• September 15, 2025
  • 0 Comments
পদ্মায় জেলের জালে ১১ কেজির বিশাল কাতল, বিক্রি ১৪ হাজারে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ।
সোমবার ভোরে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় ঘাট এলাকায় জেলে রাজ্জাকের জালে ধরা পড়ে এই দৃষ্টিনন্দন কাতলটি।

পরে মাছটি স্থানীয় আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে উঠানো হলে হাকডাকে ১২ হাজার ৬০০ টাকায় কিনে নেন ব্যবসায়ী ইয়েমেল।
পরে তিনি মাছটি বলড়া বাজারে নিয়ে গেলে বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাসান আলী ১৪ হাজার ৬০০ টাকায় কিনে নেন।

আন্ধারমানিক আড়তের আড়তদার হৃদয় রাজবংশী বলেন, “মাছটি যখন তোলা হয়, সবাই ভিড় করে দেখতে আসে। পদ্মার বিশাল কাতল দেখা এখন বেশ বিরল হয়ে গেছে।”

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম জানান, “পদ্মা নদীতে মাঝে মাঝে বড় সাইজের পাঙাশ, আইড়, চিতল, বোয়াল ও কাতল ধরা পড়ে। আজ সকালে একটি ১১ কেজির কাতল ধরা পড়েছে বলে শুনেছি।”

  • September 14, 2025
  • 0 Comments
ইসরাইলি হামলার দুদিন পরেই ট্রাম্পের নৈশভোজে কাতারি প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন। ট্রাম্প ও আল-থানির সঙ্গে এ নৈশভোজে যোগ দেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও বিশেষ দূত স্টিভ উইটকফ। খবর রয়টার্সের।

শুক্রবারের (১২ সেপ্টেম্বর) এ নৈশভোজের মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরাইল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়।

গত ৯ সেপ্টেম্বর গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল।

ওই হামলায় ছয়জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।

ইসরাইলের ওই হামলার পর গাজা যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ওই হামলা গাজায় যুদ্ধবিরতি ও প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনাকে বিপর্যস্ত করার ঝুঁকি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ এ হামলার তীব্র নিন্দা জানায়। এ হামলার পর ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বিরক্তি প্রকাশ করেন এবং কাতারকে আশ্বস্ত করেন যে এমন হামলা আর হবে না।

এমন পরিস্থিতিতেই নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাতারের উপমিশন প্রধান হামাহ আল-মুফতাহ লেখেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে দুর্দান্ত নৈশভোজ। এখনই শেষ হলো। ‘

হোয়াইট হাউস নৈশভোজের বিষয়টি নিশ্চিত করেছে, তবে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

নৈশভোজের আগে শুক্রবার হোয়াইট হাউসে আল-থানি প্রায় এক ঘণ্টা ধরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরাইলের দোহায় হামলার পরিপ্রেক্ষিতে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভবিষ্যৎ ভূমিকা এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে ট্রাম্প জানান, তিনি ইসরাইলের এ হামলায় সন্তষ্ট নন। এছাড়াও তিনি এটিকে ‘একতরফা পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন।

ওয়াশিংটন কাতারকে উপসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী মিত্র হিসেবে গণ্য করে। ইসরাইল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি, ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ-পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনায় কাতার প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

গত মঙ্গলবার আল-থানি ইসরাইলকে শান্তির সম্ভাবনা নষ্টের চেষ্টা করার জন্য দায়ী করেন। তবে তিনি বলেন, কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা থেকে কোনোভাবেই সরানো যাবে না।

  • September 9, 2025
  • 0 Comments
আগামী নির্বাচনে আমরা মহিলারা পুরুষদের চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকতে চাই : রিতা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা মহিলারা পুরুষদের চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকতে চাই। নতুন ভোটার যারা আছেন তাদের কাছে গিয়ে আমাদের ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে আমাদের সকলকেই ধানের শীষের জন্য প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। নিরাপত্তা এবং সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের ধানের শীষের প্রয়োজন। পড়ালেখা শেষ করে যেন আমাদের বাচ্চাদের অর্থনৈতিক স্বচ্ছলতা আসে এই বাস্তবায়নের জন্য আমাদের ধানের শীষ লাগবে। এজন্য আমরা ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করে যাব।

মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ১৭ বছর ধানের শীষ নিয়ে কাজ করেছি এখন গতিশীলতা বাড়াতে হবে। কারণ ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যেন আমরা মেজরিটি ভোট পাই। আমরা চাই নির্বাচনে বিজয়ী হতে এবং ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হতে। 

জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান, জেলা বিএনপি’র আহবার কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার মুন্নি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান জিন্নাহ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ মহিলা দলের উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

  • September 8, 2025
  • 0 Comments
বগুড়ায় পেট্রল পাম্পের কর্মকর্তাকে হত্যা, কর্মচারী আটক

বগুড়ায় পেট্রল পাম্পের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬) নামের এক কর্মচারীকে আটক করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এদিকে বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনে হত্যাকাণ্ডের সিসি ফুটেজে দেখা যায়, রতন একটি হাতুড়ি দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে ইকবালের মাথায় ১৩ বার আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত হলে রতন পালিয়ে যায়।

রবিবার রতনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির পুলিশের ওসি ইকবাল হাসান। তিনি জানান, হত্যার ঘটনার পরপর রতন বগুড়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে তাকে ডিবি টিম আটক করে। আটকের সময় তার কাছে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ক্যাশিয়ার ইকবাল হাসান হেলালকে (৩৫) হত্যা করা হয়। সকালে পাম্পের অন্য কর্মীরা হেলালকে মৃত অবস্থায় পায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, ফিলিং স্টেশনে বেশ কিছুদিন ধরে তেল চুরি হচ্ছিল। এই তেল চুরির জন্য তাকে দায়ী করে ইকবাল।

সেই ক্ষোভ থেকে তাকে হত্যা করে রতন। ডিবি পুলিশের ওসি জানান, আটকের পর রতনকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে আটক রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  • September 8, 2025
  • 0 Comments
ডাকসুর প্রচারণা শেষ, ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রচার-প্রচারণা গেল রাতে শেষ হয়ে গেছে। ছয় বছর বিরতির পর বিপুল উৎসাহ-উদ্দীপনায় আগামীকাল মঙ্গলবার ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গত ২৬ আগস্ট থেকে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত টানা ১৩ দিন প্রার্থীরা তাঁদের প্রচারণা চালিয়েছেন। গত ১৩ দিনে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। এখন শুধু ভোটের অপেক্ষা।

আজ সোমবার সকাল ৬টা থেকে ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য টিএসসিতে সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সোমবার বিকাল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারা দিন বন্ধ থাকবে। নির্বাচনের দিন রিকশা-মোটরসাইকেল চলাচল করতে পারবে না। শুধু ঢাবির স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে।

নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অত্র নিরাপত্তাব্যবস্থা নিয়োজিত সব অফিসার ও ফোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োজিত প্রক্টোরিয়াল টিমের সঙ্গে সমন্বয়পূর্বক দায়িত্ব পালন করবেন। ডিএমপি কমিশনারের তত্ত্বাবধানে সার্বিক বিষয় তদারকি করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম অ্যান্ড অপারেশন), জয়েন্ট কমিশনার (অপারেশন) ও এসি অপারেশন।

ডিএমপি সূত্র জানায়, আজ সোমবার নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশের ১৪৯১ সদস্য। এর মধ্যে নারী সদস্য ১৭৫ জন। মঙ্গলবার দায়িত্ব পালন করবেন ২০৬৪ জন। তাদের মধ্যে নারী সদস্য ২১৫ জন। নির্বাচনের পরের দিন বুধবার দায়িত্ব পালন করবে ৮১৯ জন। নারী সদস্য ৭৫ জন। পাশাপাশি থাকবে সাদা পোশাকে মহানগর গোয়েন্দা পুলিশ, বোম নিষ্ক্রিয়করণ দল, সোয়াট টিম, ড্রোন ক্যামেরা।

ফুট প্যাটেল ব্যবস্থা: ফুলার রোড, কলাভবন, শহিদ মিনার, মল চত্বর, কেন্দ্রীয় মসজিদ, কার্জন হল, ঢাবির মেট্রো স্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, লেদার টেকনোলজি ও আইবিএ হোস্টেল এলাকায়।

স্ট্রাকিং রিজার্ভ ফোর্স: ভিসির বাংলো, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজ কল্যাণ ইনস্টিটিউটের কাছাকাছি শাহনেওয়াজ ভবনের সামনে এবং শাহবাগ থানা ও নিউ মার্কেট থানায়।

  • September 8, 2025
  • 0 Comments
বাগেরহাটে চলছে হরতাল, নির্বাচনি অফিসে তালা

সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে হরতাল কর্মসূচি। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এছাড়া, দোকান-পাট এখনও খুলেনি।

এর আগে গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি এক সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাগেরহাট- ৩ (রামপাল-মোংলা) ও সীমানা পুনর্বহালের দাবিতে ৫ দিনের কর্মসূচির মধ্যে আজ রোববার জেলার সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারে লিফলেট বিতরণ করা হচ্ছে। আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল, মঙ্গলবার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হবতালের ঘোষণা করেছে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি।

প্রসঙ্গত, গত জুলাই মাসে ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল -মোংলা নিয়ে গঠিত বাগেরহাট- ৩ আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এরপর বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে উঠে। গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এ বিষয়ে শুনানিও করে। কিন্তু তাতো কোন কাজে হয়নি। অবশেষে বাগেরহাটে ৪টি আসন থেকে ৩টি আসন চুড়ান্ত করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে সদর-চিতলমারী-মোল্লাহাট নিয়ে বাগেরহাট- ১, ফকিরহাট-রামপাল-মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ সংসদীয় আসন ঘোষণা করা হয়েছে।

  • September 7, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বে ছাত্রকে বেধড়ক মারধর, মামলা

মানিকগঞ্জে সিনিয়র–জুনিয়র দ্বন্দ্ব রূপ নিলো ভয়াবহ ঘটনায়। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের নবম শ্রেণির ছাত্র রিদুয়ান আনসারী (১৬) কে লোহার রড, মোটরসাইকেলের চেইন ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রিদুয়ান চর বেউথা থেকে বাড়ি ফেরার পথে একই প্রতিষ্ঠানের ইংরেজি ভার্সনের ছাত্র সিয়াম মাহমুদ সাব্বিরসহ কয়েকজন তার উপর হামলা চালায়।

প্রথমে তাকে নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়, এরপর লোহার রড, চেইন ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি প্রহার করা হয়।এমনকি তার গলায় চেইন পেঁচিয়ে হত্যাচেষ্টা ও নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়।

স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত রিদুয়ানকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতলে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর মা রেহেনা আক্তার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ১০–১৫ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন, সিয়াম মাহমুদ সাব্বির, ইয়াজুল ইসলাম প্রান্ত, আপন খান, নাফসিন আহম্মেদ, বিল্লাল হোসেন

মামলা করার পর রিদুয়ানের মা অভিযোগ করেন, সদর ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোমিন সাহেব মামলার তদন্তের নাম করে তার কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন এবং মিমাংসার চেষ্টা চালান। তবে মোমিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, “মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

  • September 7, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে অনিয়মের দায়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত, প্রশাসনিক কর্মকর্তা চাকরিচ্যুত

মানিকগঞ্জ জেলায় ইউনিয়ন পরিষদের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও দায়িত্বে অবহেলার কারণে গড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুদ রানাকে সাময়িক বরখাস্ত এবং দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনকে চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

গত সোমবার (১ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।

উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়- নানাবিধ অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং চেয়ারম্যান মাসুদ রানার অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী হওয়ায় তাকে নিজ পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

গড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুদ রানা এর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রকল্পের অর্থ আত্মসাৎ, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকা, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অপরদিকে, বাচামারা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন এর বিরুদ্ধে চরকাটারী ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বে থাকাকালে ৭৯৫টি জন্ম নিবন্ধন সনদ যাচাই ছাড়া অনলাইনে ইস্যু, দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

আলমগীর হোসেন স্থায়ীভাবে চাকরিচ্যুত হয়েছেন। তিনি শুধু নিজের প্রদত্ত চাঁদা ও তার উপর প্রাপ্য সুদ পাবেন, তবে কোনো আনুতোষিক সুবিধা পাবেন না।

এ ঘটনায় সচেতন মহল মনে করছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এটি একটি শক্তিশালী পদক্ষেপ, যা ভবিষ্যতে অন্যদের জন্যও সতর্কবার্তা হয়ে থাকবে।

  • September 6, 2025
  • 0 Comments
স্বাধীনতার ৫৪ বছরেও কোন দেশ প্রেমিক সরকার এ দেশ পায়নি : খেলাফত মজলিস 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মানিকগঞ্জে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাড়াইভিকরা এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষ্ণপুর ইউনিয়ন এলাকাবাসী এই মতবিনিময় সভার আয়োজন করেন।

স্থানীয় মুরুব্বী আওলাদ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন। এ সময়- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দিন, কেন্দ্রীয় ইসলামী যুব মজলিসের সভাপতি জাহিদুল ইসলাম তুহিন, খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা নুরুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মুফতি আবু বকর বিন আইয়ুবসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সভায় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় ইসলামী যুব মজলিসের সভাপতি জাহিদুল ইসলাম তুহিন বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও কোন দেশ প্রেমিক সরকার এ দেশ পায়নি। যারাই এসেছে তারাই অনিয়ম, দুর্নীতি আর জোড়-জুলুমের রাজত্ব কায়েম করেছে। এদেশের মানুষ ২৪- এর আন্দোলনে অদ্ভুত্থান ঘটিয়ে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত করেছে। মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনের হাওয়া দেশের প্রতিটা কোনায় কোনায় বইতে শুরু করেছে। ইসলামী মতাদর্শের সরকারি কেবল পারে জনগণের আশা আর আকাঙ্খার বাস্তব রূপ দিতে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, আওয়ামী লীগ তাদের কর্মের ফল পেয়েছে। দীর্ঘ ১৭ বছর মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে। তার পরিণতিতে তাদের এ দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা বুঝেছিল তারা দীর্ঘ সময় যা করেছে তার জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে। প্রাণে বাচার জন্য তারা প্রকাশ্য দিবালোকে পালিয়েছে। এজন্যই মানুষের প্রথম কাজটা হলো তার কর্মকে ভালো করা। দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে এদেশে ২৪- এর অভ্যুত্থানের মত ঘটনা ঘটেনি। যার জন্য হাসিনাকে পালাইতে হইল। রাতে পালাইলেও তো একটা কথা হইতো..। 

  • September 6, 2025
  • 0 Comments
‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় যা বলছে জামায়াত

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিয়ে বিবৃতিও দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন পুড়িয়ে দিয়েছে। নুরুল হক এখন মৃত; তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না। এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। আমরা এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

আরও পড়ুন: রাজবাড়ীতে দরবারে হামলা /পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৩৫০০

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি আন্দোলন ও দল। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড জামায়াতে ইসলামী বরদাশত করে না। দেশে শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। তাই এ ঘটনার সাথে জামায়াতে ইসলামীর নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

তিনি বলেন, দেশে আইন ও বিচার ব্যবস্থা বিদ্যমান। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।

অন্যান্য