• September 27, 2025
  • 0 Comments
জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, মাথায় চুমু দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদে এক দুর্দান্ত সংহতির মুহূর্ত দেখা গেল। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে তীব্র ভাষায় বক্তব্য দেওয়ার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তাঁকে আলিঙ্গন করেন এবং মাথায় চুমু দেন। ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিজের বক্তব্যে পেত্রো ইসরায়েলের কড়া সমালোচনা করেন। তিনি ইসরায়েলিদের ‘নাৎসি’ আখ্যা দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন। পেত্রো প্রস্তাব দেন, এশিয়ার দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক সামরিক জোট গড়ে তুলে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। একই সঙ্গে ইসরায়েলে অস্ত্রবাহী জাহাজ পাঠানো বন্ধ করার আহ্বান জানান তিনি।

পেত্রো তাঁর ভাষণে বলেন, ‘ভদ্রমহোদয়গণ, কোনো জাতিই শ্রেষ্ঠ নয়। ঈশ্বরের মনোনীত জাতি বলেও কিছু নেই। সেটা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল—যে জাতিই হোক না কেন। কেবল অজ্ঞ, ডানপন্থী ধর্মান্ধরা এমনটা ভাবতে পারে। আসলে ঈশ্বরের মনোনীত জাতি হলো পুরো মানবজাতি।’

এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে আক্রমণ করে বলেন, ‘তারা অভিবাসনকে অজুহাত হিসেবে তুলে ধরে জলবায়ু সংকট মোকাবিলায় কিছুই করে না, অথচ এই সংকট প্রতিদিন জীবনের ওপর আঘাত হানছে। তারা অভিবাসনকে কাজে লাগায় শ্বেতাঙ্গ আর বৃদ্ধদের ভোট পাওয়ার জন্য, কিন্তু ক্ষমতায় গিয়ে এ নিয়ে নীরব থাকে।’

জাতিসংঘ বিষয়ে পেত্রো বলেন, ‘জাতিসংঘকে এখনই বদলাতে হবে। একটি পরিবর্তিত, মানবিক জাতিসংঘকে অবশ্যই আগে গাজায় গণহত্যা থামাতে হবে।’

এরপর, ভাষণ শেষ হলে পেত্রোকে আলিঙ্গন করে তাঁর মাথায় চুমু দেন লুলা। তাঁর এ অঙ্গভঙ্গি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দ্রুতই বিশ্বজুড়ে আলোচনায় আসে। আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘের কূটনীতিকরা একে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেন। অনেকে এটিকে পেত্রোর বক্তব্যের প্রতি প্রকাশ্য সমর্থন হিসেবেও দেখেন।

গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পেত্রো ইসরায়েলের কড়া সমালোচক। জাতিসংঘে দেওয়া বক্তৃতায় তিনি নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের নাম টেনে আনেন। পেত্রোর দাবি, আজকের বিশ্বে গাজার খবর প্রচারে যেন গোয়েবলস নির্দেশনা দিচ্ছেন। তিনি আরও বলেন, আজকের সবচেয়ে বড় ইহুদিবিদ্বেষ হলো ‘হিটলারের গণহত্যার পুনরাবৃত্তি করা, তবে এবার তা ফিলিস্তিনিদের বিরুদ্ধে।’

পেত্রোর এসব বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইহুদি সংগঠনগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তাঁরা নাৎসি তুলনা ও এ ধরনের ভাষাকে নিন্দা করেছে। শুধু কথায় নয়, পেত্রোর অবস্থান কলম্বিয়ার নীতিতেও প্রতিফলিত হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে পেত্রো ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে নাৎসি বলে তুলনা করার পর ইসরায়েল কলম্বিয়ায় নিরাপত্তা সরঞ্জাম রপ্তানি বন্ধ করে। পরে কলম্বিয়াও ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা পুরোপুরি স্থগিত করে।

এর আগে, ২০২৪ সালের মে মাসে পেত্রো ঘোষণা দেন, কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। তিনি ইসরায়েলি নেতৃত্বকে ‘গণহত্যাকারী’ আখ্যায়িত করেন। এ ছাড়া, কলম্বিয়া আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকার দায়ের করা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় অংশ নিতে আন্তর্জাতিক বিচার আদালতে আবেদন করেছে।

জাতিসংঘে লুলার প্রকাশ্য সমর্থনের পর গাজা ইস্যুতে কূটনৈতিক অঙ্গনে লাতিন আমেরিকার ঐক্য এখন নতুন এক প্রতীকী চিত্র পেয়েছে।

  • September 21, 2025
  • 0 Comments
বিবিসি বাংলার প্রতিবেদন : রাজনৈতিক নেতাদের নিয়ে কেন জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা?

তিনটি রাজনৈতিক দলের চারজন নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সরকারি এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দুই অক্টোবর দেশে ফেরার আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাক্ষাৎকার দিতে পারেন আন্তর্জাতিক গণমাধ্যমেও।

কিন্তু এই সফরে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী, সেখানে কী ভূমিকা রাখবেন তারা, আর কেনই বা নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিকেই নিয়ে যাওয়া হচ্ছে–– এমন নানা প্রশ্ন সামনে আসছে।

রাজনৈতিক দলের নেতারা বলছেন, গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে–– আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার। আর এ কারণেই এই সফরে যুক্ত হচ্ছেন তারা।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতেই থাকবে, এ কারণেই দেশের গুরুত্বপূর্ণ নানা আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে।

নির্দিষ্ট তিনটি দল থেকে প্রতিনিধি নির্ধারণের এই সিদ্ধান্ত, নির্বাচনের আগে অন্য রাজনৈতিক দলগুলোর কাছে ভুল বার্তা দিচ্ছে কি না, উঠেছে এমন প্রশ্নও।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ অবশ্য বলছেন, আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা, অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব এবং দলীয় সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই প্রতিনিধি ঠিক করা হয়েছে।

তিনি বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ প্রশ্নে একটি ঐক্য তৈরি হয়েছে।

তবে, এমন সব আলোচনার বাইরে সরকারের দিক থেকে রাজনৈতিক দায় বণ্টনের একটি চেষ্টাও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ।

রাজনৈতিক নেতারা কেন সফরসঙ্গী?

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরের প্রতিনিধি দলে অংশ নিচ্ছেন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিনিধি দলে অংশ নেবেন–– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

জানা গেছে, এই সফরের বেশ কিছু সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি অংশ নেবেন এই রাজনৈতিক নেতারাও। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গেও একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।

গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে আছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ রয়েছে–– আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতেই প্রধান উপদেষ্টার এই সফরে তাদেরকে যুক্ত করা হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি কিছু সেশন আছে যেখানে আমাদের পার্টিসিপেশন আছে। এছাড়া বাংলাদেশ কমিউনিটির সাথেও একটা মিটিং আছে।

রাজনৈতিক নেতাদের এই সফরে যুক্ত করার কারণ নিয়ে সংবাদ সম্মেলনে কিছু ধারণাও দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ।

তিনি বলেছিলেন, যেহেতু আমরা একটি রূপান্তর পর্যায়ের দিকে এগোচ্ছি এবং দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে হস্তান্তর করা হবে, তাই তাদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হওয়ায়, শেষ কয়েক মাসের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব কাজের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোকে যুক্ত রাখতে চায় অন্তর্বর্তী সরকার, যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এসব কাজের ধারাবাহিকতার বিষয়ে অবগত থাকে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, জাতিসংঘের এই অধিবেশনে এমন অনেক কিছুই আলোচনা হবে যার একটা কন্টিনিউয়েশনের দরকার আছে। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে সেমিনার হয়েছিল সেখানেও বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হয়েছিল, বলেন তিনি।

ফয়েজ আহম্মদ বলছেন, অন্তর্বর্তী সরকার যেহেতু রাজনৈতিক দলের কাছেই ভবিষ্যতে ক্ষমতা হস্তান্তর করবে, তাই রাজনৈতিক দলগুলোকে জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সব বিষয়ে যুক্ত রাখতে চায় সরকার।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ অবশ্য মনে করেন, রাজনৈতিক ঐক্য সবার সামনে তুলে ধরার পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশে মার্কিন প্রভাবের যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেখানেও রাজনৈতিক দলগুলোকে সঙ্গে রাখতে চাইছেন প্রধান উপদেষ্টা।

সম্ভবত তিনি একাই এই ঝুঁকিটা নিতে চাচ্ছেন না। রাজনৈতিক দলকেও তিনি এই ঝুঁকির মধ্যে অন্তর্ভুক্ত করতে চান, যাতে রাজনৈতিক দলের দিক থেকে এ বিষয়ে কোনো বিরোধিতা না আসে। সেটাও একটা লক্ষ্য থাকতে পারে, বলেন তিনি।

এছাড়া তিনটি রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সমাধানের পথ খুলতে পারে বলেও মনে করেন সাব্বির আহমেদ।

তিনি বলেন, জাতিসংঘের মূল বৈঠকের সাইডলাইনে আরও অনেক কিছুই হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

এই তিন দলের প্রতিনিধিই কেন

দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ইস্যুতে ঐকমত্য প্রতিষ্ঠায় গত ছয় মাসে দফায় দফায় বৈঠক করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে অন্তত ৩০টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সংস্কার কমিশনগুলোর দেওয়া প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার প্রশ্নে অনেক বিষয়ে একমত হলেও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো একমত হতে পারেনি দলগুলো।

এমনকি, এসব আলোচনার মধ্যেই সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর এর দাবিতে মাঠের কর্মসূচিও শুরু করেছে জামায়াতে ইসলামী সহ সাতটি রাজনৈতিক দল, যার বিপরীত অবস্থান নিয়ে নানা মন্তব্য করেছি বিএনপি।

এমন প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কেন কেবল এই তিনটি দলকেই বেছে নিল সরকার?

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, রাজনৈতিক মতে বা আদর্শে ভিন্নতা থাকলেও বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশ্নে সব দলের মধ্যে এক ধরনের ঐক্য আছে। আমরা মনে করি যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের মধ্য দিয়ে সকল রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যাচ্ছে।

এই সফরে কেবল তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিকেই নেওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, দেশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা।

সাব্বির আহমেদ বলেন, প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি ও জামায়াত, আর জুলাইয়ের সামনের সারিতে থাকা ছাত্র প্রতিনিধিদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এভাবেই হয়তো প্রতিনিধি বাছাই করা হয়েছে।

তিনি বলছেন, উনি (প্রধান উপদেষ্টা) তো হিসেব করেই চলেন। মূল শক্তি যে বিএনপি, জামায়াত বা এনসিপি এর বাইরে উনি যাবেন কেনো? যদি এদের (তিনটি রাজনৈতিক দলের) চিন্তাধারাকে ঠিক করা যায় তাহলে হয়তো উনি ভাবছেন, বাকিদেরটা এমনিই হয়ে যাবে।

  • September 14, 2025
  • 0 Comments
জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

জাতিসংঘের সাধারণ পরিষদ শুক্রবার বিপুল ভোটে একটি ঘোষণাপত্র অনুমোদন করেছে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে ‘বাস্তবসম্মত, সময় সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপ’ নেওয়ার কথা বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনের ফল হচ্ছে সাত পৃষ্ঠার এই ঘোষণাপত্র। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অংশগ্রহণ করেনি।

সাধারণ পরিষদে ঘোষণাপত্রকে সমর্থন জানিয়ে আনা প্রস্তাবটির পক্ষে ১৪২টি ভোট পড়ে, বিপক্ষে ১০টি দেশ এবং ১২টি দেশ ভোটদানে বিরত ছিল।

এই ভোট হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর নির্ধারিত বিশ্বনেতাদের বৈঠকের আগে, যা জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের ফাঁকে বসবে। এ বৈঠকে ব্রিটেনসহ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে আশা করা যাচ্ছে।

১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদ সমর্থিত এই ঘোষণাপত্রে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে, যা থেকে গাজা যুদ্ধের সূত্রপাত।

এ ঘোষণায় একই সঙ্গে ইসরায়েলের গাজায় বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর হামলা, অবরোধ ও অনাহারের নিন্দা জানানো হয়েছে, যা ‘বিধ্বংসী মানবিক বিপর্যয় ও সুরক্ষা সংকটের জন্ম দিয়েছে।’

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, এই প্রস্তাব হামাসকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করেছে।

তিনি বলেন, ‘আজ প্রথমবারের মতো জাতিসংঘ এমন এক নথি গ্রহণ করেছে, যা হামাসের অপরাধের নিন্দা করেছে এবং তাদের আত্মসমর্পণ ও নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে।’

এই প্রস্তাব সব উপসাগরীয় আরব দেশের সমর্থন পেয়েছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয়। তাদের সঙ্গে ছিল আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে ও টোঙ্গা।

প্রস্তাবে অনুমোদিত ঘোষণাপত্রে বলা হয়েছে, গাজার যুদ্ধ ‘অবিলম্বে শেষ হওয়া উচিত’ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদিত একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের পক্ষে এতে সমর্থন জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র এই ভোটকে ‘আরও একটি ভুল এবং ভুল সময়ে করা লোক দেখানো কাজ’ বলে অভিহিত করেছে, যা সংঘাতের অবসানের জন্য চলমান গুরুতর কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

মার্কিন কূটনীতিক মরগান অর্টাগাস সাধারণ পরিষদকে বলেন, ‘কোনো ভুল ধারণা রাখবেন না, এই প্রস্তাব হামাসের জন্য একটি উপহার। শান্তি প্রতিষ্ঠা করা দূরের কথা, এই সম্মেলন এরই মধ্যে যুদ্ধকে দীর্ঘায়িত করেছে, হামাসকে উৎসাহিত করেছে এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।’

দীর্ঘদিন ধরে জাতিসংঘের সমালোচনা করে আসা ইসরায়েল ৭ অক্টোবরের হামলার জন্য হামাসকে সরাসরি দায়ী করছে না। ঘোষণাপত্রটিকে ‘একপেশে’ আখ্যা দিয়ে ভোটকে ‘নাটকীয় প্রদর্শনী’ হিসেবে বর্ণনা করেছে তারা।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ‘এর একমাত্র সুবিধাভোগী হলো হামাস। যখন সন্ত্রাসীরা উল্লাস করে, তখন আপনি শান্তি প্রতিষ্ঠা করছেন না; আপনি সন্ত্রাসকে উৎসাহিত করছেন।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে আক্রমণে ১ হাজার ২০০ মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এ ছাড়া প্রায় ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল বলে ইসরায়েলের হিসাবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গাজায় চলমান যুদ্ধে ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

অন্যান্য