• September 4, 2025
  • 0 Comments
বিমানবালা মৌরি-শিমুর হানিট্র্যাপের ফাঁদে দুই যুবক

খাদিজা সুলতানা শিমু (৫৩৪২৯) ও এমএসটি মৌরি (৫৩৪৩৭)। পেশায় কেবিন ক্রু। চাকরি করেন জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। দু’জনই ২০২৩ সালে ৪৬তম ব্যাচে নিয়োগ পেয়েছেন বিমানে। একসঙ্গে চাকরির সুবাদে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে যান। অধিকাংশ সময়ই তারা বিমানের একই গন্তব্যে ডিউটি করতেন। এতে করে তাদের সখ্য আরও বেড়ে যায়। ফেসবুক, ইনস্টাগ্রামে আবেদনময়ী ছবি আপলোড করেন। ফেসবুকে বিভিন্ন অঙ্গভঙ্গির রিলসও পোস্ট করেন দু’জন। এসব সম্পর্কের বাইরেও তাদের আরেকটি জায়গায় মিল রয়েছে। সম্প্রতি তাদের দু’জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হানিট্র্যাপের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ ও উপহার হাতিয়ে নেয়ার। টাকা হাতিয়ে নেয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন তারা। শিমু দেশীয় একটি বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ও মৌরি কাতারস্থ প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করেছেন। দুই বান্ধবীর হানিট্রাপের ফাঁদে ফেলে নিঃস্ব হয়েছেন ওই দুই প্রেমিক। উপায়ন্তর না পেয়ে শিমুর প্রেমিক আদালতে মামলা করেছেন। মামলাটির তদন্ত করছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিমানের প্রধান কার্যালয়েও অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। আর মৌরির প্রেমিক কোনো মামলা করেননি। তিনি শুধু বিমানের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। দুই ভুক্তভোগী এসব অভিযোগের সঙ্গে কখন, কীভাবে প্রতারণা, নগদ অর্থ ও বিভিন্ন অজুহাতে উপহার হাতিয়ে নেয়া হয়েছে এসবের তথ্য প্রমাণ দিয়েছেন। বিমানের বলাকা অফিসে আসা দুটি অভিযোগের তদন্ত করছে বিমান। আর শিমুর বিরুদ্ধে আদালতে করা মামলারও তদন্ত চলছে। এসব অভিযোগের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন- প্রাথমিকভাবে দুই বিমানবালার বিরুদ্ধে আসা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। যারা অভিযোগ দিয়েছেন তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক চলাকালীন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন। যদিও নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন কেবিন ক্রুরা।

শিমুর বিরুদ্ধে যে অভিযোগ:

বিমানবালা খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানিট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ২০শে জুলাই ঢাকার আদালতে মামলা দায়ের করেছেন দেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি একজন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। তার সঙ্গে ফেসবুকে পরিচয় হওয়ার পর ১১ মাসের সম্পর্কে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মৌরির বিরুদ্ধে যে অভিযোগ:

গত ২১শে আগস্ট বিমানের কেবিন ক্রু মৌরির বিরুদ্ধে অভিযোগে কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী বলেছেন, বাংলাদেশে ব্যবসা থাকার সুবাদে প্রতিনিয়ত বিমানে যাতায়াত করি এবং আমি বিমানের একজন নিয়মিত কাস্টমার। ২০২৪ সালের ১০ই অক্টোবর কাতারের একটি হোটেলে মৌরি নিজেকে বিমানের কেবিন ক্রু হিসেবে পরিচয় দিয়ে আমার সঙ্গে পরিচিত হোন। তখন আমার সামাজিক ও অর্থনৈতিক অবস্থান দেখে কমিটেড রিলেশনে যেতে ইচ্ছা প্রকাশ করেন। ১৬ই অক্টোবর মৌরি আবার কাতারে এসে আমাকে ফোন করে হোটেল লবিতে ডেকে প্রেমের প্রস্তাব দেন। আমি তাকে সরাসরি বলি যে আমি বিয়ের জন্য পাত্রী চাই। কিন্তু চাকরিজীবী কাউকে নয়। সে আমার শর্তে রাজি হয় এবং বিয়ের পর চাকরি ছেড়ে দিবে বলে আশ্বস্ত করেন। আমি তাতে সাড়া দেই। পরদিন তাকে নিয়ে আমি লং ড্রাইভে নিয়ে বিচে যাই। ১৬ থেকে ২০শে অক্টোবর মৌরি লে ওভারে আমার সঙ্গেই ছিল। এ সময় সে আমার কাছে শপিং করে দিতে আবদার করে। তার ইচ্ছাতেই আমি তাকে শপিং করে দেই। ১৪ই ডিসেম্বর আমি লন্ডনে যাই একটি বিজনেস ট্রিপে। তখন মৌরি বিমানের সিডিউল ইনচার্জদের ম্যানেজ করে লন্ডনে যায়। ব্যবসায়িক কাজে যাওয়াতে ওখানে আমার ব্যস্ততা ছিল। কিন্তু সে তার কলিগসহ ঘুরতে এবং শপিং করিয়ে দিতে জোর করে আমাকে।

  • September 3, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে একজনের কারাদণ্ড

চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে মো. আকবর হোসেনকে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার (৩ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. এ. হামিদ এ রায় ঘোষণা করেন । ওই ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) মুহাম্মদ মাছুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.আকবর হোসেন (৫০), শিবালয় উপজেলার গোবিন্দবাড়ী গ্রামের মৃত মুক্তি হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে শিশুটি মুকবুল পাগলার বাড়িতে গান শুনতে গেলে অভিযুক্ত আকবর হোসেন তাকে ডেকে ইজ্জতের বন্ধ দোকানের সামনে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কামড়া কামড়ি করিতে থাকে। তখন চিৎকার করতে গেলে আকবর হোসেন শিশুটির মুখ চেপে ধরে দোকানের সামনে থাকা একটি কাঠের বেঞ্চের ওপর জোরপূর্বক শুইয়ে পরিহিত হাফ প্যান্ট খুলিয়া ধর্ষন করে। ইতিমধ্যে শিশুটির মা তাকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত আকবর হোসেন তাকে দেখে ভয়ে শিশুটিকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে শিশুটি তার মাতার নিকট ঘটনার বিষয়ে বলে।

এই ঘটনায় ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি শিশুর বাবা শিবালয় থানায় মো.আকবর হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ১৭ মে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন,(সংশোধনী ২০২৩) এর ৯(১) ধারায় অভিযোগ গঠন করেন আদালত। দশ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, (সংশোধনী ২০২০) এর ৯(৪)/খ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

  • September 3, 2025
  • 0 Comments
ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, ভার্জিনিয়ার বাসিন্দা ব্রেন্ট ক্রিস্টেনসেন, যিনি সিনিয়র ফরেন সার্ভিসের ‘ক্লাস অফ কাউন্সেলর’-এর একজন ক্যারিয়ার সদস্য, তাকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।
বর্তমানে ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ সাল থেকে টানা তিন বছর তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগের কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
মার্কিন সিনেট এই মনোনয়ন অনুমোদন করলে, ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। পিটার হাস গত বছর রাষ্ট্রদূতের দায়িত্ব শেষে অবসরে যান। এরপর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন।
এ বিষয়ে মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ বাংলাদেশ সময় বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুত এই মনোনয়ন অনুমোদন করবে।

  • September 3, 2025
  • 0 Comments
নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (০২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, তিনি চোয়ালে ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন।

সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানান তার স্ত্রী মারিয়া আক্তার। এ সময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে।’

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্তকাজ সম্পন্ন করবে।

  • September 2, 2025
  • 0 Comments
সিংগাইরে ভেজাল সারকাণ্ডে অভিযান: ১২ বস্তা টিএসপি জব্দ, আটক ২

মানিকগঞ্জের সিংগাইরে কৃষকদের সাথে প্রতারণা করে ভেজাল সার বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ বাজারে মুন্নু এন্টারপ্রাইজে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

আটককৃতরা হলেন, দোকানের পরিচালক আব্দুল মান্নান খানের ছেলে মো. বিশাল খান এবং হেমায়েতপুরের অটোচালক মো. মামুনুর রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর থেকে একটি অটোবাইকে সার আনতে দেখে উপসহকারী কৃষি কর্মকর্তার সন্দেহ হয়। পরে সার পরীক্ষা করে তা ভেজাল প্রমাণিত হলে দুইজনকে আটক করা হয়। এসময় মুন্নু এন্টারপ্রাইজ থেকে ১২ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করে প্রশাসন। দীর্ঘদিন ধরেই দোকানটির মাধ্যমে কৃষকদের কাছে ভেজাল সার সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, “কৃষকদের ক্ষতি ও ফসল নষ্টের আশঙ্কা রোধে এ ধরনের ভেজাল সার কারসাজি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।”

এ ঘটনায় কৃষক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

  • September 2, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে জাল নাগরিক সনদে পাসপোর্ট বানাতে গিয়ে দালালসহ আটক ৩

মানিকগঞ্জ সদর উপজেলায় পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে জাল নাগরিক সনদপত্র তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেজবাহ-উল-সাবেরিন।

আটককৃতরা হলেন, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা জাহাঙ্গীরনগর এলাকার সোহানুর রহমান (২২), পৌরসভার বেউথা এলাকার আরিফ হোসেন (৩৬) এবং পশ্চিম উড়িয়াজানি এলাকার মনির হোসেন (৪৫)। এর মধ্যে আরিফ ও মনির দীর্ঘদিন ধরে দালালচক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, আসল কাগজপত্রে জটিলতা থাকায় সোহানুর রহমান ১৬ হাজার টাকায় পাসপোর্ট করাতে দালাল আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আরিফের সহযোগিতায় মনির হোসেন জাল নাগরিক সনদপত্র তৈরি করে। কিন্তু সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন ও পরবর্তীতে ইউএনও শেখ মেজবাহ-উল-সাবেরিনের নাম, পদবী ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হয়। বিষয়টি উপজেলা নির্বাচন অফিসের নজরে আসলে ইউএনও নিজে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করেন।

ইউএনও শেখ মেজবাহ-উল-সাবেরিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, এ ধরনের জালিয়াতি করে বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ করছিলো একটি সংঘবদ্ধ চক্র।

সদর থানার ওসি এস.এম. আমান উল্লাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন। বর্তমানে ইউএনও শেখ মেজবাহ-উল-সাবেরিন ইউনিয়ন প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

  • September 2, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে গাঁজাসহ বিএনপি নেতা আটক

মানিকগঞ্জে গাঁজাসহ এক বিএনপি নেতাকে আটক করে মোবাইল কোর্টে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে সোহাগ শিকদারকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সোহাগ শিকদার (৩৫)। তিনি সদর উপজেলার বুরুন্ডী গ্রামের মৃত তাইজুদ্দিন শিকদারের ছেলে এবং হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক। একইসঙ্গে তিনি স্থানীয় বরুন্ডী প্রগতি সংঘের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব জানান, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে সোহাগ শিকদারকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন মোবাইল কোর্ট পরিচালনা করে সোহাগ শিকদারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তাকে ইতোমধ্যে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপপরিদর্শক সজীব বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • September 2, 2025
  • 0 Comments
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বেলা ১১টায় সুলতানা পারভীন জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় উৎসুক জনতা সাবেক জেলা প্রশাসককে একনজর দেখার জন্য আদালতে ভিড় জমায়।

প্রসঙ্গত, প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান করায় ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকিসহ ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন করেন জেলা প্রশাসনের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। এরপর আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।

কারামুক্ত হয়ে এ ঘটনায় সাংবাদিক আরিফুল হক রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। ৫ বছর ধরে এই মামলা চলছে। সম্প্রতি সাবেক জেলা প্রশাসক হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিন পাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসেন।

  • September 2, 2025
  • 0 Comments
শেখ হাসিনা ‘লেথাল উইপেন’ ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন: মামুন

আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জুলাই আন্দোলন দমাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা দিয়েছেলেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ০১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে তিনি এ কথা জানান। 

এদিন বেলা ১১টা ৫০ মিনিটে সাক্ষ্য দেওয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন।

জুলাই আন্দোলন নিয়ে সাবেক এ আইজিপি বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী। 

তিনি বলেন, র‌্যাব-১ এ টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল। অন্যান্য র‌্যাবের ইউনিটে ছিল এমন বন্দিশালা। রাজনৈতিক ভিন্নমত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো এসব নির্দেশনা। কখনো নির্দেশনা দিতেন তারেক সিদ্দিকী। আর আয়নাঘরে আটক ও ক্রসফায়ারে হত্যার মতো কাজগুলো করতেন র‌্যাবের এডিসি অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালক।

সাবেক এ আইজিপি ট্রাইব্যুনালে বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারী। এ ছাড়াও পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, স্বেচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করতে চান।

  • September 2, 2025
  • 0 Comments
আফগানিস্তানে ভূমিকম্প : নিহত বেড়ে ১৪০০, সহায়তা চায় তালেবান সরকার

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। এখনো ধসে পড়া বহু স্থাপনার নিচে আটকে আছে মানুষ। দুর্গম এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছে তালেবান সরকার।

২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে আন্তর্জাতিক সহযোগিতা থমকে গেছে। দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। বিশেষ করে নারীদের শিক্ষায় নিষেধাজ্ঞার মতো কঠোর সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো মানবিক সহায়তাও বন্ধ করে দিয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতেও উদ্ধার অভিযান চালানো হয়। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে। মূলত, মাটির মাত্র ৬ মাইল গভীরে এই ভূমিকম্প হওয়ায় বিধ্বস্ত হয়েছে ঘরবাড়িসহ নানা স্থাপনা।

আফগান কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় গত ২৪ ঘণ্টায়ও উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি। এ অবস্থায় আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সারাফাত জামান পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেছেন। তিনি বলেন, আমাদের এটি প্রয়োজন। কারণ, অনেক মানুষ তাদের জীবন ও ঘরবাড়ি হারিয়েছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ মঙ্গলবার জানান, আহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, গত রোববারের ভূমিকম্পের প্রভাব দেশটিকে দীর্ঘদিন বহন করতে হবে। কুনার প্রদেশের তিনটি গ্রামের প্রায় সব বসতবাড়ি ভেঙে গেছে। এই প্রদেশেই নিহতের সংখ্যা ৬০০ জন।

ধ্বংস চিহ্নের একটি কুনারের নুরগাল জেলার ঘাজি আবাদ গ্রাম। ঘরবাড়ি ভেঙে গেছে, অনেক বাসিন্দা সে ধ্বংস্তূপের নিচে আটকে আছেন। যারা বেঁচে আছেন তারা ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার কাজ করছেন। উদ্ধার করছেন আটকে পড়াদের।

স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ বলেন, গ্রামের কোনো বসতবাড়িই আর টিকে নেই। এমন দুর্যোগ আমাদের বোঝাচ্ছে, জীবন এখানে যেকোনো মুহুর্তে শেষ হয়ে যেতে পারে।

অন্যান্য