• September 2, 2025
  • 0 Comments
চুরির ভোটে জিতেই কি মোদি প্রধানমন্ত্রী?

গত বছরের জুন মাসে নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। যদিও সেই নির্বাচনে তার দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি; কিন্তু তেলুগু দেশম বা জনতা দল ইউনাইটেডের মতো শরিকদের সমর্থন নিয়ে কেন্দ্রে সরকার গড়ার ক্ষেত্রে তার কোনো সমস্যাও হয়নি।

কিন্তু তৃতীয় মেয়াদে তার শাসনকালের পনেরো মাস অতিক্রান্ত হতেই দেশের বিরোধী দলগুলো জোরেশোরে মোদির ইস্তফার দাবি করতে শুরু করে দিয়েছেন।

লোকসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বেশ কিছুদিন ধরে বলেই চলেছেন, ২০২৪-এর যে সাধারণ নির্বাচনে জিতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন—সেই ভোটটা আগাগোড়া ভুলে ভরা একটা ভোটার তালিকার ভিত্তিতে হয়েছে। আর এই ‘ভুল’টা যে নির্বাচন কমিশনের ইশারাতেই ইচ্ছাকৃতভাবে করা, সেই ইঙ্গিত দিতেও তিনি কোনো দ্বিধা করছেন না।

বুধবার (২৭ আগস্ট) বিহারের মুজফফরপুরে এক নির্বাচনী সভা থেকে তিনি আরও অভিযোগ করেন, বৈধ ভোটারদের ভোট কেটে আর জাল ভোটারদের নাম তালিকায় যোগ করেই মোদি ভোটে জিতেছেন—আর এ কাজে তাকে সাহায্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর দেশের নির্বাচন কমিশন।

কংগ্রেসের সঙ্গে অনেক বিষয়ে মতভেদ থাকলেও দেশের আর একটি বড় বিরোধী দল তৃণমূল কংগ্রেস কিন্তু এই প্রশ্নে রাহুল গান্ধীর পাশেই দাঁড়িয়েছে। ডিএমকে ও আরজেডির মতো দলগুলোরও সমর্থন পাচ্ছেন তিনি।

তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক ব্যানার্জী রীতিমতো সংবাদ সম্মেলন করে দিনকয়েক আগেই বলেছেন, নির্বাচন কমিশন যদি মেনেই নেয় দেশের ভোটার তালিকায় প্রচুর অসংগতি আছে এবং যেহেতু বর্তমান সরকার সেই তালিকার ভিত্তিতে করা ভোটে জিতেই ক্ষমতায় এসেছে—তাহলে সেই সরকারের কোনো বৈধতা থাকতে পারে না।

‘সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি ও তার গোটা মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত ও লোকসভা অবিলম্বে ভেঙে দেওয়া উচিত’—এই দাবিও তুলেছেন অভিষেক ব্যানার্জী।

বিরোধীদের তোলা এই ভোট চুরির অভিযোগ ক্রমশই ‘মোমেন্টাম’ পাচ্ছে, আর তা দৃশ্যতই অস্বস্তিতে ফেলছে মোদি সরকারকে।

বস্তুত একটানা এগারো বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন নরেন্দ্র মোদি, তবে এর আগে দেশের অভ্যন্তরীণ রাজনীতির আর কোনো বিষয় তাকে এতটা বিব্রতকর অবস্থায় ফেলেনি।

ক্ষমতাসীন বিজেপি যদিও রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে; কিন্তু বিহারসহ বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় যে ব্যাপক সংশোধন (এসআইআর) দরকার, সে দাবিতেও সমর্থন জানাচ্ছে তারা।

জাতীয় নির্বাচন কমিশনও মেনে নিয়েছে, কোনো কোনো রাজ্যের ভোটার তালিকায় প্রচুর ভুয়া নাম আছে, সেগুলো বাদ দিতেই এসআইআর বা ‘বিশেষ নিবিড় পর্যালোচনা’ প্রয়োজন—সোজা কথায় তালিকায় কাটছাঁট করা দরকার।

বিহারে আগামী নভেম্বরেই ভোট হওয়ার কথা—তার আগে সে রাজ্যে কমিশনের পক্ষ থেকে যে এসআইআর চালানো হয়েছে তাতে প্রাথমিকভাবে ৬৫ লাখেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে।

আর বিরোধীরা ঠিক এ কারণেই প্রশ্ন তুলছেন, বিহার বা পশ্চিমবঙ্গের নির্বাচন তালিকা ভুল; কিন্তু মহারাষ্ট্র বা গুজরাটের ভোটার তালিকা নিখুঁত—এটা কীভাবে হতে পারে?

বস্তুত ২০২৪-এ ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একটি ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে—এই ধারণা যতই প্রতিষ্ঠিত হচ্ছে, ততই আসলে নরেন্দ্র মোদির ইস্তফার ও লোকসভা ভেঙে দেওয়ার দাবি জোরালো হচ্ছে!

ভারতের লোকসভায় শক্তির বিচারে কংগ্রেসের পরই যে বিরোধী দলগুলোর অবস্থান—সেই ডিএমকে, তৃণমূল, সমাজবাদী পার্টি ও আরজেডি প্রত্যেকেই রাহুল গান্ধীর এই ভোট চুরির অভিযোগে সমর্থন জানাচ্ছে।

বুধবার মুজফফরপুরের সমাবেশে ডিএমকে নেতা ও তামিলনাডুর মুখ্যমন্ত্রী স্টালিনও উপস্থিত ছিলেন, তিনি রাহুল গান্ধীর তোলা প্রতিটি অভিযোগেই সায় দিয়েছেন।

তা ছাড়া বিহারে কংগ্রেসের ভোটার অধিকার যাত্রায় আগাগোড়াই রাহুল গান্ধীর সঙ্গে আছেন আরজেডি নেতা তেজস্বী যাদব, যার দল রাজ্যে কংগ্রেসের জোটসঙ্গীও বটে।

এদিকে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জী এর আগেই দাবি করেছেন, ভোটার তালিকায় ‘এসআইআর’ যদি করতেই হয়, তাহলে নির্দিষ্ট একটি বা দুটি রাজ্যে নয়—গোটা দেশেই সেটা করতে হবে আর সেই প্রক্রিয়ার সূচনা হতে হবে প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে।

‘নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকায় অসংগতি ছিল, তাই এসআইআর দরকার। বেশ, তাহলে শুধু বিহারে বা পশ্চিমবঙ্গে কেন—গোটা দেশেই তালিকা সংশোধন হোক এবং লোকসভা ভেঙে দেওয়া হোক’, প্রস্তাব দিয়েছেন তিনি।

এই ভোটার তালিকার ভিত্তিতেই যে প্রধানমন্ত্রী মোদি ও তার দলের ২৪০ জন এমপি লোকসভায় নির্বাচিত হয়ে এসেছেন—আর তারাই দেশের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করছেন—সেটাও মনে করিয়ে দেন অভিষেক ব্যানার্জী।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি অবশ্য প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিকে আমলই দিচ্ছে না। বিজেপির মুখপাত্র শাহনাজ পুনেওয়ালা এদিন রাহুল গান্ধীর ‘গুজরাট মডেলে’ ভোট চুরির দাবিকে নস্যাৎ করে পাল্টা দাবি করেছেন, নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তার মধ্যে বেশিটা সময়ই—২০০৪ থেকে ২০১৪ কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল।

তখন নির্বাচন কমিশনারদেরও নিযুক্ত করেছিল কংগ্রেস সরকার। তো রাহুল গান্ধী কি বলতে চাইছেন তাদের আমলের কমিশনাররাই গুজরাটে মোদিজিকে ভোট চুরি করিয়ে জিতিয়েছেন? পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।

বিজেপি নেতা আর পি সিং আবার মনে করিয়ে দিয়েছেন, সাবেক নির্বাচন কমিশনার এম এস গিলকে অবসরের পর কংগ্রেসই এমপি করে এনে মনমোহন সিংয়ের ক্যাবিনেটে মন্ত্রী বানিয়েছিল।

ওদিকে বর্তমান নির্বাচন কমিশন এর আগে গত ১৭ আগস্ট সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিল, পরবর্তী সাত দিনের মধ্যে রাহুল গান্ধী তার অভিযোগের স্বপক্ষে নিয়মমাফিক হলফনামা পেশ না করলে তারা ধরে নেবে সেই অভিযোগের কোনো ভিত্তি নেই।

সেই সময়সীমা এরই মধ্যে পেরিয়ে গেছে—রাহুল গান্ধী হলফনামাও দেননি বা ক্ষমা চেয়ে অভিযোগও প্রত্যাহার করেননি এবং কমিশন স্পষ্ট করে দিয়েছে তার তোলা অভিযোগগুলো নিয়ে কোনো তদন্ত হবে না।

কিন্তু রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদি সরকার ও বিজেপি বিরোধীদের দিক থেকে আসা এই শক্ত চ্যালেঞ্জকে কীভাবে মোকাবিলা করে, সেটাই এখন দেখার।

সূত্র : বিবিসি বাংলা

  • August 31, 2025
  • 0 Comments
৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলার জন্য অন্তত চারবার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মোদি তাঁর ফোন ধরেননি। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের বরাতে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আচরণে চরম ক্ষুব্ধ মোদি ‘সতর্কতা’ হিসেবে ট্রাম্পের কল এড়িয়ে গেছেন।

ট্রাম্প এমন সময়ে মোদিকে এই কল দিলেন, যখন দুই দেশের মধ্যে সম্পর্কের নজিরবিহীন টানাপোড়েন চলছে মূলত তাঁর কারণেই। যুক্তরাষ্ট্র–ভারত দীর্ঘদিনের মিত্র, তার চেয়ে বড় কথা ট্রাম্প ও মোদির মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল, যা দুই দেশের অন্য কোনো নেতাদের মধ্যে ছিল না। এমন ঘনিষ্ঠতার পরও ভারতের বিরুদ্ধে চড়াও হয়েছেন ট্রাম্প। ভারতের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ব্রাজিলের ওপরও একই হারে শুল্ক আরোপ করেছেন। এমন পরিস্থিতিতে মোদির ক্ষুব্ধ হওয়াটাঅপ্রত্যাশিত নয়।

বার্লিনভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক থরস্টেন বেনার এক্সে সংবাদপত্রের প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ‘ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন দাবি করেছে, ট্রাম্প সম্প্রতি মোদিকে চারবার ফোন করেছিলেন। কিন্তু মোদি ট্রাম্পের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।’

ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জানিয়েছে, মোদির মধ্যে এমন কিছু লক্ষণ দেখা গিয়েছিল, যাতে বোঝা যায়, তিনি অপমানিত বোধ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সাধারণত অন্য দেশগুলোর মার্কিন বাজারের ওপর নির্ভরতাকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করেন। কিন্তু মোদি তাঁর প্রথম মেয়াদে ভারতের অর্থনৈতিক স্বার্থে কোনো আপস না করে ট্রাম্পের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে ‘এর প্রতিরোধ’ করেছিলেন।

প্রতিবেদনে মোদির এ সতর্কতার কারণও ব্যাখ্যা করা হয়েছে। এর আগে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট টো লামের সঙ্গে মাত্র একটি ফোনকলে বাণিজ্য চুক্তি পুনর্গঠন করেছিলেন, যা দুই দেশের প্রতিনিধিদল অনেক কষ্ট করে সাজিয়েছিল। কিন্তু কোনো চুক্তি না হলেও ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন যে, একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের মতে, মোদি একই ফাঁদে পড়তে চান না।

নিউইয়র্কের দ্য নিউ স্কুলের ইন্ডিয়া-চায়না ইনস্টিটিউটের সহপরিচালক মার্ক ফ্রেজিয়ার বলেন, মার্কিন কৌশল কাজ করছে না। যুক্তরাষ্ট্র চীনের মোকাবিলায় ভারতকে একটি কেন্দ্রীয় ভূমিকা দেবে—এমন ইন্দো-প্যাসিফিক জোটের ধারণা ভেঙে পড়ছে। ফ্রেজিয়ারের মতে, চীনকে মোকাবিলায় ভারতের পক্ষ নেওয়ার কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের কখনোই ছিল না।

ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নয়াদিল্লি-বেইজিং পুরোনো উত্তেজনা কমে আসছে। গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মোদির সাক্ষাতের পরে থেকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে।

চলতি সপ্তাহে মোদি তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বিষয়টি একটি প্রশ্ন সামনে এনেছে যে—ট্রাম্প ভারতকে চীনের দিকে ঠেলে দিচ্ছেন কি না। ফ্রেজিয়ার বলেন, ভারতের চীনকে যতটা প্রয়োজন, চীনের ভারতকে ততটা প্রয়োজন নেই। ভারতের এ পরিবর্তন কৌশলগত, শুধু মার্কিন শুল্কের প্রতিক্রিয়া নয়। যুক্তরাষ্ট্র পিছু হটার কারণে বিশ্বব্যাপী প্রভাব এবং শিল্প প্রবৃদ্ধিতে ভারত ও চীনের স্বার্থ অভিন্ন। চীনের জন্য তার বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থানকে বাড়ানোর ক্ষেত্রে ভারত খুবই গুরুত্বপূর্ণ।

  • August 31, 2025
  • 0 Comments
যুদ্ধবিরতি চেয়ে ইসরায়েলজুড়ে বিক্ষোভ, নেতানিয়াহুর রোষানলে জিম্মিদের পরিবার

গাজায় জিম্মি ৫০ বন্দীকে মুক্ত করার দাবিতে রাস্তায় নেমেছেন ইসরায়েলের হাজার হাজার মানুষ। আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর থেকে এ বিক্ষোভ শুরু হয়। জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ওপর চাপ বাড়াতে এ বিক্ষোভের আয়োজন করে সংগঠনটি।

বিক্ষোভের সূচনা হয় সকাল ৬টা ২৯ মিনিটে, ঠিক ২০২৩ সালের ৭ অক্টোবর যে সময়টিতে হামাস হামলা চালিয়েছিল। বিক্ষোভকারীরা তেল আবিবে মার্কিন দূতাবাসের বাইরে ইসরায়েলি পতাকা উত্তোলন করে তাঁদের কর্মসূচি শুরু করেন। এরপর সকাল ৭টা থেকে বিক্ষোভকারীরা দেশের কয়েকটি প্রধান মহাসড়ক (চৌরাস্তা) অবরোধ করেন। সেখানে তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে ও ব্যানার হাতে সব জিম্মিকে ফিরিয়ে আনার দাবি জানান।

তেল আবিবের আয়ালোন হাইওয়ে, জেরুজালেম ও তেল আবিবের মধ্যকার রুট-১ ও উপকূলীয় রুট-২ হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলো কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে, যার ফলে দেশের বেশির ভাগ স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসব রাস্তা খুলে দেওয়ার ঘোষণা দেয়।

পরে এক পুলিশ বলেছে, প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে অন্যদের চলাচলের স্বাধীনতায় ব্যাঘাত ঘটানো হবে। অনুমতি ছাড়া রাস্তা অবরোধ করা গ্রহণযোগ্য নয়।

এদিকে জিম্মিদের পরিবারের সদস্যরা তেল আবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হয়ে সংবাদমাধ্যমে একটি বিবৃতি দেন। জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এইনাভ জাঙ্গাউকার অভিযোগ করেন, ৬৯০ দিন ধরে যুদ্ধ চলার পরেও কোনো ‘স্পষ্ট লক্ষ্য’ নেই। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি জিনিসকে ভয় পান—তা হলো জনগণের চাপ। তিনি অভিযোগ করেন, তাঁদের সরকার বন্দিদশা থেকে বেঁচে ফেরা ব্যক্তি ও জিম্মিদের পরিবারকে চুপ করানোর জন্য তাঁদের ওপর হামলা চালাচ্ছে। তিনি জনগণকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের শক্তি দিয়ে একটি সামগ্রিক চুক্তি ও যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব। সরকার তাঁদের (জিম্মিদের) ত্যাগ করেছে, কিন্তু জনগণ তাঁদের ফিরিয়ে আনবে।’

জিম্মি এইতান হর্নের বাবা ইৎজিক হর্ন সরকারের বিরুদ্ধে ‘জিম্মিদের ফিরিয়ে আনার চুক্তি ইচ্ছাকৃতভাবে ভন্ডুল করার’ অভিযোগ তোলেন। গত সপ্তাহে হামাস জানিয়েছিল, তারা এমন একটি জিম্মি চুক্তিতে সম্মত হয়েছে, যেখানে অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং অন্যদের মুক্তির জন্য আলোচনা শুরু হবে। তবে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল কেবল তখনই চুক্তিতে সম্মত হবে, যখন সব জিম্মিকে একবারে মুক্তি দেওয়া হবে। তিনি গাজা সিটি দখলের লক্ষ্যে সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছেন।

হোস্টেজ স্কয়ারে ইৎজিক হর্ন বলেন, এ সরকার তার নাগরিকদের ত্যাগ করছে… এবং জীবনের পবিত্রতা ও পারস্পরিক দায়িত্বের মৌলিক নৈতিক কাঠামোকে ভেঙে ফেলছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সামনে চুক্তি থাকা সত্ত্বেও গাজা দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া জিম্মিদের পরিবার ও পুরো জাতির হৃদয়ে আঘাতের মতো। জিম্মি সেনা নিম্রোদ কোহেনের বাবা ইয়েহুদা কোহেন তাঁর ছেলের অপহরণের একটি অপ্রকাশিত ভিডিওর কথা উল্লেখ করেন, যা তাঁর পরিবার গতকাল সোমবার প্রকাশ করেছে। তিনি বলেন, ‘ইসরায়েলের জনগণ জিম্মিদের পক্ষে দাঁড়িয়েছে, জনগণ আমাদের সঙ্গে আছে এবং জনমত জরিপও তা দেখায়। ৮০ শতাংশের বেশি মানুষ যুদ্ধের অবসান ও জিম্মিদের মুক্তি চায়।’

বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল এক প্রতীকী প্রদর্শনী—একটি লম্বা টেবিলের পাশে সারি সারি হলুদ চেয়ার, যার প্রতিটিতে একজন করে জিম্মির ছবি লাগানো। টেবিলে প্লেটগুলো সাজানো থাকলেও খালি ছিল। কালো টেবিলক্লথের ওপর ছড়িয়ে-ছিটিয়ে ছিল রুটি, ডাল ও বালি, যা বন্দিদশার অমানবিক পরিস্থিতি ও অনাহারের চিত্র তুলে ধরে।

আয়োজকেরা বলেন, এ বিক্ষোভের মাধ্যমে তাঁরা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে চান। তাঁদের দাবি, জনগণের সম্মিলিত চাপেই নেতানিয়াহু সরকারকে জিম্মি চুক্তিতে রাজি হতে বাধ্য করা যাবে, কারণ, দেশের বেশির ভাগ মানুষ এখন আর যুদ্ধ চান না।

  • August 29, 2025
  • 0 Comments
রোহিঙ্গাদের ধরে জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গাদের নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে এনে ফেলে দিচ্ছে ভারত। ৪০ জন রোহিঙ্গা শরণার্থী এ অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, রাজধানী দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় তাদের।

জাতিসংঘ বলছে, ভারত রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, নুরুল আমিন নামে একজন রোহিঙ্গা নাগরিক গত ৯ মে সর্বশেষ তার ভাইয়ের সঙ্গে কথা বলেন। ফোনালাপটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু ভয়ংকর সংবাদ বয়ে আনে। তিনি জানতে পারেন, তার ভাই খাইরুলসহ পরিবারের আরো চারজনকে ভারতের সরকার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। মূলত ওই দেশটি থেকে তারা বহু বছর আগে প্রাণভয়ে পালিয়ে এসেছিলেন।

দিল্লিতে বসে ২৪ বছর বয়সী আমিন বলেন, “আমার বাবা-মা ও স্বজনেরা কী যন্ত্রণার মধ্যে আছেন, সেটা কল্পনাও করতে পারিনি”।

তাদের দিল্লি থেকে সরিয়ে নেওয়ার তিন মাস পর বিবিসি মিয়ানমারে ওই রোহিঙ্গাদের খুঁজে পায়, যাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন বাহটু আর্মি (বিএইচএ)-এর কাছে। বিএইচএ মূলত একটি প্রতিরোধ গোষ্ঠী যারা দক্ষিণ-পশ্চিম মিয়ানমারে জান্তার সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।

ভিডিও কলে সৈয়দ নূর বলেন, “আমরা এখানে নিরাপদ নই। পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্র”। কাঠের তৈরি ওই আশ্রয়ে তার সঙ্গে ছিলেন আরও ছয়জন রোহিঙ্গা।

শরণার্থী ও দিল্লিতে থাকা তাদের স্বজনরা বলছেন ভাষ্য, বিশেষজ্ঞদের তদন্ত ও তথ্য জোগাড় করে বিবিসি ঘটনার ধারাবাহিকতা পুনর্গঠন করেছে।

তথ্য অনুযায়ী, তাদের দিল্লি থেকে বিমানে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে নিয়ে শেষে আন্দামান সাগরে ফেলে দেওয়া হয়, যদিও লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল। পরে সাঁতরে তীরে ওঠেন তারা। এখন তারা মিয়ানমারে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এই দেশটি থেকে সাম্প্রতিক বছরগুলোতে নিপীড়ন এড়াতে পালিয়ে এসেছেন বহু মুসলিম রোহিঙ্গা।

সমুদ্রে ফেলে দেওয়া প্রসঙ্গে জন নামে এক রোহিঙ্গা ফোনে তার ভাইকে বলেন, “আমাদের হাত বেঁধে, চোখ-মুখ ঢেকে বন্দির মতো জাহাজে তোলা হলো। তারপর সমুদ্রে ফেলে দেয়।”

নুরুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষকে কীভাবে এভাবে সমুদ্রে ফেলে দেওয়া যায়? মানবতা পৃথিবীতে এখনো বেঁচে আছে, কিন্তু ভারতের সরকারের মধ্যে আমি কোনো মানবতা দেখিনি।”

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টমাস অ্যান্ড্রুজ বলেন, এসব অভিযোগ প্রমাণের মতো “গুরুত্বপূর্ণ তথ্য” তার হাতে আছে। তিনি জেনেভায় ভারতের মিশন প্রধানের কাছে এ সংক্রান্ত প্রমাণও জমা দিয়েছেন, কিন্তু কোনো উত্তর পাননি।

বিবিসি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও বহুবার যোগাযোগ করেছে, কিন্তু কোনো সাড়া মেলেনি।

উল্লেখ্য, ভারতে রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না; বরং ‘অবৈধ অভিবাসী’ হিসেবে চিহ্নিত করে। বর্তমানে ভারতে প্রায় ২৩ হাজার ৮০০ রোহিঙ্গা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের নিবন্ধিত হলেও, হিউম্যান রাইটস ওয়াচের মতে প্রকৃত সংখ্যা ৪০ হাজারেরও বেশি।

  • August 28, 2025
  • 0 Comments
ফিলিস্তিনিদের ৩০০০ জলপাই গাছ উপড়ে ফেলল ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আবারও ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। রামাল্লার উত্তর-পূর্বে অবস্থিত আল-মুগাইয়ির গ্রামে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলা হয়েছে। একই সঙ্গে অন্তত ৩০টিরও বেশি বাড়িতে অভিযান চালিয়ে স্থানীয়দের সম্পদ ও গাড়ি ভাঙচুর করেছে সেনারা। ঘটনার পর থেকে পুরো গ্রামটিকে লকডাউনে রাখা হয়েছে। খবর আল জাজিরার।

গ্রাম পরিষদের প্রধান জানান, প্রায় চার হাজার মানুষের বসবাস এই গ্রামে। মাত্র ০.২৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এ ধ্বংসযজ্ঞ চালানো হয়। ইসরায়েলি সেনাদের দাবি, ওই জলপাই গাছগুলো পাশের অবৈধ বসতি এলাকায় যাতায়াতকারী প্রধান সড়কের জন্য ‘নিরাপত্তা হুমকি’ তৈরি করছিল।

কিন্তু ফিলিস্তিনিদের কাছে জলপাই গাছ শুধু অর্থনৈতিক সম্পদ নয়—এটি তাদের সংস্কৃতি, শেকড় এবং অস্তিত্বের প্রতীক। কয়েক দশক ধরে ইসরায়েলি সেনারা অধিকৃত ভূখণ্ডে এ ধরনের গাছ ধ্বংস করে আসছে। বিশ্লেষকদের মতে, এটি ফিলিস্তিনি কৃষিজমি দখল ও স্থানীয় জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদ করার একটি পরিকল্পিত প্রক্রিয়ার অংশ।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও দখলদার সেনাদের দমননীতি ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে বহুগুণে। এ সময় হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে জোর করে উচ্ছেদ হয়েছেন।

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ২ হাজার ৩৭০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৮৫টি হামলা হয়েছে রামাল্লা এলাকায় এবং ৪৭৯টি হামলা হয়েছে উত্তর-পশ্চিম তীরের নাবলুস অঞ্চলে।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, একই সময়ে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৬৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২৯ জন শিশু।

আল মুগাইয়েরে জলপাই গাছ ধ্বংসের বিষয়ে আল জাজিরা মন্তব্য চাইলে ইসরায়েলি বাহিনী কোনো সাড়া দেয়নি। তবে ফিলিস্তিনি গবেষক হামজা জুবাইদাত বলেন, ‘এই ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করার ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনারই অংশ। ১৯৬৭ সাল থেকে ইসরায়েল একই কৌশল অনুসরণ করছে। এখন যা ঘটছে, তা ফিলিস্তিনিদের উচ্ছেদের সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অব্যাহত ধাপ।’

তিনি আরও উল্লেখ করেন, আল মুগাইয়ির একটি কৃষিপ্রধান গ্রাম। এখানকার মানুষ জীবিকার জন্য কৃষি ও পশুপালনের ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। যে জমি থেকে ৩ হাজারেরও বেশি জলপাই গাছ উপড়ে ফেলা হয়েছে, সেটি রামাল্লা অঞ্চলের সবচেয়ে উর্বর কৃষিজমিগুলোর মধ্যে অন্যতম।

  • August 27, 2025
  • 0 Comments
বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোয় ৭৫ হাজার টাকা জরিমানা করল পুলিশ

ভারতের উত্তরপ্রদেশের নয়ডাতে জননিরাত্তামূলক বার্তা দিতে একটি ভিডিও প্রকাশ করেছে ট্রাফিক পুলিশ। এতে দেখা যাচ্ছে, বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন এক যুবক। এমন ‘বিপজ্জনক’ কাজ ও আইন ভঙ্গ করায় ওই বাইক চালককে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করেছে পুলিশ। যা বাংলাদেশি অর্থে ৭৫ হাজার টাকার সমান।

সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (২৩ আগস্ট) জানিয়েছে, ভিডিওটি করা হয়েছে নয়ডার কোনো এক জায়গায়।

এতে দেখা যাচ্ছে, সিনেমার একটি রোমান্টিক সিনের আদলে বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন যুবক। ট্রাফিক আইনের সবকিছু লঙ্ঘন করে, হেলমেট বা নিরাপত্তা সরঞ্জাম না পরে বাইক চালানোয় তাদের জরিমানা করা হয়েছে।

উত্তর প্রদেশের পুলিশ ভিডিওটি প্রকাশ করে লিখেছে, “রোমিও-জুলিয়েট নয়ডায় একটি বাইক সিক্যুয়েল করার চেষ্টা করেছিল। তবে এবারের ক্লাইম্যাক্স ছিল বড় চালান, কোনো প্রেমের গান নয়! নিরাপদে গাড়ি চালান, নিয়ম মেনে চলুন এবং আপনার প্রেমের গল্পকে দীর্ঘজীবী হতে দিন।”

ভিডিওতে পুলিশ জানিয়েছে, এই যুগলকে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে।

ভিডিওটির কমেন্টে অনেককে মজা করতে দেখা গেছে। একজন লিখেছেন, “এখন প্রশ্ন হলো, জরিমানা কে দেবে! রোমিও না জুলিয়েট, নাকি তাদের বাবা-মা! তাদের সামনে এখন দুটো সমস্যা: প্রথমত, জরিমানা মেটানো; আর দ্বিতীয়ত, যদি বাবা-মা জরিমানা দেন, তাহলে তাদের সম্পর্ক সবার সামনে চলে আসবে। তাই সাবধান! নিরাপদে বাইক চালান, নিয়ম মেনে চলুন এবং আপনাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখুন।”

  • August 26, 2025
  • 0 Comments
বিদেশি পর্যটকদের জন্য থাইল্যান্ডে ফ্লাইটের টিকিট ফ্রি

পর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে ‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইট’ বা বিদেশি ফ্লাইট কিনে বিনা মূল্যে নিন, থাইল্যান্ডের অভ্যন্তরীণ ফ্লাইট। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পর্যটকদের প্রধান পর্যটন কেন্দ্রগুলোর বাইরে অন্য গন্তব্য গুলোতেও ভ্রমণে উৎসাহিত করা।

এই অফারের আওতায়, আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটধারী বিদেশি পর্যটকেরা একটি বিনা মূল্যে অভ্যন্তরীণ রাউন্ড-ট্রিপ বিমান টিকিট পাবেন, যেখানে ২০ কেজি পর্যন্ত মালামাল বহনের সুযোগ থাকবে। এই পরিষেবা ছয়টি থাই বিমান সংস্থা—থাই এয়ারওয়েজ, থাই এয়ার এশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েটজেটে পাওয়া যাবে। এই অফারটি পর্যটকেরা সরাসরি এয়ারলাইনস বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট বুক করার সময় পাবেন।

মন্ত্রণালয় এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় বাজেট থেকে ৭০০ মিলিয়ন বাথ বরাদ্দ চেয়েছে। তাদের প্রত্যাশা, এই ৭০০ মিলিয়ন বাথ বিনিয়োগ করে তারা ৮.৮ বিলিয়ন বাথ রাজস্ব আয় করতে পারবে। এই কর্মসূচি আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী চলবে। সরকার প্রতিটি একমুখী টিকিটের জন্য ১ হাজার ৭৫০ বাথ ও প্রতিটি রাউন্ড-ট্রিপ টিকিটের জন্য ৩ হাজার ৫০০ বাথ ভর্তুকি দেবে।

  • August 26, 2025
  • 0 Comments
পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে ভারতের নতুন নীতি

পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে ভারতের নতুন নীতি

রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে। তবে ভবিষ্যতে পাকিস্তানের বিপক্ষে কোথায় খেলবে বা খেলবে না, সে বিষয়ে আজ একটি বিবৃতি দিয়েছি ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন নীতি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করবে না ভারত। পাকিস্তান সফরেও যাবে না তারা। তবে ভারতীয় অ্যাথলেট কিংবা খেলোয়াড়েরা বহুজাতীয় টুর্নামেন্ট কিংবা ইভেন্টে পাকিস্তান থাকলেও অংশ নেবে। পাকিস্তানের খেলোয়াড় কিংবা ক্রীড়াবিদেরা ভারতে আয়োজিত যেকোনো বহুজাতীয় টুর্নামেন্ট কিংবা ইভেন্টে অংশ নিতে পারবেন। তবে পাকিস্তানে আয়োজিত বহুজাতীয় টুর্নামেন্ট কিংবা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদেরা অংশ নিতে পারবেন কি না, সে ব্যাপারে পরিষ্কার করেনি ভারতীয় সরকার।

ক্রিকেটের বড় টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করতে এসেছে হাইব্রিড মডেল। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ হাইব্রিড পদ্ধতিতে খেলেছে দুবাইয়ে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে হাইব্রিড মডেলেই। ২০২৫ এশিয়া কাপ অবশ্য হাইব্রিড মডেলে করতে হচ্ছে না, আরব আমিরাতে খেলা হওয়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে যাচ্ছে মরুতে। তবে ২০২৭ পর্যন্ত ভারত-পাকিস্তানের অংশগ্রহণে আয়োজিত সব টুর্নামেন্টই হবে হাইব্রিড মডেলে।

দ্বন্দ্বের জেরে গত ১৩ বছর ভারত-পাকিস্তান ক্রিকেট দল কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। আইসিসি ও এসিসির ইভেন্টেই শুধু দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

  • August 26, 2025
  • 0 Comments
গাজার ২ হাজার মানুষকে চিকিৎসা দিতে চেয়ে কেন বিতর্কের মুখে ইন্দোনেশিয়া

গাজায় আহত প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে চিকিৎসা সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে ইন্দোনেশিয়া। প্রস্তাব অনুযায়ী তাঁদের অস্থায়ীভাবে নিয়ে যাওয়া হতে পারে জনশূন্য গালাং দ্বীপে। সিঙ্গাপুরের দক্ষিণে অবস্থিত এ দ্বীপ অতীতে শরণার্থীশিবির এবং সাম্প্রতিক সময়ে মহামারি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছে।

সরকারি সূত্রের বরাতে আজ শুক্রবার (২২ আগস্ট) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের আগে লজিস্টিকস, আইনি কাঠামো ও বৈদেশিক নীতির প্রভাব নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক চলছে। তবে প্রস্তাবটি নিয়ে দেশটির ভেতর ও বাইরে সমালোচনা উঠেছে।

সমালোচকেরা দাবি করছেন, আহত ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেওয়া হলে তা তাদের স্বাধীনতার অধিকারের পরিপন্থী হতে পারে। অনেকে আশঙ্কা করছেন, এই উদ্যোগকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার কৌশল হিসেবে ব্যাখ্যা করা হতে পারে।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা অবশ্য জোর দিয়ে বলেছেন, এটি শুধু অস্থায়ী মানবিক সহায়তা। পরিকল্পনাটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বিতভাবে পরিচালিত হবে এবং ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার অধিকারকে সম্মান জানানো হবে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক ও আফ্রিকাবিষয়ক মহাপরিচালক আবদুল কাদির জিলানি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে যেন এই উদ্যোগ বাস্তবায়িত হয় এবং ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের অধিকার অক্ষুণ্ন থাকে।’

গালাং দ্বীপ ছাড়াও পশ্চিম জাভা ও মধ্য জাভার কিছু স্থানে বিকল্প সুবিধা বিবেচনায় রাখা হয়েছে। কারণ, সেসব এলাকায় বড় হাসপাতাল ও পরিবহন সুবিধা কাছাকাছি। তবে বিশেষজ্ঞেরা বলছেন, এত দূর থেকে আহত রোগীদের নিয়ে আসা ঝুঁকিপূর্ণ ও অকার্যকর হতে পারে। তাঁদের মতে, নিকটবর্তী আরব দেশগুলোতে চিকিৎসা দেওয়াই বেশি বাস্তবসম্মত।

সমালোচকদের মধ্যে কেউ কেউ এ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক প্রভাব হিসেবে দেখছেন। তাঁদের মতে, এতে ইন্দোনেশিয়া অনিচ্ছাকৃতভাবে ‘জাতিগত নির্মূলের’ সঙ্গে জড়িয়ে পড়তে পারে। আবার অনেক মানবাধিকারকর্মী মনে করছেন, ইন্দোনেশিয়ার উচিত ইসরায়েলের বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান নেওয়া, শুধু চিকিৎসা সহায়তায় সীমাবদ্ধ না থেকে।

এদিকে ইন্দোনেশিয়া ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে গাজায় বিমানযোগে ১৮ টন খাদ্য, ওষুধ ও কম্বল পাঠিয়েছে এবং মোট ৮০০ টন সহায়তা পাঠানোর পরিকল্পনা করেছে।

সার্বিকভাবে মানবিক সহায়তার উদ্দেশ্য থাকার পরও পরিকল্পনাটি রাজনৈতিকভাবে জটিল ও সংবেদনশীল। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির আশঙ্কা ও আঞ্চলিক কূটনৈতিক প্রভাবের কারণে ইন্দোনেশিয়ার সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

  • August 25, 2025
  • 0 Comments
স্পাইডারম্যান সেজে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক, বড় জরিমানা করল পুলিশ

ভারতে স্পাইডারম্যানের পোশাক পরে মোটরসাইকেল চালাতে গিয়ে বড় বিপাকে পড়েছেন এক যুবক। হেলমেট ছাড়া দ্রুতগতিতে বাইক চালানো এবং স্টান্ট করার অভিযোগে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় পুলিশ।
গত বুধবার (২০ আগস্ট) ওড়িশা রাজ্যের রাউরকেলায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত যুবক স্পাইডারম্যানের পোশাক পরে স্থানীয় ব্যস্ততম একটি সড়কে অতিরিক্ত গতিতে বাইক চালাচ্ছিলেন। এ সময় মাঝরাস্তায় স্টান্ট করছিলেন তিনি। এতে যানচলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীরাও আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে যুবকটির মোটরসাইকেলে বসানো সাইলেন্সার থেকে বিস্ফোরণের মতো শব্দ বের হচ্ছিল বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ঘটনা নজরে আসতেই ট্রাফিক পুলিশ ওই যুবকের মোটরসাইকেল জব্দ করে।
স্পাইডারম্যান সেজে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক, বড় জরিমানা করল পুলিশ
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হেলমেট ছাড়া বাইক চালানো, অতিরিক্ত গতি, স্টান্ট এবং পরিবর্তিত সাইলেন্সার ব্যবহারের অভিযোগে যুবককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সূত্র : দ্য ওয়াল

অন্যান্য