• September 9, 2025
  • 0 Comments
কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে দেশটি। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, ইসরায়েলের বিরুদ্ধে ৭ অক্টোবর পরিচালিত হামলার মূল পরিকল্পনাকারী এবং দায়ী কয়েকজন শীর্ষ নেতা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এসব ব্যক্তি বহু বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

তবে আইডিএফ তাদের বিবৃতিতে কাতারের নাম সরাসরি উল্লেখ করেনি।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, হামলার সময় বৈঠকস্থলে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন। ১৯৯৭ সালে জর্ডানে তাকে হত্যাচেষ্টা চালিয়েছিল ইসরায়েল।

আলজাজিরা জানায়, উক্ত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতাদের।

ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও বলেন, ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে কাতার কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা

  • September 9, 2025
  • 0 Comments
হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী

জেন-জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে করে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তার সহকারী প্রকাশ সিলওয়াল এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের দুই দিন পর মঙ্গলবার তিনি পদত্যাগ করলেন। এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে।

পদত্যাগের আগে তিনি দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনালাপ করেন এবং দেশ থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তা চান। গুঞ্জন উঠেছে তিনি সম্ভবত পালিয়ে দুবাই অথবা ভারতে আশ্রয় নেবেন।

সেনাবাহিনীর সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিকে পদত্যাগের আহ্বান জানান।

অফিশিয়াল সূত্রে জানা গেছে, অলি সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন এবং দেশের ক্রমাবনত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। এর জবাবে জেনারেল সিগদেল বলেন, সেনাবাহিনী কেবল তখনই হস্তক্ষেপ করে দেশকে স্থিতিশীল করতে পারবে, যদি প্রধানমন্ত্রী অলি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। সেনা সূত্র আরও জানায়, অলি পদত্যাগ করলেই সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়া হয়।

সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘাত।

এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। এই আন্দোলনকে ‘জেন-জি রেভল্যুশন’ নাম দেন বিক্ষোভকারীরা।

  • September 9, 2025
  • 0 Comments
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। 
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

পদত্যাগ পত্রে প্রধানমন্ত্রী ওলি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়া হয়।
 
সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘাত।
 
এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। এই আন্দোলনকে ‘জেন-জি রেভল্যুশন’ নাম দেন বিক্ষোভকারীরা। 
 
 দেশটিতে দুদিনের সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন। আহত হয়েছেন অনেকে। হতাহতের দায় নিয়ে আগেই পদত্যাগ করেন নেপালের বেশ কয়েকজন মন্ত্রী। আর অবশেষে চাপের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রীও।

  • September 9, 2025
  • 0 Comments
যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হলেন শাবানা মাহমুদ

পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনিই প্রথম মুসলিম নারী, যিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। খবর দ্য গার্ডিয়ানের।

ফ্ল্যাট কেলেঙ্কারির কারণে অ্যাঞ্জেলা রেনার উপপ্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর মন্ত্রিসভায় এ রদবদলের ঘোষণাটি এলো। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন, পুলিশ ও জাতীয় নিরাপত্তা প্রশাসন তত্ত্বাবধান করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে রক্ষা করেছেন। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি। আমরা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে স্বাগত জানাই।”

নিজের এক্স পোস্টে শাবানা লিখেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা। দায়িত্ব পালনকালে প্রতিদিন আমি সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকব।”

শাবানা মাহমুদ ১৯৮০ সালে বার্মিংহামে কাশ্মীরি-পাকিস্তানি বাবা-মা জুবাইদা ও মাহমুদ আহমেদের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা মূলত আজাদ কাশ্মীরের মিরপুরের বাসিন্দা, কিন্তু কয়েক দশক আগে লুধারের কাছে ঝিলামের বোহরিয়া গ্রামে চলে আসেন। শাবানা তার শৈশবকাল সৌদি আরবে কাটান। এরপর তিনি যুক্তরাজ্যে যান। সেখানে তিনি অক্সফোর্ডের লিংকন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন।

শাবানা মাহমুদ ২০১০ সালে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি বার্মিংহাম লেডিউড থেকে এমপি নির্বাচিত হন, যা তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়। তিনি যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম এমপিদের একজন। তারপর তিনি ছায়া অর্থমন্ত্রী এবং কারাগারের ছায়া মন্ত্রীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

জেরেমি করবিনের নেতৃত্বে তিনি পদত্যাগ করেন কিন্তু কেয়ার স্টারমারের অধীনে ফিরে আসেন। ২০২৩ সালে তিনি ছায়া বিচারমন্ত্রী ছিলেন এবং ২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টির জয়ের পর, বিচারমন্ত্রী এবং লর্ড চ্যান্সেলর হন।

বিচারমন্ত্রী থাকাকালে তিনি কারাগারের ভিড় কমাতে ‘আগাম মুক্তি কর্মসূচি’ চালু করেন এবং কঠোর নির্বাসন আইনের পক্ষে ছিলেন। কঠোর নির্বাসন ব্যবস্থা উন্মোচন করার সময় তিনি বলেছিলেন, “আপনি যদি আমাদের আতিথেয়তার অপব্যবহার করেন এবং আমাদের আইন ভঙ্গ করেন, তাহলে আমরা আপনাকে বিতাড়িত করব।”

এদিকে রদবদলের অংশ হিসেবে, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে উপ-প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। ৫৩ বছর বয়সী ল্যামি তার নতুন দায়িত্বের পাশাপাশি দুটি পদকে একত্রিত করে বিচারমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।

  • September 9, 2025
  • 0 Comments
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ, ওলির পৈতৃক বাড়িতে হামলা

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছে নেপালের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

মন্ত্রিসভায় উপস্থিত এক মন্ত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাম্প্রতিক সহিংসতায় কাঠমান্ডুতে ১৭ জন ও ইতাহারিতে ২ জনসহ মোট ১৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন চার শতাধিক মানুষ। নিহতদের অধিকাংশই ছিলেন সোমবারের জেন-জি আন্দোলনের বিক্ষোভকারী। এ ঘটনায় নৈতিক দায়িত্ব গ্রহণ করেই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন।

এর আগে দিনভর দলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা। যদিও কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব ছিলেন, তবে লেখক বৈঠকেই নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান এবং পরে মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

রমেশ লেখক গত বছর ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

যুবসমাজের নেতৃত্বে দুর্নীতি ও জবাবদিহির অভাবের বিরুদ্ধে শুরু হওয়া জেন-জি আন্দোলন এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। সোমবারের বিক্ষোভে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে পুলিশ গুলি চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

এই রক্তক্ষয়ী ঘটনার পর থেকেই সরকারের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন।

বিক্ষোভকারীদের টার্গেটে ওলির পৈতৃক বাড়ি

নেপালে চলমান বিক্ষোভের আগুন এবার ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পৈতৃক বাড়িতেও। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে কোশি প্রদেশের দামাক এলাকায় অবস্থিত এই বাড়িকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা অলির বাড়ি লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সেখানে গুলি চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

নেপালে বিক্ষোভ পরিস্থিতি

দুর্নীতি ও জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে শুরু হওয়া জেন-জি আন্দোলন ইতিমধ্যেই দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটছে। এবার সেই বিক্ষোভের আঁচ গিয়ে পৌঁছেছে প্রধানমন্ত্রীর নিজ বাড়িতেও।

বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী অলির নিজ এলাকার বাড়িতে হামলার ঘটনা নেপালের রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর সংকটে ঠেলে দিতে পারে। সরকারের অবস্থান

এ ঘটনায় এখনো প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে দেশজুড়ে বিক্ষোভের বিস্তার এবং রাজনৈতিক চাপ বৃদ্ধির কারণে নেপালের রাজনীতিতে অচলাবস্থা আরও জটিল আকার নিচ্ছে।

  • September 8, 2025
  • 0 Comments
ভারতে ১৪ জন ভণ্ড ‘বাবা’ গ্রেপ্তার, আছে বাংলাদেশিও!

ভণ্ড তান্ত্রিক ও ‘বাবা’দের দৌরাত্ম্য ঠেকাতে ভারতের উত্তরাখণ্ডে বিশেষ অভিযান চালানো হয়েছে। ‘অপারেশন কালনেমি’ নামের এই অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, উত্তরাখণ্ড রাজ্যে ‘অপারেশন কালনেমি’ অভিযানের অংশ হিসেবে ওই ১৪ জন ভণ্ড ‘বাবা’কে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ভুয়া ‘বাবা’রা মানুষের সঙ্গে প্রতারণা ও ধর্মান্তরে জড়িত ছিল।

রোববার এক সংবাদ সম্মেলনে উত্তরাখণ্ড পুলিশের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে জানান, এ অভিযানের আওতায় এ পর্যন্ত ৫ হাজার ৫০০ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের  মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক।

এনডিটিভি বলছে, গত জুলাইয়ে এ অভিযান শুরু হয়। আগস্টে রাজ্য প্রশাসন জানিয়েছিল, সে সময় পর্যন্ত ৪ হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়। আইজি ভরনে বলেন, এ অভিযান ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং বিপুল সংখ্যক মানুষকে তল্লাশি করা হয়েছে।

আইজি নিলেশ আনন্দ জানান, ‘অপারেশন কালনেমি’ নামের এ অভিযানের মূল লক্ষ্য ‘দেবভূমি’র পবিত্র ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা।

গ্রেপ্তার হওয়া একজন বাংলাদেশি নাগরিক সেলাকুই এলাকায় ‘অমিত কুমার’ নামে ভুয়া কাগজপত্র ব্যবহার করে আট বছর ধরে ‘বাঙালি ডাক্তার’ পরিচয়ে বসবাস করছিলেন বলে জানান তিনি।

  • September 8, 2025
  • 0 Comments
ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা, মন্ত্রিপরিষদ ভবনে আগুন, নিহত ৩

আগ্রাসন চালানোর পর ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েছে মন্ত্রিপরিষদ ভবনে আগুন ধরে গেছে। ভয়াবহ সেই অগ্নিশিখা গ্রাস করেছে ভবনটির বৃহৎ অংশ। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে আছে একজন মা ও তার শিশু। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলেছে, শুধু মন্ত্রিপরিষদ ভবনই নয়, আগুন ছড়িয়ে পড়েছে বহু ভবনে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার ভোরে ইউক্রেনে সারা দেশে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। ওডেসা, খারকিভ, দনিপ্রো, জাপোরিঝঝিয়া ও ক্রিভি রিহ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কিয়েভের মন্ত্রিপরিষদ ভবনের ছাদ ও উঁচু তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কো বলেছেন, আমরা ভবন পুনর্নির্মাণ করব, কিন্তু হারানো প্রাণ আর ফিরবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাকে ইচ্ছাকৃত অপরাধ আখ্যা দিয়ে বলেন, এভাবে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। অথচ অনেক আগেই বাস্তব কূটনীতি শুরু হতে পারত। তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্ত প্রতিক্রিয়ার প্রত্যাশা প্রকাশ করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়ার তেল যেসব দেশ কিনবে তাদেরকে শাস্তি দেয়া হবে। তবে এ পর্যন্ত কেবল ভারতকে মাধ্যমিক পর্যায়ের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, মস্কো ৮০৫টি ড্রোন, নয়টি ইস্কান্দার-কে ক্রুজ মিসাইল ও চারটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে।

এর মধ্যে ৭৪৭টি ড্রোন ও চারটি ক্রুজ মিসাইল ইউক্রেন ধ্বংস করেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, একজন নারী ও তার শিশু ড্রোন বিস্ফোরণের আঘাতে রাস্তায় ছিটকে পড়ে নিহত হয়েছেন। আরেক বৃদ্ধা আশ্রয়কেন্দ্রে মারা গেছেন। আরও কয়েকটি আবাসিক ভবন ধ্বংস বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রাশিয়ার হামলাকে কাপুরুষোচিত আক্রমণ বলে অভিহিত করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোনালাপে জেলেনস্কি আন্তর্জাতিক প্রতিক্রিয়া সমন্বয়ের কথা জানিয়েছেন। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইউরোপ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিষেধাজ্ঞায় যোগ দেয় তবে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে। ওডেসা, জাপোরিঝঝিয়া, সুমি ও ক্রেমেনচুকে বেসামরিক অবকাঠামো ও আবাসিক ভবনে হামলা হয়েছে। সুমি অঞ্চলে এক শিশুসহ আহত হয়েছেন অনেকে। জাপোরিঝঝিয়ায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে রুশ সূত্র বলছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে আগুন লাগে, যদিও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়।

  • September 5, 2025
  • 0 Comments
ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ১১ টন ত্রাণ পাঠাল বাংলাদেশ

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের জন্য জরু‌রি ত্রাণসামগ্রী পাঠাল বাংলা‌দেশ। কম্বল, শীত বস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, এবং ওষুধসহ ১১টন সহায়তা পাঠানো হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় ত্রাণ বহনকারী বিমান বাহিনীর বিমানটি সেনা নিবাসের বিমান ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশে ছেড়ে যায়। ত্রাণ হস্তান্তর ও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়ার জন্য সঙ্গে যান ১৬ সদস্যের প্রতিনিধি দল।

বিমান উড্ডয়নের আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপারেশন্স ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবিলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা দেয়া হচ্ছে। ত্রাণ বহনকারী বিমানটির সঙ্গে সশস্ত্র বিভাগের একজন সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন এবং বিমান বাহিনীর ১৪ সদস্যসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আলীমুল আমীন বলেন, বাংলাদেশ সরকারের এই মানবিক সহায়তা আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতেও বৈশ্বিক যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ।

জানা গেছে, আফগানিস্তানে ত্রাণসামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, প্রাণ-আরএফএল একযোগে কাজ করেছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এতে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারান, আহত হন সাড়ে তিন হাজারের বেশি এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের শিওয়ার জেলা ও পাকিস্তান সীমান্তবর্তী বারকাশকট এলাকায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ২০২২ সালের ভূমিকম্পের পরও আফগানিস্তানে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল।

  • September 4, 2025
  • 0 Comments
এবার বেপরোয়া ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিল আরব আমিরাত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ প্রায় ২৩ মাস ধরে অমানবিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নাম দিয়ে প্রতিদিনই দখলদার বাহিনী ভয়াবহ হামলা ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে নিরীহ গাজাবাসীর ওপর। দখলদারদের নারকীয় এ হত্যাযজ্ঞ শুরুর পর থেকে এখন পর্যন্ত মৃত্যুহীন একটি দিন পার করতে পারেনি ভূখণ্ডটির বাসিন্দারা। 

সম্প্রতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলের পরিকল্পনা নিয়ে প্রকাশ্য ঘোষণা দেওয়ার পর তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়ে যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র নিন্দা ও প্রতিবাদ হলেও সেগুলোকে গ্রাহ্যই করছে না নেতানিয়াহু ও তার প্রশাসন। জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতও অমানবিক এ আগ্রাসনে লাগাম টানতে ব্যর্থ। এরই মধ্যে দখলকৃত পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের মানচিত্রে মিলিয়ে ফেলার পরিকল্পনাও এখন প্রকাশ্যে। 

এ অবস্থায় এবার দখলদার রাষ্ট্রটিকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েল তার এই দখলনীতিতে অটল থাকলে আমিরাতের সঙ্গে হওয়া তাদের আব্রাহাম চুক্তি ঝুঁকির মধ্যে পড়ে যাবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশটি। মূলত, আরব আমিরাত ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতেই করা হয়েছিল এই চুক্তি। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল তার মানচিত্রে অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি যুক্ত করে নিলে, তা চূড়ান্ত সীমা লঙ্ঘনের শামিল হবে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। 

দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেছেন, এ ধরনের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি–রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা নস্যাৎ করবে।

আরব আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সরকার।

নুসেইবেহ এমন এক সময়ে এ মন্তব্য করেছেন, যখন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় চার-পঞ্চমাংশ দেশটির সঙ্গে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করেছেন।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে প্রায় ১৬০টি বসতি গড়ে তুলেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ।

রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখতে চায় ফিলিস্তিন। ওই অঞ্চলে প্রায় ৭ লাখ ইহুদি ও ৩৩ লাখ ফিলিস্তিনির বসবাস।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। চুক্তির অন্যতম শর্ত ছিল—ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তৎকালে পশ্চিম তীরের কিছু অংশ দেশটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা বাদ দিতে হবে। 

সে সময় নেতানিয়াহু বলেছিলেন, পরিকল্পনা ‘সাময়িকভাবে স্থগিত’ করা হলো, তবে সেটি এখনও আলোচনার টেবিলে রয়ে গেছে।

আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেন, শুরু থেকেই আমরা আব্রাহাম চুক্তিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখা ও তাদের স্বাধীন রাষ্ট্রের বৈধ আকাঙ্ক্ষার পক্ষে কূটনৈতিক সুযোগ হিসেবে দেখেছি। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের কাছে চরম সীমা লঙ্ঘন বলে  প্রতীয়মান হবে।

  • September 3, 2025
  • 0 Comments
ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, ভার্জিনিয়ার বাসিন্দা ব্রেন্ট ক্রিস্টেনসেন, যিনি সিনিয়র ফরেন সার্ভিসের ‘ক্লাস অফ কাউন্সেলর’-এর একজন ক্যারিয়ার সদস্য, তাকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।
বর্তমানে ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ সাল থেকে টানা তিন বছর তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগের কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
মার্কিন সিনেট এই মনোনয়ন অনুমোদন করলে, ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। পিটার হাস গত বছর রাষ্ট্রদূতের দায়িত্ব শেষে অবসরে যান। এরপর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন।
এ বিষয়ে মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ বাংলাদেশ সময় বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুত এই মনোনয়ন অনুমোদন করবে।

অন্যান্য