• September 7, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে অনিয়মের দায়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত, প্রশাসনিক কর্মকর্তা চাকরিচ্যুত

মানিকগঞ্জ জেলায় ইউনিয়ন পরিষদের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও দায়িত্বে অবহেলার কারণে গড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুদ রানাকে সাময়িক বরখাস্ত এবং দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনকে চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

গত সোমবার (১ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।

উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়- নানাবিধ অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং চেয়ারম্যান মাসুদ রানার অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী হওয়ায় তাকে নিজ পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

গড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুদ রানা এর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রকল্পের অর্থ আত্মসাৎ, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকা, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অপরদিকে, বাচামারা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন এর বিরুদ্ধে চরকাটারী ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বে থাকাকালে ৭৯৫টি জন্ম নিবন্ধন সনদ যাচাই ছাড়া অনলাইনে ইস্যু, দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

আলমগীর হোসেন স্থায়ীভাবে চাকরিচ্যুত হয়েছেন। তিনি শুধু নিজের প্রদত্ত চাঁদা ও তার উপর প্রাপ্য সুদ পাবেন, তবে কোনো আনুতোষিক সুবিধা পাবেন না।

এ ঘটনায় সচেতন মহল মনে করছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এটি একটি শক্তিশালী পদক্ষেপ, যা ভবিষ্যতে অন্যদের জন্যও সতর্কবার্তা হয়ে থাকবে।

  • September 7, 2025
  • 0 Comments
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সেবা পেতে দিতে হয় মোটা অংকের টাকা

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে ভয়াবহ ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, এখানে টাকা ছাড়া কোনো সেবা মেলে না। রোগী ভর্তি থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা সব ক্ষেত্রেই গুণতে হয় হাজার হাজার টাকা। টাকা না দিলে নানা অজুহাতে রোগীদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। ফলে স্বজনরা হয়রানির শিকার হওয়ার পাশাপাশি অনেক সময় রেফার্ড রোগী গন্তব্যে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত ফিরোজ নামের এক ব্যক্তিকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে আনা হয়। কিন্তু জরুরি বিভাগে কর্তব্যরত নার্সরা তার স্বজনদের কাছে টাকা দাবি করে। শেষ পর্যন্ত ফিরোজের বাবা আবু সাইদ মিয়া ২,৫০০ টাকা দেওয়ার পরই তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এমনকি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি থাকা একাধিক রোগীর স্বজনও নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জরুরি বিভাগে সেবা নিতে হলে কর্মরত নার্সদের হাতে টাকা তুলতেই হয়।

অভিযুক্ত নার্স আরিফ হোসেন স্বীকার করেছেন টাকা নেওয়ার বিষয়টি। তবে তিনি দাবি করেন—“রোগীর লোকজন আমাদের খুশি হয়ে টাকা দেয়।”

এ বিষয়ে বিএনএ প্রতিনিধি শাহানারা আক্তার বলেন, “আমাদের হাসপাতালে জরুরি সেবা নিতে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই। যদি এমনটা হয়ে থাকে তবে এটা অত্যন্ত দুঃখজনক ও বদনামজনক বিষয়। তদন্ত করে দায়ীদের শাস্তি দেওয়া হবে।”

অন্যদিকে নার্স ইনচার্জ নিশাত জানান, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ সত্য প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহল মনে করছে, অসাধু নার্সদের দ্রুত অপসারণ না করলে জরুরি বিভাগে সাধারণ মানুষের দুর্ভোগ কখনোই কমবে না। তারা অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • September 6, 2025
  • 0 Comments
স্বাধীনতার ৫৪ বছরেও কোন দেশ প্রেমিক সরকার এ দেশ পায়নি : খেলাফত মজলিস 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মানিকগঞ্জে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাড়াইভিকরা এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষ্ণপুর ইউনিয়ন এলাকাবাসী এই মতবিনিময় সভার আয়োজন করেন।

স্থানীয় মুরুব্বী আওলাদ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন। এ সময়- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দিন, কেন্দ্রীয় ইসলামী যুব মজলিসের সভাপতি জাহিদুল ইসলাম তুহিন, খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা নুরুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মুফতি আবু বকর বিন আইয়ুবসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সভায় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় ইসলামী যুব মজলিসের সভাপতি জাহিদুল ইসলাম তুহিন বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও কোন দেশ প্রেমিক সরকার এ দেশ পায়নি। যারাই এসেছে তারাই অনিয়ম, দুর্নীতি আর জোড়-জুলুমের রাজত্ব কায়েম করেছে। এদেশের মানুষ ২৪- এর আন্দোলনে অদ্ভুত্থান ঘটিয়ে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত করেছে। মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনের হাওয়া দেশের প্রতিটা কোনায় কোনায় বইতে শুরু করেছে। ইসলামী মতাদর্শের সরকারি কেবল পারে জনগণের আশা আর আকাঙ্খার বাস্তব রূপ দিতে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, আওয়ামী লীগ তাদের কর্মের ফল পেয়েছে। দীর্ঘ ১৭ বছর মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে। তার পরিণতিতে তাদের এ দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা বুঝেছিল তারা দীর্ঘ সময় যা করেছে তার জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে। প্রাণে বাচার জন্য তারা প্রকাশ্য দিবালোকে পালিয়েছে। এজন্যই মানুষের প্রথম কাজটা হলো তার কর্মকে ভালো করা। দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে এদেশে ২৪- এর অভ্যুত্থানের মত ঘটনা ঘটেনি। যার জন্য হাসিনাকে পালাইতে হইল। রাতে পালাইলেও তো একটা কথা হইতো..। 

  • September 6, 2025
  • 0 Comments
নুরাল পাগলের লা’শ ক’বর থেকে তুলে জ্বা’লিয়ে দিলো কেন? বেড়িয়ে এলো আসল সত্য

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে তৌহিদি জনতা। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে দুইপক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় গাড়ি। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরে নুরাল পাগলের কয়েক দিন আগে দাফন করা লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরফে নুরাল পাগল বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরিফ। আশির দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহদী দাবি করে আলোচনায় আসেন তিনি। ওই সময়ে তার বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হয়। পরে ১৯৯৩ সালের ২৩ মার্চ জনরোষ এড়াতে তিনি মুচলেকা (অঙ্গীকারনামা) দিয়ে এলাকা ত্যাগ করেন। এর কিছু দিন পর তিনি আবার ফিরে এসে তার দরবার শরিফের কার্যক্রম পরিচালনা শুরু করেন।

গত ২৩ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই দিনই সন্ধ্যায় এলাকাবাসীর অংশগ্রহণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে দরবার শরিফের ভেতরে দ্বিতীয় জানাজা শেষে রাত ১০টার দিকে তাকে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফন করা হয়। পবিত্র কাবা শরিফের আদলে তার কবরের রঙ করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৌহিদি জনতা। তাদের আন্দোলনের ফলে কবরের রঙ পরিবর্তন করা হয়।

এ বিষয় নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক হয় তৌহিদি জনতা ও নুরাল পাগলের স্বজনদের।

পরে এ বিষয়ে দুই দফা সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৌহিদি জনতা। কবর নিচে নামানো না হলে ভেঙে ফেলার হুঁশিয়ারিও দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলের দরবারে। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা। ইটপাটকেল নিক্ষেপসহ তুমুল সংঘর্ষে দুপক্ষের শতাধিক মানুষ আহত হন। একপর্যায়ে নুরাল পাগলের দরবারে ঢুকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে লাশ কবর থেকে তুলে গোয়ালন্দ পদ্মার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর নিয়ে পুড়িয়ে দেয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এলে তাদের ওপরও চড়াও হন।

হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। এর বাইরে এ বিষয়ে তিনি আর কোনও কথা বলতে রাজি হননি।

ঘটনাস্থলে গিয়েছেন জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবসহ পুলিশের অন্য কর্মকর্তারাও। এ বিষয়ে তারাও কোনও কথা বলতে রাজি হননি।

  • September 6, 2025
  • 0 Comments
‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় যা বলছে জামায়াত

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিয়ে বিবৃতিও দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন পুড়িয়ে দিয়েছে। নুরুল হক এখন মৃত; তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না। এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। আমরা এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

আরও পড়ুন: রাজবাড়ীতে দরবারে হামলা /পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৩৫০০

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি আন্দোলন ও দল। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড জামায়াতে ইসলামী বরদাশত করে না। দেশে শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। তাই এ ঘটনার সাথে জামায়াতে ইসলামীর নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

তিনি বলেন, দেশে আইন ও বিচার ব্যবস্থা বিদ্যমান। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।

  • September 6, 2025
  • 0 Comments
‘ভোট চোর, গদি চোর’ স্লোগানে উত্তাল দিল্লি, অজ্ঞান ২ এমপি

ভোটে কারচুপির অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের অভিমুখে বিরোধীদলীয় প্রায় ৩০০ এমপির বিক্ষোভ মিছিল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার সকালের দিকে দেশটির বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী নেতৃত্বাধীন এই বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী দলীয় এমপিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

বিক্ষোভে অংশ নেওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের অন্তত দু’জন এমপি চেতনা হারিয়ে পড়ে যান। পরে রাহুল গান্ধীসহ অন্যান্য এমপিরা তাদের সহায়তায় এগিয়ে আসেন এবং গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশে পাঠিয়ে দেন।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে সংসদ ভবন এলাকা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচন কমিশন অভিমুখী বিক্ষোভ মিছিল মাঝপথে থামিয়ে দেয় পুলিশ। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া বিরোধী দলীয় এমপি ও এসপি প্রধান অখিলেশ যাদবসহ কয়েকজন পুলিশের ব্যারিকেড টপকে সামনে যাওয়ার চেষ্টা করেন।
সরকারের বিরুদ্ধে ‘ভোট চোর, গদি চোর-সহ’ বিভিন্ন ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও অবস্থান ধর্মঘটের মাঝেই তৃণমূল কংগ্রেসের দুই এমপি মহুয়া মৈত্র ও মিতালি বাগ অজ্ঞান হয়ে পড়েন। বিক্ষোভে অংশ নেওয়া এমপিরা পানি ও প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করার চেষ্টা করেন। পরে মিতালি বাগকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দিল্লিতে এই বিক্ষোভে অংশ নেওয়া লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন এমপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও দলটির অন্যতম নেতা জয়রাম রমেশসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইন্ডিয়া টুডে বলেছে, মিছিলটি সংসদ ভবনের কাছ থেকে শুরু হয়ে নির্বাচন কমিশনের সদরদপ্তর ‘নির্বাচন সদন’র দিকে যাচ্ছিল। এ সময় বিক্ষোভকারীদের হাতে ‘এসআইআর: গণতান্ত্রিক অধিকার চুরি’ এবং ‘ভোট চুরি’ লেখা পোস্টার দেখা যায়। তারা সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন। মাঝপথে থামিয়ে দেওয়া হলে এমপিরা রাস্তায় বসে অবস্থান ধর্মঘট শুরু করেন।

গ্রেপ্তারের পর রাহুল গান্ধী বলেন, এই লড়াই রাজনৈতিক নয়, সংবিধান রক্ষার জন্য। তিনি বলেন, সত্য পুরো দেশের সামনে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, জনগণের ভোটাধিকারের সুরক্ষার জন্য গণতান্ত্রিক অধিকার চুরির বিরুদ্ধে এই লড়াই চলবে। তিনি জোর দিয়ে বলেন, বিজেপির কাপুরুষোচিত একনায়কতন্ত্র আর চলবে না!

  • September 5, 2025
  • 0 Comments
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ৪০ রাজনৈতিক দলের নেতাদের

গণ অধিকার পরিষদ আয়োজিত সংহতি সমাবেশে ৪০টিরও বেশি রাজনৈতিক দল একাত্ম হয়ে জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের বিচার, জাপা ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত হয় এ সমাবেশ।

এতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিসসহ ফ্যাসিবাদ বিরোধী ৪০টির বেশি রাজনৈতিক দল সংহতি জানায়।

অবিলম্বে জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটকে নিষিদ্ধের জোর দাবি জানিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোট শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে। ফ্যাসিবাদ ফেরাতে জাতীয় পার্টি মাথা চাড়া দিয়ে উঠছে, এত অপরাধের পরেও এখন দেশকে অস্থির করতে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অবিলম্বে আওয়ামী লীগের দোসর ও ভারতীয় এজেন্ট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ করতে হবে।

সমাবেশ শেষে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারসহ ৩ দফা দাবি আদায়ে শপথ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা।

এদিকে, কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ৮ দিনের মাথায় আবারও আক্রান্ত। শুক্রবার সন্ধ্যার দিকে মিছিল নিয়ে হামলা চালায় একদল লোক। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন তারা।

হামলার সময় প্রধান কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি বিষয়ে প্রস্তুতি সভা করছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। হঠাৎ আক্রমণে ছোটাছুটি শুরু করেন তারা। পরে পুলিশ এসে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিলেও কাকরাইলে থমথমে পরিস্থিতি তৈরি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। এই ঘটনার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাতীয় পার্টি।

  • September 5, 2025
  • 0 Comments
নুরাল পাগলার মরদেহে আগুন দেওয়ার ঘটনায় সরকারের বিবৃতি

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং মরদেহে আগুন দেওয়ার ঘটনায়ে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার গোয়ালন্দে নুরুল হক মোল্লা, যিনি নুরাল পাগলা নামেও পরিচিত, তার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানায়। 
‘এই অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত। এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা, জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিবৃতিতে আরও বলা হয়, আমরা জনগণকে আশ্বস্ত করছি যে, এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘আমরা দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি, ঘৃণা ও সহিংসতাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করুন, সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন এবং ন্যায়বিচার ও মানবতার আদর্শকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা গড়ে তুলুন।’

  • September 5, 2025
  • 0 Comments
ইমাম মাহাদী দাবি করা সেই ‘নুরাল পাগলা’র লাশ তুলে আগুন

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা। এর আগে সেখানকার দরবার শরিফ ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল তৌহিদি জনতা আগে থেকে সংগঠিত হয়ে দরবার শরিফ ও তার বাড়িতে হামলা চালায়। শুরু হয় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। হামলায় অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে দরবারের ভক্তরা ছিলেন সংখ্যায় বেশি।

এ সময় ইউএনওর গাড়ি এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনী ও র‌্যাব মোতায়েনের পর।

ঘটনার সূত্রপাত নুরুল হকের কবর নিয়ে। সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হলে তাকে গোয়ালন্দ দরবার শরিফে মাটি থেকে উঁচু স্থানে কাবা শরিফের আদলে একটি কাঠামো বানিয়ে দাফন করা হয়। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা চলছিল।

স্থানীয় প্রশাসন বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে, একটি কমিটি গঠন করে এবং পরিবারকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ও দেয়। কিন্তু শুক্রবারের জুমার পর তৌহিদি জনতা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং এরপর হামলায় অংশ নেয়।

প্রথম দফার হামলার পর দ্বিতীয় দফায় বাড়িতে গিয়ে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করে তারা। পরে সেটি মহাসড়কের মোড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।

এ সময় বিক্ষোভকারীরা দাবি করেন, নুরুল হক নিজেকে ‘ইমাম মাহাদি’ ও ‘খোদা’ দাবি করতেন, যা তারা শরিয়তবিরোধী বলে মনে করেন। তাদের ভাষ্য, কবর পুড়িয়ে দেওয়ার মাধ্যমে তার ‘ভণ্ডামির অবসান’ হয়েছে।

নুরুল হকের ছেলে মেহেদী নূর জিলানী এর আগে গণমাধ্যমকে বলেন, বাবা শরিয়তের আলোকে ওছিয়ত অনুযায়ী দাফন করা হয়েছিল, ১২ ফুট নয়, ৩-৪ ফুট উঁচু হবে। তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

নুরাল পাগলার মরদেহে আগুন দেওয়ার ঘটনায় সরকারের বিবৃতি
রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, জুমার নামাজের পর তৌহিদি জনতার একটি অংশ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে দরবার ও বাড়িতে অগ্নিসংযোগ করে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

প্রসঙ্গত, আশির দশকে নুরুল হক নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেন। পরে চাপের মুখে এলাকা ছাড়লেও কিছু ভক্তসহ তিনি পুনরায় ফিরে এসে দরবার প্রতিষ্ঠা করেন।

  • September 5, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত, আহত ১

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৫সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘিওর নদীর ওপর নতুন ব্রিজের উত্তর পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর থানার চাষাভাদ্রা গ্রামের ময়নাল মন্ডলের ছেলে সুজন (২৪) এবং একই থানার ধুপরিয়া গ্রামের বাবুলের ছেলে সোহান (২৩)। এছাড়া আহত হয়েছেন টাঙ্গাইলের নাগরপুরের টেংরিপাড়া এলাকার জাকিরের ছেলে মারুফ (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিলে চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যান্য