• September 9, 2025
  • 0 Comments
মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্ত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন 

মানিকগঞ্জ শহরকে বিভক্তকারী অপরিকল্পিত রোড ডিভাইডার অপসারণ করে শহরের প্রবেশমুখে গোলচত্ত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জবাসী।

আজ (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সেওতা, জয়রা, মানরা, নারাংগাই, উচুটিয়া, বাইচাইল, উকিয়ারা, গড়পাড়া, জাগীর, বান্দুটিয়া, ঘন্টিপারা এলাকার হাজারো বাসিন্দা এই মানববন্ধনে সমবেত হন। 

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে অপরিকল্পিত রোড ডিভাইডারের কারণে প্রতিদিনই শহরের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্ঘটনা ও যানজট বেড়ে গেছে, সাধারণ মানুষ সময়মতো কর্মস্থল, বিদ্যালয় ও জরুরি গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এ অবস্থায় অবিলম্বে এই রোড ডিভাইডার অপসারণ করে আধুনিক নগর পরিকল্পনার অংশ হিসেবে একটি গোলচত্ত্বর ও ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, মানিকগঞ্জ জেলার জনসংখ্যা ও যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। অথচ সড়ক অবকাঠামোতে সঠিক পরিকল্পনার অভাব মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। দ্রুত সময়ে ব্যবস্থা না নিলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে বলেন, জনদুর্ভোগ লাঘব ও প্রাণহানি এড়াতে অবিলম্বে গোলচত্ত্বর ও ফ্লাইওভারের কাজ শুরু করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফুল হক আরিফ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, শিবালয় উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদ আব্দুল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী রুবায়েত হোসেন সাবির, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল বাসার লিমন, সদর থানা শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মো. শাহিন খান, ভাটবাউর আরদের সভাপতি জিয়াদ উদ্দিন আহমেদ রকি, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নবীন সিনেমা হল মার্কেটের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, নিজাম শামসুল স্মৃতি সংঘ ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • September 9, 2025
  • 0 Comments
সিংগাইরে এজেন্ট ব্যাংকের নামে প্রতারণা, নিঃস্ব দুই শতাধিক পরিবার

মানিকগঞ্জের সিংগাইরে ঘটেছে এক চাঞ্চল্যকর প্রতারণা। অগ্রণী এজেন্ট লিমিটেড নামে একটি ভুয়া প্রতিষ্ঠান নিজেদের অগ্রণী ব্যাংকের অনুমোদিত এজেন্ট পরিচয় দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৫০ লাখ টাকা।

উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাসস্ট্যান্ডে অবস্থিত এই কার্যালয়ে কয়েক মাস ধরে গ্রাহকদের সঞ্চয় ও ঋণের প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করছিল প্রতারক চক্রটি। হঠাৎ করেই মালিকপক্ষ গা ঢাকা দিলে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা প্রতিষ্ঠানটির মাঠকর্মী মাহমুদুল হাসান ও জান্নাতুল নামে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় গৃহিণী মর্জিনা কাঁদতে কাঁদতে বলেন, “তিন মাসের জন্য আমি ১ লাখ ৭০ হাজার টাকা জমা রেখেছিলাম। আজ এসে দেখি অফিস খালি। বছরের পর বছর কষ্ট করে জমানো সব শেষ হয়ে গেল। আমার টাকা ফেরত চাই, আর প্রতারকদের কঠিন শাস্তি চাই।”

মাসুদ রানা, আবদুস সামাদ, ইশার আলী, রুবিয়া, আনেছা, সফিজুদ্দি, মাজেদা, দিলরুবা, তাছলিমা, চায়না, রুকসানা, সালেহা, হাবিবা ও আলমগীরসহ আরও অনেকে একই অভিযোগ তুলেছেন। তাদের দাবি, ঋণের নামে প্রতারণা করে তিন লাখ টাকার ঋণ দেওয়ার অজুহাতে আগে ২৪ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। ৮ সেপ্টেম্বর ঋণ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও অফিসে এসে দেখেন সবাই উধাও।

অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম স্পষ্টভাবে জানান, “অগ্রণী এজেন্ট লিমিটেডের সঙ্গে অগ্রণী ব্যাংকের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভুয়া প্রতিষ্ঠান।”

অন্যদিকে প্রতারক প্রতিষ্ঠানের ম্যানেজার ওমর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, “দুই কর্মচারীকে আটক করা হয়েছে। প্রতারণার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

এ ঘটনায় অন্তত কয়েক ডজন পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে। স্থানীয়দের দাবি, এ ধরনের প্রতারণা রোধে কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে গ্রামীণ অর্থনীতি আরও ভেঙে পড়বে।

  • September 9, 2025
  • 0 Comments
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬ তম বিসিএস ব্যাচ ও বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরা রয়েছেন।

  • September 9, 2025
  • 0 Comments
যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হলেন শাবানা মাহমুদ

পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনিই প্রথম মুসলিম নারী, যিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। খবর দ্য গার্ডিয়ানের।

ফ্ল্যাট কেলেঙ্কারির কারণে অ্যাঞ্জেলা রেনার উপপ্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর মন্ত্রিসভায় এ রদবদলের ঘোষণাটি এলো। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন, পুলিশ ও জাতীয় নিরাপত্তা প্রশাসন তত্ত্বাবধান করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে রক্ষা করেছেন। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি। আমরা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে স্বাগত জানাই।”

নিজের এক্স পোস্টে শাবানা লিখেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা। দায়িত্ব পালনকালে প্রতিদিন আমি সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকব।”

শাবানা মাহমুদ ১৯৮০ সালে বার্মিংহামে কাশ্মীরি-পাকিস্তানি বাবা-মা জুবাইদা ও মাহমুদ আহমেদের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা মূলত আজাদ কাশ্মীরের মিরপুরের বাসিন্দা, কিন্তু কয়েক দশক আগে লুধারের কাছে ঝিলামের বোহরিয়া গ্রামে চলে আসেন। শাবানা তার শৈশবকাল সৌদি আরবে কাটান। এরপর তিনি যুক্তরাজ্যে যান। সেখানে তিনি অক্সফোর্ডের লিংকন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন।

শাবানা মাহমুদ ২০১০ সালে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি বার্মিংহাম লেডিউড থেকে এমপি নির্বাচিত হন, যা তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়। তিনি যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম এমপিদের একজন। তারপর তিনি ছায়া অর্থমন্ত্রী এবং কারাগারের ছায়া মন্ত্রীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

জেরেমি করবিনের নেতৃত্বে তিনি পদত্যাগ করেন কিন্তু কেয়ার স্টারমারের অধীনে ফিরে আসেন। ২০২৩ সালে তিনি ছায়া বিচারমন্ত্রী ছিলেন এবং ২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টির জয়ের পর, বিচারমন্ত্রী এবং লর্ড চ্যান্সেলর হন।

বিচারমন্ত্রী থাকাকালে তিনি কারাগারের ভিড় কমাতে ‘আগাম মুক্তি কর্মসূচি’ চালু করেন এবং কঠোর নির্বাসন আইনের পক্ষে ছিলেন। কঠোর নির্বাসন ব্যবস্থা উন্মোচন করার সময় তিনি বলেছিলেন, “আপনি যদি আমাদের আতিথেয়তার অপব্যবহার করেন এবং আমাদের আইন ভঙ্গ করেন, তাহলে আমরা আপনাকে বিতাড়িত করব।”

এদিকে রদবদলের অংশ হিসেবে, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে উপ-প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। ৫৩ বছর বয়সী ল্যামি তার নতুন দায়িত্বের পাশাপাশি দুটি পদকে একত্রিত করে বিচারমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।

  • September 9, 2025
  • 0 Comments
এবারও দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ পাচ্ছে ভারতীয়রা

ছয় বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ। এবারও এ উপলক্ষ্য সামনে রেখে ভারতে এক হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে দুর্গাপূজা। তার আগে বাংলাদেশের ইলিশ পাচ্ছেন ভারতীয়রা।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর প্রকাশিত জাতীয় রপ্তানি নীতিতে (২০১৫-১৮) ইলিশ মাছ শর্তসাপেক্ষে রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় রাখা হয়। পরের দুটি রপ্তানি নীতিতেও তা একই রকম রাখা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিবছরের ন্যায় চলতি ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষ্যে ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে আলোকে আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে (বিকেল ৫টা পর্যন্ত) হার্ড কপিতে আবেদন আহ্বান করা যাচ্ছে।

এতে আরও বলা হয়েছে, আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ইতোমধ্যে যারা আহ্বান ব্যতিরেকেই আবেদন করেছেন, তাদেরও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রয়োজনীয় কার্যার্থে ও অবগতির জন্য এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানানো হয়।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা মোট উৎপাদনের মাত্র শূন্য দশমিক ২৯ শতাংশ। এ ছাড়া সরকার যে পরিমাণ রপ্তানির অনুমোদন দেয়, তার কম ইলিশ যায় ভারতে। যেমন বাণিজ্য মন্ত্রণালয় গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৯৫০ টনের অনুমতি দিলেও বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সবমিলিয়ে ইলিশ রপ্তানি হয়েছে প্রায় ৮০২ টন।

ইলিশ রপ্তানির প্রথম অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে। সেবার বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি কেজি ইলিশ ৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫০৭ টাকা) দরে প্রথম তিন চালান পাঠানো হয়। পরে অবশ্য তা প্রতি কেজি ১০ ডলারে উন্নীত হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যে দেখা যায়, ২০১৯-২০ অর্থবছরে ৪৭৬ টন বা ৪ লাখ ৭৬ হাজার কেজি ইলিশ রপ্তানি হয়। এতে আয় হয় সাড়ে ৩৯ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ৬৯৯ টন ইলিশ রপ্তানি করে আয় হয় ১ কোটি ৬৪ লাখ ডলার। তখন প্রতি কেজি ইলিশ মাছ ১০, ৬ ও ৮ ডলার দামে রপ্তানি হয়। ২০২১-২২ অর্থবছরে ১ হাজার ২৩০ টন রপ্তানি করে আয় হয় ১ কোটি ২৪ লাখ ডলার। প্রতি কেজির রপ্তানি মূল্য ছিল ১০ ডলার। ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ৩৯১ টন ইলিশ রপ্তানি করে আয় হয় ১ কোটি ৩৮ লাখ ডলার। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে ৮০২ টন ইলিশ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের আয় হয়েছে ৮০ লাখ ডলার। তখন প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ছিল ১০ ডলার বা ১ হাজার ৯৮ টাকা।

  • September 9, 2025
  • 0 Comments
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ, ওলির পৈতৃক বাড়িতে হামলা

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছে নেপালের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

মন্ত্রিসভায় উপস্থিত এক মন্ত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাম্প্রতিক সহিংসতায় কাঠমান্ডুতে ১৭ জন ও ইতাহারিতে ২ জনসহ মোট ১৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন চার শতাধিক মানুষ। নিহতদের অধিকাংশই ছিলেন সোমবারের জেন-জি আন্দোলনের বিক্ষোভকারী। এ ঘটনায় নৈতিক দায়িত্ব গ্রহণ করেই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন।

এর আগে দিনভর দলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা। যদিও কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব ছিলেন, তবে লেখক বৈঠকেই নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান এবং পরে মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

রমেশ লেখক গত বছর ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

যুবসমাজের নেতৃত্বে দুর্নীতি ও জবাবদিহির অভাবের বিরুদ্ধে শুরু হওয়া জেন-জি আন্দোলন এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। সোমবারের বিক্ষোভে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে পুলিশ গুলি চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

এই রক্তক্ষয়ী ঘটনার পর থেকেই সরকারের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন।

বিক্ষোভকারীদের টার্গেটে ওলির পৈতৃক বাড়ি

নেপালে চলমান বিক্ষোভের আগুন এবার ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পৈতৃক বাড়িতেও। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে কোশি প্রদেশের দামাক এলাকায় অবস্থিত এই বাড়িকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা অলির বাড়ি লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সেখানে গুলি চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

নেপালে বিক্ষোভ পরিস্থিতি

দুর্নীতি ও জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে শুরু হওয়া জেন-জি আন্দোলন ইতিমধ্যেই দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটছে। এবার সেই বিক্ষোভের আঁচ গিয়ে পৌঁছেছে প্রধানমন্ত্রীর নিজ বাড়িতেও।

বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী অলির নিজ এলাকার বাড়িতে হামলার ঘটনা নেপালের রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর সংকটে ঠেলে দিতে পারে। সরকারের অবস্থান

এ ঘটনায় এখনো প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে দেশজুড়ে বিক্ষোভের বিস্তার এবং রাজনৈতিক চাপ বৃদ্ধির কারণে নেপালের রাজনীতিতে অচলাবস্থা আরও জটিল আকার নিচ্ছে।

  • September 8, 2025
  • 0 Comments
প্রেমিকের বাড়ির সামনে বিষের বোতল হাতে প্রেমিকার অবস্থান

মানিকগঞ্জের সিংগাইরে বিয়ের দাবিতে এক তরুণী প্রেমিকের বাড়ির সামনে বিষের বোতল হাতে অনশন করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রেমিক আল-আমিন স্থানীয় দুলাল মিয়ার ছেলে। টিকটকের মাধ্যমে তার সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, গত দুই বছর ধরে আল-আমিন প্রেমিকার সঙ্গে একাধিক স্থানে রাত্রিযাপন করেছেন এবং বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

কিন্তু সোমবার সকালে আল-আমিন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যান এবং কিছুক্ষণ পর রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান। এরপর নিজের মোবাইল নম্বরও বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী সরাসরি আল-আমিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

অবস্থানের একপর্যায়ে তরুণী হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিয়ে না করলে বিষ খেয়ে জীবন শেষ করব।”

এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

  • September 8, 2025
  • 0 Comments
এসএসসিতে ফেল, মানিকগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গালা ইউনিয়নের সোনাকান্দর গ্রামে নানার বাড়ি থেকে আরিল ইসলাম মুন (১৭) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুন স্থানীয় ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। বাবা চাকরিসূত্রে ঢাকায়, মা প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরেই তিনি নানার বাড়িতে বসবাস করছিলেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, নানার ঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পরীক্ষায় অকৃতকার্য হওয়াতেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • September 8, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প 

মানিকগঞ্জ -২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিকের উদ্যোগে শিবালয় উপজেলার নালী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল  সাড়ে ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত একটানা চলে এ হেলথ ক্যাম্প।

এসময়  বিভিন্ন এলাকা হতে আগত বিভিন্ন রোগে আক্রান্ত প্রায ১৫০০ জন রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা দেয়া হয়।

ডাঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ঢাকা  থেকে আগত ১০ জন ডাক্তার,  ৮ জন টেকনেশিয়ান, ১৫ জন এসিস্ট্যান্ট ও ২০ জনের স্বেচ্ছাসেবী সারা দিন রোগীদের সেবা প্রদান করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এ হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি রোগীদের ব্লাড পেশার, ব্লাড সুগার,ব্লাড গ্রুপিং টেস্ট সহ আরো কিছু সেবা দেয়া হয়।

এসময় জামায়াতের এ আসনের  নির্বাচন পরিচালক ওমর ফারুক, জামায়াতের থানা আমির হাফেজ হাতেম আলি, বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব তালুকদার সহ এলাকার গন্যআন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আগত সেবা গ্রহনকারী রোগীরা বলেন,আমারান নদী ভাঙ্গন এলাকার দরিদ্র মানুষ। আমাদের পক্ষে ঢাকায় যেয়ে এই মানের বড় বড় ডাক্তার দেখানো সম্ভব নয়।আজ আমাদের এলাকার এমপি প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক নিজে সারা দিন আমাদের চিকিৎসা পরামর্শ ও সেবা দিয়েছেন।আবার ঢাকা থেকে বড় বড় ডাক্তার সাথে করে নিয়ে এসেছেন। যা কোন প্রার্থীর নিকট হতে আমরা কখনও পাইনি।আমাদের দাবি তিনি তার এ সেবা অব্যাহত রাখবেন।আমারা তার এ মহৎ কাজে মুগ্ধ এবং মহান আল্লাহর নিকট তার জন্যে প্রাণ খুলে দোয়া করছি।

ডাঃ আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন,আমি ডাক্তার মানুষ, আমার পক্ষে মানুষের সেবায় যতটুকু কাজ করা সম্ভব আমি তা করবো ইনশাআল্লাহ। 

আমি এমপি হই আর না হই,সেটা কোন বিষয় না।আমার নদী ভাঙ্গন এলাকার দরিদ্র মানুষের আমার নিকট হতে সেবা পাবার অধিকার রয়েছে। আমি তাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তিনি এই হেলথ ক্যাম্পে সার্বিক সহযোগিতার জন্যে এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

  • September 8, 2025
  • 0 Comments
চাঁদাবাজি ও জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, জমি দখল ও ভয়-ভীতি প্রদর্শন করে গ্রামবাসীকে অতিষ্ঠ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। 

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার ফাজিলাবাড়ি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত সাদিকুর রহমান শিপন (৩০) বরাইদ ইউনিয়নের ফাজিলাবাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

মানববন্ধনে ধামশর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আব্দুর রউফ, জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মো. ঘটু মিয়া, বরাইদ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস খান, ব্যবসায়ী সুরিত খান, মোহাম্মদ বাবুল খান, শহিদ খান সহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন- আওয়ামী স্বৈরাচারের দোসর সাদিকুল রহমান শিপন সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে বাঁধা দিয়ে করছে চাঁদাবাজি, করেছে এলাকায় নিরীহ মানুষের জমি দখল। এ বিষয়ে এলাকার যে বা যারা তাকে বাঁধা দেওয়ার চেষ্টা করছে তাকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে হত্যার হুমকি দিচ্ছে। তারা আওয়ামী লীগের সময়ও এই এলাকার মানুষদের ওপর জোর জুলুম করেছে। তাদের জোর জুলুম এবং অত্যাচার এখনো চালিয়ে যাচ্ছে তারা। আমরা এলাকাবাসী শিপনগং থেকে মুক্তি চাই। 

অন্যান্য