• August 25, 2025
  • 0 Comments
“গাজিখালি নদীর ভাঙা ব্রিজে আটকে দশ গ্রামের স্বপ্ন, পাঁচ বছরেও শুরু হয়নি নির্মাণকাজ”

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গাজিখালি নদীর ওপর একটি ভাঙা ব্রিজের কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের অন্তত দশ গ্রামের মানুষ। পাঁচ বছরেও কাজের অগ্রগতি নেই।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে ভাঙা ব্রিজটির জায়গায় নতুন সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা ও জরিপ কাজ সম্পন্ন করা হয়। কিন্তু সেই থেকে আজ অবধি কোনো কাজ শুরু হয়নি। ফলে গ্রামবাসীর স্বপ্নের ব্রিজ এখনো কাগজেই সীমাবদ্ধ।
ব্রিজ ভাঙার কারণে ওই এলাকার মানুষকে প্রতিদিন নদী পারাপারে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও কৃষকদের কষ্ট সবচেয়ে বেশি। গাজিখালি নদী পাড়ি দিতে হয় নৌকা বা বিকল্প পথে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। বর্ষাকালে এ দুর্ভোগ আরও তীব্র হয়ে ওঠে।
কৃষকরা ফসল বাজারজাত করতে হিমশিম খাচ্ছেন। একইভাবে জরুরি সময়ে রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, যাতায়াতের সুবিধা না থাকায় গ্রামে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, “আমরা বারবার শুনেছি ব্রিজ হবে, কিন্তু পাঁচ বছরেও কাজ শুরু হয়নি। বাচ্চাদের স্কুলে নিতে হলে আমাদের কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়া সবচেয়ে কষ্টের।”

শিক্ষার্থী তানিয়া আক্তার জানায়, “ব্রিজ না থাকায় বর্ষায় স্কুলে যেতে আমাদের ভয় লাগে। নৌকা ডুবে গেলে কী হবে এই আতঙ্ক নিয়ে প্রতিদিন যাতায়াত করি।”
অভিযোগ রয়েছে, বারবার আশ্বাস দেওয়া হলেও ব্রিজ নির্মাণের কার্যক্রম শুরু হয়নি। এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ে ব্রিজের নির্মাণকাজ শুরু করতে হবে, নইলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

অন্যান্য