• September 27, 2025
  • 0 Comments
বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ওমান কূটনৈতিক প্রশিক্ষণ এবং অধ্যয়নের ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এর লক্ষ্য হচ্ছে ২ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সক্ষমতা এবং পেশাদার দক্ষতা বৃদ্ধি করা।

শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আলবুসাইদির মধ্যে বৈঠকের পর এই চুক্তি সই হয়।

আলোচনার সময় উভয় নেতা বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ৭ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওমানের শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আরও জনবল নিয়োগের অনুরোধ জানান।

বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে স্বাক্ষরিত নতুন এই সমঝোতা স্মারকটি কূটনৈতিক অধ্যয়ন, প্রশিক্ষণ এবং দক্ষতা বিনিময়ে সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

এই চুক্তিটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলবে।

  • September 5, 2025
  • 0 Comments
ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ১১ টন ত্রাণ পাঠাল বাংলাদেশ

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের জন্য জরু‌রি ত্রাণসামগ্রী পাঠাল বাংলা‌দেশ। কম্বল, শীত বস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, এবং ওষুধসহ ১১টন সহায়তা পাঠানো হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় ত্রাণ বহনকারী বিমান বাহিনীর বিমানটি সেনা নিবাসের বিমান ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশে ছেড়ে যায়। ত্রাণ হস্তান্তর ও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়ার জন্য সঙ্গে যান ১৬ সদস্যের প্রতিনিধি দল।

বিমান উড্ডয়নের আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপারেশন্স ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবিলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা দেয়া হচ্ছে। ত্রাণ বহনকারী বিমানটির সঙ্গে সশস্ত্র বিভাগের একজন সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন এবং বিমান বাহিনীর ১৪ সদস্যসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আলীমুল আমীন বলেন, বাংলাদেশ সরকারের এই মানবিক সহায়তা আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতেও বৈশ্বিক যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ।

জানা গেছে, আফগানিস্তানে ত্রাণসামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, প্রাণ-আরএফএল একযোগে কাজ করেছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এতে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারান, আহত হন সাড়ে তিন হাজারের বেশি এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের শিওয়ার জেলা ও পাকিস্তান সীমান্তবর্তী বারকাশকট এলাকায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ২০২২ সালের ভূমিকম্পের পরও আফগানিস্তানে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল।

  • September 3, 2025
  • 0 Comments
ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, ভার্জিনিয়ার বাসিন্দা ব্রেন্ট ক্রিস্টেনসেন, যিনি সিনিয়র ফরেন সার্ভিসের ‘ক্লাস অফ কাউন্সেলর’-এর একজন ক্যারিয়ার সদস্য, তাকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।
বর্তমানে ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ সাল থেকে টানা তিন বছর তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগের কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
মার্কিন সিনেট এই মনোনয়ন অনুমোদন করলে, ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। পিটার হাস গত বছর রাষ্ট্রদূতের দায়িত্ব শেষে অবসরে যান। এরপর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন।
এ বিষয়ে মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ বাংলাদেশ সময় বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুত এই মনোনয়ন অনুমোদন করবে।

অন্যান্য