ন্যায্য মূল্যে সার-বীজের দাবিতে মানিকগঞ্জে কৃষকদের মানববন্ধন
‘এক দেশ, এক রেট—বাঁচলে কৃষক, বাঁচবে দেশ’ এই প্রাণের স্লোগানে ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহের দাবিতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে কৃষকদের বিক্ষুব্ধ মানববন্ধন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার সিংজুরী ইউনিয়ন কৃষক সমাজের উদ্যোগে সিংজুরী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় দুই শতাধিক কৃষক।
বক্তারা অভিযোগ করেন, কৃষকের ঘামে ফলানো ফসলের সঠিক দাম মিলছে না, উল্টো সার-বীজের বাজারে চলছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। ফলে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার ও কীটনাশক কিনতে বাধ্য হচ্ছেন তারা।
মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো. তোজাম্মেল হক তোজা, স্থানীয় কৃষক আলেক মিয়া, মিনহাজ উদ্দিন, আলতাব হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আব্দুল হক, তোরাব আলী ও মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তোজাম্মেল হক তোজা বলেন, “আমরা কারও বিরোধিতা করছি না, আমরা শুধু চাই কৃষক যেন হয়রানি ছাড়াই সরকারি দামে সার ও বীজ পেতে পারে। কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রতি বস্তায় সরকারি দামের চেয়ে এক হাজার টাকা পর্যন্ত বেশি নিচ্ছে—এটা সম্পূর্ণ অন্যায়।”
“কৃষকই দেশের মেরুদণ্ড। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই বাজার নিয়ন্ত্রণ ও সরকারি নজরদারি জোরদার করতে হবে।”
স্থানীয় কৃষকদের দাবি, সরকারি দামে সার-বীজ ও কীটনাশক বিক্রি নিশ্চিতে কড়া মনিটরিং ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থা গড়ে তোলা হোক।
