মানিকগঞ্জে নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত, মোট শনাক্ত ৫৩৬
মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ১৫ জন রোগী শনাক্ত হয়েছে । এনিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩৬ ।
আজ সোমবার (২৫ আগস্ট) মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর ফলে এ বছর জেলায় সর্বমোট শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা এখন ৫৩৬।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৪ জন, এবং গত ২৪ ঘণ্টায় ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। তবে প্রতি দিনেই নতুন নতুন রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জেলা শহরসহ বিভিন্ন উপজেলা এলাকায় মশাবাহিত এ রোগের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সবচেয়ে কার্যকর উপায়। এজন্য তারা ঘরের আশপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে, মশারি ব্যবহার করতে এবং জ্বর হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে সাধারণ মানুষকে অনুরোধ করেছেন।
উল্লেখ্য, গত মৌসুমে জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছিলেন দুই হাজার ৩৪৮ জন। আর আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল দুইজনের।


