• September 27, 2025
  • 0 Comments
ঘিওরে অবৈধ বালু উত্তোলনকারীদের এলাকাবাসীর ধাওয়া

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীর কুস্তা এলাকায় দীর্ঘদিন ধরে বাবর বাহিনীর নিয়ন্ত্রণে কাটিং মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছিল। প্রশাসনকে এড়িয়ে রাত-দিন চলতে থাকা এই অবৈধ কর্মকাণ্ডে ইতোমধ্যেই ফসলি জমি ও বহু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে।

বারবার প্রতিবাদ ও মানববন্ধন করেও যখন সুফল মিলছিল না, তখন শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে গ্রামবাসী। ধাওয়া খেয়ে বাবরের লোকজন খননযন্ত্র সরিয়ে নিতে বাধ্য হয়। তবে আতঙ্ক এখনো কাটেনি—বাড়িঘর হারানোর ভয় আর হুমকির আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন তারা।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ,“বছরের পর বছর আমাদের ফসলি জমি নদীতে বিলীন হলেও ক্ষতিপূরণ তো দূরের কথা, উল্টো ভয়ভীতি দেখানো হয়েছে।”

এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম জানিয়েছেন,“এবারের ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে, ভবিষ্যতে অবৈধ ড্রেজার বসালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, বাবর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশারের হাত ধরে বালু ব্যবসায় নামলেও সরকার পতনের পর একক নিয়ন্ত্রণ নেয় এবং রাজধানীসহ আশপাশে বালু সরবরাহের জন্য একটি সংগঠিত চক্র গড়ে তোলে।

এখন দেখার বিষয় গ্রামবাসীর প্রতিবাদ কি স্থায়ী সমাধান বয়ে আনবে, নাকি আতঙ্কের ছায়া আরও ঘনিয়ে আসবে

  • September 23, 2025
  • 0 Comments
ঘিওরে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু,অর্থ-স্বর্ণালঙ্কার লুটপাট

মানিকগঞ্জের ঘিওরে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ডাকাতি ও হত্যাকাণ্ড। পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে সোমবার গভীর রাতে একদল ডাকাত বাড়িতে হামলা চালায়। তারা ৫৫ বছর বয়সী গৃহবধূ রাশিদা বেগমকে নির্মমভাবে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, রাতে ডাকাত দল আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয়। গৃহবধূ রাশিদা বেগমকে খুন করে ঘরে থাকা অর্থ-স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ জানান, “ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় রাশিদা বেগমকে হত্যা করে।”

প্রবাস জীবন শেষে দেশে ফেরা রাশিদা বেগম ছিলেন একমাত্র মেয়ে তাসলিমার মা। বর্তমানে তার মেয়ে জর্ডানে অবস্থান করছেন। পশ্চিম বাইলজুড়ীতে তিনি একাই বসবাস করছিলেন। ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি পাশের ঘরে অবস্থান করলেও তারা অক্ষত থাকেন।

এ হত্যাকাণ্ডের পর গ্রামে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনূর ইসলাম জানিয়েছেন, “খুনের ঘটনা নিশ্চিত, তবে এটি ডাকাতি কি না তদন্ত শেষে বলা যাবে।”

একাকী বসবাসকারী নারীকে এভাবে প্রাণ দিতে হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

  • September 14, 2025
  • 0 Comments
ঘিওরে কালীগঙ্গায় ড্রেজিংয়ে ভয়াবহ ভাঙন আতঙ্ক, ঝুঁকিতে তরা সেতু!

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালীগঙ্গা নদীতে চলছে বেপরোয়া ড্রেজিং। সরকারি অনুমোদিত সীমানা না মেনে সেতুর মাত্র ১০০-১৫০ গজ দূরে ৮টি ড্রেজার বসিয়ে চলছে দিন-রাত বালু উত্তোলন।
ফলে ভয়াবহ নদীভাঙনের মুখে পড়েছে, ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ তরা সেতু, রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, একটি মসজিদ ও একটি মন্দির, শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা।
এ পর্যন্ত পাঁচটি বসতভিটা কালীগঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে।
ভুক্তভোগীরা বলছেন,“আমাদের ঘরগুলো একের পর এক নদীতে চলে যাচ্ছে, ড্রেজিং বন্ধ করতে না পারলে আমাদের থাকার জায়গাটুকুও থাকবে না।”
হামেলা বেগম, স্বামীহারা দিনমজুর, দুই সন্তান নিয়ে আজ ঘরহারা হওয়ার দ্বারপ্রান্তে। ২২ শতাংশ জমির মধ্যে ১৮ শতাংশ হারিয়ে নুরুল ইসলাম দিশেহারা।
বিদ্যালয়ের শিক্ষক নিত্যানন্দ বসাক বলছেন, “ড্রেজিংয়ের শব্দে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রদের মনোযোগ নষ্ট হচ্ছে। সেতু ও স্থাপনাগুলোও হুমকির মুখে!”
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা কামাল হোসেনের নামে ইজারা হলেও প্রকৃত নিয়ন্ত্রক মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ। জানা গেছে, ১০০টি শেয়ার বিক্রি করে এই বিপজ্জনক ড্রেজিং কার্যক্রম চালানো হচ্ছে।

এব্যাপারে জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, “নির্ধারিত সীমানার বাইরে বালু তুললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে ইজারা বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হবে।”

কিন্তু এলাকাবাসীর প্রশ্ন, তরা সেতু কি পরিণত হবে পরবর্তী নদীগর্ভে হারানো ইতিহাসের অংশ? প্রশাসনের ব্যবস্থা আসবে, না ততদিনে বিলীন হয়ে যাবে ঘরবাড়ি, স্কুল আর মসজিদ?।

  • August 26, 2025
  • 0 Comments
ঘিওরে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগি এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও বিপণন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সোমবার ২৫ আগষ্ট উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বিত উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একাধিক অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

স্থানীয় সচেতন মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙন ও ফসলি জমি হুমকির মুখে ফেলেছিল অবৈধ বালু খেকোরা। প্রশাসনের এমন উদ্যোগে জনস্বার্থ রক্ষা পাবে।

অন্যান্য