• October 13, 2025
  • 0 Comments
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় এ উত্তেজনা শুরু হয়।

এ সময় উভয়পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। প্রায় ৩ ঘন্টা পর রাত ৩টায় শান্ত হয় নীলক্ষেতের পরিস্থিতি।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ ছাত্রনেতারা। একইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভিপি সাদিক কায়েম জানান, এই এলাকায় কোন অনিয়ম চলবে না। ব্যবস্থা নেয়া হবে জড়িতদের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত হয়েছিল দিনে। নীলক্ষেতের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের ফুটপাতে দোকান বসানোর অভিযোগে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে বাকবিতণ্ডা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী উভয়পক্ষকে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে আসলে কী হয়েছে। যদি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে তিনি হতাহতের কোনো সংবাদ দিতে পারেননি।

  • September 4, 2025
  • 0 Comments
সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন প্রশিকা সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর থানার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৩) এবং হরিরামপুর থানার কৌরি ঝিটকা গ্রামের মৃত শেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

আহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন (৩২) এবং পাবনার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০)।

পথচারীরা জানান, মানিকগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যান্য