মুদ্রা ও সোনা-রূপার অলঙ্কারও উল্লেখযোগ্যা পরিমাণ পাওয়া গেছে। গণনা করতে সন্ধ্যা, এমনকি রাতও হয়ে যেতে পারে।

এদিকে গত ১০ আগস্ট ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন করেছেন। তখন তিনি বলেন, “পাগলা মসজিদ ফান্ডে বর্তমানে ৯০ কোটিরও বেশি টাকা রয়েছে। পাগলা মসজিদের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে এবং নির্বাচনের আগেই সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।”

স্থানীয়রা জানান, মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করেন। এখানে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে তারা ছুটে আসেন পাগলা মসজিদে। দান করেন মোটা অঙ্কের টাকা। টাকার সঙ্গে সোনা-রুপার অলঙ্কারসহ থাকে বিদেশি মুদ্রাও। প্রতিদিন বিপুলসংখ্যক গবাদিপশু, হাঁস-মুরগি, ফলফলাদি, মোমবাতি ও ধর্মীয় বইও দান করেন লোকজন।

তবে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় দানবাক্সে পাওয়া চিঠিপত্র। এসব চিঠিতে লোকজন তাদের জীবনে প্রাপ্তির আনন্দ, না-পাওয়ার বিরহ বেদনা, আয়-উন্নতির ফরিয়াদ, চাকুরির প্রত্যাশা, পরীক্ষায় ভালো ফলাফলের আশা ও রোগব্যাধি থেকে মুক্তি পেতে আকুতি প্রকাশ করে।

জানা গেছে, মসজিদের দানের টাকা ব্যাংকে গচ্ছিত থাকে। আর ওই টাকার লভ্যাংশ থেকে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের আর্থিকভাবে অনুদান দিয়ে থাকে মসজিদ কমিটি। যে কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক।

মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দানের টাকায় মসজিদের নিয়মিত খরচ চালিয়ে ব্যাংকে জমানো হচ্ছে। ব্যাংকে জমা আছে ৯১ কোটি টাকার উপরে। এ টাকা দিয়ে মসজিদের বড়সড় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মসজিদ ঘিরে এখানে ছয়তলাবিশিষ্ট একটি ইসলামিক কমপ্লেক্স নির্মিত হবে। যেখানে ৫০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবে। এরমধ্যে পাঁচ হাজার নারীর জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা থাকবে। সেখানে সমৃদ্ধ লাইব্রেরিসহ থাকবে আরো বিভিন্ন আয়োজন।

  • August 31, 2025
  • 0 Comments
৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলার জন্য অন্তত চারবার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মোদি তাঁর ফোন ধরেননি। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের বরাতে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আচরণে চরম ক্ষুব্ধ মোদি ‘সতর্কতা’ হিসেবে ট্রাম্পের কল এড়িয়ে গেছেন।

ট্রাম্প এমন সময়ে মোদিকে এই কল দিলেন, যখন দুই দেশের মধ্যে সম্পর্কের নজিরবিহীন টানাপোড়েন চলছে মূলত তাঁর কারণেই। যুক্তরাষ্ট্র–ভারত দীর্ঘদিনের মিত্র, তার চেয়ে বড় কথা ট্রাম্প ও মোদির মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল, যা দুই দেশের অন্য কোনো নেতাদের মধ্যে ছিল না। এমন ঘনিষ্ঠতার পরও ভারতের বিরুদ্ধে চড়াও হয়েছেন ট্রাম্প। ভারতের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ব্রাজিলের ওপরও একই হারে শুল্ক আরোপ করেছেন। এমন পরিস্থিতিতে মোদির ক্ষুব্ধ হওয়াটাঅপ্রত্যাশিত নয়।

বার্লিনভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক থরস্টেন বেনার এক্সে সংবাদপত্রের প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ‘ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন দাবি করেছে, ট্রাম্প সম্প্রতি মোদিকে চারবার ফোন করেছিলেন। কিন্তু মোদি ট্রাম্পের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।’

ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জানিয়েছে, মোদির মধ্যে এমন কিছু লক্ষণ দেখা গিয়েছিল, যাতে বোঝা যায়, তিনি অপমানিত বোধ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সাধারণত অন্য দেশগুলোর মার্কিন বাজারের ওপর নির্ভরতাকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করেন। কিন্তু মোদি তাঁর প্রথম মেয়াদে ভারতের অর্থনৈতিক স্বার্থে কোনো আপস না করে ট্রাম্পের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে ‘এর প্রতিরোধ’ করেছিলেন।

প্রতিবেদনে মোদির এ সতর্কতার কারণও ব্যাখ্যা করা হয়েছে। এর আগে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট টো লামের সঙ্গে মাত্র একটি ফোনকলে বাণিজ্য চুক্তি পুনর্গঠন করেছিলেন, যা দুই দেশের প্রতিনিধিদল অনেক কষ্ট করে সাজিয়েছিল। কিন্তু কোনো চুক্তি না হলেও ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন যে, একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের মতে, মোদি একই ফাঁদে পড়তে চান না।

নিউইয়র্কের দ্য নিউ স্কুলের ইন্ডিয়া-চায়না ইনস্টিটিউটের সহপরিচালক মার্ক ফ্রেজিয়ার বলেন, মার্কিন কৌশল কাজ করছে না। যুক্তরাষ্ট্র চীনের মোকাবিলায় ভারতকে একটি কেন্দ্রীয় ভূমিকা দেবে—এমন ইন্দো-প্যাসিফিক জোটের ধারণা ভেঙে পড়ছে। ফ্রেজিয়ারের মতে, চীনকে মোকাবিলায় ভারতের পক্ষ নেওয়ার কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের কখনোই ছিল না।

ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নয়াদিল্লি-বেইজিং পুরোনো উত্তেজনা কমে আসছে। গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মোদির সাক্ষাতের পরে থেকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে।

চলতি সপ্তাহে মোদি তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বিষয়টি একটি প্রশ্ন সামনে এনেছে যে—ট্রাম্প ভারতকে চীনের দিকে ঠেলে দিচ্ছেন কি না। ফ্রেজিয়ার বলেন, ভারতের চীনকে যতটা প্রয়োজন, চীনের ভারতকে ততটা প্রয়োজন নেই। ভারতের এ পরিবর্তন কৌশলগত, শুধু মার্কিন শুল্কের প্রতিক্রিয়া নয়। যুক্তরাষ্ট্র পিছু হটার কারণে বিশ্বব্যাপী প্রভাব এবং শিল্প প্রবৃদ্ধিতে ভারত ও চীনের স্বার্থ অভিন্ন। চীনের জন্য তার বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থানকে বাড়ানোর ক্ষেত্রে ভারত খুবই গুরুত্বপূর্ণ।

  • August 31, 2025
  • 0 Comments
যুদ্ধবিরতি চেয়ে ইসরায়েলজুড়ে বিক্ষোভ, নেতানিয়াহুর রোষানলে জিম্মিদের পরিবার

গাজায় জিম্মি ৫০ বন্দীকে মুক্ত করার দাবিতে রাস্তায় নেমেছেন ইসরায়েলের হাজার হাজার মানুষ। আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর থেকে এ বিক্ষোভ শুরু হয়। জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ওপর চাপ বাড়াতে এ বিক্ষোভের আয়োজন করে সংগঠনটি।

বিক্ষোভের সূচনা হয় সকাল ৬টা ২৯ মিনিটে, ঠিক ২০২৩ সালের ৭ অক্টোবর যে সময়টিতে হামাস হামলা চালিয়েছিল। বিক্ষোভকারীরা তেল আবিবে মার্কিন দূতাবাসের বাইরে ইসরায়েলি পতাকা উত্তোলন করে তাঁদের কর্মসূচি শুরু করেন। এরপর সকাল ৭টা থেকে বিক্ষোভকারীরা দেশের কয়েকটি প্রধান মহাসড়ক (চৌরাস্তা) অবরোধ করেন। সেখানে তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে ও ব্যানার হাতে সব জিম্মিকে ফিরিয়ে আনার দাবি জানান।

তেল আবিবের আয়ালোন হাইওয়ে, জেরুজালেম ও তেল আবিবের মধ্যকার রুট-১ ও উপকূলীয় রুট-২ হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলো কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে, যার ফলে দেশের বেশির ভাগ স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসব রাস্তা খুলে দেওয়ার ঘোষণা দেয়।

পরে এক পুলিশ বলেছে, প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে অন্যদের চলাচলের স্বাধীনতায় ব্যাঘাত ঘটানো হবে। অনুমতি ছাড়া রাস্তা অবরোধ করা গ্রহণযোগ্য নয়।

এদিকে জিম্মিদের পরিবারের সদস্যরা তেল আবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হয়ে সংবাদমাধ্যমে একটি বিবৃতি দেন। জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এইনাভ জাঙ্গাউকার অভিযোগ করেন, ৬৯০ দিন ধরে যুদ্ধ চলার পরেও কোনো ‘স্পষ্ট লক্ষ্য’ নেই। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি জিনিসকে ভয় পান—তা হলো জনগণের চাপ। তিনি অভিযোগ করেন, তাঁদের সরকার বন্দিদশা থেকে বেঁচে ফেরা ব্যক্তি ও জিম্মিদের পরিবারকে চুপ করানোর জন্য তাঁদের ওপর হামলা চালাচ্ছে। তিনি জনগণকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের শক্তি দিয়ে একটি সামগ্রিক চুক্তি ও যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব। সরকার তাঁদের (জিম্মিদের) ত্যাগ করেছে, কিন্তু জনগণ তাঁদের ফিরিয়ে আনবে।’

জিম্মি এইতান হর্নের বাবা ইৎজিক হর্ন সরকারের বিরুদ্ধে ‘জিম্মিদের ফিরিয়ে আনার চুক্তি ইচ্ছাকৃতভাবে ভন্ডুল করার’ অভিযোগ তোলেন। গত সপ্তাহে হামাস জানিয়েছিল, তারা এমন একটি জিম্মি চুক্তিতে সম্মত হয়েছে, যেখানে অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং অন্যদের মুক্তির জন্য আলোচনা শুরু হবে। তবে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল কেবল তখনই চুক্তিতে সম্মত হবে, যখন সব জিম্মিকে একবারে মুক্তি দেওয়া হবে। তিনি গাজা সিটি দখলের লক্ষ্যে সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছেন।

হোস্টেজ স্কয়ারে ইৎজিক হর্ন বলেন, এ সরকার তার নাগরিকদের ত্যাগ করছে… এবং জীবনের পবিত্রতা ও পারস্পরিক দায়িত্বের মৌলিক নৈতিক কাঠামোকে ভেঙে ফেলছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সামনে চুক্তি থাকা সত্ত্বেও গাজা দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া জিম্মিদের পরিবার ও পুরো জাতির হৃদয়ে আঘাতের মতো। জিম্মি সেনা নিম্রোদ কোহেনের বাবা ইয়েহুদা কোহেন তাঁর ছেলের অপহরণের একটি অপ্রকাশিত ভিডিওর কথা উল্লেখ করেন, যা তাঁর পরিবার গতকাল সোমবার প্রকাশ করেছে। তিনি বলেন, ‘ইসরায়েলের জনগণ জিম্মিদের পক্ষে দাঁড়িয়েছে, জনগণ আমাদের সঙ্গে আছে এবং জনমত জরিপও তা দেখায়। ৮০ শতাংশের বেশি মানুষ যুদ্ধের অবসান ও জিম্মিদের মুক্তি চায়।’

বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল এক প্রতীকী প্রদর্শনী—একটি লম্বা টেবিলের পাশে সারি সারি হলুদ চেয়ার, যার প্রতিটিতে একজন করে জিম্মির ছবি লাগানো। টেবিলে প্লেটগুলো সাজানো থাকলেও খালি ছিল। কালো টেবিলক্লথের ওপর ছড়িয়ে-ছিটিয়ে ছিল রুটি, ডাল ও বালি, যা বন্দিদশার অমানবিক পরিস্থিতি ও অনাহারের চিত্র তুলে ধরে।

আয়োজকেরা বলেন, এ বিক্ষোভের মাধ্যমে তাঁরা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে চান। তাঁদের দাবি, জনগণের সম্মিলিত চাপেই নেতানিয়াহু সরকারকে জিম্মি চুক্তিতে রাজি হতে বাধ্য করা যাবে, কারণ, দেশের বেশির ভাগ মানুষ এখন আর যুদ্ধ চান না।

  • August 31, 2025
  • 0 Comments
নির্বাচনী দিনক্ষণ ঠিক হয়ে গেছে, ভোটারদের কাছে ছুটে যান : আফরোজা খানম রিতা

বিএনপি (বাংলাদেশ ন্যাশনাল পার্টি) চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, বিএনপি ও ধানের শীষকে নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা অপপ্রচার চালাচ্ছে। এদেশের জনগণকে পাশে না পেয়ে তারা এই অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে এই অপপ্রচার প্রতিহত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চাই। 

শনিবার (৩০ আগস্ট) বিকেলে সদর উপজেলার পুটাইল ইউনিয়নে আয়োজিত বিএনপি’র ৩১ দফার ইশতেহার ও প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফার ইস্তেহারে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন নিহিত রয়েছে। আমরা তারই নির্দেশনায় আপনাদের কাছে এসে পৌঁছেছি। আপনারা এই ইস্তেহারের দাওয়াত প্রত্যেক ঘরে পৌঁছে দেবেন। আমরা সকলে মিলে দেশটাকে স্বনির্ভরশীল করে গড়ে তুলতে চাই।

আফরোজা খানম রিতা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আপনারা প্রত্যেকে ভোটারদের কাছে ছুটে যান। ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ বিএনপির ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। আপনারা ভোটারদের পাশে থাকুন।

এ সময়, জেলা জজ আদালতের পিপি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ. ফ.ম. নুরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন আহমেদ জাদু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্তি পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, সদর উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ফজলুল হক, যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যান্য