• October 6, 2025
  • 0 Comments
হরিরামপুরে কুমিরের আতঙ্ক! পদ্মার শাখা নদীতে দেখা মিললো কুমির!

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নের পদ্মার শাখা নদীতে দেখা মিলেছে বড় আকৃতির একাধিক কুমিরের।
স্থানীয়দের দাবি, এখন পর্যন্ত অন্তত তিনটি কুমির খালে ঘোরাফেরা করছে। দৈর্ঘ্যে সাত থেকে আট হাত লম্বা এই কুমিরগুলো দেখে গ্রামজুড়ে নেমে এসেছে চরম আতঙ্ক।

প্রথমে দশ দিন আগে একটি কুমির নজরে এলেও এখন প্রায় প্রতিদিনই নদীতে দেখা যাচ্ছে কুমির। ধারণা করা হচ্ছে—বর্ষার পানির স্রোতের সঙ্গে মূল পদ্মা থেকেই সরু শাখা নদীতে প্রবেশ করেছে তারা।

গ্রামের বাস্তব চিত্র দেখা গেছে, খালে গোসল, কাপড় ধোয়া ও পানি সংগ্রহ বন্ধ করে দিয়েছে শতশত পরিবার। এমনকি জেলেরা মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন, ফলে জীবিকা সংকটে পড়েছেন।

হাঁস-মুরগি পর্যন্ত কুমিরের শিকার হচ্ছে, এতে ভয়ে মানুষজন খালের ধারেও যেতে চাইছেন না।

স্থানীয় জেলে আলমাসের ক্ষোভ, “কুমিরের ভয়ে মাছ ধরা বন্ধ হইছে। এমনিতেই মাছ নাই, যা আছে তাও কুমিরের কারণে ধইরতে পারতেছি না।”
চর বংখুরির মাজেদা আক্তার বলেন, “আজ সকালে পানি তুলতে গেছিলাম, দেখি কুমির ঘাটের দিকে আসতেছে। আমি ভয়ে দৌড় দেই। পরে দেখি একটা হাঁস কুমিরে ধরে নিয়ে গেলো।”
বড়ইচারা গ্রামের নিতাই সরকার বলেন, “প্রায় দশদিন যাবৎ কুমির দেখা যাচ্ছে। জেলেরা ভয়ে মাছ ধরতে নামতে পারছে না। দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহুরুল হক জানান, বিষয়টি বনবিভাগের দায়িত্ব, প্রয়োজনে সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত বলেন, “জেলা প্রশাসককে জানানো হয়েছে। বনবিভাগের মাধ্যমে উদ্ধার প্রক্রিয়া চলছে।”

অন্যান্য