মানিকগঞ্জে জাল নাগরিক সনদে পাসপোর্ট বানাতে গিয়ে দালালসহ আটক ৩
মানিকগঞ্জ সদর উপজেলায় পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে জাল নাগরিক সনদপত্র তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেজবাহ-উল-সাবেরিন।
আটককৃতরা হলেন, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা জাহাঙ্গীরনগর এলাকার সোহানুর রহমান (২২), পৌরসভার বেউথা এলাকার আরিফ হোসেন (৩৬) এবং পশ্চিম উড়িয়াজানি এলাকার মনির হোসেন (৪৫)। এর মধ্যে আরিফ ও মনির দীর্ঘদিন ধরে দালালচক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, আসল কাগজপত্রে জটিলতা থাকায় সোহানুর রহমান ১৬ হাজার টাকায় পাসপোর্ট করাতে দালাল আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আরিফের সহযোগিতায় মনির হোসেন জাল নাগরিক সনদপত্র তৈরি করে। কিন্তু সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন ও পরবর্তীতে ইউএনও শেখ মেজবাহ-উল-সাবেরিনের নাম, পদবী ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হয়। বিষয়টি উপজেলা নির্বাচন অফিসের নজরে আসলে ইউএনও নিজে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করেন।
ইউএনও শেখ মেজবাহ-উল-সাবেরিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, এ ধরনের জালিয়াতি করে বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ করছিলো একটি সংঘবদ্ধ চক্র।
সদর থানার ওসি এস.এম. আমান উল্লাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন। বর্তমানে ইউএনও শেখ মেজবাহ-উল-সাবেরিন ইউনিয়ন প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
