• September 10, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 আজ বুধবার  দুপুরে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। সভায় ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষন করা, একমূখী প্রকৌশলী শিক্ষাব্যবস্থা চালু, উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলীর পদোন্নতি সহ ৭ দফা দাবী জানানো হয়। 

এসময় সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার রুকনোজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুল হক,  সদস্য সচিব অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার মো: দবিরুল , ইঞ্জিনিয়ার মো: শাহারিয়ার, ইঞ্জিনিয়ার মো: আছাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সুব্রত বিশ্বাস, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক, শাহানুর ইসলাম, সহসভাপতি আবুল বাশার আব্বাসী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, কোষাধ্যক্ষ শাহিনুল ইসলাম তারেক, দফতর সম্পাদক হাজিজুল হাকিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন,ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার কর্তৃক সংরক্ষিত-উপসহকারী প্রকৌশলী পদটি কোনভাবেই কোটার মধ্যে পরে না। সরকারি চাকরিবিধি অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীগণ উপ-সহকারী প্রকৌশলী পদে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন। অথচ, ডিগ্রী ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে উপ-সহকারী প্রকৌশলী পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোটা হিসেবে সংরক্ষীত বলে মিথ্যাচার করছে। ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কোর্স কারিকুলাম অনুযায়ী ডেস্ক ইঞ্জিনিয়ার হিসেবে ডিগ্রি প্রকৌশলীগণ গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন,প্লানিং ও ডিজাইন করবেন। অন্যদিকে ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কারিকুলাম অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীগণ মাঠ পর্যায়ের সকল প্রকার উন্নয়ন কাজ বাস্তবায়ন, মান নিয়ন্ত্রণ,মেরামত ও রক্ষণাবেক্ষণ করবেন। এই দু’স্তরের প্রকৌশলীগণদের সামঞ্জস্যপূর্ণ কর্মকান্ডের ফলে প্রিয় মাতৃভূমি আসীন হবে উন্নত দেশে। কোন বৈষম্য তৈরি হলে তা প্রতিহত করার ঘোষণাও দেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

  • September 10, 2025
  • 0 Comments
ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ডাকসু নির্বাচনে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই, যারা জয়ী হয়েছে। এটাই গণতন্ত্রের নীতি। কিছু ত্রুটি-বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে।

তিনি বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে যারা জয়ী হয়েছে, আমি আবারো তাদের অভিনন্দন জানাই। ২৪-এর পরবর্তী সময়ে আমাদের সবচাইতে বড় সংগ্রামের নাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা করতে হবে। যে সংস্কৃতি গণতান্ত্রিক সংস্কৃতি সহনশীলতার সংস্কৃতি সহমতা সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।

আলোচনা সভায় মহিলা দলের নেত্রীদের বক্তব্যের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, মহিলা দলের প্রতি আমার অসিয়ত আছে। বহু শুনলাম, ঢাকা শহর-ভিত্তিক সেমিনার সংগঠিত করেছেন আপনারা। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের মহিলা সংগঠনের কর্মকাণ্ড আপনারা স্ট্যাডি করেছেন, তারা কী করে?’

তিনি বলেন, পরিবারের প্রধান নারী, তার যদি একটা মতাদর্শের দিকে চোখে পড়ে, তবে পুরা পরিবারকে সেই অনুসারী করতে সামর্থ্য হয়। পরিবারে নারীদের প্রভাব অনেক বেশি, সন্তানদের ওপরে মায়ের প্রভাব সর্বোচ্চ। এই কাজটা কি আপনারা করছেন? শুধু এখানে এসে স্লোগান দেবেন খালেদা জিয়ার মনোবল, জাতীয়তা মহিলা দল- স্লোগান দিলে হবে?’

  • September 9, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, নবগ্রাম ফ্লাওয়ার মিলকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে আটা উৎপাদন আর বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ধরা খেল নবগ্রাম ফ্লাওয়ার মিলস্ লিমিটেড। ভোক্তা অধিকারের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে মিলকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় উৎপাদনের দায়ে: ১০ হাজার টাকা জরিমানা এবং বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় অভিযান চলাকালে।

ভাক্তা অধিকারের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা জানান“ভোক্তাদের সুরক্ষার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে সহযোগিতা করে পুলিশ লাইনস মানিকগঞ্জ এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

  • September 9, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ভুয়া চালানের ফাঁদে লাখ টাকার জুতা জব্দ!

মানিকগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে জননী এক্সপ্রেস এন্ড পার্সেল সার্ভিসে অভিযান চালিয়ে মুসক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ জুতা জব্দ করেছে জেলা প্রশাসন। এসময় নিউ চায়না ব্র্যান্ডের বিভিন্ন সাইজের ৩৮৮ জোড়া জুতা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। তবে মুসকের কাগজপত্র নেই একটিও!

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-মুনতাসির মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল এবং জেলা পুলিশ।

অভিযানে ধরা পড়ে জননী এক্সপ্রেস এন্ড পার্সেল সার্ভিসে গোপনে রাখা বিপুল পরিমাণ জুতা। কিন্তু জুতার সঙ্গে কোনো বৈধ মুসক চালান দেখাতে না পারায় সবগুলো জব্দ করা হয়।

ম্যানেজার মাসুদ রানা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নিউ চায়না ফুটওয়্যার থেকে মানিকগঞ্জের একটি প্রতিষ্ঠানের ঠিকানায় চালান এসেছিল। তবে কাগজপত্র না থাকায় সেটি ডিসি অফিসে নিয়ে যাওয়া হয়।

  • September 9, 2025
  • 0 Comments
হাসিনার প্রাণনাশ করবেন মোদি!

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের মাটিতে রাজনৈতিক আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নতুন করে গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন প্রবীণ বামপন্থী চিন্তাবিদ ও লেখক বদরুদ্দীন উমর। তাঁর মতে, যেই রাষ্ট্রে তিনি আশ্রয় নিয়েছেন, ভবিষ্যতে সেখান থেকেই তাঁর প্রাণনাশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে দেওয়া একটি লিখিত জবানবন্দিতে তিনি এ মন্তব্য করেন। গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাক্ষী হিসেবে এই জবানবন্দি জমা দেন বর্ষীয়ান এই তাত্ত্বিক। গত রোববার তাঁর মৃত্যুর পর ট্রাইব্যুনাল জবানবন্দিটি প্রকাশ করে।

বদরুদ্দীন উমর লিখেছেন, ভারতের সহায়তায় কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারলেও আওয়ামী লীগের পুনরুত্থান আর সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা যেমন শুরু হয়েছিল নির্বাসন দিয়ে, তেমনি তার পতনের পরিণতিও হচ্ছে নির্বাসন।

তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় শেখ হাসিনা ও তাঁর পরিবার বেলজিয়ামে থাকায় প্রাণে বেঁচে যান। পরে তারা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন এবং সেখান থেকেই শেখ হাসিনা দেশে ফিরে আসেন। দীর্ঘ নির্বাসনের সময়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাঁর, বিশেষ করে গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে। উমরের মতে, ভারত সেই সম্পর্কের ভিত্তিতেই তাঁকে ক্ষমতায় বসায়।

জবানবন্দিতে তিনি স্পষ্ট করে বলেন, “ফলে পতনের পরে সে ভারতে পালিয়েছে। ওখানেই থাকবে। আর ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি— সেখানে সে জ্বলে-পুড়ে মরবে। আরেকটা শাস্তি হতে পারে— ভারত সরকারই তাকে মেরে ফেলবে। নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা বিষয়টিকে এমনভাবে সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে হত্যা করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত ছিল। আওয়ামী লীগ এখন শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং একটি ‘ভারতঘেঁষা কাঠামোগত এজেন্ট’, যা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য হুমকি হয়ে উঠেছে।

  • September 9, 2025
  • 0 Comments
কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে দেশটি। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, ইসরায়েলের বিরুদ্ধে ৭ অক্টোবর পরিচালিত হামলার মূল পরিকল্পনাকারী এবং দায়ী কয়েকজন শীর্ষ নেতা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এসব ব্যক্তি বহু বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

তবে আইডিএফ তাদের বিবৃতিতে কাতারের নাম সরাসরি উল্লেখ করেনি।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, হামলার সময় বৈঠকস্থলে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন। ১৯৯৭ সালে জর্ডানে তাকে হত্যাচেষ্টা চালিয়েছিল ইসরায়েল।

আলজাজিরা জানায়, উক্ত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতাদের।

ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও বলেন, ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে কাতার কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা

  • September 9, 2025
  • 0 Comments
হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী

জেন-জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে করে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তার সহকারী প্রকাশ সিলওয়াল এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের দুই দিন পর মঙ্গলবার তিনি পদত্যাগ করলেন। এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে।

পদত্যাগের আগে তিনি দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনালাপ করেন এবং দেশ থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তা চান। গুঞ্জন উঠেছে তিনি সম্ভবত পালিয়ে দুবাই অথবা ভারতে আশ্রয় নেবেন।

সেনাবাহিনীর সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিকে পদত্যাগের আহ্বান জানান।

অফিশিয়াল সূত্রে জানা গেছে, অলি সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন এবং দেশের ক্রমাবনত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। এর জবাবে জেনারেল সিগদেল বলেন, সেনাবাহিনী কেবল তখনই হস্তক্ষেপ করে দেশকে স্থিতিশীল করতে পারবে, যদি প্রধানমন্ত্রী অলি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। সেনা সূত্র আরও জানায়, অলি পদত্যাগ করলেই সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়া হয়।

সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘাত।

এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। এই আন্দোলনকে ‘জেন-জি রেভল্যুশন’ নাম দেন বিক্ষোভকারীরা।

  • September 9, 2025
  • 0 Comments
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। 
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

পদত্যাগ পত্রে প্রধানমন্ত্রী ওলি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়া হয়।
 
সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘাত।
 
এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। এই আন্দোলনকে ‘জেন-জি রেভল্যুশন’ নাম দেন বিক্ষোভকারীরা। 
 
 দেশটিতে দুদিনের সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন। আহত হয়েছেন অনেকে। হতাহতের দায় নিয়ে আগেই পদত্যাগ করেন নেপালের বেশ কয়েকজন মন্ত্রী। আর অবশেষে চাপের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রীও।

  • September 9, 2025
  • 0 Comments
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহকালে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক মারা গেছেন। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করার আগেই তিনি মারা যান বলে জানা গেছে।

তরিকুল শিবলী চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার বুড়িচং থানার এতবারপুর গ্রামের বাসিন্দা এ কে এম শাহিদুল্লাহ সন্তান। তরিকুল শিবলী উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। তার দুটি কন্যাসন্তান রয়েছে।

তরিকুলের সহকর্মী সহকর্মী সোহেল রানা বলেন, ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভিতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী হঠাৎ অচেতন অবস্থায় পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের ধারণা স্ট্রোক করে তিনি মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

  • September 9, 2025
  • 0 Comments
আগামী নির্বাচনে আমরা মহিলারা পুরুষদের চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকতে চাই : রিতা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা মহিলারা পুরুষদের চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকতে চাই। নতুন ভোটার যারা আছেন তাদের কাছে গিয়ে আমাদের ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে আমাদের সকলকেই ধানের শীষের জন্য প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। নিরাপত্তা এবং সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের ধানের শীষের প্রয়োজন। পড়ালেখা শেষ করে যেন আমাদের বাচ্চাদের অর্থনৈতিক স্বচ্ছলতা আসে এই বাস্তবায়নের জন্য আমাদের ধানের শীষ লাগবে। এজন্য আমরা ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করে যাব।

মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ১৭ বছর ধানের শীষ নিয়ে কাজ করেছি এখন গতিশীলতা বাড়াতে হবে। কারণ ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যেন আমরা মেজরিটি ভোট পাই। আমরা চাই নির্বাচনে বিজয়ী হতে এবং ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হতে। 

জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান, জেলা বিএনপি’র আহবার কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার মুন্নি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান জিন্নাহ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ মহিলা দলের উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অন্যান্য