• September 22, 2025
  • 0 Comments
দৌলতপুরে ব্রিজের মূল কাজ শেষ,মাটি ভরাটে জটিলতা, দুর্ভোগে সাধারণ মানুষ

মানিকগঞ্জের দৌলতপুরে একটি গুরুত্বপূর্ণ ব্রিজের মূল কাঠামো নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়কে মাটি ভরাটসহ বিভিন্ন জটিলতার কারণে ব্যবহার শুরু হয়নি এখনো। ফলে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, বহু প্রতীক্ষার পর ব্রিজের কাজ শেষ হলেও এখনো দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক ঠিকঠাক করা হয়নি। তাই ব্রিজ থাকলেও তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না।
চরম ভোগান্তির শিকার হচ্ছে প্রতিদিনের যাত্রী, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা।
এলাকাবাসীর অভিযোগ, ব্রিজের কাজ দ্রুত শেষ হলেও সংযোগ সড়ক সম্পূর্ণ না হওয়ায় তারা সরকারের উন্নয়নের সুফল পাচ্ছেন না।

একাধিক ভুক্তভোগী বলেন,”ব্রিজটা তৈরি হলেও আসল সুবিধা পাচ্ছি না। রোগী, শিক্ষার্থী, কৃষক, সবাই কষ্টে আছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত মাটি ভরাট শেষ করা।”

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বাজেট ও কারিগরি জটিলতার কারণে কাজ আটকে আছে। তবে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

দৌলতপুরে ব্রিজ থাকলেও ব্যবহার করা যাচ্ছে না, মাটি ভরাট ও সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগে সাধারণ মানুষ। এলাকাবাসীর একটাই দাবি: “দ্রুত কাজ শেষ হোক, যেন আমরা স্বস্তিতে চলাফেরা করতে পারি।”

  • August 27, 2025
  • 0 Comments
দৌলতপুরে অবৈধ বাল্কহেডে কঠোর অভিযান, জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুরে নদী ভাঙন রোধ ও জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আবু ডাংগা ও রামচন্দ্রপুর নদীপথে পরিচালিত অভিযানে নিষিদ্ধ ৬টি বালুবাহী বাল্কহেড জব্দ করা হয়।

অভিযানে অংশ নেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন। তিনি জানান, নদী দিয়ে বাল্কহেড চলাচল কঠোরভাবে নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে বালু পরিবহন অব্যাহত রেখেছিল মালিক-চালকরা। এর ফলে নদীপাড় ভাঙনের তীব্রতা বেড়ে শত শত পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং সরকারি আশ্রয়ণ প্রকল্প চরম ঝুঁকির মুখে পড়েছে।

অভিযানে আটক হওয়া বাল্কহেডগুলো হলো— হোসাইন মাহমুদ, নিউ সোনার বাংলা-১, নূরে জান্নাত-৬, হাসিবুল হাসবি ভান্ডারী, জান্নাতুল রাতুল-১ ও আলিফা আফরিদ-১। প্রতিটি বাল্কহেডের মালিককে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দীর্ঘদিন ধরে স্থানীয়রা অবৈধ বাল্কহেড বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

অন্যান্য