• September 13, 2025
  • 0 Comments
বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন মাহবুব

মানিকগঞ্জের সিংগাইরে ঘটেছে এক অবিস্মরণীয় বিয়ের গল্প, ছোটবেলা থেকেই বাবার স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন।
বাবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মাহবুব আলম নিজেই হয়ে উঠলেন আলোচনার কেন্দ্রবিন্দু।

গতকাল শুক্রবার বিকেল ৩টায় গোবিন্দল খেলার মাঠ থেকে হেলিকপ্টারে চেপে পাশের গ্রাম মধ্য সিংগাইর মহল্লায় কনে মিথিলার বাড়িতে হাজির হন মাহবুব।
মাত্র ৩ কিলোমিটারের পথ তবুও আবেগ, ভালোবাসা আর স্বপ্নের পরিপূর্ণতায় ভরপুর ছিল প্রতিটি মুহূর্ত।

বরযাত্রীদের জন্য হায়েস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ মিছিল যেন পুরো গ্রামটিকে পরিণত করেছিল উৎসবমুখর প্রাঙ্গণে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টার দিকে নববধূকে সঙ্গে নিয়ে ফেরেন সেই হেলিকপ্টারেই।

গ্রামবাসীদের জন্য এটি ছিল এক ঐতিহাসিক দৃশ্য| প্রথমবারের মতো কেউ হেলিকপ্টারে বিয়ে করলেন এই গ্রামে।
শত শত মানুষ স্মৃতি ধরে রাখতে ক্যামেরা ও মোবাইলে বন্দি করেছেন সেই রোমাঞ্চকর মুহূর্ত।

মাহবুব বলেন, “বাবার স্বপ্ন ছিল আমাকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন, আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। সবার কাছে দোয়া চাই, যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।”

নববধূ মিথিলাও জানালেন হেলিকপ্টারে শ্বশুরবাড়ি যেতে পেরে তার আনন্দের কথা।

  • September 9, 2025
  • 0 Comments
সিংগাইরে এজেন্ট ব্যাংকের নামে প্রতারণা, নিঃস্ব দুই শতাধিক পরিবার

মানিকগঞ্জের সিংগাইরে ঘটেছে এক চাঞ্চল্যকর প্রতারণা। অগ্রণী এজেন্ট লিমিটেড নামে একটি ভুয়া প্রতিষ্ঠান নিজেদের অগ্রণী ব্যাংকের অনুমোদিত এজেন্ট পরিচয় দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৫০ লাখ টাকা।

উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাসস্ট্যান্ডে অবস্থিত এই কার্যালয়ে কয়েক মাস ধরে গ্রাহকদের সঞ্চয় ও ঋণের প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করছিল প্রতারক চক্রটি। হঠাৎ করেই মালিকপক্ষ গা ঢাকা দিলে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা প্রতিষ্ঠানটির মাঠকর্মী মাহমুদুল হাসান ও জান্নাতুল নামে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় গৃহিণী মর্জিনা কাঁদতে কাঁদতে বলেন, “তিন মাসের জন্য আমি ১ লাখ ৭০ হাজার টাকা জমা রেখেছিলাম। আজ এসে দেখি অফিস খালি। বছরের পর বছর কষ্ট করে জমানো সব শেষ হয়ে গেল। আমার টাকা ফেরত চাই, আর প্রতারকদের কঠিন শাস্তি চাই।”

মাসুদ রানা, আবদুস সামাদ, ইশার আলী, রুবিয়া, আনেছা, সফিজুদ্দি, মাজেদা, দিলরুবা, তাছলিমা, চায়না, রুকসানা, সালেহা, হাবিবা ও আলমগীরসহ আরও অনেকে একই অভিযোগ তুলেছেন। তাদের দাবি, ঋণের নামে প্রতারণা করে তিন লাখ টাকার ঋণ দেওয়ার অজুহাতে আগে ২৪ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। ৮ সেপ্টেম্বর ঋণ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও অফিসে এসে দেখেন সবাই উধাও।

অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম স্পষ্টভাবে জানান, “অগ্রণী এজেন্ট লিমিটেডের সঙ্গে অগ্রণী ব্যাংকের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভুয়া প্রতিষ্ঠান।”

অন্যদিকে প্রতারক প্রতিষ্ঠানের ম্যানেজার ওমর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, “দুই কর্মচারীকে আটক করা হয়েছে। প্রতারণার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

এ ঘটনায় অন্তত কয়েক ডজন পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে। স্থানীয়দের দাবি, এ ধরনের প্রতারণা রোধে কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে গ্রামীণ অর্থনীতি আরও ভেঙে পড়বে।

  • September 4, 2025
  • 0 Comments
সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন প্রশিকা সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর থানার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৩) এবং হরিরামপুর থানার কৌরি ঝিটকা গ্রামের মৃত শেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

আহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন (৩২) এবং পাবনার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০)।

পথচারীরা জানান, মানিকগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • September 2, 2025
  • 0 Comments
সিংগাইরে ভেজাল সারকাণ্ডে অভিযান: ১২ বস্তা টিএসপি জব্দ, আটক ২

মানিকগঞ্জের সিংগাইরে কৃষকদের সাথে প্রতারণা করে ভেজাল সার বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ বাজারে মুন্নু এন্টারপ্রাইজে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

আটককৃতরা হলেন, দোকানের পরিচালক আব্দুল মান্নান খানের ছেলে মো. বিশাল খান এবং হেমায়েতপুরের অটোচালক মো. মামুনুর রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর থেকে একটি অটোবাইকে সার আনতে দেখে উপসহকারী কৃষি কর্মকর্তার সন্দেহ হয়। পরে সার পরীক্ষা করে তা ভেজাল প্রমাণিত হলে দুইজনকে আটক করা হয়। এসময় মুন্নু এন্টারপ্রাইজ থেকে ১২ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করে প্রশাসন। দীর্ঘদিন ধরেই দোকানটির মাধ্যমে কৃষকদের কাছে ভেজাল সার সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, “কৃষকদের ক্ষতি ও ফসল নষ্টের আশঙ্কা রোধে এ ধরনের ভেজাল সার কারসাজি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।”

এ ঘটনায় কৃষক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

  • August 27, 2025
  • 0 Comments
সিংগাইরে র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বুলেট আটক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় র‌্যাব-৪ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে পৌরসভার গোবিন্দল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তির নাম বুলেট, সে গোবিন্দল এলাকার তোতা মিয়ার ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলেটের কাছ থেকে ১৪ কেজি গাঁজা (সিদ্ধি) উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

র‌্যাব-৪ এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটক বুলেটের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

অন্যান্য