• September 8, 2025
  • 0 Comments
ভারতে ১৪ জন ভণ্ড ‘বাবা’ গ্রেপ্তার, আছে বাংলাদেশিও!

ভণ্ড তান্ত্রিক ও ‘বাবা’দের দৌরাত্ম্য ঠেকাতে ভারতের উত্তরাখণ্ডে বিশেষ অভিযান চালানো হয়েছে। ‘অপারেশন কালনেমি’ নামের এই অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, উত্তরাখণ্ড রাজ্যে ‘অপারেশন কালনেমি’ অভিযানের অংশ হিসেবে ওই ১৪ জন ভণ্ড ‘বাবা’কে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ভুয়া ‘বাবা’রা মানুষের সঙ্গে প্রতারণা ও ধর্মান্তরে জড়িত ছিল।

রোববার এক সংবাদ সম্মেলনে উত্তরাখণ্ড পুলিশের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে জানান, এ অভিযানের আওতায় এ পর্যন্ত ৫ হাজার ৫০০ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের  মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক।

এনডিটিভি বলছে, গত জুলাইয়ে এ অভিযান শুরু হয়। আগস্টে রাজ্য প্রশাসন জানিয়েছিল, সে সময় পর্যন্ত ৪ হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়। আইজি ভরনে বলেন, এ অভিযান ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং বিপুল সংখ্যক মানুষকে তল্লাশি করা হয়েছে।

আইজি নিলেশ আনন্দ জানান, ‘অপারেশন কালনেমি’ নামের এ অভিযানের মূল লক্ষ্য ‘দেবভূমি’র পবিত্র ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা।

গ্রেপ্তার হওয়া একজন বাংলাদেশি নাগরিক সেলাকুই এলাকায় ‘অমিত কুমার’ নামে ভুয়া কাগজপত্র ব্যবহার করে আট বছর ধরে ‘বাঙালি ডাক্তার’ পরিচয়ে বসবাস করছিলেন বলে জানান তিনি।

  • September 8, 2025
  • 0 Comments
বগুড়ায় পেট্রল পাম্পের কর্মকর্তাকে হত্যা, কর্মচারী আটক

বগুড়ায় পেট্রল পাম্পের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬) নামের এক কর্মচারীকে আটক করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এদিকে বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনে হত্যাকাণ্ডের সিসি ফুটেজে দেখা যায়, রতন একটি হাতুড়ি দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে ইকবালের মাথায় ১৩ বার আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত হলে রতন পালিয়ে যায়।

রবিবার রতনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির পুলিশের ওসি ইকবাল হাসান। তিনি জানান, হত্যার ঘটনার পরপর রতন বগুড়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে তাকে ডিবি টিম আটক করে। আটকের সময় তার কাছে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ক্যাশিয়ার ইকবাল হাসান হেলালকে (৩৫) হত্যা করা হয়। সকালে পাম্পের অন্য কর্মীরা হেলালকে মৃত অবস্থায় পায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, ফিলিং স্টেশনে বেশ কিছুদিন ধরে তেল চুরি হচ্ছিল। এই তেল চুরির জন্য তাকে দায়ী করে ইকবাল।

সেই ক্ষোভ থেকে তাকে হত্যা করে রতন। ডিবি পুলিশের ওসি জানান, আটকের পর রতনকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে আটক রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  • September 8, 2025
  • 0 Comments
ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা, মন্ত্রিপরিষদ ভবনে আগুন, নিহত ৩

আগ্রাসন চালানোর পর ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েছে মন্ত্রিপরিষদ ভবনে আগুন ধরে গেছে। ভয়াবহ সেই অগ্নিশিখা গ্রাস করেছে ভবনটির বৃহৎ অংশ। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে আছে একজন মা ও তার শিশু। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলেছে, শুধু মন্ত্রিপরিষদ ভবনই নয়, আগুন ছড়িয়ে পড়েছে বহু ভবনে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার ভোরে ইউক্রেনে সারা দেশে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। ওডেসা, খারকিভ, দনিপ্রো, জাপোরিঝঝিয়া ও ক্রিভি রিহ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কিয়েভের মন্ত্রিপরিষদ ভবনের ছাদ ও উঁচু তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কো বলেছেন, আমরা ভবন পুনর্নির্মাণ করব, কিন্তু হারানো প্রাণ আর ফিরবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাকে ইচ্ছাকৃত অপরাধ আখ্যা দিয়ে বলেন, এভাবে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। অথচ অনেক আগেই বাস্তব কূটনীতি শুরু হতে পারত। তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্ত প্রতিক্রিয়ার প্রত্যাশা প্রকাশ করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়ার তেল যেসব দেশ কিনবে তাদেরকে শাস্তি দেয়া হবে। তবে এ পর্যন্ত কেবল ভারতকে মাধ্যমিক পর্যায়ের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, মস্কো ৮০৫টি ড্রোন, নয়টি ইস্কান্দার-কে ক্রুজ মিসাইল ও চারটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে।

এর মধ্যে ৭৪৭টি ড্রোন ও চারটি ক্রুজ মিসাইল ইউক্রেন ধ্বংস করেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, একজন নারী ও তার শিশু ড্রোন বিস্ফোরণের আঘাতে রাস্তায় ছিটকে পড়ে নিহত হয়েছেন। আরেক বৃদ্ধা আশ্রয়কেন্দ্রে মারা গেছেন। আরও কয়েকটি আবাসিক ভবন ধ্বংস বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রাশিয়ার হামলাকে কাপুরুষোচিত আক্রমণ বলে অভিহিত করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোনালাপে জেলেনস্কি আন্তর্জাতিক প্রতিক্রিয়া সমন্বয়ের কথা জানিয়েছেন। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইউরোপ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিষেধাজ্ঞায় যোগ দেয় তবে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে। ওডেসা, জাপোরিঝঝিয়া, সুমি ও ক্রেমেনচুকে বেসামরিক অবকাঠামো ও আবাসিক ভবনে হামলা হয়েছে। সুমি অঞ্চলে এক শিশুসহ আহত হয়েছেন অনেকে। জাপোরিঝঝিয়ায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে রুশ সূত্র বলছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে আগুন লাগে, যদিও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়।

  • September 8, 2025
  • 0 Comments
ডাকসুর প্রচারণা শেষ, ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রচার-প্রচারণা গেল রাতে শেষ হয়ে গেছে। ছয় বছর বিরতির পর বিপুল উৎসাহ-উদ্দীপনায় আগামীকাল মঙ্গলবার ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গত ২৬ আগস্ট থেকে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত টানা ১৩ দিন প্রার্থীরা তাঁদের প্রচারণা চালিয়েছেন। গত ১৩ দিনে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। এখন শুধু ভোটের অপেক্ষা।

আজ সোমবার সকাল ৬টা থেকে ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য টিএসসিতে সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সোমবার বিকাল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারা দিন বন্ধ থাকবে। নির্বাচনের দিন রিকশা-মোটরসাইকেল চলাচল করতে পারবে না। শুধু ঢাবির স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে।

নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অত্র নিরাপত্তাব্যবস্থা নিয়োজিত সব অফিসার ও ফোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োজিত প্রক্টোরিয়াল টিমের সঙ্গে সমন্বয়পূর্বক দায়িত্ব পালন করবেন। ডিএমপি কমিশনারের তত্ত্বাবধানে সার্বিক বিষয় তদারকি করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম অ্যান্ড অপারেশন), জয়েন্ট কমিশনার (অপারেশন) ও এসি অপারেশন।

ডিএমপি সূত্র জানায়, আজ সোমবার নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশের ১৪৯১ সদস্য। এর মধ্যে নারী সদস্য ১৭৫ জন। মঙ্গলবার দায়িত্ব পালন করবেন ২০৬৪ জন। তাদের মধ্যে নারী সদস্য ২১৫ জন। নির্বাচনের পরের দিন বুধবার দায়িত্ব পালন করবে ৮১৯ জন। নারী সদস্য ৭৫ জন। পাশাপাশি থাকবে সাদা পোশাকে মহানগর গোয়েন্দা পুলিশ, বোম নিষ্ক্রিয়করণ দল, সোয়াট টিম, ড্রোন ক্যামেরা।

ফুট প্যাটেল ব্যবস্থা: ফুলার রোড, কলাভবন, শহিদ মিনার, মল চত্বর, কেন্দ্রীয় মসজিদ, কার্জন হল, ঢাবির মেট্রো স্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, লেদার টেকনোলজি ও আইবিএ হোস্টেল এলাকায়।

স্ট্রাকিং রিজার্ভ ফোর্স: ভিসির বাংলো, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজ কল্যাণ ইনস্টিটিউটের কাছাকাছি শাহনেওয়াজ ভবনের সামনে এবং শাহবাগ থানা ও নিউ মার্কেট থানায়।

  • September 8, 2025
  • 0 Comments
বাগেরহাটে চলছে হরতাল, নির্বাচনি অফিসে তালা

সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে হরতাল কর্মসূচি। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এছাড়া, দোকান-পাট এখনও খুলেনি।

এর আগে গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি এক সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাগেরহাট- ৩ (রামপাল-মোংলা) ও সীমানা পুনর্বহালের দাবিতে ৫ দিনের কর্মসূচির মধ্যে আজ রোববার জেলার সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারে লিফলেট বিতরণ করা হচ্ছে। আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল, মঙ্গলবার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হবতালের ঘোষণা করেছে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি।

প্রসঙ্গত, গত জুলাই মাসে ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল -মোংলা নিয়ে গঠিত বাগেরহাট- ৩ আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এরপর বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে উঠে। গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এ বিষয়ে শুনানিও করে। কিন্তু তাতো কোন কাজে হয়নি। অবশেষে বাগেরহাটে ৪টি আসন থেকে ৩টি আসন চুড়ান্ত করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে সদর-চিতলমারী-মোল্লাহাট নিয়ে বাগেরহাট- ১, ফকিরহাট-রামপাল-মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ সংসদীয় আসন ঘোষণা করা হয়েছে।

  • September 8, 2025
  • 0 Comments
আ.লীগের ঝটিকা মিছিল, যে নির্দেশনা দিল সরকার

ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। যারা বেআইনি তৎপরতার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল করার ঘটনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠক থেকে এ নির্দেশনা এলো।

বৈঠক শেষে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে আসেন প্রেস সচিব। জানালেন- গত কিছুদিন, কিছু ঘটনা হয়েছে, সেটার আলোকেই এই বৈঠক হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী; পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফজলুল কবির খান; আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল; নৌপরিবহণ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন; অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ; শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া; জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান; প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী, আইজিপি বাহারুল আলম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস সচিব শফিকুল বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘মিটিংয়ে নির্দেশ দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরও সক্রিয়ভাবে যাতে যেসব ঘটনা ঘটছে, সেগুলো মোকাবিলা করে। সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।’

  • September 7, 2025
  • 0 Comments
চন্দ্রগ্রহণের সময় নামাজ ও করণীয়

মহান আল্লাহর কুদরতের অনন্য নির্দশন ও সৃষ্টির মধ্যে চন্দ্র-সূর্য অন্যতম। প্রতিদিনই মানুষ চন্দ্র সূর্য দেখে থাকে। সময়ের ব্যবধানে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়ে থাকে। এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আল্লাহ তাআলার কুদরতের দুটি অন্যতম নিদর্শন। এসব নিয়ে রয়েছে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা ও করণীয়। কী সেসব করণীয় ও দিকনির্দেশনা?

চন্দ্র গ্রহণ কী?
চন্দ্রগ্রহণকে আরবিতে ‘খুসুফ’ বলা হয়। গ্রহণ লাগলে সূর্য যেমন অন্ধকার ছায়ার আবর্তে পতিত হয়ে অন্ধকার হয়ে যায়, তেমনি চন্দ্রও বছরে দুইবার স্বীয় কক্ষপথে পরিভ্রমণরত অবস্থায় অন্ধকারের ছায়ায় আচ্ছাদিত হয়ে থাকে। ইহার আংশিক রূপ কখনো দৃশ্যমান হয়। আবার কখনো সার্বিক রূপ পরিদৃষ্ট হয়। চন্দ্রের এ কালো রঙ বা অন্ধকারের হাতছানিকেই চন্দ্রগ্রহণরূপে আখ্যায়িত করা হয়।

কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এ সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-
فَإِذَا بَرِقَ الْبَصَرُ – وَخَسَفَ الْقَمَرُ – وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
‘যখন দৃষ্টি চমকে যাবে। চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে।’ (সুরা কিয়ামাহ : আয়াত ৭-৯)
উল্লেখিত আয়াতে ‘চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়া’র বাস্তব রূপই হচ্ছে চন্দ্রগ্রহণ।

চন্দ্রগ্রহণ সম্পর্কে বিশ্বনবির নির্দেশনা
জাহেলি যুগে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ সম্পর্কে বিরূপ ধারণা ছিল। তারা মনে করত দুনিয়ায় বড় বড় ব্যক্তিত্বের অধিকারী লোকদের কোনো অঘটন ঘটলে এসব হয়। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছেলে ইবরাহিম-এর মৃত্যুর দিনে সুর্যগ্রহণ হয়। তখন সাহাবায়ে কেরাম তা বলাবললি করছিল। তা শুনে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে তাদের সুস্পষ্ট বর্ণনা দেন। হাদিসে এসেছে-

হজরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-
إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آياتِ اللهِ، لاَ يَنْخَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذلِكَ فَادْعُوا اللهَ وَكَبِّرُوا وَصَلُّوا وَتَصَدَّقُوا
‘সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দু’টি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন-
১. তোমরা আল্লাহর কাছে দোয়া করবে।
২. তাঁর মহত্ব ঘোষণা করবে আর
৩. নামাজ আদায় করবে এবং
৪. সাদকা প্রদান করবে।’ (বুখারি ও মুসলিম)

বিজ্ঞাপন

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ مِنْ آيَاتِ اللهِ، وَإِنَّهُمَا لَا يَنْخَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَكَبِّرُوا، وَادْعُوا اللهَ وَصَلُّوا وَتَصَدَّقُوا،
‘সূর্য ও চন্দ্র আল্লাহর কুদর (ক্ষমতার) বিশেষ নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ হয় না। অতঃপর যখন তোমরা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখতে পাও, তখন-
১. তাকবির (اَللهُ اَكْبَر) বল;
২. আল্লাহর কাছে দোয়া কর;
৩. নামাজ আদায় কর এবং
৪. দান-সদকা কর।’ (মুসলিম)

হাদিসের নির্দেশনা থেকে এ কথা সুস্পষ্ট যে, চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন। আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমেই হয়। তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম।

তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণের এ সময়ে বেশি বেশি দোয়া করা, তাসবিহ পড়া, তাওবাহ-ইসতেগফার করা, নামাজ পড়া এবং দান-সাদকার আবশ্যক কর্তব্য।

এ সময় অযথা অনর্থক গল্প-গুজব, হাসি-তামাশায় সময় অতিবাহিত না করে অন্তরে মহান আল্লাহর প্রতি ভয় রাখা জরুরি। কেননা এসবই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সতর্কতা। অনেক হাদিসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকে বিশেষ বিপদের সময় বা ক্রান্তিকাল বলে গণ্য করা হয়েছে।

চন্দ্রগ্রহণের নামাজ
হাদিসে পাকে সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও প্রমাণিত এবং সুন্নাত। তবে এ নামাজ জামাআতে ও একাকি পড়া নিয়ে মতভেদ রয়েছে। হানাফি অনুসারীরা এ নামাজ একাকি নিজ নিজ ঘরে পড়ার ওপর তাগিদ দিয়েছেন। এ সম্পর্কে ফিকহের বিখ্যাত গ্রন্থ বাদায়েউস সানাঈ-তে এসেছে-
ﺃَﻣَّﺎ ﻓِﻲ ﺧُﺴُﻮﻑِ ﺍﻟْﻘَﻤَﺮِ ﻓَﻴُﺼَﻠُّﻮﻥَ ﻓِﻲ ﻣَﻨَﺎﺯِﻟِﻬِﻢْ؛ ﻟِﺄَﻥَّ ﺍﻟﺴُّﻨَّﺔَ ﻓِﻴﻬَﺎ ﺃَﻥْ ﻳُﺼَﻠُّﻮﺍ ﻭُﺣْﺪَﺍﻧًﺎ
‘চন্দ্রগ্রহণের সময় ঘরে নামাজ আদায় করা হবে। কেননা সুন্নাহ হচ্ছে, তখন একাকি নামাজ পড়া।’ (বাদায়েউস সানাঈ : ১/২৮২)

চন্দ্রগ্রহণের সময় নারীদের করণীয়
নারীরাও চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় ঘরে একাকি নামাজ আদায় করবেন। গ্রহণ চলাকালীন সময়ে জিকির-আজকার ও তাসবিহ-তাহলিল, দোয়া এবং তাওবাহ-ইসতেগফারে নিয়োজিত থাকবেন।

কুসংস্কারে বিশ্বাস না করা জরুরি
চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে সমাজে ব্যাপক কুসংস্কার, বিভ্রান্তি ও অমূলক ধারণা রয়েছে। বিশেষ করে গর্ভবর্তী ও কুমারী নারীদের ক্ষেত্রে এ কুসংস্কার অনেক বেশি। সমাজে প্রচলিত কুসংস্কারগুলো হলো-
১. এ সময় কোনো কিছু খেতে নেই। বলা হয়- চন্দ্রগ্রহণের ৯ ঘণ্টা আগে এবং সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে খাবার গ্রহণ করা নিষেধ!
২. এ সময় তৈরি করা খাবার ফেলে দিতে হবে!
৩. এ সময় যৌন সম্ভোগ করা যাবে না!
৪. গর্ভবতী মায়েরা এ সময় যা করে, তার প্রভাব গর্ভের সন্তানের ওপর পড়বে!
৫. গ্রহণের সময় গর্ভবতী মায়েদের কাত হয়ে শোয়া নিষেধ; কারণ এভাবে শোয়ার ফলে নাকি গর্ভের শিশু বিকলাঙ্গ হয়!
৬. চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় জন্ম নেওয়া শিশুদের ব্যাপারে দুই ধরনের গপ্প শুনতে পাওয়া যায়। প্রথমত : শিশুটি অসুস্থ হবে এবং দ্বিতীয়ত : শিশুটি চালাক হবে!
৭. প্রসূতি মা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখলে তার অনাগত সন্তানের বিকলঙ্গ হবে!
৮. চন্দ্র বা সূর্যগ্রহণের সময় যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করেন, তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়।
৯. এ সময় কোনো নারীকে ঘুম বা পানাহার থেকে বারণ করাও অন্যায়।
১০. চলা-ফেরায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
এ রকম অনেক কুসংস্কারমূলক কথা প্রচলিত রয়েছে। এ সবই কুসংস্কার ও ভুল বিশ্বাস। ইসলামের এ সবের কোনো অস্তিত্ব নেই। বরং এ সবে বিশ্বাস করা ঈমানহীনতার শামিল।

মূল কথা হলো
চন্দ্র গ্রহণ বা সূর্যগ্রহণের সময় কুমারী কিংবা গর্ভবতী মায়েদের ভয় কিংবা আশঙ্কার কিছু নেই। অন্যান্য দিনের মতো তারা স্বাভাবিক জীবন-যাপন করবে। তবে হাদিসে নির্দেশিত আমলে গ্রহণের সময় অতিবাহিত করাই হচ্ছে উত্তম।

মুমিন মুসলমানের উচিত, চন্দ্রগ্রহণের সময় হাদিসে ঘোষিত আমলগুলো যথাযথভাবে আদায় করা। সমাজে প্রচলিত কুসংস্কারে বিশ্বাস না করা। কেননা এসব কুসংস্কারে বিশ্বাস করা ঈমানের জন্য ক্ষতিকারক।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে চন্দ্রগ্রহণের সময় দোয়া, তাসবিহ, তাওবাহ, ইসতেগয়ার, নামাজ ও দান-সাদকা করার তাওফিক দান করুন। দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার তাওফিক দান করুন। 

  • September 7, 2025
  • 0 Comments
অভিযোগ তদন্তে গিয়ে মারধরের শিকার মানিকগঞ্জে তিন পুলিশ সদস্য

মানিকগঞ্জ প্রতিনিধি :

অভিযোগের তদন্ত করতে গিয়ে মারধরের শিকার তিন পুলিশ সদস্য। মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামে আজ বিকেলে এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্যরা হলেন- মানিকগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর কামাল হোসেন, পুলিশ কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হোসেন (৮০) তার নিজ সন্তানের নামে ভরণপোষণ না করা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ তদন্তের জন্য বিকেলে সদর থানার এসআই কামাল হোসেন এবং ২ কনস্টেবল অভিযোগকারীর এলাকায় যান। সেখানে অভিযুক্ত ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) সাথে কথাবাত্রায় বাক বিতন্ড ঘটে। বাক বিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত গিয়াস উদ্দিন এবং তার পরিবারের কাছে মারধরের শিকার হন তিন পুলিশ সদস্য। 

এ ঘটনা সদর থানা পুলিশকে জানালে অতিরিক্ত পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে পুলিশ। 

এ সময় আহত তিন পুলিশ সদস্যকে জরুরী চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেন তারা। 

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মুস্তাফিজুর রহমান বলেন, মারধরের শিকার হয়ে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এসআই কামাল হোসেন তুলনামূলক বেশি আহত হয়েছেন। তার নাক ফেটে গেছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এবং তার পরিবারের কাছে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। অভিযুক্ত এবং তার ছেলেকে তৎক্ষণাৎ আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

  • September 7, 2025
  • 0 Comments
পারিবারিক রাস্তা জবরদখলের চেষ্টা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে পারিবারিক রাস্তা অনধিকার বলে জবরদখলের চেষ্টা ও অব্যাহত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। 

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

মানিকগঞ্জ পৌরসভার দাশড়া এলাকায় পারিবারিক রাস্তা জনস্বার্থে ব্যবহারের জন্য এলাকাবাসী গত মাসের (আগস্ট) ৩০ তারিখ মানববন্ধন করেছে একটি মহল। তবে ভূমি মালিক পরিবারের দাবি এটা কেবল তাদের ব্যক্তিগত যাতায়াতের রাস্তা। এ নিয়ে এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের মাঝে অসন্তোষ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য থেকে জানা যায়- পৈতৃক ৬০ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে মালিক মো. আলী আলাউদ্দিন, মো. আলী আশরাফ এবং শেখ রুবাইয়াত ইসলাম। উভয়ের পিতা অ্যাডভোকেট রহমত আলী তার জীবদ্দশায় এ জমি তার সন্তানদের লিখে দেন। পাশাপাশি লিখিত ওই দলিলে যাতায়াতের জন্য ১৩ ফিট রাস্তার কথা উল্লেখ রাখা হয়। তবে এ রাস্তা কেবল তার ওয়ারিশানদের ব্যবহারের জন্য; যা দক্ষিণ পাশের সংযোগ সড়কের সাথে যুক্ত হবে। 

জমির মালিক আলী আশরাফ বলেন, একটি কুচক্রী মহল আমাকে এবং আমার পরিবারকে সামাজিক এবং রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্ত করছে। 

তিনি আরো বলেন, ২০২৩ সালের ৪ঠা ফেব্রুয়ারী তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম এবং জসিম গং দের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক রাতের আধারে আমার বাড়ি দখল করে, আমার বাড়ির গাছ কেটে নেয় ও বাড়ির সীমানা প্রাচীর ভেঙে রাস্তা বানানোর চেষ্টা করে। 

এব্যাপারে আমার স্ত্রী বিথী আক্তার মানিকগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি অভিযোগপত্র দায়ের করেন। কিন্তু আমি বিএনপির রাজনীতিতে জরিত থাকায় কোন সুবিচার পাইনি। এখন প্রশাসনের কাছে আমার দাবি- তারা তদন্ত করে আমার পৈত্রিক জমি আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আর যারা আমার এবং আমার পরিবারে বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

আয়োজিত সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • September 7, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বে ছাত্রকে বেধড়ক মারধর, মামলা

মানিকগঞ্জে সিনিয়র–জুনিয়র দ্বন্দ্ব রূপ নিলো ভয়াবহ ঘটনায়। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের নবম শ্রেণির ছাত্র রিদুয়ান আনসারী (১৬) কে লোহার রড, মোটরসাইকেলের চেইন ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রিদুয়ান চর বেউথা থেকে বাড়ি ফেরার পথে একই প্রতিষ্ঠানের ইংরেজি ভার্সনের ছাত্র সিয়াম মাহমুদ সাব্বিরসহ কয়েকজন তার উপর হামলা চালায়।

প্রথমে তাকে নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়, এরপর লোহার রড, চেইন ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি প্রহার করা হয়।এমনকি তার গলায় চেইন পেঁচিয়ে হত্যাচেষ্টা ও নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়।

স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত রিদুয়ানকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতলে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর মা রেহেনা আক্তার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ১০–১৫ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন, সিয়াম মাহমুদ সাব্বির, ইয়াজুল ইসলাম প্রান্ত, আপন খান, নাফসিন আহম্মেদ, বিল্লাল হোসেন

মামলা করার পর রিদুয়ানের মা অভিযোগ করেন, সদর ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোমিন সাহেব মামলার তদন্তের নাম করে তার কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন এবং মিমাংসার চেষ্টা চালান। তবে মোমিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, “মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

অন্যান্য