• September 5, 2025
  • 0 Comments
ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা :আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনায় জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল এবং দলটির অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন ওরফে অভি, ছাত্রলীগের বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম খোরশেদ আলম, বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার, বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মো. দেলোয়ার হোসেন ওরফে বাবলু, উত্তরা পূর্ব থানার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া, যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. কায়কোবাদ ওসমানী এবং মুন্সিগঞ্জের লৌহজং থানার খিতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সাদ্দাম আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পাশাপাশি নাশকতার পরিকল্পনা ও অর্থের জোগান দিতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি দল। একই দিন সন্ধ্যায় ডিবি মতিঝিল বিভাগের একটি দল সবুজবাগ থানার মানিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে তানজিল হোসেন ও আনিসুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর রাতে ডিবি মতিঝিলে বিভাগের একটি দল পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে এ কে এম খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। এর আগে সন্ধ্যায় ডিবি লালবাগ বিভাগের একটি দল রাজধানীর নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে দোলোয়ার হোসেন ওরফে বাবলুকে গ্রেপ্তার করে। তার আগে বিকেলে পুরান ঢাকার কোতোয়ালি থানার পুলিশ প্রেসক্লাবের সামনে অভিযান চালিয়ে আল মামুন ভূঁইয়াকে গ্রেপ্তার করে। পরে মধ্যরাতে ডিবি সাইবার বিভাগের একটি দল মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে কায়কোবাদ ওসমানীকে গ্রেপ্তার করে। মধ্যরাতে ডিবি মতিঝিল বিভাগের একটি দল কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

  • September 5, 2025
  • 0 Comments
বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ ও কাদের সিদ্দিকীর ভাইকে

সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার কথা ছিল তাঁর। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এসএম সিদ্দিকীর সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। তবে ঠিক কী কারণে তাঁকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এসএম সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান।

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকী বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত ৫ অগাস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। প্রস্তুতির অংশ হিসেবে গত ২৮ অগাস্ট সকাল ১০টায় একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়।

সেগুনবাগিচায় বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠান শুরু হয়। এর মধ্যেই এক দল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন। একপর্যায়ে তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেন। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজনকে লাঞ্ছিত করেন। হট্টগোলকারীরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন।

একপর্যায়ে অতিথিদের অনেককেই বের করে দেওয়া হলেও আব্দুল লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন এসআই আমিরুল ইসলাম। পরবর্তীতে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

লতিফ সিদ্দিকী ও পান্না ছাড়া বাকি ১৪ জন হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. আব্দুল্লাহ আল আমিন, মো. তৌছিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী, মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

  • September 5, 2025
  • 0 Comments
ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ১১ টন ত্রাণ পাঠাল বাংলাদেশ

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের জন্য জরু‌রি ত্রাণসামগ্রী পাঠাল বাংলা‌দেশ। কম্বল, শীত বস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, এবং ওষুধসহ ১১টন সহায়তা পাঠানো হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় ত্রাণ বহনকারী বিমান বাহিনীর বিমানটি সেনা নিবাসের বিমান ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশে ছেড়ে যায়। ত্রাণ হস্তান্তর ও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়ার জন্য সঙ্গে যান ১৬ সদস্যের প্রতিনিধি দল।

বিমান উড্ডয়নের আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপারেশন্স ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবিলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা দেয়া হচ্ছে। ত্রাণ বহনকারী বিমানটির সঙ্গে সশস্ত্র বিভাগের একজন সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন এবং বিমান বাহিনীর ১৪ সদস্যসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আলীমুল আমীন বলেন, বাংলাদেশ সরকারের এই মানবিক সহায়তা আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতেও বৈশ্বিক যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ।

জানা গেছে, আফগানিস্তানে ত্রাণসামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, প্রাণ-আরএফএল একযোগে কাজ করেছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এতে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারান, আহত হন সাড়ে তিন হাজারের বেশি এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের শিওয়ার জেলা ও পাকিস্তান সীমান্তবর্তী বারকাশকট এলাকায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ২০২২ সালের ভূমিকম্পের পরও আফগানিস্তানে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল।

  • September 5, 2025
  • 0 Comments
‘তোমরা হাতাহাতি করবা আর ভোট করে দিবো আমি, মামার বাড়ির আবদার’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব বলেছেন, ‘তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে। মামার বাড়ির আবদার।’ যদি রাকসু নির্বাচনে ছাত্রসূলভ আচরণ না প্রকাশ করা হয় তাহলে সেটা শিক্ষার্থীদের অযোগ্যতা বলেও মন্তব্য করেন রাবি উপাচার্য।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসন্ন রাকসু নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো কিছু হলে সেটা রাকসু নির্বাচনের ওপর প্রভাব পড়তে পারে। এ জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

রাকসুর নির্বাচন কমিশনারসহ অন্যদের প্রশংসা করে তিনি বলেন, আমি আমার নির্বাচন কমিশনের প্রশংসা করছি। ওই দিন (রোববার) যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তাদের সম্পর্কে যে কথাবার্তা এসেছিল, যে ভাষায় স্লোগান দেওয়া হচ্ছিল, যারা আছেন তাদের প্রশংসা করি। তারা প্রত্যেকে উচ্চ নৈতিকতার মানুষ এবং অসম্ভব আত্মসম্মানবোধ আছে তা]দের। শুধু বিশ্ববিদ্যালয় ও ছাত্রছাত্রীদের কথা ভেবে ওনারা দায়িত্ব ছেড়ে দেননি। কিছু শিক্ষক আছেন, এই জঘন্য কথাবার্তা ও জঘন্য পরিস্থিতি সৃষ্টি করার পরেও জায়গা থেকে পিছিয়ে যাচ্ছেন না। আমাদেরও সুযোগ ছিল। তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে। মামার বাড়ির আবদার।

অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, যদি ছাত্রসুলভ আচরণ ও নিয়মকানুনের ভেতরে তোমরা থাকতে না পারো, তোমরা নিজেদের রাকসুর অযোগ্য বলে প্রমাণ করছ। তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না, আমি সালেহ হাসান নকীব দেব? ছাত্রদের দায়িত্ব নিতে হবে। প্রক্টরিয়াল বডি সব সময় কাজ করেছে এবং সংযম দেখিয়েছে। কোনো ড্রাস্টিক ব্যবস্থা নেয়নি বলেই আজ আমরা এই জায়গায় আছি। কাজেই আমি মনে করি না, তাদের তরফ থেকে কোনো সমস্যা ছিল। যাদের সমস্যা ছিল, আলাপটা তাদের নিয়ে করা উচিত।

রাকসু নির্বাচনে সেনা মোতায়ন–সংক্রান্ত প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আমি নিজে খুশি হতাম, যদি সম্পূর্ণ আমাদের সামর্থ্য ও আমাদের ভেতরে যে সৌন্দর্য আছে, সেটা দিয়েই রাকসু নির্বাচন হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যজনক এখানে অনেক কিছু চিন্তা করতে হয়। আমি পার্সোনালি মনে করি, এ ধরনের ছাত্র সংসদ নির্বাচনে যদি সেনাবাহিনী পর্যন্ত চলে আসে, তাহলে এইটা আমাদের ছাত্রসমাজসহ সবার জন্য একটা কষ্টকর ব্যাপার।

প্রসঙ্গত, প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে গত রোববার সকাল সাড়ে ৯টা থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতা–কর্মীরা। একপর্যায়ে কার্যালয়ের একটি চেয়ার ভাঙচুর ও একটি টেবিল উল্টে দিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র তুলতে গেলে তাদের ঘিরে ধরেন ছাত্রদলের কর্মীরা। দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন সাবেক সমন্বয়কের নেতৃত্বে একদল শিক্ষার্থী ঘটনাস্থলে আসেন।

পরে ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীরা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিয়ে সেখানে যান। এতে কয়েক দফা ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা রাকসু ভবনের ফটকের তালা ভেঙে ফেলেন। চার ঘণ্টা বন্ধ থাকার পর বেলা দুইটার দিকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। পরে মনোনয়নপত্র বিতরণের সময় এক দিন বাড়ানো হয়।

  • September 5, 2025
  • 0 Comments
‘জনগণ না চাইলে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে জামায়াত’

জনগণ যদি না চায়, তাহলে জামায়াত পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন শীর্ষক সেমিনারে আলোচনায় অংশ নিয়ে তিনি একথা জানান।

পিআর পদ্ধতি বাস্তবায়নে গণভোট আয়োজনেরও দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বিএনপি নিজেদের বড় দল মনে করে বলেই আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চায় না। তবে, গণভোটে জনগণ যা রায় দেবে, সেটিই মেনে নেবে জামায়াত। জনগণ যদি না চায়, তাহলে জামায়াত পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে না। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পক্ষে। তিনি আরও বলেন, দুর্নীতি রোধে কাঠামোগত সংস্কারের কথা উঠলেই কিছু রাজনৈতিক দল গড়িমসি করে। আর নির্বাচন কমিশনও রাজনৈতিক চাপের মুখে দুর্বল অবস্থান নিতে বাধ্য হয়।

মানুষের মধ্যে নির্বাচন নিয়ে সন্দেহের দানা বেঁধেছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, আদৌও নির্বাচন হবে কি না, হলে কীভাবে হবে, কোন কোন দল নির্বাচনে অংশ নেবে, এমন বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহলে এখন আলোচনা হচ্ছে।

গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার কর্তৃক ঘোষিত জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের ইতিহাসের অনেক তথ্য এড়িয়ে যাওয়া হয়েছে বলে মনে করেন জামায়াত সেক্রেটারি। তিনি জুলাই ঘোষণাপত্রকে সংশোধন করে পুনরায় প্রকাশের দাবি জানান।

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে অন্তর্বর্তী সরকারকে রূপরেখা দিয়েছে জামায়াতে ইসলামী। গোলাম পরওয়ার বলেন, তাঁরা গত রাতে জুলাই সনদ বাস্তবায়নের ড্রাফট রূপরেখা সরকারকে দিয়েছে। জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারকে যেকোনো প্রকারের সহযোগিতা করতে প্রস্তত রয়েছে বলেও জানান তিনি।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দলের স্থায়ী কমিটির সদস্য সংস্কারের সব প্রস্তাব মুছে দেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি বলেন, যাওয়ার আগেই যদি মুছে দেন, তো গেলে কী করবেন। বক্তব্যে সংসদ নির্বাচনের আগেই জুলাই ঘোষণাপত্রের সংশোধন এবং জুলাই সনদের বাস্তবায়ন সম্পন্ন করার আহ্বান জানান জামায়াত সেক্রেটারি।

জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন, দাবি না মানলে কী হবে, সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন।

  • September 5, 2025
  • 0 Comments
জুলাই সনদ : আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন

রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন ওই সনদের আইনি পরামর্শ গ্রহণে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে। এরপর চূড়ান্ত মতামতের জন্য তা রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনস্থ ঐকমত্য কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিশন বৈঠকে জাতীয় সনদের চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আগের দিন শুরু হওয়া আলোচনা অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শসমূহ বিশ্লেষণ করা হয়। এ সময় সনদের ভাষাগত যথার্থতাও পুনর্মূল্যায়ন করা হয়।

রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞগণের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে চূড়ান্তকৃত সনদ ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ একসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর বিষয়ে একমত প্রকাশ করেন কমিশনের সদস্যরা।

উল্লেখ্য, জাতীয় সনদ চূড়ান্ত করতে ইতিমধ্যে ২৮টি রাজনৈতিক দলের সাথে অনানুষ্ঠানিকভাবে সভা করেছে ঐকমত্য কমিশন। এই প্রক্রিয়ায় কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সনদ বাস্তবায়নের পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে মতামত আহ্বান করে এবং ২৬টি দলের পক্ষ থেকে মতামত পাওয়া যায়।

চূড়ান্ত খসড়াতেও সনদের তিনটি ভাগ রয়েছে। প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ঐকমত্য ও সিদ্ধান্ত হওয়া প্রস্তাব এবং তৃতীয় ভাগে থাকবে সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা।

তবে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা জুলাই সনদে উল্লেখ থাকবে না। আলাদাভাবে এ সংক্রান্ত প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি গঠিত সাত সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করে।

ছয় মাস মেয়াদ শেষে কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়। আগামী ১৫ সেপ্টেম্বর কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হবে।

  • September 5, 2025
  • 0 Comments
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে। পদ্মা সেতু চালু হওয়ার পর যানবাহন ও যাত্রীর চাপ কিছুটা কমলেও এখনো প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি গাড়ি এই নৌ পথ ব্যবহার করে চলাচল করছে। রাজধানীর কল্যাণপুর, টেকনিক্যাল, মিরপুর, উত্তরা, গাজীপুরের চন্দ্রা, টঙ্গী, সাভার, আশুলিয়া, জিরাবো ও হেমায়েতপুর শিল্প এলাকার হাজারো কর্মজীবী মানুষ এই রুটেই যাতায়াত করেন।
স্বাভাবিক সময়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারে চাপ তেমন না থাকলেও, ছুটির দিনগুলোতে যাত্রী ও যানবাহনের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। ১৫টি ফেরি চলাচল করায় যাত্রী ও যানবাহনের ভিড় সামাল দিতে বেগ পেতে হচ্ছিল না কর্তৃপক্ষকে। তবে, সম্প্রতি ঘাট এলাকায় ভাঙন ও নদীর নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে পদ্মার ভাঙনে পাটুরিয়া ঘাট বারবার হুমকির মুখে পড়ছে। ঘাটের পন্টুনগুলো বারবার সরাতে হচ্ছে। মেরামত ও সংস্কারকাজ চলাকালে লোড-আনলোড বন্ধ থাকায় ফেরি পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহনকে। ফলে ঘাট এলাকায় ভোগান্তি বাড়ছে।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নাব্য সংকট তীব্র আকার ধারণ করেছে। গত ২১ আগস্ট থেকে নাব্য কমে যাওয়ায় দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে বিকল্প দুইটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট কমে যাওয়ায় সেখানে ফেরি লোড-আনলোডে সময় বেশি লাগছে। পদ্মায় তীব্র স্রোতের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি পার হতে ১০ থেকে ২০ মিনিট বেশি সময় লাগছে।
গোল্ডেন লাইন পরিবহনের চালক ইব্রাহিম মিয়া বলেন, “নদীতে স্রোত তীব্র থাকায় পারাপারে সময় বেশি লাগে। দৌলতদিয়ার একটি ঘাট বন্ধ থাকায় ফেরি লোড-আনলোডে দেরি হয়। গত সপ্তাহে ভাঙনের কারণে পাটুরিয়াতেও ঘাট সংকট তৈরি হয়েছিল। এখন কিছুটা ঠিক হলেও ভাঙন থামেনি।”
সাভারের হেমায়েতপুরে একটি শিল্পকারখানায় কর্মরত উত্তম সরকার বলেন, “প্রতি সপ্তাহের ছুটিতে রাজবাড়ীতে যাই। গত মাস থেকে উভয় ঘাটে সমস্যা বেড়ে যাওয়ায় ভোগান্তি চরমে উঠেছে। আগে নিয়মিত যেতাম, এখন ভোগান্তির ভয়ে বাড়ি যাওয়া কমিয়ে দিয়েছি।”
ট্রাকচালক রুস্তম ব্যাপারি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এক ঘাটের সমস্যা ঠিক হইলে আরেক ঘাটে সমস্যা শুরু হয়। বর্ষায় এ ভোগান্তি বেশি বাড়ে। ঘাটে বেশি দেরি হলে আমাগো খাওন-দাওনের খরচও বাড়ে।”
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মুহাম্মদ সালাউদ্দিন বলেন, “নাব্য সংকটের কারণে ৭ নম্বর ঘাট বন্ধ রয়েছে। এখন দুইটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। স্রোতের কারণে ফেরি পার হতে সময় কিছুটা বেশি লাগলেও ঘাট এলাকায় বড় ধরনের ভোগান্তি নেই।”
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের এজিএম (বাণিজ্য) সালাম হোসেন বলেন, “গত মাসে ভাঙনের কারণে একাধিকবার পন্টুন সরাতে হয়েছে। তখন একেক সময় একেক ঘাট বন্ধ ছিল। তবে বর্তমানে তিনটি ঘাট সচল রয়েছে। ভাঙনের ঝুঁকি থাকলেও ঘাট সচল রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে। যথেষ্ট সংখ্যক ফেরি চলাচল করায় বড় কোনো ভোগান্তি নেই।”

  • September 5, 2025
  • 0 Comments
সড়ক দুর্ঘটনায় আহত, হাসপাতালে বিয়ে

বিয়ের মঞ্চ নয়, হাসপাতালের বেডই হয়ে উঠল জীবনের সবচেয়ে স্মরণীয় আসর। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা, তবুও থেমে থাকেনি বিয়ের আনুষ্ঠানিকতা। পরিবার-স্বজনের ও হাসপাতাল কতৃপক্ষের উদ্যোগে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে সম্পন্ন হলো এক ব্যতিক্রমী বিয়ে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে।

জানা যায়, রোগীর বিয়ের দিন-তারিখ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। পরিস্থিতি সত্ত্বেও উভয় পরিবারের সম্মতিতে এবং হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিশেষ কক্ষে বিয়ের আয়োজন করা হয়।

এ বিয়ের বিশেষ মুহূর্তটি আফরোজা বেগম জেনারেল হাসপাতালের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হয়।

লাইভে দেখা যায়, সাধারণ নিয়মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, নিকট আত্মীয়স্বজন এবং হাসপাতালের কয়েকজন কর্মী। হাসপাতালের বিছানাতেই নবদম্পতির জন্য আয়োজন করা হয় সাধারণ সাজসজ্জা।

এসময় স্বজনরা জানান, হাসপাতালে এমন আনন্দ হবে আমরা বুঝতেই পারিনি। আমরা অনেক খুশি। হাসপাতাল কতৃপক্ষকে অনেক ধন্যবাদ।

এমন ব্যতিক্রমী আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ চারদিকে তৈরি হয়েছে আলোড়ন। স্থানীয়রা ঘটনাটিকে অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

  • September 4, 2025
  • 0 Comments
আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর

ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনেই এক সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। কোর্ট চলাকালীন এজলাসে বিচারক থাকাকালে বেসরকারি টেলিভিশন ‘সময় টিভি’র আসিফ মোহাম্মদ সিয়াম নামে ওই সাংবাদিককে কয়েকজন আইনজীবী মিলে কিল, ঘুষি, লাথি মারেন। এতে গুরুত্বর আহত হন সিয়াম। এরপর তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে।

এদিন আসামি লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নার জামিন শুনানির দিন ধার্য ছিল। লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা না হলেও সাংবাদিক পান্নাকে আদালতে হাজির করা হয়।

এই সংবাদ সংগ্রহ করতে আদালতে যান কয়েকজন সাংবাদিক। বিকেল ২টা ৫৫ মিনিটের দিকে সাংবাদিক পান্নাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৮ম তলায় ৩০নং এজলাসে তোলা হয়।

এসময় মোক্তাদির রশীদ নামে আন্তর্জাতিক একটি গণমাধ্যমের সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার কাছে জানতে চান, কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে কি না। এসময় এজলাসের বেঞ্চে বসে থাকা অ্যাডভোকেট মহিউদ্দিন মাহি আসামির সঙ্গে কথা বলার কারণ জিজ্ঞাসা করেন। বিষয়টা নিয়ে কিছুটা তর্ক-বিতর্ক হয় তাদের। এসময় তাকে আদালত থেকে বের হয়ে যেতে বলেন অ্যাডভোকেট মহিউদ্দিন। ওই সাংবাদিক তার কাছে জানতে চান, আপনি কোর্ট ইন্সপেক্টর কি না? আমাকে বেরিয়ে যেতে বলছেন। বিচারক বললে আমি বেরিয়ে যাব। এরই মাঝে বিচারক এজলাসে ওঠেন। শাহবাগ থানার একটা মামলার শুনানি শুরু হয়।

এসময় একটু দূরে দাঁড়িয়ে থাকা সময় টিভির সাংবাদিক সিয়াম এসে ওই আইনজীবীকে বলেন, উনি বহিরাগত না, একজন সাংবাদিক। একথা বলার সঙ্গে সঙ্গে বেঞ্চ থেকে লাফ দিয়ে উঠেই মহিউদ্দিন নামে ওই আইনজীবী সাংবাদিক সিয়ামের কানের ওপর ঘুষি মারেন। এসময় সিয়াম তার হাতে থাকা সময় টিভির মাইক্রোফোন উঠিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তবে ওই আইনজীবী তাকে টেনে বাইরে নিয়ে আসেন। সিয়াম কিছু বুঝে ওঠার আগেই ওই আইনজীবীর কয়েকজন সহযোগী তাকে ঘিরে মারধর শুরু করেন। যে যেভাবে পেরেছেন তাকে মারধর করেন। চড়, থাপ্পড়, কিল, ঘুষি, লাথি কিছুই বাদ পড়েনি। এতে রক্তাক্ত আহত হন সিয়াম।

আদালত কক্ষে এ পরিস্থিতি দেখে এজলাস থেকে নেমে খাসকামড়ায় চলে যান বিচারক। এসময় প্রসিকিউশনের পক্ষে থাকা কাইয়ুম হোসেন নয়ন ওই সাংবাদিককে উদ্ধার করে তাকে সাক্ষীর কাঠগড়ার কাছে নিয়ে যান।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সিয়াম বলেন, কোনো কারণ ছাড়াই বিচারকের সামনে মব সৃষ্টি করে আমাকে মারধর করল কয়েকজন আইনজীবী। আমি এঘটনার বিচার চাই।

এরপর বিকেল ৩টা ২৫ মিনিটের আবার এজলাসে আসেন বিচারক। এরপর শুনানি নিয়ে আদালত লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নার জামিন আবেদন নাকচ করে দেয়।

এর আগে, গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। শুক্রবার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে হেনস্তার শিকার বাংলা আউটলুকের সাংবাদিক মোকতাদির রমিদ রোমিও বলেন, সাংবাদিক পান্নাকে হেলমেট খোলার (কাঠগড়ায়) পরে পান্না পুলিশকে উদ্দেশ্য করে বলেন আপনারা এমন কেন করছেন আমি তো আপনাদের শত্রু নই।

এ সময়ে কাছে দাঁড়িয়ে থাকায় আমি সাংবাদিক পান্নাকে জিজ্ঞেস করি, ভাই আপনাকে কি জেলের ভেতরে নির্যাতন করা হয়েছে? সাংবাদিক পান্না উত্তর দেন ‘না’। ঠিক এ সময়েই আইনজীবী মহিউদ্দিন মাহি আমাকে কোর্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য ধমকাতে থাকে।

আমি বলি, আদালত কক্ষ থেকে বের করে দেওয়ার ক্ষমতা কেবলমাত্র বিচারকের আছে। উনি বললে বের হয়ে যাব। ওনাকে বলতে দিন।

একথা শোনার সঙ্গে সঙ্গেই ওই আইনজীবী আমাকে মারতে উদ্ধত হলে পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম তাকে নিভৃত করার চেষ্টা করে।

কোর্টের নিয়ম রক্ষার জন্য আইনজীবীকে অনুরোধ করেন। তাতেই ক্ষিপ্ত হয়ে, আইনজীবী সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামকে মারতে শুরু করে। ‌আর একই সঙ্গে আমাকে ‘কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা’ বলতে থাকে। পাশে পুলিশ দাঁড়িয়ে ছিল। নিছক দর্শকের মতোই।

  • September 4, 2025
  • 0 Comments
ত্রয়োদশ জাতীয় সংসদ: চূড়ান্ত আসনসীমা ঘোষণা, পরিবর্তন হলো ৩৭ আসনে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি, আপত্তি, সুপারিশ ও মতামতের ভিত্তিতে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন প্রয়োজনীয় সংশোধন করে প্রাথমিক তালিকায় পরিবর্তন আনে এবং ৩৭টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

এবারের পরিবর্তনে গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ৬টি আসন রাখা হয়েছে, অন্যদিকে বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩টি করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে বিজয়নগর উপজেলাকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ এ সংযুক্ত করা হয়েছে।

ইসি সচিব আরও জানান, প্রকাশিত চূড়ান্ত আসনসীমার ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যান্য