• September 16, 2025
  • 0 Comments
কাতারে হামলা না করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর, ট্রাম্প

গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে ভবিষ্যতে আর হামলা চালাবে না ইসরায়েল—এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের ঘনিষ্ঠ মিত্র। তিনি ভবিষ্যতে কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন।”

এর আগে, ৮ সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। লক্ষ্য ছিল কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতারা। মাত্র ১৫ মিনিটের এই অভিযানে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ৫ জনসহ মোট ৬ জন নিহত হন। তবে প্রাণে বেঁচে যান হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া ও অন্যান্য হাইকমান্ড সদস্যরা।

এই হামলার ঘটনায় বিশ্বের অনেক দেশ ইসরায়েলকে নিন্দা জানায়। হামলার পরদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেন, কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে দোহাকে সতর্কবার্তা পাঠানো হয়, যা মার্কিন সেনাঘাঁটি থেকেও পুনরায় জানানো হয়।

তবে ট্রাম্প পরে বলেন, “না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনি যেভাবে হামলার খবর পেয়েছেন, আমিও সেভাবেই জেনেছি।”

সূত্র: আনাদোলু এজেন্সি

  • September 14, 2025
  • 0 Comments
ইসরাইলি হামলার দুদিন পরেই ট্রাম্পের নৈশভোজে কাতারি প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন। ট্রাম্প ও আল-থানির সঙ্গে এ নৈশভোজে যোগ দেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও বিশেষ দূত স্টিভ উইটকফ। খবর রয়টার্সের।

শুক্রবারের (১২ সেপ্টেম্বর) এ নৈশভোজের মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরাইল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়।

গত ৯ সেপ্টেম্বর গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল।

ওই হামলায় ছয়জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।

ইসরাইলের ওই হামলার পর গাজা যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ওই হামলা গাজায় যুদ্ধবিরতি ও প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনাকে বিপর্যস্ত করার ঝুঁকি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ এ হামলার তীব্র নিন্দা জানায়। এ হামলার পর ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বিরক্তি প্রকাশ করেন এবং কাতারকে আশ্বস্ত করেন যে এমন হামলা আর হবে না।

এমন পরিস্থিতিতেই নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাতারের উপমিশন প্রধান হামাহ আল-মুফতাহ লেখেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে দুর্দান্ত নৈশভোজ। এখনই শেষ হলো। ‘

হোয়াইট হাউস নৈশভোজের বিষয়টি নিশ্চিত করেছে, তবে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

নৈশভোজের আগে শুক্রবার হোয়াইট হাউসে আল-থানি প্রায় এক ঘণ্টা ধরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরাইলের দোহায় হামলার পরিপ্রেক্ষিতে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভবিষ্যৎ ভূমিকা এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে ট্রাম্প জানান, তিনি ইসরাইলের এ হামলায় সন্তষ্ট নন। এছাড়াও তিনি এটিকে ‘একতরফা পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন।

ওয়াশিংটন কাতারকে উপসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী মিত্র হিসেবে গণ্য করে। ইসরাইল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি, ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ-পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনায় কাতার প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

গত মঙ্গলবার আল-থানি ইসরাইলকে শান্তির সম্ভাবনা নষ্টের চেষ্টা করার জন্য দায়ী করেন। তবে তিনি বলেন, কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা থেকে কোনোভাবেই সরানো যাবে না।

  • September 3, 2025
  • 0 Comments
ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, ভার্জিনিয়ার বাসিন্দা ব্রেন্ট ক্রিস্টেনসেন, যিনি সিনিয়র ফরেন সার্ভিসের ‘ক্লাস অফ কাউন্সেলর’-এর একজন ক্যারিয়ার সদস্য, তাকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।
বর্তমানে ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ সাল থেকে টানা তিন বছর তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগের কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
মার্কিন সিনেট এই মনোনয়ন অনুমোদন করলে, ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। পিটার হাস গত বছর রাষ্ট্রদূতের দায়িত্ব শেষে অবসরে যান। এরপর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন।
এ বিষয়ে মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ বাংলাদেশ সময় বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুত এই মনোনয়ন অনুমোদন করবে।

  • August 31, 2025
  • 0 Comments
৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলার জন্য অন্তত চারবার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মোদি তাঁর ফোন ধরেননি। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের বরাতে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আচরণে চরম ক্ষুব্ধ মোদি ‘সতর্কতা’ হিসেবে ট্রাম্পের কল এড়িয়ে গেছেন।

ট্রাম্প এমন সময়ে মোদিকে এই কল দিলেন, যখন দুই দেশের মধ্যে সম্পর্কের নজিরবিহীন টানাপোড়েন চলছে মূলত তাঁর কারণেই। যুক্তরাষ্ট্র–ভারত দীর্ঘদিনের মিত্র, তার চেয়ে বড় কথা ট্রাম্প ও মোদির মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল, যা দুই দেশের অন্য কোনো নেতাদের মধ্যে ছিল না। এমন ঘনিষ্ঠতার পরও ভারতের বিরুদ্ধে চড়াও হয়েছেন ট্রাম্প। ভারতের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ব্রাজিলের ওপরও একই হারে শুল্ক আরোপ করেছেন। এমন পরিস্থিতিতে মোদির ক্ষুব্ধ হওয়াটাঅপ্রত্যাশিত নয়।

বার্লিনভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক থরস্টেন বেনার এক্সে সংবাদপত্রের প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ‘ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন দাবি করেছে, ট্রাম্প সম্প্রতি মোদিকে চারবার ফোন করেছিলেন। কিন্তু মোদি ট্রাম্পের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।’

ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জানিয়েছে, মোদির মধ্যে এমন কিছু লক্ষণ দেখা গিয়েছিল, যাতে বোঝা যায়, তিনি অপমানিত বোধ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সাধারণত অন্য দেশগুলোর মার্কিন বাজারের ওপর নির্ভরতাকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করেন। কিন্তু মোদি তাঁর প্রথম মেয়াদে ভারতের অর্থনৈতিক স্বার্থে কোনো আপস না করে ট্রাম্পের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে ‘এর প্রতিরোধ’ করেছিলেন।

প্রতিবেদনে মোদির এ সতর্কতার কারণও ব্যাখ্যা করা হয়েছে। এর আগে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট টো লামের সঙ্গে মাত্র একটি ফোনকলে বাণিজ্য চুক্তি পুনর্গঠন করেছিলেন, যা দুই দেশের প্রতিনিধিদল অনেক কষ্ট করে সাজিয়েছিল। কিন্তু কোনো চুক্তি না হলেও ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন যে, একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের মতে, মোদি একই ফাঁদে পড়তে চান না।

নিউইয়র্কের দ্য নিউ স্কুলের ইন্ডিয়া-চায়না ইনস্টিটিউটের সহপরিচালক মার্ক ফ্রেজিয়ার বলেন, মার্কিন কৌশল কাজ করছে না। যুক্তরাষ্ট্র চীনের মোকাবিলায় ভারতকে একটি কেন্দ্রীয় ভূমিকা দেবে—এমন ইন্দো-প্যাসিফিক জোটের ধারণা ভেঙে পড়ছে। ফ্রেজিয়ারের মতে, চীনকে মোকাবিলায় ভারতের পক্ষ নেওয়ার কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের কখনোই ছিল না।

ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নয়াদিল্লি-বেইজিং পুরোনো উত্তেজনা কমে আসছে। গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মোদির সাক্ষাতের পরে থেকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে।

চলতি সপ্তাহে মোদি তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বিষয়টি একটি প্রশ্ন সামনে এনেছে যে—ট্রাম্প ভারতকে চীনের দিকে ঠেলে দিচ্ছেন কি না। ফ্রেজিয়ার বলেন, ভারতের চীনকে যতটা প্রয়োজন, চীনের ভারতকে ততটা প্রয়োজন নেই। ভারতের এ পরিবর্তন কৌশলগত, শুধু মার্কিন শুল্কের প্রতিক্রিয়া নয়। যুক্তরাষ্ট্র পিছু হটার কারণে বিশ্বব্যাপী প্রভাব এবং শিল্প প্রবৃদ্ধিতে ভারত ও চীনের স্বার্থ অভিন্ন। চীনের জন্য তার বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থানকে বাড়ানোর ক্ষেত্রে ভারত খুবই গুরুত্বপূর্ণ।

অন্যান্য