• September 4, 2025
  • 0 Comments
অশালীন মন্তব্যে ছাত্রদল নেতাকে বহিষ্কারের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে বহিষ্কারের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিলনকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন জুলাই-৩৬ হলের ছাত্রীরা।

এ সময় তারা ‘ইভটিজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘নারীদের বুলিং করে, প্রশাসন কী করে?’, ‘ইভটিজারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ বলে নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ থেকে ছাত্রীরা ছাত্রদল আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার, মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাইওয়ার শর্ত দেন। এছাড়া সাইবার বুলিং সেল গঠন, ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যের জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা।

ছাত্রদল নেতাআনিসুর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে আছেন। অভিযোগ ওঠার পর রাতে ওই নেতার পদ সাময়িক স্থগিতের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, “বিষয়টির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত আনিসুর রহমানের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। সত্যতা যাচাই ও সঠিক তদন্ত নিশ্চিত করার জন্য ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পদাক শফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসা করেছি। তিনি জানিয়েছেন, তার আইডির নিয়ন্ত্রণ তার কাছে ছিল না। সাংগঠনিক দায়িত্বে থেকে এমনটা করার কথা না।

আমরা বিষয়টি খতিয়ে দেখব। যদি ঘটনার সতত্য পাওয়া যায়, তাকে আজীবনের জন্য ছাত্রদল থেকে বহিষ্কার করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শাস্তি দেওয়ার জন্য ছাত্রদল থেকে সুপারিশ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আগামীকাল প্রক্টরিয়াল বডি থেকে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

অন্যদিকে, ছাত্রদল নেতার অশালীন মন্তব্যের প্রতিবাদ ও তাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে কাল বেলা ১১টায় প্যারিস রোডে একযোগে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা। এছাড়া একই সময়ে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন ও সোচ্চারও বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাত ১১টার পরে হলে ফেরায়, জুলাই-৩৬ হলের ৯১ ছাত্রীকে প্রাধ্যক্ষের অফিসে তলব করে নোটিশ দেয় হল কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরদিন মঙ্গলবার সমালোচনার মুখে অনিবার্য কারণ দেখিয়ে নোটিশটি প্রত্যাহার করে নেয় হল প্রশাসন। ফেসবুকে এ-সংক্রান্ত একটি ফটোকার্ডের মন্তব্যের ঘরে ছাত্রদল নেতা আনিসুর রহমানের আইডি থেকে ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলে মন্তব্য করা হয়।

  • September 4, 2025
  • 0 Comments
ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’ এমন বক্তব্য দেওয়া যুবদল নেতা মাওলানা আবুল খায়েরকে বহিষ্কার করা হয়েছে। স্থগিত করা হয়েছে তার প্রাথমিক সদস্যপদও।

বুধবার (৩ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে বুধবার দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলা শাখার অধিনস্থ চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলে উল্লেখ করা হয়। এ ছাড়া, যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে কুমিল্লা উত্তর জেলা যুবদলের একাধিক নেতৃবৃন্দ জানান, নির্বাচনে আলাদা ব্যালট পেপার ছাপানোর ঘোষণা সম্পূর্ণ অরাজনৈতিক। তার এমন বক্তব্য দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। চিঠিতে সুনির্দিষ্টভাবে ‘ব্যালট পেপার ছাপানোর ঘোষণা’ উল্লেখ না করলেও মূলত ওই বক্তব্যের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে সদ্য বহিষ্কৃত চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের বলেন, এখনও আমি কোনো চিঠি হাতে পাইনি। দল যদি আমাকে বহিষ্কার করে তারপরও দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।

এদিকে, একই প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম নাসেরকেও বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলার কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় মাও. আবুল খায়ের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’ এমন বক্তৃতা দিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় তোলেন।

অন্যান্য